আজ বৃহস্পতিবার, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

আরো খবর

ক্রীড়া প্রতিবেদক:

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। একই সঙ্গে নারী বিভাগে মাসসেরার পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট।

পুরুষ বিভাগে নাহিদ পেছনে ফেলেছেন জাতিন্দর সিং ও অজয় কুমারকে। অন্যদিকে নারী বিভাগে উলভার্টের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমেশা দুলানি এবং লরা কার্ডোসো।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন নাহিদ রানা। তিন ম্যাচে তিনি নেন ৮ উইকেট, যেখানে তার ইকোনমি ছিল ৪.৪৬।

বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন এই ডানহাতি পেসার। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচেও তিনি শিকার করেন আরও দুই উইকেট।

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো খেলে আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়া তার জন্য দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন অর্জন সিরিজটিকে আরও স্মরণীয় করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া সতীর্থদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও দলের হয়ে আরও সাফল্য এনে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ রানা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -