আজ মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 63

হরমুজ প্রণালিতে উত্তেজনা: তিন জাহাজে হামলা, দু’টি জব্দের দাবি আই*আর*জিসির

আন্তর্জাতিক ডেস্ক :

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা অমান্য করে অতিক্রমের চেষ্টা করায় অন্তত তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার সকালে সংস্থাটি এ হামলার দাবি করে। একই ঘটনায় দুটি জাহাজ জব্দ করে ইরানের উপকূলে নেওয়া হয়েছে বলেও দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।

আইআরজিসি-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানায়, ‘ইউফোরিয়া’ নামের একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জাহাজটি বর্তমানে ইরানের উপকূলে আটকা পড়ে আছে।

এছাড়া আইআরজিসির নৌবাহিনীর বিবৃতির বরাতে ইরানের অন্যান্য সংবাদমাধ্যম জানায়, ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘এপামিনোন্ডাস’ নামের দুটি জাহাজ জব্দ করা হয়েছে। জাহাজ দুটিকে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

গুলির আগে সতর্কবার্তা নিয়ে দ্বিমত
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে আইআরজিসির গানবোট থেকে গুলি চালানো হয়েছে। বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে, আক্রান্ত জাহাজটি গ্রিসের পতাকাবাহী ‘এপামিনোন্ডাস’।

তবে জাহাজটির ক্যাপ্টেন দাবি করেছেন, কোনো রেডিও সতর্কতা দেওয়া হয়নি। এ অভিযোগ অস্বীকার করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-সংশ্লিষ্ট নুর নিউজ। তাদের দাবি, জাহাজটি ইরানি সশস্ত্র বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল।

ইউকেএমটিও জানায়, ওমানের উত্তর-পূর্ব দিকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে। এতে জাহাজটির ব্রিজে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তৃতীয় জাহাজেও হামলা
সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের সময় তৃতীয় একটি পণ্যবাহী জাহাজও হামলার শিকার হয়েছে।

পানামার পতাকাবাহী ‘এমএসসি ফ্রান্সেসকা’ জাহাজটি প্রণালির দক্ষিণে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময়, ইরান উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে হামলার মুখে পড়ে।

ভ্যানগার্ডের তথ্যমতে, আইআরজিসি জাহাজটিকে সংকেত পাঠিয়ে নোঙর করার নির্দেশ দেয়। এতে জাহাজটির ক্রুদের কক্ষে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই

নিজস্ব প্রতিবেদক:

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ২ জুলাই থেকে দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এ পরীক্ষা শুরু হবে।

ঢাকা শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, সিলেট শিক্ষা বোর্ড, দিনাজপুর শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ড–এর অধীনে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেবে। প্রথম দিন সকালবেলায় অনুষ্ঠিত হবে আবশ্যিক বাংলা প্রথম পত্র।

জুলাই মাসজুড়ে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ৪ জুলাই বাংলা দ্বিতীয় পত্র, ৬ ও ৮ জুলাই ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোলের পরীক্ষা নেওয়া হবে।

এরপর ১৯ জুলাই রসায়ন, ইসলামের ইতিহাস ও ইতিহাস প্রথম পত্র এবং ২২ জুলাই সংশ্লিষ্ট দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাসের শেষদিকে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা নির্ধারণ করা হয়েছে।

জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুতেও কিছু পরীক্ষা চলবে। ৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা ও চারু ও কারুকলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ও ৪ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্মের পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।

পরবর্তীতে ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) অংশ অনুষ্ঠিত হবে—এর মধ্যে কোনো বিরতি থাকবে না।

১০০ নম্বরের পরীক্ষার সময় তিন ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিকসহ ২৫ থেকে ৫০ নম্বরের পরীক্ষার সময় কিছুটা কম হবে। পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক করা হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

পশ্চিমবঙ্গ ভোটে মমতা–মোদি দ্বৈরথ: নির্ধারণী ভূমিকায় যেসব ‘ফ্যাক্টর’

আন্তর্জাতিক ডেস্ক:

রাত পোহালেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৬ জেলার ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল বাকি ৮ জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচন কারও জন্য ক্ষমতা ধরে রাখার, কারও জন্য ক্ষমতা দখলের, আবার কারও জন্য রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। ফলাফল কী হবে তা নিয়ে জোর আলোচনা থাকলেও বিশ্লেষকদের মতে, ভোটের সমীকরণ নির্ধারণে একাধিক ব্যক্তি ও ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান ‘ফ্যাক্টর’ যারা-
মমতা বন্দ্যোপাধ্যায়:
তৃণমূল কংগ্রেস নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই নিজেকে রাজ্যের সব আসনের প্রতীকী প্রার্থী হিসেবে তুলে ধরেন। ২০১১ সালে বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসার পর থেকে তিনি টানা শাসন করছেন । তার জনসংযোগ, ‘দিদি’ ইমেজ, নারী ভোটারদের সমর্থন এবং লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথীর মতো সামাজিক প্রকল্প তাকে এগিয়ে রাখে।দলের বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি, নারী নিরাপত্তা ইস্যু এবং শাসনবিরোধী ক্ষোভ ভোটে প্রভাব ফেলতে পারে।

নরেন্দ্র মোদি ও অমিত শাহ:
ভারতের শাসক দল বিজেপির প্রধান মুখ এই দুই নেতা। পশ্চিমবঙ্গ জয়ের লক্ষ্যে তারা বারবার রাজ্যে প্রচার চালিয়েছেন।
মোদির ব্যক্তিগত জনপ্রিয়তা এবং অমিত শাহর নির্বাচনী কৌশল বিজেপির বড় শক্তি। কেন্দ্রীয় উন্নয়ন, অনুপ্রবেশ ও দুর্নীতির ইস্যু তুলে ধরছে দলটি। ধর্মীয় মেরুকরণের অভিযোগ, বাঙালি সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে দূরত্ব এবং ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়:
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রার্থী না হলেও দলের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং আধুনিক ভাবমূর্তি তাকে আলাদা করেছে। দুর্নীতি ও ‘পরিবারতন্ত্র’ নিয়ে বিরোধীদের অভিযোগ তার ভাবমূর্তিতে চাপ তৈরি করতে পারে।

শুভেন্দু অধিকারী:
বিরোধী দলনেতা এবং একসময় তৃণমূলের ঘনিষ্ঠ এই নেতা এখন বিজেপির গুরুত্বপূর্ণ মুখ। নন্দীগ্রামে মমতাকে পরাজিত করার অভিজ্ঞতা এবং পূর্ব মেদিনীপুরে প্রভাব তাকে শক্তিশালী করেছে। ধর্মীয় মেরুকরণের অভিযোগ এবং ভোটার তালিকা বিতর্ক তার জন্য অস্বস্তির কারণ হতে পারে।

হুমায়ুন কবীর:
একাধিক দল ঘুরে বর্তমানে নিজস্ব দল গড়া এই নেতা কিছু এলাকায় ‘গেম চেঞ্জার’ হিসেবে আলোচনায়। মুর্শিদাবাদ অঞ্চলে প্রভাব এবং মুসলিম ভোটে সম্ভাব্য প্রভাব। দলবদল, বিতর্কিত বক্তব্য এবং ভোট ভাগাভাগির অভিযোগ তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশ্লেষকদের দৃষ্টিতে:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনে ব্যক্তিত্ব, ইস্যু এবং কৌশল—সবকিছু মিলেই ফল নির্ধারণ করবে। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিরোধীদের বিকল্প হিসেবে গ্রহণযোগ্যতাও বড় প্রশ্ন। বর্তমানে এসআইআরসহ ভোটার তালিকা ইস্যু রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, যা অন্যান্য উন্নয়নমূলক ইস্যুকে আড়াল করে দিয়েছে বলেও মত বিশ্লেষকদের।

সারসংক্ষেপ:
পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন শুধু দলগত লড়াই নয়, বরং একাধিক প্রভাবশালী নেতার ইমেজ, কৌশল ও বিতর্কের সম্মিলিত প্রতিযোগিতা। ফলে শেষ পর্যন্ত ফল কোন দিকে ঝুঁকবে, তা নির্ভর করছে এই ‘ফ্যাক্টর’গুলোর পারস্পরিক প্রভাবের ওপর।

