আজ রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 40

টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে।অভিযানে চালক আজিজুল হাকিম (২২), আল আমিন(২৫), হৃদয়কে (২৪) ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও হেলপার নাইম(১৮), জুলহাসকে (২২) ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও মাটি পরিবহনে ব্যবহৃত দুইটি মিনি ট্রাক ও দুইটি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়েছে। বিচারক শাহীন মিয়া বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

এ দিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ও অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে সরকারের নির্দেশ

আলোকিত প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সড়ক ও নৌপথে নিরাপত্তা জোরদার করা হবে। ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার এবং ফেরি ও লঞ্চে যাত্রী ও পশুবাহী যানবাহনে হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

ঈদকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদরদপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা ঈদের আগে সাত দিন ও পরে সাত দিন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া র‍্যাব, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর হটলাইন চালু থাকবে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, এবার সারা দেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি হাট থাকবে। হাটগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা, জালনোট শনাক্তকরণ বুথ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে বডি-ওর্ন ক্যামেরা ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা থাকবে।

চামড়ার গুণগত মান ঠিক রাখতে কোরবানির পর দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য দেশব্যাপী প্রচারণা চালানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ লক্ষ্যে সরকার বিনামূল্যে লবণ সরবরাহের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সরকারের এসব উদ্যোগের ফলে দেশবাসী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোকিত প্রতিদিন / এম আর এম

মানিকগঞ্জে সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

মো: মহিদ:

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে সাত দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে জেলা ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আশফাকুল ইসলাম। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএএস সুপার শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, অডিটর নুর আহমেদ, তারিকুল ইসলাম, বিল্টু মিয়াসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিএজি কার্যালয় দেশের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বিশেষ সেবা কার্যক্রমের মাধ্যমে সেবাগ্রহীতাদের আরও দ্রুত ও মানসম্মত সেবা প্রদান করা হবে। সাত দিনব্যাপী এ কার্যক্রমে বিভিন্ন আর্থিক ও হিসাবসংক্রান্ত সেবা সহজীকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক:

মিরপুর টেস্টে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। সফরকারীদের মাত্র ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। তাতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হাসান শান্ত বাহিনী।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের জন্য ২৩ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। এই দুই দশকেরও বেশি সময়ে টানা ১১টি ম্যাচ হেরেছে টাইগাররা। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়ে মিলেছে প্রথম জয়ের দেখা। দুই ম্যাচের ওই সিরিজে ২-০ ব্যবধানেই জিতেছিল বাংলাদেশ। এবার মিরপুর টেস্টেও পাকিস্তানকে হারালেন শান্তরা।

২৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ইমাম-উল হককে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। তার করা বলে কটবিহাইন্ড হন ইমাম। আউট হওয়ার আগে করেন ৫ বলে ২ রান। আরেক ওপেনার আজান আওয়াইস করেন ৩৩ বলে ১৫ রান। আর দলনেতা নেতা শান মাসুমের ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

৬৮ রানে তিন উইকেট হারিয়ে চাপেই পড়েছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন আব্দুল্লাহ ফজল ও সালমান আগা। এই জুটিতে আসে ৫১ রান। ফিফটির দেখা পাওয়া ফজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ১১৩ বলে ১১টি চারের সাহায্যে ৬৬ রান করেন ফজল। পরের ওভারেই সালমান আগাকে পরাস্থ করেন তাসকিন আহমেদ। সালমান করেন ৩৯ বলে ২৬ রান।

৫ উইকেট হারিয়ে আরও একবার চাপে পড়ে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে দলকে শঙ্কামুক্ত করার চেষ্টা চালান উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌধ শাকিল। কিন্তু তাদের ক্রিজে থিতু দেননি টাইগার পেসার নাহিদ রানা। নিজের করা টানা দুই ওভারে শাকিল ও রিজওয়ানকে সাজঘরে পাঠান তিনি। এই দুই ব্যাটারই করেন ১৫ করে রান।

এরপর ১ রান করে হাসান আলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৭৯ রানে এগিয়ে ছিল টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিন শান্ত ৮৭, মুশফিক ২২, লিটন দাস ১১, মেহেদি হাসান মিরাজ ২৪, তাইজুল ইসলাম ৩, তাসকিন আহমেদ ১১ রানে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন। এ ছাড়া আগের দিন মাহমুদুল হাসান জয় ৫, সাদমান ইসলাম ১০ ও মুমিনুল হক ৫৬ রানে আউট হন।

