আজ মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 59

শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

বিশেষ প্রতিনিধি :

দীর্ঘদিনের প্রচলিত সুবিধা বাতিল করে জাতীয় সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত একটি সংশোধনী বিল রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ সংসদে উত্থাপন করেন। পরে তা দ্রুত পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

নতুন এই আইনের ফলে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আদেশের আর্টিকেল ৩-সি বাতিল হয়েছে, যার মাধ্যমে এতদিন সংসদ সদস্যরা শুল্ক ছাড়ে গাড়ি আমদানির সুবিধা পেতেন।

বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি এটি সাধারণ করদাতাদের সঙ্গে বৈষম্য তৈরি করে। রাষ্ট্রীয় ব্যয় কমানো, স্বচ্ছতা বৃদ্ধি এবং সমতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ধরনের বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করা প্রয়োজন ছিল।

বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুল্কমুক্ত গাড়ির মতো সুবিধা বিশ্বের অন্য কোথাও প্রায় দেখা যায় না। তিনি বিষয়টি রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গেও সম্পর্কিত বলে উল্লেখ করেন।

জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারি বিল সংসদ নেতার দৃষ্টিভঙ্গির ভিত্তিতে প্রণয়ন করা হলেও, প্রয়োজন হলে বিরোধীদলীয় নেতার ভূমিকার প্রতিও সম্মান দেখাতে আপত্তি নেই।

কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলটি দফাভিত্তিক আলোচনার পর দ্রুত কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘদিনের একটি উল্লেখযোগ্য আর্থিক সুবিধার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

আলোকিত প্রতিদিন / এম আর এম

পুলিশের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি :

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারে করা এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশি টহল কমে যাওয়ার পেছনে জ্বালানি সংকট ও রেশনিংয়ের বিষয়টি উত্থাপিত হলে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, সংসদ সদস্যের উদ্বেগ সরকার গুরুত্বসহকারে বিবেচনা করেছে। পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাদানকারী সব বাহিনীর ওপর আরোপিত জ্বালানি সংক্রান্ত নিষেধাজ্ঞা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। দুই দিন আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের তা জানানো হয়েছে। ফলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি রেশনিংয়ের কারণে রাতে পুলিশি টহল কমে গেছে। এতে অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

মাগুরায় বাণিজ্য মেলা উদ্বোধন করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

শামীম শরীফ:

মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য মাননীয় সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী। গত ২৫ এপ্রিল ২০২৬ শনিবার বিকাল ৫টার সময় শহরের স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাস ব্যাপী এ মেলা শুরু হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ফরিদ হাসান খানসহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শিল্প ও বাণিজ্য মেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি স্থানীয় অর্থনীতিকে গতিশীল করে এবং ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের জন্য বড় একটি প্ল্যাটফর্ম তৈরি করে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে জেলার ব্যবসা-বাণিজ্য আরও সমৃদ্ধ হবে।

উদ্বোধকের বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান বলেন, মাগুরার মানুষের জন্য এ মেলা আনন্দের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে। স্থানীয় উৎপাদিত পণ্যের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে আখতার হোসেন বলেন, মাগুরায় চিত্তবিনোদনের সুযোগ সীমিত থাকায় সাধারণ মানুষের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। নানা প্রতিকূলতার কারণে কয়েক বছর মেলা আয়োজন সম্ভব না হলেও এবার আবারও তা শুরু করা হয়েছে।

তিনি জানান, মেলায় দেশি-বিদেশি কুটির, হস্ত ও বৃহৎ শিল্পের বিভিন্ন পণ্যের স্টল বসেছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের খাবার, নাগরদোলা এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা বিনোদনের ব্যবস্থা। এতে ক্রেতারা সুলভ মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

আলোকিত প্রতিদিন /২৬ এপ্রিল ২০২৬ /মওম

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন উপলক্ষ্যে জেলা কমিটির সভা

রানা ইস্কান্দার রহমান:

গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়ের আয়োজনে ২৬ এপ্রিল ২০২৬ ইং তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ টায় নতুন কুঁড়ি স্পোর্টস ‘স্বপ্নের পথে বিজয়ের সাথে’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত সভায় গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা’র সভাপতিত্বে জেলা কমিটির সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার, গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন, গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার( ভূমি)মোহঃ জাহাঙ্গীর আলম বাবু, ক্রীড়া অফিসার আলমগীর হোসেন সহ সংশ্লিষ্ট কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে: স্বপ্নের পথে বিজয়ের সাথে” এই স্লোগান সামনে নিয়ে সারা দেশের ন্যায় ২ মে থেকে শুরু হচ্ছে নুতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কার্যক্রম। ২২ এপ্রিল বুধবার ২০২৬ ইং তারিখে বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ষ্টেডিয়ামে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা । জেলা প্রশাসক বলেন তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

কার্যক্রমটির মুল উদ্দেশ্য প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি ও তাদের জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলা। এ প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্ট থাকবে। এগুলো হলো, ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, মার্শাল আর্ট ও সাঁতার। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ২৭ এপ্রিলের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানান । গাইবান্ধা জেলার প্রত্যেক ইভেন্টে প্রত্যেক উপজেলায় থেকে ছেলেদের দল একটি করে মেয়েদের দল একটি করে সর্বমোট ১৬ দল অংশগ্রহণ করবে। ২ মে ২০২৬ ইং তারিখে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। একই সঙ্গে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হবে। এরপর জেলা পর্যায়ের খেলা শেষে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা ফুটবল খেলোয়াড় এসোসিয়েশনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লুলুসহ অন্যরা।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ সম্পর্কে কিছু মূল তথ্য লক্ষ্য :তৃণমূল পর্যায় (১২-১৪ বছর বয়সী) থেকে মেধাবী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়া আয়োজক:বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইভেন্ট:ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতার—এই ৮টি জনপ্রিয় খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পর্যায় :প্রতিযোগিতাটি উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে উদ্দেশ্য :যুবসমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে রক্ষা করা এবং তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা। এই উদ্যোগটি আশির দশকের জনপ্রিয় ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে, তবে এবার সম্পূর্ণ খেলাধুলা ভিত্তিক একটি মেগা আয়োজন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

নেত্রকোনায় ভারতীয় মদসহ আ*টক ২

শহীদুল ইসলাম রুবেল:

নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ ২ মাদক ব্যবসায়ী ভাইকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী ২ ভাই হচ্ছে, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শহিদ ইসলামের ছেলে খোকন ইসলাম (২৬) ও লোকমান হোসেন (২৪)।

নেত্রকোনা ডিবি পুলিশ (পশ্চিম) এর অফিসার ইনচার্জ (ওসি) দেবাংশু কুমার দে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (ডিবি পশ্চিম) অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে এর সার্বিক তত্ত্বাবধানে এস আই শওকত আলীর নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার দিবাগত গভীর রাতে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর নামকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ খোকন মিয়া ও লোকমান হোসেনকে আটক করে।

ডিবির এস আই শওকত আলী বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দূর্গাপুর থানায় মামলা দায়ের করার পর রবিবার আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ বিচারক আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ধামরাইয়ে নাহিদা হ*ত্যার প্র*তিবাদে মানববন্ধন, খু*নি স্বপনের ফাঁ*সির দাবি

মামুন আহমেদ জয়: 

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তার হত্যার ঘটনায় প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় জনতা। অভিযুক্ত স্বপনের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি—ফাঁসি কার্যকরের দাবি জানানো হয় কর্মসূচি থেকে।
শনিবার দুপুরে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে নাহিদা হত্যার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানান।
বক্তারা বলেন, একজন মেধাবী ও কোমলমতি শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার ঘটনা পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে খুনি স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
তারা আরও বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার না হলে সমাজে অপরাধপ্রবণতা বাড়তে পারে। তাই প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষোভকারীরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নাহিদা হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন /২৬ এপ্রিল ২০২৬ /মওম

হাম ও উপসর্গে দেশে শিশু মৃ*ত্যু ২৫০ ছাড়াল

দেড় মাসে ৪ হাজারের বেশি নিশ্চিত আক্রান্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ

নিজস্ব প্রতিবেদক:

দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং ২০৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ হাজার ৬০৭ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে হাম ও উপসর্গে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ শিশু।

সবশেষ ২৪ ঘণ্টায়ও পরিস্থিতি উদ্বেগজনক রয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৭। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা প্রদান এবং সচেতনতা বৃদ্ধি না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী নির্দেশ দেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করতে হবে। তিনি বলেন, হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

সম্প্রতি মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েক শতাধিক হকার উচ্ছেদ করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য সরকার বিকল্প স্থানের ব্যবস্থা করবে। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।

যানজট নিরসনেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে অতিরিক্ত যানজট তৈরি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত পার্কিং এ সমস্যাকে আরও বাড়ায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের পরামর্শ দেন তিনি।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, রাজউকের চেয়ারম্যান, দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ বাহিনীর সব স্তরে দায়িত্বশীলতা ও জনসেবামুখী মনোভাব জোরদারের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) খুলনা বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ জনগণের সেবক—এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে। জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। থানাকে সাধারণ মানুষের জন্য আরও সহজগম্য, আস্থার জায়গা এবং জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নির্দেশনা দেন তিনি।

আইনি ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও সাইবার ট্র্যাকিংসহ সব ধরনের আইন প্রয়োগে আইনের যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে।

মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, সমাজের সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে একটি কার্যকর সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে দীর্ঘমেয়াদে অপরাধ দমনে ইতিবাচক ফল পাওয়া যাবে।

তিনি আরও বলেন, কোনো দুর্ঘটনা বা অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক তদন্ত, সঠিক রিপোর্টিং এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিয়মিত তদারকির মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।

সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। আইজিপি সেগুলো মনোযোগ দিয়ে শুনে সমাধানের আশ্বাস দেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা রেঞ্জের ডিআইজি, বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

এদিন সকালে লবণচরা এলাকায় নির্মাণাধীন নতুন থানা ভবনের কাজ পরিদর্শন করেন আইজিপি। তিনি নির্মাণকাজের অগ্রগতি ও মান যাচাই করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং পরিদর্শন শেষে সেখানে আরেকটি গাছের চারা রোপণ করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

আমরা মন্ত্রণালয়ে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ মন্ত্রী

সাইফুল ইসলাম সবুজ:

মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ পরিচালনার জন্য সমস্ত কিছুতেই কৃচ্ছ্রতা সাধন করছেন। কৃচ্ছ্রতা সাধন করতে আমাদেরও নির্দেশ দিয়েছেন। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করে বৈদ্যুতিক পাখা ব্যবহার করি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় পিজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা। বিগত দিনে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতির এমন বেহালদশা তৈরি করে গেছে। ১৮ মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন ড. মোহাম্মদ ইউনূস। তিনি সেখান থেকে সচল করতে চেষ্টা করে গেছেন। কিন্তু দেশের অর্থনীতি এমন দেউলিয়া হয়েছে, সেটা ১৮ মাসে পূরণ করা সম্ভব হয়নি। ফলে বর্তমান সরকার একেবারে শূন্য হাতে দেশ পরিচালনা শুরু করছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করার চেষ্টা করছেন। তাই বাংলাদেশের সকল জনগণের সম্মিলিত প্রচেষ্টা এবং সকলের সহযোগিতায় আমরা সফল হব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হলো, দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরে অন্তত পক্ষে আমাদের সীমিত আয় এ অনুষ্ঠানে মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকদের মাঝে সার ও বীজ, প্রাণিসম্পদ খাতে খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারিরা।

আলোকিত প্রতিদিন /২৫ এপ্রিল ২০২৬ /মওম