আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 30

ফেনীতে প্রবাসীর স্ত্রী হ*ত্যার রহস্য উদঘাটন, আ*সামি গ্রে*প্তার

মোঃ আতীক রোজেন:

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে সৌদি আরব প্রবাসীর স্ত্রী রীনা আক্তার ৪৪ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, গত ১২ মে শর্শদী ইউনিয়নের পশ্চিম জোয়ারকাছাড় এলাকায় রীনা আক্তার তার নির্মাণাধীন ভবনে পানি দিতে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং প্রমাণ গোপনের উদ্দেশ্যে মরদেহটি ভবনের পাশে থাকা বালুর নিচে চাপা দিয়ে রাখা হয়। এই ঘটনায় নিহতের পুত্র মহরম আলী বাদী হয়ে ১৩ মে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যার সংবাদ পাওয়ার পর পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের দিক-নির্দেশনায় এবং ফেনী পিবিআই-এর পুলিশ সুপার উক্য সিং, পিপিএম-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছায়া তদন্ত শুরু হয়। আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পিবিআই জানতে পারে অভিযুক্ত ব্যক্তি চট্টগ্রামে আত্মগোপন করে আছেন। ১৪ মে দুপুর ১২.১৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চৌধুরী নগর আবাসিক এলাকার রূপসী পাহাড় থেকে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি শর্শদী ইউনিয়নের জমাদার বাড়ীর আবুল খায়েরের পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। পেশায় রাজমিস্ত্রি সাইফুল জানান, কিস্তির টাকা সংগ্রহের উদ্দেশ্যে তিনি এই পরিকল্পনা করেন। ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যার পর তার কানের দুল লুণ্ঠন করেন এবং তা মোহাম্মদ আলী বাজারের একটি স্বর্ণের দোকানে ১৫,৫০০ টাকায় বিক্রি করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করেছে।

পিবিআই ফেনী জেলার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কাউসার আলম ভূঁইয়া মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আলোকিত প্রতিদিন / ১৫ মে ২০২৬ /মওম

ঈদ এলেই জ্বলে ওঠে আগুন,বাঁচে সংসার-কিন্তু নিভে যাচ্ছে কামারদের জীবন সংগ্রাম

ওয়াসিম শেখ:

টুংটাং হাতুড়ির শব্দ, হাপরের আগুন আর ঘামে ভেজা ক্লান্ত শরীর-এসবই যেন সিরাজগঞ্জ সদর উপজেলার কামারপল্লিগুলোর চিরচেনা দৃশ্য। আগুনে লাল হয়ে ওঠা লোহায় একের পর এক আঘাত করছেন বৃদ্ধ কর্মকাররা। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই জমে উঠেছে তাদের ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততার আড়ালেই লুকিয়ে আছে অভাব ও কষ্ট আর টিকে থাকার নিরন্তর যুদ্ধ।

বছরের অধিকাংশ সময় কাজের তেমন চাপ না থাকলেও কোরবানির ঈদকে ঘিরেই নতুন করে প্রাণ ফিরে পায় কামারশালাগুলো। দা,বঁটি, ছুরি এবং চাপাতি তৈরির কাজে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের পাশে কাটছে তাদের সময়। এতো পরিশ্রমের পরও মিলছে না কাঙ্ক্ষিত আয়।

রামগাতীর মিন্টু কামার বলেন, আগে ঈদের এক মাস আগ থেকেই অর্ডার সামলাতে পারতাম না। এখন বাজারে কারখানার তৈরি জিনিস চলে আসছে। মানুষ কম অর্ডার দেয়। লোহা, কয়লা সবকিছুর দাম বেড়েছে। সংসার চালানো খুব কঠিন হয়ে গেছে। কথার মাঝে চোখের কোণে জল জমে ওঠে তার। জানান, বছরের ১১ মাস ঠিকমতো কাজ না থাকায় অনেক সময় ধার-দেনা করে সংসার চালাতে হয়। ঈদের এই মৌসুমের আয়ের দিকেই তাকিয়ে থাকেন তারা।

সরেজমিনে দেখা যায়, অনেক কামারশালায় বয়স্ক কারিগররাই এখনো কাজ করছেন। কারও চোখে ঝাপসা দেখে, কারও হাতে কাঁপুনি-তবু থেমে নেই জীবনযুদ্ধ। কেউ কেউ আবার শ্রমিক রেখে কাজ করাচ্ছেন, কারণ একা আর আগের মতো কাজ করতে পারেন না।

সোলেমান কর্মকার বলেন, এই আগুনের পাশে কাজ করতে করতে শরীর শেষ হয়ে গেছে। ডাক্তার আগুনের কাজ কম করতে বলেছে। কিন্তু কাজ না করলে পরিবার চলবে কীভাবে? ছেলে-মেয়েদের মুখের দিকে তাকিয়ে এখনো হাতুড়ি চালাই।

কালিয়া কান্দাপাড়া এলাকা থেকে ছুরি এবং চাপাতির অর্ডার দিতে আসা হারুন বলেন, “দাম আগের চেয়ে অনেক বেশি। কিন্তু তাদের অবস্থাও খারাপ। কষ্ট করেই তো এগুলো বানায়।

কর্মকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বড় ছুরি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকায়। চাপাতি ৯০০ থেকে ১ হাজার টাকা এবং দা, বঁটি ও ছোট ছুরি প্রকারভেদে ৫০০ টাকা কেজি দরে বা তার বেশি দামে বিক্রি হচ্ছে।

ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কামারশালার ব্যস্ততা। কিন্তু আগুনের লেলিহান শিখার পাশে দাঁড়িয়ে জীবন গড়া এই মানুষগুলোর চোখে এখন আনন্দের চেয়ে অনিশ্চয়তাই বেশি। তবু পরিবারের মুখে হাসি ফোটাতে আগুনের উত্তাপ আর হাতুড়ির আঘাত সহ্য করেই প্রতিদিন লড়ে যাচ্ছেন সিরাজগঞ্জের এসব কর্মকার।

আলোকিত প্রতিদিন / ১৫ মে ২০২৬ /মওম

মাভাবিপ্রবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড.এবিএম শহিদুল ইসলাম

সাইফুল ইসলাম সবুজ:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
‎১৪ মে ‎বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
‎‎প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
‎ড. শহিদুল ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের শিক্ষকতা, প্রশাসনিক অভিজ্ঞতা ও একাডেমিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।
‎‎প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর নির্ধারণ করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
‎এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
‎নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝেও আশাবাদ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন, নতুন প্রশাসনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ সম্প্রসারণ, সেশনজট নিরসন, আবাসন সংকট সমাধান এবং ক্যাম্পাসের সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীবান্ধব প্রশাসন ও স্বচ্ছ একাডেমিক পরিবেশ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে বলে আশা করছেন তারা।

আলোকিত প্রতিদিন / ১৪ মে ২০২৬ /মওম

বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু রবিবার থেকে

ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখী মানুষের জন্য আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ উপলক্ষ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ মে থেকে।

বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা-২০২৬ এ ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী ভাড়ায় বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরেও বলা হয়, যাত্রীদের নিরাপদ যাতায়াতের সুবিধার্থে আগামী ১৭ মে থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ২৩ মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে।

আলোকিত প্রতিদিন / ১৪ মে ২০২৬ /মওম

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক:

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। একই সঙ্গে নারী বিভাগে মাসসেরার পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট।

পুরুষ বিভাগে নাহিদ পেছনে ফেলেছেন জাতিন্দর সিং ও অজয় কুমারকে। অন্যদিকে নারী বিভাগে উলভার্টের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমেশা দুলানি এবং লরা কার্ডোসো।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন নাহিদ রানা। তিন ম্যাচে তিনি নেন ৮ উইকেট, যেখানে তার ইকোনমি ছিল ৪.৪৬।

বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন এই ডানহাতি পেসার। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচেও তিনি শিকার করেন আরও দুই উইকেট।

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো খেলে আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়া তার জন্য দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন অর্জন সিরিজটিকে আরও স্মরণীয় করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া সতীর্থদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও দলের হয়ে আরও সাফল্য এনে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ রানা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, জরুরি সেবার অফিস খোলা থাকবে

বিশেষ প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত সব অফিস বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা রাখা হবে।

এছাড়া বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগসহ জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা ছুটির আওতায় থাকবেন না।

হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি প্রয়োজনে পরিচালিত বিভিন্ন অফিস ও সেবামূলক কার্যক্রমও চালু থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

এদিকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

স্থানীয় সরকার নির্বাচনের বিধি সংশোধনে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ

আলোকিত প্রতিবেদক:

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন বিধির তুলনামূলক চিত্র প্রস্তুতের নির্দেশ দিয়েছেন আইন ও বিধি সংশোধন সংস্কার কমিটির প্রধান এবং জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বুধবার (১৩ মে) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। পরে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার জানান, বর্তমানে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিধিমালায় কী রয়েছে এবং সরকার আইনে কী ধরনের পরিবর্তন এনেছে—সেসব বিষয় স্পষ্টভাবে বোঝার জন্য তুলনামূলক চিত্র তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সমন্বিত ও সামঞ্জস্যপূর্ণ বিধিমালা প্রণয়ন সহজ হবে বলে মনে করছে কমিশন।

তিনি আরও বলেন, আইন ও বিধির মধ্যে যেসব অসংগতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দূর করার পাশাপাশি সরকারের আনা পরিবর্তনগুলোও গভীরভাবে পর্যালোচনা করা হবে।

এর আগে মঙ্গলবার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিধিমালায় পরিবর্তন আনার চিন্তা করছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে নির্বাচনে জামানতের পরিমাণ বৃদ্ধি, পোস্টারভিত্তিক প্রচারণা বন্ধ এবং ইভিএম পদ্ধতি বাতিলের মতো বিষয়।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৪ হাজার ১০০ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশাল এ নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশোধিত আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত বিধিমালা সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

আইজিপি পদক পেলেন নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার

শহীদুল ইসলাম রুবেল:

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আল মামুন সরকার “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ ২০২৫” তথা আইজিপি পদকে ভূষিত হয়েছেন।পুলিশের দায়িত্ব পালনে দৃষ্টান্তমূলক অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে তার হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন।এতে বলা হয়,নেত্রকোনা মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসেবামূলক কার্যক্রম এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ওসি মোঃ আল মামুন সরকার কে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ ২০২৫” প্রদান করা হয়েছে।এ সম্মাননা পাওয়ায় নেত্রকোনা মডেল থানার পুলিশ সদস্যদের মাঝেও উৎসাহ ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি ওসি মোঃ আল মামুন সরকার কে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার জানান, আইজিপি পদকে ভূষিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই সম্মাননা শুধু আমার একার নয়,নেত্রকোনা মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।

আলোকিত প্রতিদিন / ১৪ মে ২০২৬ /মওম

একটা লোকও আমার দিকে ফিরে তাকাচ্ছিল না : রজনীকান্ত

বিনোদন ডেস্ক:

দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। পর্দার ক্যারিশমা আর স্টাইল দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ে লাখো দর্শক। অথচ সেই মহাতারকা রজনীকান্তকেই নাকি দেখেও দেখছিল না কেউ! রজনী নিজেই জানিয়েছেন তার সেই অবাক করা অভিজ্ঞতার কথা।

সম্প্রতি আধ্যাত্মিক ধর্মগুরু রবিশঙ্করের ‘আর্ট অফ লিভিং’ ফাউন্ডেশনের ৪৫ বছর পূর্তি উপলক্ষে বেঙ্গালুরুতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রজনীকান্ত। সেখানেই নিজের জীবনের এই অন্যরকম অভিজ্ঞতার গল্প শোনান তিনি।

রজনী বলেন, আশ্রমে গিয়ে তিনি ভেবেছিলেন চিরাচরিত অভ্যাসবশত সেখানেও মানুষ তাকে ঘিরে ধরবে। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। তার কথায়, ‘আমি ভেবেছিলাম অন্য সব জায়গার মতো এখানেও মানুষ আমাকে এক পলক দেখার জন্য উদগ্রীব হয়ে থাকবে। সেখানে তামিলনাড়ুরও অনেক মানুষ ছিলেন।‘

‘শত শত মানুষের সমাগম, কিন্তু বিশ্বাস করুন একটা লোকও আমার দিকে ফিরে তাকাচ্ছিল না! সেই মুহূর্তেই আমি বুঝেছিলাম আধ্যাত্মিকতার শক্তি আসলে কতটা গভীর। ওখানেই আমি টের পেয়েছি সত্যিকারের স্টারডম কাকে বলে।’

তিনি জানান, সবুজ প্রকৃতি, সরোবর আর প্রাণীদের মাঝে কাটানো সেই সময়টা ছিল তার জীবনের সেরা প্রাপ্তি। মজার ছলে রজনীকান্ত বলেন, ‘ওখানে অনেক হাতি, ঘোড়া আর গরু ছিল। এমনকি একটি ঘোড়ার নামও ছিল রজনী।’

এক সময় কুলি বা বাসের কন্ডাক্টর হিসেবে জীবন শুরু করা এই মানুষটি আজ ৪০০ কোটি টাকার সম্পত্তির মালিক। বিমানের ইকোনমি ক্লাসে ভ্রমণ করে কিংবা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তিনি তার বিনয় আর ‘ডাউন টু আর্থ’ স্বভাবের পরিচয় দিয়েছেন।

আলোকিত প্রতিদিন / ১৪ মে ২০২৬ /মওম

হরমুজের কাছে জাহাজ জব্দ, ইরানের জলসীমার দিকে নেওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালির কাছাকাছি সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। জাহাজটি ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম এজেন্সি।

বৃহস্পতিবার (১৪ মে) সংস্থাটি জানায়, আমিরাতের ফুজাইরাহ উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নোঙর করা অবস্থায় থাকা জাহাজটি দখলে নেওয়া হয়। এরপর সেটিকে ইরানের জলসীমার দিকে সরিয়ে নেওয়া হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে উত্তেজনা বেড়েছে। সর্বশেষ যুদ্ধবিরতির পরও এ অঞ্চলে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। বর্তমানে ইরান হরমুজ প্রণালিতে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে।

বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ একসময় হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করত। ফলে এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে গত রোববার দক্ষিণ কোরিয়া দাবি করে, হরমুজে তাদের একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়েছে। পরে কাতার জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের জলসীমার দিকে যাওয়ার সময় জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয়।

দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল শক্তি প্রয়োগের মাধ্যমে জাহাজ চলাচল নিশ্চিত করা। তবে সৌদি আরব ও বাহরাইন নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয় যুক্তরাষ্ট্রকে।

যদিও ট্রাম্প সে সময় দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে।

সূত্র: এএফপি

আলোকিত প্রতিদিন / এম আর এম