আজ মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে চালককে গলা কে*টে হ*ত্যা করে অটোরিকশা ছি*ন*তাইয়ের অ*ভিযোগ

আরো খবর

বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক কিশোর অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পরে ১২ মে মঙ্গলবার ভোরে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শুভ (১৬) নওগাঁ জেলার মান্দা থানার কসক কাচারীপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি আমিরুল ইসলামের পালিত ছেলে হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে গাজীপুর মহানগরের শরিফপুর এলাকার মালেকের বাড়িতে আলম ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে পরিবারের সঙ্গে বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি অটোরিকশা চালাতেন। তার বাবা একজন চালক এবং মা স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে শুভ মদুলের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে উজারপাড়া বহরের বাড়ি রোডের পাকা রাস্তার ওপর, চায়না ফ্যাক্টরির পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে গাছা থানার এসআই মামুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ, গাছা থানা জোনের সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান এবং গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ বিষয়ে গাছা থানা জোনের সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে একাধিক টিম কাজ করছে।”
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

আলোকিত প্রতিদিন / ১২ মে ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -