বিশেষ প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী নির্দেশ দেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করতে হবে। তিনি বলেন, হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
সম্প্রতি মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েক শতাধিক হকার উচ্ছেদ করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য সরকার বিকল্প স্থানের ব্যবস্থা করবে। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।
যানজট নিরসনেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে অতিরিক্ত যানজট তৈরি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত পার্কিং এ সমস্যাকে আরও বাড়ায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের পরামর্শ দেন তিনি।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, রাজউকের চেয়ারম্যান, দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

