আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 7

মৌলভীবাজার আইনজীবী বারে হামলা, আহ*ত-২

রাজন হোসেন তৌফিক: মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে হামলার ঘটনা ঘটেছে। জায়গাসংক্রান্ত বিরোধের জেরে আদালতে হাজিরা দিতে এসে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন দুজন। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩নং ভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, জসিম খান ও জমসেদ খান পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাসংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। বিরোধের জেরে মৌলভীবাজার সদর থানায় জমসেদ খান সাতজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।

অভিযোগ তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। সোমবার ওই মামলায় হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণেই দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জমসেদ, সাকের ও তারেক খান, জুনেল বাবুলসহ আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে জসিম, বেলাল ও সুজন খানসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলায় সুজন খান গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবী বারে যাই। সেখানে জমসেদ খানের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় দুজন আহত হন। তার মধ্যে সুজন খান গুরুতর। এই ঘটনায় আমরা থানায় মামলা করব।”

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক বলেন, “বিবদমান দুটি পক্ষ আদালতে হাজিরা দিয়ে বারে আসে। এক পক্ষ আরেক পক্ষের ওপর বার ভবনে হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা বিব্রত।”

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বারের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আদালত প্রাঙ্গণের মতো স্পর্শকাতর স্থানে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী ও সচেতন মহল। আদালত এলাকার নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জ কামিল মাদ্রাসায় ‘অপরাজিতা কর্নার’ উদ্বোধন

মো: মহিদ:

মানিকগঞ্জে নারী শিক্ষা, সচেতনতা ও ক্ষমতায়নের লক্ষ্যে মানিকগঞ্জ ইসলামীয়া কামিল মাদ্রাসায় ‘অপরাজিতা কর্নার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ০৮ জুন সোমবার বেলা ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নারটির উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘অপরাজিতা কর্নার’ নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহায়ক,স্বাস্থ্য সচেতনতা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা প্রিয়াংকা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা ও আত্মবিশ্বাস একজন নারীকে সমাজে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। ‘অপরাজিতা কর্নার’ শিক্ষার্থীদের নারী স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় মানিকগঞ্জ ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমান উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং এমন একটি উদ্যোগ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা অপরাজিতা কর্নার পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কর্নার শিক্ষার্থীদের ব্যক্তিগত, সামাজিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

আলোকিত প্রতিদিন/০৮ জুন ২০২৬/মওম

নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, উদ্বেগে সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক:

নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় উদ্বেগের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেলেও নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময়ে গণমাধ্যমে ন্যূনতম বেতন বৃদ্ধি এবং নতুন বেতন কাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবের খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন পে স্কেল একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে কর্মচারী সংগঠনগুলোর অনেক নেতা এ প্রস্তাবের বিরোধিতা করে এককালীন পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

সরকারি চাকরিজীবীদের মতে, দীর্ঘদিন পর বেতন পুনর্নির্ধারণের উদ্যোগ ইতিবাচক হলেও বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে ধাপে ধাপে বেতন বৃদ্ধি প্রত্যাশিত স্বস্তি নাও দিতে পারে।

এদিকে আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংশ্লিষ্টদের মতে, বাস্তবায়নের আগে প্রয়োজনীয় প্রজ্ঞাপন ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হলে সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

ফলে নতুন বেতন কাঠামো কবে, কীভাবে এবং কোন পরিসরে কার্যকর হবে—এ প্রশ্নে সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা বাড়ছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

উত্তরবঙ্গের অর্থনীতিতে নতুন সম্ভাবনা, আধুনিক হচ্ছে বগুড়া বিমানবন্দর

প্রতিনিধি, বগুড়া:

উত্তরবঙ্গের দীর্ঘদিনের প্রত্যাশিত বগুড়া বিমানবন্দরকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার উপযোগী করতে প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিকল্পনার আওতায় বিমানবন্দরের রানওয়ে ৪ হাজার ৫০০ ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ফুট করা হবে। পাশাপাশি আধুনিক যাত্রী টার্মিনাল, ট্যাক্সিওয়ে, এপ্রোন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের নেভিগেশন ও লাইটিং সিস্টেম স্থাপন করা হবে।

প্রকল্পের মাস্টারপ্ল্যান প্রণয়ন, কারিগরি নকশা ও পরামর্শক সেবা প্রদানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)কে নিয়োগের প্রস্তাব করা হয়েছে।

