ক্রীড়া ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। জয়ের পর একদিন বিশ্রাম শেষেই শেষ টেস্টের ভেন্যুতে পৌঁছেছে টাইগাররা। তবে ৬ ঘণ্টার রাস্তা পৌঁছাতে লাগলো ১৪ ঘণ্টা। মূলত ফ্লাইট বিলম্বে ভোগান্তিতে পড়েন ক্রিকেটাররা।
স্থানীয় সময় আজ ভোর ৫টার ফ্লাইটে ডারউইন থেকে ম্যাকাই উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে পৌঁছেছেন ক্রিকেটাররা। বিমানবন্দর ছাড়ার সময় ক্রিকেটারদের চোখেমুখে ক্লান্তির ছাপ দেখা গিয়েছে। দলের সকল সদস্যই ছিলেন একই ফ্লাইটে।
এদিকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২২ আগস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্টের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। এ ছাড়া ম্যাচের দ্বিতীয় দিনও প্রায় দর্শকে পরিপূর্ণ হয়ে যাবে।
ম্যাকাই হচ্ছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। এই প্রথমবার এখানে কোনো আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২২ আগস্ট থেকে শুরু হওয়া টেস্টটি চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এই টেস্ট ম্যাচের প্রতিটি দিনের খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। বাংলাদেশ সময় অনুযায়ী এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
আলোকিত প্রতিদিন /১৮ আগস্ট ২০২৬/মওম