সূত্র : বিবিসি বাংলা

আলোকিত প্রতিদিন / এম আর এম

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ইউনিফর্ম দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক:

দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ শুরু হবে। প্রথম মাসেই এক লাখের বেশি শিক্ষার্থী এই সুবিধা পাবে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শুরুতে প্রথম শ্রেণি থেকে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর কাছে পাটের ব্যাগ ও নির্ধারিত পোশাক পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, “মেড ইন বাংলাদেশ” পণ্যের প্রসার ঘটানো এবং ধনী-দরিদ্র বৈষম্য কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার চর্চা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের প্রতি আগ্রহ তৈরি করতে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের অভ্যস্ত করে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারের এই উদ্যোগকে দেশীয় ঐতিহ্য পুনরুদ্ধার এবং পরিবেশ সুরক্ষার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বি*ক্ষোভ, ২৪ ঘণ্টার আ*ল্টিমেটাম 

‎শহিদুল্লাহ সরকার: 
ঢাকার সাভারে সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের অপসারণ, অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে “সাভারবাসী” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‎বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, স্বল্প বেতনের সরকারি কর্মকর্তা হয়েও জাকির হোসেন অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন, যা তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তার বিরুদ্ধে জাল দলিল, ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
‎তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কোঠায় নিয়োগ পাওয়া জাকির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে টাকার বিনিময়ে একাধিক মৌজার জমি রেজিস্ট্রেশন, সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। ‎বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র শক্তির সাভার উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান মুন্নাসহ কয়েকজন। এসময় নানা শ্রেণী পেশার অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ‎বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাকির হোসেনকে গ্রেপ্তার ও অপসারণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
আলোকিত প্রতিদিন /২১ এপ্রিল ২০২৬ /মওম

ভাষানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সবুজ:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)-এর উদ্যোগে ‘BAC Accreditation Criteria and Preparation of Evidence’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সেমিনার হলে ওই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

কর্মশালায় সভাপতিত্ব করেন, আইকিউএসি’র পরিচালক ও প্রশিক্ষণ কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক। কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, Program Self Assessment Committee (PSAC)-এর সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে BAC-এর অ্যাক্রেডিটেশন মানদন্ড, ডকুমেন্টেশন পদ্ধতি এবং প্রয়োজনীয় প্রমাণ প্রস্তুতের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রধান অতিথি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন একটি অপরিহার্য প্রক্রিয়া। BAC -এর মানদন্ড অনুসরণ করে প্রমাণ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করলে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব হবে। শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি। উল্লেখ্য, দেশের উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) বিভিন্ন মানদন্ড নির্ধারণ করে থাকে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সেই মানদন্ড অনুসরণে উৎসাহিত করে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ কারণে বাংলাদেশ সরকার ইতালির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

বৈঠকে নিরাপদ অভিবাসন, দ্বিপাক্ষিক শ্রমবাজার, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও বিস্তৃত করতে চায়। তিনি জানান, ইতালির সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে অগ্রাধিকার দিচ্ছে।

রাষ্ট্রদূত আরও জানান, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এতে নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা জোরদার হওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি প্রেরণসহ বিভিন্ন বিষয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সর্বশেষ বৈঠক গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী বৈঠক ইতালিতে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং বাংলাদেশি স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে ইতালি সফরের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

সহজ প্রশ্নে স্বস্তি, পরীক্ষা শেষে উৎফুল্ল এসএসসি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রশ্ন তুলনামূলক সহজ হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে দেখা গেছে স্বস্তি ও আনন্দের ছাপ। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে অনেকেই জানিয়েছেন, প্রশ্ন সহজ হওয়ায় তারা আত্মবিশ্বাসের সঙ্গে সব উত্তর লিখে আসতে পেরেছেন।

তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহনাজ রহমান, যিনি সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন, বলেন—প্রশ্ন এতটাই সহজ ছিল যে সব প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। যদিও বাংলা বিষয় হওয়ায় কিছু নম্বর কাটার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি।