বগুড়া শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে সদর উপজেলার এরুলিয়া এলাকায় অবস্থিত বিমানবন্দরটি মূলত কার্গো বিমানবন্দর হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। ১৯৯১-৯৬ মেয়াদে প্রকল্পটির অনুমোদন দেওয়া হলেও বাণিজ্যিক কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। ২০০৬ সাল থেকে এটি মূলত বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরটি চালু হলে বগুড়ার পাশাপাশি জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে কৃষিপণ্য, সবজি ও কৃষিযন্ত্রপাতি দ্রুত পরিবহন ও রপ্তানির সুযোগ তৈরি হবে।

এরুলিয়ার বাসিন্দা আমিনুর ইসলাম বলেন, বিমানবন্দর চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। তবে উদ্যোক্তা সেলিম সরকারের মতে, অতীতেও এমন ঘোষণা এসেছে; এবার মানুষ দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মো. সাইরুল ইসলাম বলেন, বিমানবন্দর চালু হলে কৃষক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। এতে দেশি-বিদেশি বাজারে পণ্য পরিবহন সহজ হবে এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

গত ৭ মে বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উত্তরবঙ্গের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর বগুড়াতেই নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এখানে একটি ফ্লাইং একাডেমি স্থাপন এবং বগুড়াকে অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, বিমানবন্দর উন্নয়নের প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। দ্রুতই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

আবার বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান-ইসরায়েলের নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার মাঝে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। এ সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। ০৮ জুন সোমবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সংঘাতের কারণে বিশ্ববাজারে মন্দা দেখা দিয়েছে। সোমবার সকালে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে রয়েছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মাঝে যুদ্ধ চলাকালীন তেলের দাম সর্বোচ্চ ১২০ ডলার পর্যন্ত পৌঁছেছিল। তবে যুদ্ধবিরতির পর শান্তি আলোচনার সম্ভাবনায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেলের দাম কিছুটা কমেছে।

কিন্তু লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলে হামলা চালানোর পর সংঘাত নিরসনের আশা ধূলিসাৎ হয়ে যায়। এই হামলার জবাবে একই রবিবার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। সোমবার সকালে ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

এর জবাবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অপরদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।

সূত্র: আলজাজিরা

আলোকিত প্রতিদিন/০৮ জুন ২০২৬/মওম

মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য জব্দ করা হয়। পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (৮ জুন) উপজেলার ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রং, কেমিক্যাল ও বিভিন্ন ধরনের পাউডার মিশিয়ে শিশুদের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সংশ্লিষ্ট কারখানাগুলোতে অভিযান চালায়।

অভিযানকালে ‘জো জো গ্লাস ড্রিংকস’, ‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস’, ‘জো জো এডিবল জেল’, অরেঞ্জ, লিচু, স্ট্রবেরি ও ম্যাংগো ফ্লেভারের আইস ললি, কোকোনাট ফ্লেভার্ড গ্লাস ড্রিংকস উৎপাদনে অতিরিক্ত রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাদল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

একই অভিযানে বি-বাড়িয়া বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বাটার বন, কেক, বিস্কুট, ক্রিম বন, ক্রিম কেক ও ক্রিম রোল উৎপাদনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট একজনকে দুই মাসের কারাদণ্ড এবং অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। পাশাপাশি বেকারিটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের ইন্সপেক্টর আরিফ উদ্দিন ও ফিল্ড অফিস, মুরাদনগর থানার এসআই আব্বাস আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস করা হবে না।

আলোকিত প্রতিদিন / এম আর এম

নেত্রকোনায় পূর্বধলা থানা পুলিশের অ*ভিযানে ৪৫০ পিস ই*য়াবাসহ আ*টক-১

শহীদুল ইসলাম রুবেল:

নেত্রকোনা জেলা পূর্বধলা থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৫০পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ সবুজ মিয়া (৪৫)। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন  ৮ জুন সোমবার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশের এসআই আব্দুল্লাহ আল রাহিদের এর নেতৃত্বে একটি চৌকস টিম ৭ জুন রবিবার রাতে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জালশুকা গ্রামে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ মোঃ সবুজ মিয়াকে আটক করে।

আটককৃত সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর সোমবার আদালতে প্রেরণ করা হয়।বিজ্ঞ বিচারক আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আলোকিত প্রতিদিন/০৮ জুন ২০২৬/মওম

