নিজস্ব প্রতিবেদক:
দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ শুরু হবে। প্রথম মাসেই এক লাখের বেশি শিক্ষার্থী এই সুবিধা পাবে বলে তিনি উল্লেখ করেন।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শুরুতে প্রথম শ্রেণি থেকে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর কাছে পাটের ব্যাগ ও নির্ধারিত পোশাক পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, “মেড ইন বাংলাদেশ” পণ্যের প্রসার ঘটানো এবং ধনী-দরিদ্র বৈষম্য কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার চর্চা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের প্রতি আগ্রহ তৈরি করতে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের অভ্যস্ত করে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারের এই উদ্যোগকে দেশীয় ঐতিহ্য পুনরুদ্ধার এবং পরিবেশ সুরক্ষার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

