আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 43

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন আশাবাদ

জি এম রাশেদুল ইসলাম:

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, খালটি পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। একইসঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় জীববৈচিত্র্য উন্নয়নেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই খালটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে তাদের ভোগান্তি কমবে এবং এলাকায় স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন / ১০ মে ২০২৬ /মওম

মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশের করা ৪১৩ রানের বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। মাঝখানে ছন্দপতন ঘটলেও সালমান-রিজওয়ানের জুটিতে আবারও ম্যাচে ফেরে সফরকারীরা। কিন্তু টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ফাইফারে এগিয়ে রইলো স্বাগতিকরাই। পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড পেলেন নাজমুল হাসান শান্তরা।

শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১.৫ খেলেছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছে ৭ রান। ফলে ৩৪ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকরা।

অভিষিক্ত ওপেনার আজান ৮৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। ১৫৩ বলে ১৪ চারে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই তুলে নেন সেঞ্চুরি। একটু পরেই আজানকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার তাসকিন। ২১ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটারের ১৬৫ বলে ১০৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪টি চারে।

তৃতীয় দিনের পঞ্চম ওভারে নাহিদ রানার বলে সিঙ্গেল রান নিয়ে আজান ম্যাজিক ফিগারে পৌঁছান। ফজলের সঙ্গে ১০৪ রানের জুটি গড়ে ফিরে যান তিনি। তারপর বাংলাদেশ ৪ রানের ব্যবধানে তিন উইকেট পায়। অধিনায়ক শান মাসুদকে (৯) দুই অঙ্কের ঘরে যেতে দেননি তাসকিন। সাদমান ইসলামকে ক্যাচ দেন পাকিস্তানি অধিনায়ক। পরের ওভারে সৌদ শাকিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শাকিল।

১০২ বলে ৭ চারে অভিষেকে ফিফটি করেন ফজল। তিনি আর বেশিদূর যেতে পারেননি। উইকেট হারানোর মিছিলে তিনি যোগ দেন মিরাজের বলে তাইজুলকে ক্যাচ দিয়ে। ১২০ বলে ৭ চার ও ১ ছয়ে ৬০ রান করেন তিনি।

১ উইকেটে ২১০ রান করা পাকিস্তান ২৩০ রানে হারায় পঞ্চম ব্যাটারকে। এরপর সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান দলকে সামনে থেকে লিড দিতে থাকেন। ষষ্ঠ উইকেটে দুজন মিলে গড়েন ১১৯ রানের জুটি। তাতেই বড় হতে থাকে দলীয় স্কোর। দুজনই অর্ধশতক তুলে নেন।

তবে দুজনের কেউই ফিফটির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তাইজুল ইসলামের করা বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রিজওয়ান। আউট হওয়ার আগে করেন ৭৯ বলে ৫৯ রান। এদিকে ৯৪ বল খেলে ছয়টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৮ রান করেন সালমান আগা। এছাড়া নোমান আলি ২, শাহিন আফ্রিদি ১৩ ও হাসান আলি ৬ রানে আউট হন। আর ৬ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আব্বাস।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মেহেদী হাসান মিরাজ। ৩৮ ওভারে ৫টি মেডেনসহ ১০২ রানের খরচায় সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। আর একটি উইকেট পেয়েছেন নাহিদ রানা।

অপরদিকে অধিনায়ক শান্তর ১০১, মুমিনুল হকের ৯১ এবং মুশফিকুর রহিমের ৭১ রানে ভর করে স্বাগতিকরা ৪১৩ রান তোলে। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস।

আলোকিত প্রতিদিন / ১০ মে ২০২৬ /মওম

টাঙ্গাইলে অ*বৈধভাবে মাটি কাটায় ৩ লাখ টাকা জ*রিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জ*ব্দ