পাকিস্তানের হাসান আলি ও নোমান আলি ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ ও পাকিস্তান ৩৮৬ রান করেছিল।

মিরপুর টেস্টের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল-মুশফিকের ফিফটিতে ৪১৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে আজান আওয়াইসের সেঞ্চুরি পাকিস্তান তোলে ৩৮৬ রান। ২৮ রানে এগিয়ে থাকা বাংলাদেশে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে এগিয়ে থেকে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে। ফলে টার্গেট দাঁড়ায় ২৬৮ রান।

আলোকিত প্রতিদিন / ১২ মে ২০২৬ /মওম

গাজীপুরে চালককে গলা কে*টে হ*ত্যা করে অটোরিকশা ছি*ন*তাইয়ের অ*ভিযোগ

বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক কিশোর অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পরে ১২ মে মঙ্গলবার ভোরে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শুভ (১৬) নওগাঁ জেলার মান্দা থানার কসক কাচারীপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি আমিরুল ইসলামের পালিত ছেলে হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে গাজীপুর মহানগরের শরিফপুর এলাকার মালেকের বাড়িতে আলম ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে পরিবারের সঙ্গে বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি অটোরিকশা চালাতেন। তার বাবা একজন চালক এবং মা স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে শুভ মদুলের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে উজারপাড়া বহরের বাড়ি রোডের পাকা রাস্তার ওপর, চায়না ফ্যাক্টরির পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে গাছা থানার এসআই মামুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ, গাছা থানা জোনের সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান এবং গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ বিষয়ে গাছা থানা জোনের সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে একাধিক টিম কাজ করছে।”
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

আলোকিত প্রতিদিন / ১২ মে ২০২৬ /মওম

ঢাকার ধামরাইয়ে র‌্যাব-৪ এর অ*ভিযানে মা*দকসহ এক ব্যক্তি গ্রে*প্তার

মামুন আহমেদ জয়:

ঢাকার ধামরাইয়ে র‌্যাব-৪ এর পৃথক অভিযানে প্রায় তিন লাখ টাকার মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

১১ মে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-৪, সিপিসি-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই উপজেলার পাঠানটোলা এলাকায় শাহিন কোম্পানির প্লটে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আবু বক্করের নির্মাণাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মোসলেম ওরফে রনি (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রনি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার করচাবাধা গ্রামের মৃত বান্দ মিয়ার ছেলে। তিনি বর্তমানে ধামরাই উপজেলার পাঠানটোলা এলাকায় বসবাস করছিলেন।

অভিযানে তার কাছ থেকে ২৯৫ গ্রাম হেরোইন, ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত প্রতিদিন / ১২ মে ২০২৬ /মওম

ইরানের বিমানকে হা*মলা থেকে বাঁচাতে নিজেদের ঘাঁটিতে জায়গা দেয় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের হামলা থেকে বাঁচাতে ইরানের সামরিক বিমানকে নিজেদের ঘাঁটিতে জায়গা দেয় পাকিস্তান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে নিজেদের সামরিক বিমান পার্কিংয়ের জন্য নিয়ে আসে ইরান।

এছাড়াও আরেক প্রতিবেশী আফগানিস্তানেও নিজেদের কিছু বেসামরিক বিমান নিয়ে যায় ইরান। তবে আফগানিস্তানে সামরিক বিমান নেওয়া হয়েছিল কি না সেটি স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট সূত্র সিবিএস নিউজকে বলেছেন, ইরান তাদের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম পাকিস্তানের নূর খান ঘাঁটিতে নিয়ে আসে। এতে করে এগুলো ইসরায়েলি এবং মার্কিনি হামলা থেকে রক্ষা পায়।

পাকিস্তান যখন ইরানকে তাদের সামরিক বিমান রাখার সুযোগ দিয়েছে ঠিক একই সময় মধ্যস্থতাও চালিয়েছে।ইরান পাকিস্তানে যেসব বিমান পাঠিয়েছে তারমধ্যে দেশটির বিমানবাহিনীর আরসি-১৩০ নজরদারি বিমান এবং লকহিডের তৈরি সি-১৩০ বিমান ছিল।

তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, গত এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ইরানের বিমানগুলো নূর খান ঘাঁটিতে নেওয়া হয়।

পাকিস্তান অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করেছে। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, নূর খান বিমানঘাঁটি অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত। যদি সেখানে অনেক বেশি বিমান পার্ক করা থাকত তাহলে এগুলো সবার নজরে আসত।

সূত্র : সিবিএস

আলোকিত প্রতিদিন / ১২ মে ২০২৬ /মওম

বিশ্বকাপের আগে উদ্বেগ, দেবে যাচ্ছে আজতেকা স্টেডিয়ামের মাটি: নাসা

স্পোর্টস ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম প্রধান ভেন্যু মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম ধীরে ধীরে মাটিতে দেবে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টেডিয়ামটি প্রতি বছর প্রায় ১০ ইঞ্চি পর্যন্ত নিচে নেমে যাচ্ছে, যা বিশ্বকাপ শুরুর আগে ফুটবল অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।

আগামী ১১ জুন এই স্টেডিয়ামেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার। ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত, ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের সাক্ষী এই মাঠে এবারও আয়োজন করা হবে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ।

নাসার তথ্যমতে, আজতেকা স্টেডিয়ামের নিচের ভূগর্ভস্থ জলাধার থেকে অতিরিক্ত পানি উত্তোলনের কারণেই মাটির স্তর ধীরে ধীরে বসে যাচ্ছে। শুধু স্টেডিয়াম নয়, পুরো মেক্সিকো সিটির বিস্তীর্ণ এলাকাই একই সমস্যায় আক্রান্ত। শহরটির বিভিন্ন অংশ প্রতি মাসে প্রায় আধা ইঞ্চি পর্যন্ত দেবে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মহাকাশ থেকে অত্যাধুনিক রাডার প্রযুক্তি ব্যবহার করে এ পরিবর্তন পর্যবেক্ষণ করেছে নাসা। সংস্থাটির জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী মারিন গভোর্চিন জানিয়েছেন, ভূগর্ভস্থ জলাধার থেকে অতিরিক্ত পানি তোলার ফলে মাটির নিচের স্তর সংকুচিত হয়ে পড়ছে এবং উপরিভাগের ভার বহন করতে পারছে না।

প্রায় ৮৭ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার আজতেকা স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে স্টেডিয়ামের দেবে যাওয়ার গতি কমাতে বা ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ন্ত্রণে আয়োজক কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র- জিওনিউজ

আলোকিত প্রতিদিন / এম আর এম

সেবামুখী ও আধুনিক পুলিশ বাহিনী গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিত প্রতিবেদক:

বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে একটি পেশাদার ও দক্ষ পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (১১ মে) রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’-এর ধারাবাহিকতায় ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে সরকার সর্বস্তরে আইনের শাসন নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করাও সরকারের অন্যতম অঙ্গীকার বলে তিনি জানান।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং দেশে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দেশের প্রতিটি পুলিশ সদস্য দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ও গুরুত্বের সঙ্গে শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকারের আর্থিক সক্ষমতা ও অগ্রাধিকার বিবেচনায় এসব দাবি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, দাবি বাস্তবায়নের বিষয়টি অনেকাংশে বাহিনীর পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এছাড়া পুলিশ হেডকোয়ার্টারের আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গিয়েছেন তারেক রহমান।  ১২ মে মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি সেখানে যান। মূলত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করতে ঢাবিতে গিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ ইউজিসির উদ্যোগে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’-শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে।সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন।

মেধাভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষেও নতুন কিছু করা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে তাদের পক্ষেও বিশ্বমানের কিছু করা অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ ও মেধার লালন করে আমরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।

ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের তারুণ্য বারবার রাজপথে নেমে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণ বারবার অধিকার আদায়ের মিছিলে শামিল হয়েছে। এভাবেই দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর হাজারও প্রাণের বিনিময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়তে চায়।

অনুষ্ঠান সূত্রে জানা যায়, উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। কর্মশালার অংশ নেওয়াদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য নীতিগত নকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন / ১২ মে ২০২৬ /মওম