জি এম রাশেদুল ইসলাম:
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, খালটি পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। একইসঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় জীববৈচিত্র্য উন্নয়নেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই খালটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে তাদের ভোগান্তি কমবে এবং এলাকায় স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোকিত প্রতিদিন / ১০ মে ২০২৬ /মওম