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পটল এলাকার কদিম হামজানী ও এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় অবৈধভাবে মাটি কাটা এবং বিক্রি বন্ধে রাতভর অভিযান পরিচানা করেছেন কালিহাতী উপজেলা প্রশাসন।
শনিবার(০৯ মে) দিবাগত রাতে ওই অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম ও কালিহাতী থানা পুলিশ।
এতে উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে প‌রিচা‌লিত মোবাইল কো‌র্টে তিন লাখ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি এক্সকাভেটর (ভেকু)মেশিন বিনষ্ট এবং ২টি অবৈধ বালুবহকারী ড্রাম ট্রাক রাস্ট্রীয় হেফাজতে নেওয়া হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন / ১০ মে ২০২৬ /মওম

ইরানে হা*মলা চালাতে ইরাকে একটি গো*পন ঘাঁ*টি তৈরি করেছিল ই*সরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে ইরাকে গোপনে একট ঘাঁটি তৈরি করেছিল দখলদার ইসরায়েল। ইরাকের প্রত্যন্ত মরুভূমিতে এ ঘাঁটি বানানো হয়।

৯ মে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। একাধিক মার্কিন কর্মকর্তা এবং সূত্র জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর আগে এ ঘাঁটি তৈরি করা হয়। এখান থেকে ইসরায়েলি বিমানবাহিনীকে লজিস্টিক সহায়তা দেওয়া হয়।

এছাড়া সেখানে অবস্থান নিয়েছিল ইসরায়েলের স্পেশাল ফোর্সের সৈন্যরা। সঙ্গে ছিল উদ্ধারকারী দলও। লক্ষ্য ছিল যদি ইসরায়েলের কোনো বিমান ভূপাতিত হয় তাহলে দ্রুত যেন পাইলটকে উদ্ধারে এখান থেকে অভিযান শুরু করা যায়।

ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্চের শুরুতে ইরাকের সৈন্যরা মরুর বুকের এ ঘাঁটির সন্ধান পান। এরপর তারা ওইদিকে যান। তাদের থামাতে তখন ইসরায়েল ওই ইরাকি সৈন্যদের ওপর বিমান হামলা চালায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক মেষপালক প্রত্যন্ত মরুভূমিতে হেলিকপ্টার ওঠানামা এবং গোলাগুলির শব্দ শুনতে পান। এরপর তিনি বিষয়টি সৈন্যদের অবহিত করেন। কিন্তু ইরাকি সেনারা যেন সেখানে আর না যায় সে ব্যবস্থাও করে ইসরায়েল। এতে তারা সফলও হয়।

ওই সময় ইরাক সরকার নিজেদের সেনার মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। তারা বলেছিল মার্কিন বাহিনী সমন্বয় ছাড়া হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রকে এ ঘাঁটির ব্যাপারে জানালেও এতে তারা জড়িত ছিল না বলে আরেকটি সূত্র ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন।

সংবাদমাধ্যমটিকে এক সামরিক বিশেষজ্ঞ বলেছেন। ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি, যেখানে ইসরায়েলের ঘাঁটি থাকার কথা বলা হচ্ছে, সেটি গোপন ঘাঁটি তৈরির আদর্শ স্থান। কারণ ওই অঞ্চলের মরুভূমিটি অনেক বড়। কিন্তু মানুষ সে তুলনায় খুবই কম।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

আলোকিত প্রতিদিন / ১০ মে ২০২৬ /মওম

ধ*র্ষ*ণ মা*ম*লার আ*সা*মিকে দ্রুত গ্রে*ফ*তার”করলো কাশিয়ানী থানা

মোঃ আশরাফুজ্জামান:

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন নিজামকান্দি পূর্বপাড়ায় গত ০৭/০৫/২০২৬ তারিখে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিকে মাত্র ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাশিয়ানী থানা পুলিশ।

