আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 31

গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি,গোপালগঞ্জ:

গোপালগঞ্জে নবগঠিত “গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন”-এর পরিচিতি সভা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  ১৪ মে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাব গোপালগঞ্জের হল রুমে অনুষ্ঠিত এ সভার মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে শৈলেন্দ্রনাথ মজুমদারকে সভাপতি এবং পলাশ শিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
পরিচিতি সভায় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব শরিফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন এবং গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন আরিফুল হক আরিফ, জয়ন্ত শের আলী, শরিফুল ইসলাম এবং শৈলেন্দ্রনাথ মজুমদার। বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সাংবাদিকতার চর্চা আরও জোরদার করা জরুরি। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠায় গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, অপসাংবাদিকতা ও গুজবের বিরুদ্ধে সোচ্চার থেকে সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে সংগঠনটি।
সভায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / ১৪ মে ২০২৬ /মওম

 

ঈদুল আজহা উপলক্ষে সাভারের খামারে প্রস্তুত ১৫ হাজার কোরবানি পশু

শহিদুল্লাহ সরকার:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সাভারের ১২৩৯টি খামারের খামারিরা| গো-খাদ্যের দাম বৃদ্ধি এবং লোডশেডিং এর বিড়ম্বনার মাঝেও স্বাস্থ্য সম্মত ও গুণগত মান সম্পন্ন প্রাকৃতিক খাবার খাইয়ে গরু, মহিষ, ছাগল এবং দুম্বা প্রস্তুত করছেন তারা।
এদিকে পছন্দের পশু খুঁজে নিতে ইতিমধ্যেই ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে খামারগুলোতে। এবার ৯৩ ‘হাজার ৪৬৫ টি কোরবানি পশুর চাহিদার বিপরীতে সাভারের ১২৩৯ টি খামারে ১৫’হাজার ১৮৭টি পশু কোরবানির জন্য খামারিয়া প্রস্তুত করলেও দিনদিন বাড়ছে সে সংখ্যা। তবে সবদিকে নজর রাখা হচ্ছে জানিয়েছেন উপজেলা প্রাণি সম্পদ অফিস। ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশু পালন এবং মোটাতাজা করণে ব্যস্ত সময় পার করছেন সাভারের পূর্বহাটির লালন ডেইরি ফার্ম এবং সাভার এগ্রো সহ উপজেলার ১২৩৯ টি খামারের খামারিরা। প্রান্তিক অঞ্চল থেকে এসব পশু গুলোকে এনে লালন-পালন ও মোটাতাজা করণ করছেন তারা। দিনের বিভিন্ন সময়ে এভাবেই সম্পূন্ন প্রাকৃতিক খাবার- তাজা ঘাস, ভুট্টা, ভূষি, মিশ্রিত করে আবার জাউ ভাত, মাড় ইত্যাদি খাওয়াচ্ছেন।

আলোকিত প্রতিদিন / ১৪ মে ২০২৬ /মওম

 

নাগরপুরে ই*য়াবাসহ দুই মা*দক কারবারি গ্রে*ফতার

প্রতিনিধি,নাগরপুর (টাঙ্গাইল):

টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। ১৪ মে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে উপজেলার রাথুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাথুরা এলাকার বিশু মার্কেট সংলগ্ন সালামের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আরশেদ আলীর ছেলে রবিউল ইসলাম রাজিব (২৬) এবং মৃত শ্যামল কৃষ্ণ সাহার ছেলে রবিন্দ্র সাহা (৪০)। এর মধ্যে রাজিবের কাছ থেকে ৯ পিস এবং রবিন্দ্র সাহার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নাগরপুর থানার এসআই (নিঃ) রাকিব কায়নার শুভ। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই আবু তাহের, এএসআই আতিকুর রহমান এবং কনস্টেবল রিয়াজ উদ্দীন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে রাথুরাসহ আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে আসছিল।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন মুঠোফোনে বলেন,“মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত প্রতিদিন / ১৪ মে ২০২৬ /মওম

চোখ ভেদ করে মাথায় গুলি, মৃত্যুর কাছে হার মানল শিশু রেশমী

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রউফাবাদ কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে আহত পঞ্চম শ্রেণির ছাত্রী রেশমী আক্তার (১১) অবশেষে মারা গেছে। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৭ মে রাত সাড়ে ৯টার দিকে রউফাবাদ কলোনির শহীদ মিনার গলিতে গোলাগুলির সময় ছুটে আসা একটি গুলি রেশমীর বাঁ চোখে লাগে। পরে সেটি মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ শয্যা খালি না থাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে চমেকে আইসিইউ শয্যা পাওয়া গেলে সেখানে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানান, গুলিটি রেশমীর চোখ ভেদ করে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে আটকে যায়। সংকটাপন্ন অবস্থার কারণে অস্ত্রোপচার সম্ভব হয়নি। পুরো সময় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, রিয়াজ-সাবেরা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে রেশমী ছিল সবার ছোট। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সদস্যদের ভাষ্য, রেশমী ছিল শান্ত ও ঘরকুনো স্বভাবের। পড়াশোনার বাইরে খুব কমই বাইরে যেত।

ঘটনার দিন মা তাকে ২০ টাকা দিয়ে পান আনতে পাঠিয়েছিলেন। কিন্তু পথে গোলাগুলির মধ্যে পড়ে আর দোকান পর্যন্ত পৌঁছাতে পারেনি সে।

স্থানীয়রা জানান, ওই রাতে এলাকায় কয়েক মিনিট ধরে এলোপাতাড়ি গুলিবর্ষণ চলে। আতঙ্কে মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেলেও রেশমী নিজেকে রক্ষা করতে পারেনি। একই ঘটনায় রাজু নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানিয়েছে, গত ২৬ এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনার জেরে এই সংঘর্ষের সূত্রপাত। নিহত নাসিরের মেয়ে লাভলী আক্তার হাসান রাজুর বিরুদ্ধে অভিযোগ করেন। পরে প্রতিশোধ নিতে কয়েকজন সন্ত্রাসী নগরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলিতেই আহত হয় শিশু রেশমী।

আলোকিত প্রতিদিন / এম আর এম

প্রতিদ্ব*ন্দ্বী না হয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মিত্র হওয়া উচিত: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র এবং চীন প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে মিত্র হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ১৪ মে বৃহস্পতিবার সকালে বেইজিংয়ে ট্রাম্পকে স্বাগত জানান শি। এরপর দুজন বৈঠকে বসেন।

ওই সময় শি জিনপিং ট্রাম্পকে বলেন, “এ বছর যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। আমি আপনাকে এবং মার্কিনিদের অভিনন্দন জানাই। আমার দৃঢ় বিশ্বাস, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব পার্থক্য আছে, তার চেয়ে আমাদের একসাথে কাজ করার স্বার্থগুলোই বেশি বড়।”

তিনি আরও বলেন, “সহযোগিতা উভয় দেশকে লাভবান করবে। অপরদিকে দ্বন্দ্ব উভয়ের ক্ষতি করে। দুই দেশের প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে মিত্র হওয়া, একসঙ্গে সফল হওয়া এবং একই সাফল্যের দিকে ছুটে চলা উচিত। আর এ যুগে বৃহৎ শক্তিগুলোর মধ্যে সম্পর্ক কীরকম হওয়া উচিত সেটির একটি রূপরেখা আমরা তৈরি করতে পারি।”

জবাবে ট্রাম্প শি জিনপিংকে বলেন, “আপনি একজন মহান নেতা। আপনাকে আমার মহান বলাটা অনেকে পছন্দ করেন না। কারণ আমি এটি বলি। কারণ এটি সত্য।”

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এটিকে ‘যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু’ হিসেবে অভিহিত করেছেন।

চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে ট্রাম্পকে প্রেসিডেন্ট শি বলেছেন, “যদি তাইওয়ান ইস্যু ভালোভাবে সামলানো হয় তাহলে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে। কিন্তু যদি এটি যথাযথভাবে সামলানো না হয় তাহলে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব এমনকি সংঘাতও হতে পারে। এটি পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলতে পারে।”

এছাড়া তাইওয়ান যে স্বাধীন দেশ হতে চায় সেটি তাইওয়ান প্রণালির স্থিতিশীলতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন শি। আর তাইওয়ান প্রণালির স্থিতিশীলতা যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্কের জন্য সবচেয়ে বড় ক্ষেত্র বলে জানান চীনা প্রেসিডেন্ট।

সূত্র: এপি

আলোকিত প্রতিদিন / ১৪ মে ২০২৬ /মওম

যুক্তরাষ্ট্র-ইস*রায়েলের বড় হা*মলার আশঙ্কা, সতর্ক করলেন ইরানি আইনপ্রণেতা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানি আইনপ্রণেতা কামরান ঘাজানফারি। তার দাবি, সম্ভাব্য অভিযানের অংশ হিসেবে ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি দ্বীপ দখলের পরিকল্পনাও থাকতে পারে।

বুধবার (১৩ মে) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে ঘাজানফারি বলেন, বিভিন্ন তথ্য-প্রমাণ ও পরিস্থিতির ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে। তিনি অভিযোগ করেন, ইরানের দক্ষিণাঞ্চলের কাছাকাছি এলাকায় বিপুলসংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর প্রায় ৪০ দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘাত চলে। ওই সময়ে ইরানও পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা ৮ এপ্রিল থেকে কার্যকর হয়। যদিও যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। বর্তমানে সেই যুদ্ধবিরতি বহাল রয়েছে।

যুদ্ধবিরতির সময় দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা এখনও কাটেনি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

আলোকিত প্রতিদিন / এম আর এম

জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিকদলের কক্সবাজার শাখার সভাপতি মফিজ,সাঃ সম্পাদক মহসিন

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক এবং কর্মচারী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কক্সবাজার শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কক্সবাজার রেল স্টেশনের হেড বুকিং এসিস্ট্যান্ট (HBA) মফিজুল আলমকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাইমিনুল ইসলাম মহসিনকে মনোনীত করা হয়।
১৩ মে বুধবার জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কক্সবাজার শাখার ২০২৬ সালের সম্মেলন কক্সবাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শাখা সভাপতি মফিজুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান, ইফতেখার উদ্দিন মেহেদী এবং মুজিবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিদ্যুৎ শাখার সভাপতি মাকসুদুর রহমান বাবু, ষোলশহর শাখার সম্পাদক মোঃ মনছুর আলম, ডিজেল সপ শাখার সভাপতি রুবেল হোসেন, সম্পাদক সাদ্দাম হোসেনসহ কাজী মো: সালাউদ্দিন, সরোয়ার কামাল, মোহাইমিনুল ইসলাম মহসিন প্রমুখ।

সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মফিজুল আলমকে সভাপতি, সরোয়ার কামালকে কার্যকরী সভাপতি এবং মোহাইমিনুল ইসলাম মহসিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

নতুন কমিটি গঠনের মাধ্যমে কক্সবাজার শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন / ১৪ মে ২০২৬ /মওম

বাঘায় জমি বিরোধে মান#ববন্ধন, ন্যায়বিচার চাইলেন ভুক্তভোগী*রা!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বুধবার (১৩ মে) দুপুরে গ্রামের সড়কের পাশে আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনের ব্যানারে উল্লেখ করা হয়, হরিরামপুর গ্রামের মৃত চাহার উদ্দীনের ছেলে মো. আলমের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বাহার আলী ও তার লোকজন। এ ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আলাম উদ্দীনসহ অপর ওয়ারিশরা জানান, প্রায় ৫০ শতাংশ জমির মূল মালিক ছিলেন মৃত জহুর মোল্লা। তার মৃত্যুর পর ওয়ারিশদের মধ্যে জমি ভাগ হয়। পরে জায়দা ও দুখিনির অংশ আমজাদ আলী সরকার ক্রয় করেন। তবে জীবিত অবস্থায় আমজাদ আলী পারিবারিক সমঝোতার মাধ্যমে কেনা দাগের পরিবর্তে পাশের অন্য দাগে জমি ভোগদখল করে আসছিলেন। সেই অনুযায়ী ইমান আলী ও চাহার আলীর ওয়ারিশরাও দীর্ঘদিন ধরে জমি ব্যবহার করে আসছেন।

তাদের অভিযোগ, দুই বছর আগে আমজাদ আলীর ছেলে বাবর আলী পূর্বের সমঝোতা অমান্য করে জমি দখলের চেষ্টা শুরু করেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও সম্প্রতি নতুন সিদ্ধান্তে বিরোধ আরও তীব্র হয়েছে। তারা বলেন, “স্কয়ার ফিট হিসেবে জমি দখল করতে গেলে আমাদের বসতবাড়ি ভাঙার আশঙ্কা রয়েছে।”

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান দাবি করেন। তারা সতর্ক করে বলেন, সুষ্ঠু সমাধান না হলে ক্ষতিগ্রস্ত পরিবার আরও কঠোর কর্মসূচিতে যেতে পারে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

গ্রামের প্রবীণ আকরাম খলিফা, আব্দুর রহমান ও আনিসুর রহমান বলেন, বহু বছর ধরেই ইমান আলী ও চাহার আলীর ওয়ারিশরা জমি ভোগদখল করে আসছেন। নতুন করে দখল নিতে গেলে কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে প্রতিপক্ষ বাবর আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/এপি

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ মুক্তি থামালেন জেবা জান্নাত

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর স্থগিত হয়ে গেল অভিনেতা এবং নির্মাতা হাসান জাহাঙ্গীরের চলচ্চিত্র ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ। আগামী ১৫ মে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে এ সিদ্ধান্তে ছবিটির মুক্তি কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা গেছে, জেবা জান্নাতের অভিযোগের পরই বিষয়টি নতুন করে পর্যালোচনায় নেয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ১৩মে বুধবার বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ছবিটি প্রাথমিকভাবে সেন্সর ছাড়পত্র পেলেও তখন কোনো আপত্তি বা অভিযোগ ছিল না। পরে প্রজেক্টে যুক্ত জেবা জান্নাত লিখিতভাবে অভিযোগ করেন যে, কাজ শুরুর সময় তাকে জানানো হয়েছিল এটি একটি নাটক বা টেলিফিল্ম। কিন্তু পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়, যা তার সঙ্গে করা চুক্তির পরিপন্থি বলে তিনি দাবি করেন। সেই ভিত্তিতেই সেন্সর সনদ বাতিল করা হয়েছে।

এদিকে একই প্রজেক্টে যুক্ত অভিনেত্রী মৌসুমীও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ শিরোনামের এই কাজে তিনি যুক্ত হন।

একটি অডিও বার্তায় মৌসুমী জানান, গল্পটি ছিল যুক্তরাষ্ট্রে এক তরুণীর সংগ্রামের ওপর ভিত্তি করে তৈরি একটি স্বল্পদৈর্ঘ্য নাটকের মতো প্রজেক্ট। শুরুতে এটি ঘণ্টাব্যাপী নাটক হিসেবে পরিকল্পনা করা হলেও পরে শুটিং তিন দিনে শেষ হয়। পরবর্তীতে নির্মাতা জানান, এটি টেলিফিল্ম হিসেবে প্রচার করা হবে—এমন সিদ্ধান্তে তিনি সম্মতি দেন। তবে সম্প্রতি সিনেমা হিসেবে মুক্তির খবর শুনে তিনি বিস্মিত হন বলে জানান।

অন্যদিকে জেবা জান্নাতের অভিযোগ, তাকে নাটকের কথা বলে যুক্ত করা হলেও পরে সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানার পর তিনি লিখিত অভিযোগ করেন।

সব মিলিয়ে, দুই অভিনয়শিল্পীর অভিযোগ এবং পরবর্তী সিদ্ধান্তের পর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর মুক্তি এখন অনিশ্চয়তায়।

আলোকিত প্রতিদিন / ১৩ মে ২০২৬ /মওম

মানিকগঞ্জে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মো: মহিদ:

“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা ও পারস্পরিক সমন্বয়ের গুরুত্বও তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল বাতেন, জেলা তথ্য অফিসার মো. নূর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীরাও ব্রিফিংয়ে অংশ নেন।
ব্রিফিং শেষে জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আলোকিত প্রতিদিন / ১৩ মে ২০২৬ /মওম