আলোকিত প্রতিবেদক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সড়ক ও নৌপথে নিরাপত্তা জোরদার করা হবে। ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার এবং ফেরি ও লঞ্চে যাত্রী ও পশুবাহী যানবাহনে হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
ঈদকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদরদপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা ঈদের আগে সাত দিন ও পরে সাত দিন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া র্যাব, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর হটলাইন চালু থাকবে বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, এবার সারা দেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি হাট থাকবে। হাটগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা, জালনোট শনাক্তকরণ বুথ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে বডি-ওর্ন ক্যামেরা ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা থাকবে।
চামড়ার গুণগত মান ঠিক রাখতে কোরবানির পর দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য দেশব্যাপী প্রচারণা চালানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ লক্ষ্যে সরকার বিনামূল্যে লবণ সরবরাহের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সরকারের এসব উদ্যোগের ফলে দেশবাসী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোকিত প্রতিদিন / এম আর এম