শাহনাজ আরও জানান, পরীক্ষা কঠিন হতে পারে—এমন শঙ্কা ছিল তার ও পরিবারের। তবে বাস্তবে প্রশ্ন সহজ হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তার মতে, প্রশ্ন অনেকটাই কমন পড়ায় কেউ নকলের প্রয়োজনও অনুভব করেনি।

একই কেন্দ্রে পরীক্ষা দেওয়া হলি ক্রস গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরাও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, পড়া বিষয় থেকেই প্রশ্ন এসেছে এবং লিখতে কোনো সমস্যা হয়নি। পরিদর্শকদের আচরণ নিয়েও তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

হলি ক্রসের শিক্ষার্থী নাজিফা আনজুম বলেন, বাংলা পরীক্ষা সহজ হবে ধারণা ছিল, তবে এতটা সহজ হবে তা ভাবেননি। ভালো সূচনা হওয়ায় তিনি গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার আশা করছেন। তার সহপাঠীরাও গণিত ও উচ্চতর গণিত সহজ হলে ভালো ফলের ব্যাপারে আশাবাদী।

শিক্ষার্থীদের এমন সন্তুষ্টির বিপরীতে কিছু শিক্ষক প্রশ্নপত্রের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজধানীর এক শিক্ষিকা ইসমত আরা বলেন, অনেক প্রশ্ন গাইড বই থেকে হুবহু নেওয়া হয়েছে, যা সৃজনশীল প্রশ্নপত্রের মান নিয়ে বিতর্ক তৈরি করতে পারে।

তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, প্রশ্নপত্র একাধিক স্তরে বিশেষজ্ঞদের মাধ্যমে প্রণয়ন ও পরিমার্জন করা হয়, এবং তা মানসম্মত বলেই তারা বিশ্বাস করেন।

এদিকে, প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণকারী ও অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কিংবা অনিয়মের কারণে বহিষ্কারের তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সারাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি বলেও তিনি নিশ্চিত করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

নোয়াখালীর সোনাইমুড়ীতে ভ*য়াবহ অ*গ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছা*ই, লক্ষাধিক টাকার ক্ষতি

ফজলুল হক মুন্না সোনাইমুড়ী (নোয়াখালী):

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আমিরাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত কাউসারের স্ত্রী সকালে সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে তার বাবার বাড়িতে যান, যেখানে তার এক জেঠাতো ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি দেখতে গিয়েছিলেন। এদিকে কাউসার পাশের জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ এলাকাবাসী দেখতে পান তার ঘরে আগুন জ্বলছে।

খবর পেয়ে কাউসার দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং স্থানীয় লোকজনও এগিয়ে আসে। পরে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্যে পুরো ঘর পুড়ে ছারখার হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ, বইপত্র, কাপড়চোপড়, বিদেশি কম্বল, দুটি ফ্রিজ, গ্যাস সিলিন্ডারসহ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে সবকিছু ধ্বংস হয়ে যায়।

কাউসার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কিভাবে আগুন লাগলো আমরা কিছুই বুঝতে পারছি না।” তার স্ত্রীও জানান, “আমি সবকিছু ঠিকঠাক দেখেই বাড়ি থেকে বের হয়েছিলাম। কিন্তু ফিরে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।”

ঘটনাটি পরিদর্শন করেন স্থানীয় প্যানেল চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসীও ঘটনায় গভীর শোক ও হতাশা প্রকাশ করেন।

এলাকার মানুষ জানান, হঠাৎ এ ধরনের অগ্নিকাণ্ডে তারা বিস্মিত ও উদ্বিগ্ন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কোনো কারণ জানা যায়নি।

আলোকিত প্রতিদিন /২১ এপ্রিল ২০২৬ /মওম

বাংলাদেশে বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী সরকারের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৮.০৬৭ বিলিয়ন মার্কিন ডলার।

সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে নিয়মিতভাবে বৈদেশিক ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালনা করে। প্রতি অর্থবছরের জন্য ঋণের আসল ও সুদ পরিশোধে সম্ভাব্য ব্যয়ের একটি পূর্বানুমান তৈরি করা হয় এবং সেই অনুযায়ী জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়।

তিনি আরও জানান, নির্ধারিত পরিশোধ সূচি অনুসরণ করেই সারাবছর ঋণ পরিশোধ করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম