আজ মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 62

নবীনগরে বোরো ধান কর্তন শুরু 

মোঃ আনোয়ার হোসেন:
চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ১৮১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে । এর মধ্যে হাওর এবং বিলে আবাদ হয়েছে ৮৫৫০ হেক্টর। সাধারণত কৃষক হাওরে আগাম ধান আবাদ করে থাকে। আগাম ধান হিসেবে এই অঞ্চলে জনপ্রিয় জাত গুলো  হচ্ছে জিরাশাইল, ব্রি- ২৮, ব্রি- ৮৮ এবং ব্রি- ৯৬ । বিগত কয়েক বছরে রোগ বালাই আক্রমণ বেশি হওয়াতে ব্রি- ২৮ চাষ না করতে কৃষি বিভাগ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। ব্রি- ৮৮ এবং ব্রি- ৯৬ তুলনা মূলক রোগবালাই সহনশীল এবং ফলন ও বেশ ভাল। সাধারণত এপ্রিলের মাসের মাঝামাঝি হাওরের ধান কর্তন শুরু হয়। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর হাওর, ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর বিলে বোরো ধান কর্তন শুরু হয়েছে। ইতিমধ্যে নবীনগরের বিভিন্ন হাওরে ১৫ টি কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে ধান কর্তন হচ্ছে। একটি কম্বাইন হারভেষ্টার দিনে ২৫ বিঘা জমির ধান কর্তন ও মাড়াই করতে সক্ষম এ কাজ সম্পন্ন করতে ১৫০ জন শ্রমিকের প্রয়োজন। সরকারের ভর্তুকি মূল্যের এই প্রযুক্তির কল্যাণে একদিকে শ্রমিক সংকট লাঘব হচ্ছে, অন্যদিকে  অর্থ সাশ্রয় হচ্ছে। কুড়িঘর গ্রামের কৃষক জান মিয়া জানান- এ মাঠে গত ৩-৪ বছর যাবত আমরা মেশিন দিয়ে আগাম ধান কাটি। আমি এই বছর চার বিঘা ধান করেছি , আগে এই ধান কর্তন, ঝাড়াই মাড়াই করতে আমার শ্রমিক লাগত ৩০ জন, সময় লাগত প্রায় ৪ দিন। এখন একদিনেই সব কাজ শেষ হচ্ছে । জাফরপুর বিলের কৃষক কাউছার জানান – ধান কর্তন সঠিক সময়ে করা নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই । মেশিন দিয়ে ধান কেটে সহজেই বাড়ি আনা যাচ্ছে । এতে সময় ও  অর্থ দুটিই সাশ্রয় হচ্ছে। এই মৌসুমে ব্রি- ৯৬ এবং ব্রি- ১০৭ আবাদ করেছি। ফলন ভালো হয়েছে, রোগবালাইয়পর প্রকোপ একবারে নাই। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান – “চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ১৮১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০,৫০০ মে.টন । আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে ধান কর্তন শুরু হয়েছে। শ্রমিকের পাশাপাশি কম্বাইন হারভেষ্টার দিয়ে ও ধান কর্তন করা হচ্ছে”।
আলোকিত প্রতিদিন /২৩ এপ্রিল ২০২৬ /মওম

বাংলাদেশ সীমান্তবর্তী নদীতে কুমির ও সাপ ছাড়া নিয়ে দ্বিধাবিভক্ত বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই সেসব স্থানের নদীতে কুমির ও সাপ ছাড়ার প্রস্তাব দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের এ প্রস্তাব নিয়ে দ্বিধাবিভক্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

২৩ এপ্রিল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।বিএসএফের সাবেক মহাপরিচালক এবং পদ্মশ্রী পদকধারী প্রকাশ সিং এটিকে ‘নির্বোধ’ আইডিয়া হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এমন কিছু করলে এটি বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলবে। তিনি প্রশ্ন করেছেন, কুমির আর সাপ কীভাবে বুঝবে কারা বাংলাদেশি আর কারা ভারতীয়। কে এমন প্রস্তাব দিয়েছে আমি জানি না, এটি নির্বোধ একটি আইডিয়া।

বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস। দলটির নেতৃত্বাধীন সরকারের উদাসীনতার কারণে অনেক বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেন বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। তারা নির্বাচনের আগে এ বিষয়টি নিয়ে মাতামাতি করে। তখনই বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে এমন অদুভুত প্রস্তাব দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিএসএফের একটি ঊর্ধ্বতন সূত্র টেলিগ্রাফকে বলেছেন, এই প্রস্তাবটি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছে। এটি কার্যকর করতে সম্ভাব্যতা যাচাইয়ে বিএসএফকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাহিনীটির এক কর্মকর্তা বলেছেন, “নদী তীরবর্তী এবং অন্যান্য দুর্গম জলাভূমিতে বিষধর এসব প্রাণী ছাড়া নিয়ে বিএসএফও দ্বিধাবিভক্ত। কিছু কর্মকর্তা এটির বিরোধীতা জানিয়েছেন। কারণ এটি সীমান্তবর্তী মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। বিশেষ করে বন্যার সময়। আগামী সপ্তাহে এবিষয়ে আরেকটি বৈঠক ডাকা হয়েছে।”

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, যেসব অঞ্চল দুর্গম, বিশেষ করে নদী তীরবর্তী, যেখানে বিএসএফ সদস্যরা যেতে পারেন না, সেসব জায়গায় এই প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারে কথা হচ্ছে।

তার দাবি দুই দেশের মধ্যে ১৭৫ কিলোমিটার সীমান্তবর্তী অঞ্চল রয়েছে যেগুলো নদী ও দুর্গম অঞ্চল।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া 

আলোকিত প্রতিদিন /২৩ এপ্রিল ২০২৬ /মওম

দেশ গড়তে আমরা একসঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ: সেলিমা রহমান

আলোকিত ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘‘জনগণের উত্তরণ থেকে শুরু করে উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশা করি, সেই লক্ষ্য পূরণে আমরা সফল হবো।’’

২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘‘এ সংসদে গণতন্ত্রকে সামনে রেখে জনগণের উন্নয়ন, বৈষম্য দূরীকরণ এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত এবং বঞ্চিত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গত ১৭ বছর ধরে যারা কষ্টে দিন কাটিয়েছে, যেখানে অনেক মানুষ না খেয়ে থেকেছে তাদের সবাইকে সমান সুযোগের আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।’’

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী দেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চান। তাই আমরা যারা আজ নির্বাচিত হয়ে সংসদে এসেছি, সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘‘সংসদে যারা এসেছেন, তারা সংসদে তাদের প্রয়োজনীয় ভূমিকা যথাযথভাবে পালন করবেন। জনগণের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশা করি, সেই লক্ষ্য পূরণে আমরা সফল হবো।’’

‘‘আপনারা যে এলাকাকে প্রতিনিধিত্ব করবেন, সেখানে তো আগে থেকেই একজন এমপি রয়েছেন—সে ক্ষেত্রে আপনাদের কাজ করতে কোনও ধরনের সমস্যা হবে কিনা’’ জানতে চাইলে তিনি বলেন, ‘‘এ বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। আপনারা জানেন, সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেন। কোথায় এবং কীভাবে তারা কাজ করবেন, তা মূলত দল থেকেই নির্ধারণ করা হয়।’’

এদিকে বিএনপি জোট থেকে মনোনয়ন বৈধতা পাওয়া শিরিন সুলতানা বলেন, ‘‘নারীদের নিয়ে আমাদের সমাজে অনেক বড় বড় কথা বলা হয়। কিন্তু পদক্ষেপ নেওয়া হয় না। আমরা দেশের নারীদের নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি সমাজে ছড়িয়ে পড়া মাদক নির্মুলেও কাজ করতে চাই।’’

বিএনপি জোটের রেহানা আক্তার রানু বলেন, ‘‘আমরা আজ সংসদে যাচ্ছি, আমরা নেতার উন্নয়নের অগ্রযাত্রায় কাজ করতে চাই। আর আমাদের সংসদে যে বট বাহিনী আছে তাদের বিরুদ্ধে কাজ করতে চাই।’’

এদিকে স্বতন্ত্র মোর্চার সুলতানা জেসমিন বলেন, ‘‘সামনের দিনে ভালো করতে হলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য সবচেয়ে ভালো ম্যাথড হতে পারে কারিগরি শিক্ষার জায়গাটা সম্প্রসারণ করা। কৃষিক্ষেত্রে কাজ করতে হবে। শুধু নারী নয়, পুরো জনগোষ্ঠী নিয়ে আমি কাজ করতে চাই ’’

উল্লেখ্য, দুদিনের বাছাইয়ে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র মোর্চার একজনসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

আলোকিত প্রতিদিন /২৩ এপ্রিল ২০২৬ /মওম

কিলোমিটার প্রতি বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

আলোকিত প্রতিওেবদক:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রনালয়ের সভাকক্ষে এ সিদ্ধান্তর কথা জানান মন্ত্রী।

ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে ১১ পয়সা।

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে।

উল্লেখ্য, সবশেষ ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।

আলোকিত প্রতিদিন /২৩ এপ্রিল ২০২৬ /মওম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে প্রধান বাধা ৩টি : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি ‘প্রকৃত’ সংলাপের পথে প্রধান বাধা ৩টি বলে মনে করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ৩ বাধা হলো ‘প্রতিশ্রুতি লঙ্ঘন’, ‘ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ’ এবং ‘হুমকি’।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “প্রতিশ্রুতি লঙ্ঘন, অবরোধ এবং হুমকি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রকৃত সংলাপের পথে প্রধান অন্তরা।”

ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। টানা ৪০ দিন ধরে অভিযানের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির পর ১১ এপ্রিল একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন দুই দেশের প্রতিনিধিরা। কিন্তু ২১ ঘণ্টা ধরে সংলাপের পরেও ব্যর্থ হয় সেই বৈঠক।

ইসলামাবাদের প্রথম বৈঠক ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন পেজেশকিয়ান। বুধবারের এক্সবার্তায় যুক্তরাষ্ট্রকে উদ্দেশে তিনি বলেন, “আপনাদের একটানা ভণ্ডামো এবং প্রতিশ্রুতি ও পদক্ষেপের মধ্যে ফারাক গোটা বিশ্ব দেখছে।”

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক এক্সবার্তায় বলেছেন, “একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি তখনই অর্থবহ হবে— যখন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে।”

সূত্র : আনাদোলু এজেন্সি

আলোকিত প্রতিদিন /২৩ এপ্রিল ২০২৬ /মওম

মানিকগঞ্জের সিংগাইরে এক প্রবাসী নারীর ম*রদেহ উদ্ধার

মো: মহিদ:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রেহেনা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের একটি ঝোপের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নীয় সূত্রে জানা গেছে, রেহেনা আক্তার প্রবাসে ছিলেন এবং গত বছর দেশে ফেরেন। তার নানা মৃত জমির উদ্দিনের বাড়ি ভাকুম গ্রামে। ছোটবেলা থেকে সেখানেই বেড়ে ওঠা রেহেনার বিয়ে একই এলাকা থেকে হয়েছিল। তবে প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর তিনি এক সন্তানকে নিয়ে ওই গ্রামেই বসবাস করছিলেন। স্থানীয়দের দাবি, তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে রেহেনার এক আত্মীয় বাড়ির পাশের পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় ঝোপের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে রেহেনার নিথর দেহ শনাক্ত করেন।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আলোকিত প্রতিদিন /২৩ এপ্রিল ২০২৬ /মওম

রামুর পাহাড়ি অঞ্চলে রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত রুস্তম উদ্ধা*র

নিজস্ব প্রতিবেদকঃ রামু থানা পুলিশের অভিযানে অপহৃত ভিকটিম রুস্তম কে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ এপ্রিল ( মঙ্গলবার) ভোর ৫ টায় ঈদগাহ বাজার হতে ঈদঘর যাওয়ার পথে পানের ছড়া ঢালা এলাকা হতে রুস্তম আলী (৪১) কে অস্ত্রের মুখে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করে। রুস্তম আলী রামু উপজেলার ঈদগড় থানার মোঃ হোছেন প্রকাশ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে আরো জানা যায়, অপহরণের বিষয়টি পুলিশ অবগত হওয়ার পর কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে রামু থানা ও ঈদগড় ফাঁড়ির একাধিক আভিযানিক দল পাহাড়ি অঞ্চল রামু থানাধীন ঈদগড় এবং রশিদনগরে দিনভর বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একবারে শেষ মুহুর্তে রাত ৯ টার দিকে রামু থানাধীন রশিদনগর পানিরছড়া পাহাড়ি এলাকা হতে ভিকটিম রুস্তম আলী(৪১) কে উদ্ধার করা হয়।

রামু থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, অপহৃত রুস্তম আলীকে অপহরণকারীদের কবল থেকে উদ্ধারের লক্ষে রামুর বিভিন্ন পাহাড়ি অঞ্চলে দিনব্যাপী অভিযান চালানো হয়। পুলিশের তৎপরতায় রশিদনগর পানিরছড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পাহাড়ের গহিন অরণ্যে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। মনিরুল আরো বলেন, পরবর্তীতে ভিকটিম রুস্তম কে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/এপি

তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

আলোকিত প্রতিবেদক:

বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। আদালতে হাজির করা হলে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে তোলা হলে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী সংস্থা পিবিআই জানায়, সম্প্রতি তনুর জামাকাপড় থেকে পাওয়া ডিএনএ নমুনা মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়। তদন্ত কর্মকর্তা পরিদর্শক তরিকুল ইসলাম আদালতের অনুমতি নিয়ে তিনজন সাবেক সেনাসদস্যের ডিএনএ পরীক্ষার আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।তদন্তে উঠে আসে, ওই তিনজনই সেনাবাহিনীর সাবেক সদস্য—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিদুল আলম। এর মধ্যে হাফিজুর রহমানকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করা হলেও দীর্ঘদিন থানা পুলিশ, ডিবি ও সিআইডি তদন্ত করেও কোনো অগ্রগতি দেখাতে পারেনি।পরবর্তীতে ২০২০ সালে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নতুন তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর মামলাটিতে নতুন করে গতি আসে।

প্রায় ১০ বছর পর গ্রেপ্তারের এই ঘটনা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পূর্ণ রহস্য উদঘাটিত হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বিশেষ প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ শাখা-১) সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন:

১.ড. এ এফ এম মাসুম রব্বানী, ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ২.মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ  ৩.মহা. আশরাফুজ্জামান, কমান্ড্যান্ট (ডিআইজি), রংপুর পিটিসি ৪.এ জেড এম নাফিউল ইসলাম, ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট ৫.মোহাম্মদ আবুল ফয়েজ, ডিআইজি, নৌ পুলিশ ৬.মো. মনিরুল ইসলাম, ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট
৭.মাহফুজুর রহমান, ডিআইজি, পুলিশ অধিদপ্তর (টিআর) ৮.মো. মুনিবুর রহমান, ডিআইজি, এপিবিএন সদর দপ্তর ৯.মো. ইকবাল হোসেন, অতিরিক্ত ডিআইজি (সংযুক্ত, রংপুর রেঞ্জ) ১০.শামীমা বেগম, ডিআইজি, পুলিশ অধিদপ্তর ১১.আবু কালাম সিদ্দিক, ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ ১২.মো. আমিনুল ইসলাম, ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা ১৩.সালমা বেগম, ডিআইজি, এপিবিএন (পার্বত্য এলাকা)

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

নওগাঁয় জমি বিরোধে একই পরিবারের চারজন খু*ন, গ্রেপ্তার ৩

প্রতিনিধি নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত ধারালো হাসুয়া ও ছুরিও উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন— নিহত হাবিবুর রহমানের ভাগ্নি সবুজ রানা (২৫), হাবিবের দুলাভাই শহিদুল ইসলাম এবং তার ছেলে শাহিন মণ্ডল। তাদের মধ্যে দুজন ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।পুলিশ জানায়, ঘটনার পরপরই একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং টানা তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। পুলিশ সুপার জানান, নমির উদ্দিন তার এক ছেলেকে ১৩ বিঘা এবং মেয়েদের প্রত্যেককে ১০ কাঠা করে জমি লিখে দেওয়ায় পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই মূলত হত্যার পরিকল্পনা করা হয়। অভিযুক্তরা মনে করেছিল, হাবিবুর রহমান ও তার পরিবারকে সরিয়ে দিতে পারলে জমির বড় অংশের মালিকানা পাওয়া সহজ হবে। ঘটনার দিন রাতে সবুজ রানা তার মামার বাড়িতে গিয়ে সবার সঙ্গে খাবার খায়। পরে বাইরে গিয়ে সহঅভিযুক্তদের সঙ্গে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে।

রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে শহিদুল, শাহিন, সবুজ এবং আরও একজন মিলে ঘরে ঢুকে প্রথমে হাবিবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এরপর তার স্ত্রী পপি সুলতানা ও দুই সন্তান—পারভেজ (৯) এবং সাদিয়া আক্তার (৩)—কেও হত্যা করা হয়। ঘটনার সময় নমির উদ্দিনকে ঘরের বাইরে থেকে আটকে রাখা হয়, যাতে তিনি বের হতে না পারেন। হত্যায় ব্যবহৃত অস্ত্র শাহিনের বাড়ির পাশ থেকে এবং একটি ছুরি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন নিয়ামতপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সবুজের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ২০ এপ্রিল গভীর রাতে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং মেয়ে সাদিয়া আক্তার (৩)।

আলোকিত প্রতিদিন / এম আর এম