জানা যায় গোপালগঞ্জ সদর থানার বনগ্রাম এলাকার বাসিন্দা ১০ বছর বয়সী শিশু গত ০৩/০৫/২০২৬ তারিখে কাশিয়ানী থানার নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালা জনি বেগমের বাড়িতে বেড়াতে আসে। একই এলাকার বাসিন্দা মোরসালিন শেখ ওরফে রাঙ্গু (২০), পিতা কালাম শেখ, ভিকটিমের খালার প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে সে ০৭/০৫/২০২৬ তারিখ বৃহস্পতিবার বেলা ১২:০০ টার দিকে পুকুরে গোসলের কথা বলে ভিকটিমকে ডেকে নিয়ে যায় এবং নিজামকান্দি পুকুরের পাশে কাবুলের জমিতে গামছা দিয়ে মুখ বেঁধে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম অজ্ঞান হলে আসামি পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ভিকটিম খালাকে ঘটনা জানায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খালা ও খালু তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জে নিয়ে যান।

বিষয়টি পুলিশের নজরে আসার সাথে সাথে রাত ১১:৩০ এ মামলা রুজু করা হয়। কাশিয়ানী থানায় মামলা নং ১৪, তারিখ ০৯/০৫/২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় রুজু করা হয়। ঐ দিন দিবাগত রাত ০৩:১৫ তে আলোচিত এই মামলার আসামি গ্রেফতার করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকাকে জানান গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমান এর নেতৃত্বে , পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও সাব ইন্সপেক্টর খায়রুল বাশারের পরিচালিত বিশেষ অভিযানে গভীর রাতে কেরানীগঞ্জ থেকে আসামিকে গ্রেফতার করা হয়। আসামি সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও পুলিশের দ্রুত এবং কার্যকর পদক্ষেপে তা ব্যর্থ হয়।

আলোকিত প্রতিদিন / ১০ মে ২০২৬ /মওম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নালা থেকে যুবকের ম*র*দেহ উদ্ধার

শহীদুল ইসলাম রুবেল:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নালা থেকে জামিরুল ইসলাম (২৫) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী মাকসুদ জানান, কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা উত্তর পাড়া (পাছ পাড়া) গ্রামের মোঃ শাহজাহান মিয়ার পুত্র জামিরুল বাট্টা গ্রামের আলাউদ্দিন এর হাসেঁর খামারে শ্রমিক হিসাবে কাজ করে আসছিল। পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি আরো জানান, গত শুক্রবার বিকালে হাসেঁর খামারে খাবার দিয়ে যাওয়ার পর থেকেই তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। ১০ মে রবিবার সকালে বাট্টা আলহাজ্ব আতিকুর রহমান ভুইয়া একাডেমির পশ্চিম পাশের একটি নালায় নিখোঁজ জামিরুলের মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরী করে।তিনি জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত জামিরুলের পিতা শাহজাহান জানায়, তার ছেলে মৃগী রোগী ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগের কারনে নালার পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত প্রতিদিন / ১০ মে ২০২৬ /মওম

সারাদেশে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

আলোকিত প্রতিবেদক:

সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ১১ মে এর মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

১০ মে রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

১১ মে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

১২ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ১৩ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ।

১৪ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিন পর থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আলোকিত প্রতিদিন / ১০ মে ২০২৬ /মওম

সাভারে ৩য় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড সাইন্স সোসাইটির পুরস্কার বিতরণ

শহিদুল্লাহ সরকার:

সাভারে বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড সাভার সাইন্স সোসাইটি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । ৯মে শনিবার দুপুরে সাভারের যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণের আয়োজন করেন সাভার সাইন্স সোসাইটি । সেখানে ৫০০ জন বিজয়ী শিক্ষার্থী এবং ১০০ জন স্কুল প্রতিনিধিকে পুরুস্কৃত করা হয়। উল্লেখ্য গত ২৭ শে সেপ্টেম্বর সাভার মডেল কলেজে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়| এতে সাভার ও আশুলিয়ার প্রায় ৮০ টি স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল । সাভারের সকল মেধাবী শিক্ষার্থীরা ও অভিন্ন প্লাটফর্মে নিয়ে আসা যুগের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের ˆতরি করা এবং উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে ২০২৩ সাল থেকে কার্যক্রম শুরু করে সাভার সাইন্স সোসাইটি| এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফয়েজ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মুহসিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক. আনারুল হক মন্ডল, সাভার মডেল কলেজের প্রিন্সিপাল তৌহিদ হোসেন, সাভার সাইন্স সোসাইটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন|

আলোকিত প্রতিদিন /০৯ মে ২০২৬ /মওম

টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের সুবিধাবঞ্চিতদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

৯ মে শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিট আয়োজিত অনুষ্ঠানে এ চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে নতুন ঘর নির্মাণের জন্য ৬৫ হাজার টাকা, গরু কেনার জন্য ৪৫ হাজার টাকা এবং ল্যাট্রিন নির্মাণের জন্য ২১ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। এ ছাড়াও গর্ভবতী নারীসহ মোট ৬৮ জন সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিসিআরএম বিভাগের পরিচালক মো. রেজাউল করিম, নির্বাহী সদস্য মো. সামছুর রহমান চৌধুরী, শাহীন আকন্দ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই সহায়তার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হলে ভবিষ্যতেও আরও সহায়তা পাওয়া সম্ভব হবে।

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন এবং কালিহাতী উপজেলা দুর্গাপুর ইউনিয়নের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৩৭২ জন কে ১ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা, আবাসন সহায়তা বাবদ ১৩৫ জন উপকার ভোগীকে ৮১ লাখ টাকা, কারিগরি প্রশিক্ষণ বাবদ ৩৫ জন কে ১০ লাখ ৪০ হাজার টাকা, গর্ভবতী ও দুগ্ধ দানকারী ৬৫ জন মহিলাকে ১ লাখ ৬২ হাজার সহ আরও অন্যান্য প্রকল্পে মোট ২ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার টাকা নগদ অর্থ চেক বিতরণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন /০৯ মে ২০২৬ /মওম

নোয়াখালীতে সাংবাদিককে হ*ত্যার হু*ম*কিদাতাকে গ্রে*প্তা*রের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি,নোয়াখালী: 

নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে সাংবাদিক মোহাম্মদ হানিফকে হত্যার হুমকিদাতাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৯ মে শনিবার সকাল ১১ টার দিকে বাইপাস চত্বরে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক সামছুল আরেফিন জাফর, বেলাল হোসাইন ভূঁইয়া, আমিনুল ইসলাম মানিক, আনোয়ার বারী পিন্টু, ইয়াকুব আল মাহমুদ, মোহাম্মদ হানিফ, রবিউল হাসান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ উল্যাহ, মামুনুর রশিদ, মাহবুবুল হাসান, নূর মোহাম্মদ সবুজ, জসিম উদ্দিন রাজসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সারা বাংলাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ক্রমান্বয়ে বাড়ছে। এসকল অপরাধের বিচার হচ্ছেনা। অপরাধীরা প্রভাবশালীদের আশ্রয় ও প্রশ্রয়ে অপরাধ করছে। সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি মোহাম্মদ হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটণায় ঐ সাংবাদিক নিজে বাদী হয়ে গত ২৫শে এপ্রিল সোনাইমুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও নেয়া হয়নি কোনো ব্যবস্থা। প্রশাসনের সদিচ্ছার ঘাটতি পরিলক্ষিত হচ্ছে বলেও অভিযোগ করেন সাংবাদিকরা।

তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক মোহাম্মদ হানিফকে হত্যার হুমকি দাতাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা না হলে আরো বড় পরিসরে আন্দোলনের ডাক দেয়া হবে। প্রয়োজনে কাফনের কাপড় পরিধান করে কঠোর থেকে কঠোরতার আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিকরা।
প্রসঙ্গত, পার্শ্ববর্তী চাটখিল উপজেলায় ইটভাটা ব্যবসায়ী জাবেদ হোসেনের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিহতের পরিবার বিচারের দাবিতে একটি সংবাদ সম্মেলন করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকেই একটি প্রভাবশালী চক্র সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিক মোহাম্মদ হানিফকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিতে থাকে।

জিডির তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানা এএসআই রেজাউল ইসলাম জানান, হুমকিদাতাকে চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এখনো অভিযুক্তকে শনাক্ত করা যায়নি।

আলোকিত প্রতিদিন /০৯ মে ২০২৬ /মওম