স্পোর্টস ডেস্ক:
২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম প্রধান ভেন্যু মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম ধীরে ধীরে মাটিতে দেবে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টেডিয়ামটি প্রতি বছর প্রায় ১০ ইঞ্চি পর্যন্ত নিচে নেমে যাচ্ছে, যা বিশ্বকাপ শুরুর আগে ফুটবল অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।
আগামী ১১ জুন এই স্টেডিয়ামেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার। ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত, ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের সাক্ষী এই মাঠে এবারও আয়োজন করা হবে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ।
নাসার তথ্যমতে, আজতেকা স্টেডিয়ামের নিচের ভূগর্ভস্থ জলাধার থেকে অতিরিক্ত পানি উত্তোলনের কারণেই মাটির স্তর ধীরে ধীরে বসে যাচ্ছে। শুধু স্টেডিয়াম নয়, পুরো মেক্সিকো সিটির বিস্তীর্ণ এলাকাই একই সমস্যায় আক্রান্ত। শহরটির বিভিন্ন অংশ প্রতি মাসে প্রায় আধা ইঞ্চি পর্যন্ত দেবে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মহাকাশ থেকে অত্যাধুনিক রাডার প্রযুক্তি ব্যবহার করে এ পরিবর্তন পর্যবেক্ষণ করেছে নাসা। সংস্থাটির জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী মারিন গভোর্চিন জানিয়েছেন, ভূগর্ভস্থ জলাধার থেকে অতিরিক্ত পানি তোলার ফলে মাটির নিচের স্তর সংকুচিত হয়ে পড়ছে এবং উপরিভাগের ভার বহন করতে পারছে না।
প্রায় ৮৭ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার আজতেকা স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে স্টেডিয়ামের দেবে যাওয়ার গতি কমাতে বা ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ন্ত্রণে আয়োজক কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সূত্র- জিওনিউজ
আলোকিত প্রতিদিন / এম আর এম