আমাদের দেখে নতুন বিয়ের দম্পতিরাও রোমান্টিক হয়ে গেছেন

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদের গল্প-এর সফল সমাপ্তি উপলক্ষে আয়োজন করা হয় জমকালো সাকসেস পার্টি। অনুষ্ঠানে নাটকটির সাফল্য, দর্শকপ্রতিক্রিয়া এবং শুটিংয়ের নানা স্মৃতি তুলে ধরেন ‘মেহরিন’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী কেয়া পায়েল।

অনুষ্ঠানে নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকু-র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেয়া বলেন, “এত সুন্দর একটি চরিত্র আমাকে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। আমার মনে হয়, এটি আজীবন মনে রাখার মতো একটি চরিত্র। এখন কোথাও গেলে এই কাজটি নিয়ে কথা বলতে ভালো লাগে এবং গর্ব অনুভব করি।”

নাটকটির দর্শকপ্রিয়তা নিয়ে তিনি বলেন, “প্রতিটি পর্বই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। কোনো পর্বে মানুষ হেসেছে, আবার আমাদের রোমান্টিক দৃশ্যগুলোও অনেকের ভালো লেগেছে। এমনকি যারা নতুন বিয়ে করেছেন, তারাও আমাদের দেখে কিছুটা রোমান্টিক হয়ে গেছেন। শেষ দিকের কয়েকটি পর্ব দর্শকদের আবেগাপ্লুত করেছে, অনেকেই কেঁদেছেন।”

সহশিল্পী খায়রুল বাসার-এর সঙ্গে পর্দার রসায়ন প্রসঙ্গে কেয়া বলেন, “একজন শিল্পী হিসেবে সবচেয়ে বড় প্রাপ্তি হলো দর্শকের গ্রহণযোগ্যতা। এই নাটকে আমাদের জুটিকে দর্শক খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন। সব মিলিয়ে অসাধারণ সাড়া পেয়েছি।”

শুটিংয়ের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, “আজ পুরো টিমকে একসঙ্গে দেখে মনে হচ্ছে, যদি আরেকটি পর্বের শুটিং করতে পারতাম! শুটিংয়ের সময় কখনোই মনে হয়নি আমরা কাজ করছি। দিনগুলো খুব মিস করি। প্রতি সপ্তাহে নতুন পর্ব প্রকাশের পর দর্শকদের আগ্রহ, ভালোবাসা ও প্রশ্নগুলো এখন অনেক বেশি মনে পড়ে।”

তিনি আরও বলেন, “জীবনে আরও অনেক কাজ করব, কিন্তু এই নাটকটি আমার জন্য বিশেষ। এটি সবসময় স্মৃতিতে রয়ে যাবে।”

আলোকিত প্রতিদিন / এম আর এম

ইস*রায়েল-ইরা*নকে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি বলেন, “ইসরায়েল ও ইরানকে অবিলম্বে গোলাগুলি বন্ধ করতে হবে।”

এদিকে মার্কিন সংবাদমাধ্যম NBC News-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে সমঝোতা হলে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ ও ধ্বংসে সহায়তা করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, একটি সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে ইউরেনিয়াম নিরাপদে সরিয়ে ধ্বংস করতে পারে। তবে চুক্তি না হলে ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

ট্রাম্পের ভাষ্য, “আমরা তাদের সঙ্গে অথবা তাদের ছাড়াই কাজটি করব। তবে আমাদের নিরাপত্তা নিশ্চিত থাকবে।”

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সম্প্রতি নতুন করে দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

রোববার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাবে ইসরায়েলও পাল্টা হামলা শুরু করে। ফলে দীর্ঘদিনের বৈরী এই দুই দেশের সংঘাত নতুন মাত্রা পেয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

সাভারে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির কারখানা ভে*ঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

শহিদুল্লাহ সরকার:

সাভারে চারটি অবৈধ টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির কারখানা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ৮ জুন সোমবার দুপুরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় চারটি কারখানা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল। পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় পরিবেশ দূষণ করে অসাধু ব্যবসায়ীরা অবৈধ ভাবে বিভিন্ন গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো। যার ফলে এলাকায় ফসলি জমির ফসল নষ্ট হ‌ওয়ায় পাশাপাশি জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছিল। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার কার্যালয়ের উদ্যোগে চারটি অবৈধ কারখানা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানে এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/০৮ জুন ২০২৬/মওম