আজ মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 57

অতিবৃষ্টিতে হাওরের পাকা ধান তলিয়ে যাচ্ছে, বিপাকে কৃষক

আলোকিত প্রতিবেদক:

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুমে উৎসবমুখর পরিবেশ থাকলেও টানা অতিবৃষ্টিতে সেই আনন্দে নেমে এসেছে ভাটা। গত তিন দিনের ভারী বর্ষণে হাওরের নিম্নাঞ্চলে পানি জমে পাকা ধানক্ষেত ডুবে যেতে শুরু করেছে।

বিশেষ করে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নে খোয়াই নদীর পানি প্রবেশ করে বিস্তীর্ণ ধানক্ষেত তলিয়ে দিয়েছে। এতে কৃষকদের স্বপ্নের সোনালি ফসল এখন পানির নিচে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অতিবৃষ্টির প্রভাব শুধু মাঠেই সীমাবদ্ধ নেই—ধান শুকানোর খলাতেও পানি জমে যাওয়ায় মাড়াই ও সংরক্ষণ প্রক্রিয়ায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।

নিকলী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়। আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিস্তীর্ণ হাওর এলাকায় নিম্নাঞ্চলের বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। অষ্টগ্রাম উপজেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। এছাড়া ইটনা, মিঠামইন, নিকলী, তাড়াইল, করিমগঞ্জ ও বাজিতপুর উপজেলাতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে যন্ত্রের মাধ্যমে ধান কাটাও ব্যাহত হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মৌসুমে কিশোরগঞ্জে ১ লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যার মধ্যে হাওরাঞ্চলে রয়েছে ১ লাখ ৪ হাজার ৫৮১ হেক্টর। মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৬৮৬ টন চাল। এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।

অষ্টগ্রামের কৃষক ফুল মিয়া জানান, “অতিবৃষ্টিতে শত শত একর জমির ধান পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক জায়গায় পানি বেড়ে যাওয়ায় মেশিন দিয়ে ধান কাটা সম্ভব হচ্ছে না। চোখের সামনে ফসল নষ্ট হচ্ছে, আমরা অসহায়।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠপর্যায়ে কাজ চলছে এবং দ্রুত একটি প্রাথমিক প্রতিবেদন পাওয়া যাবে। তিনি জানান, ইতোমধ্যে খোয়াই নদীর পানি ঢুকে কিছু এলাকায় পাকা ধানক্ষেত তলিয়ে গেছে।

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, এখনো পানি বিপৎসীমা অতিক্রম করেনি, তবে টানা বৃষ্টিতে পানি বাড়ছে। আগাম বন্যা এড়াতে আগে থেকেই কৃষকদের ৮০ শতাংশ ধান পাকলেই কাটার পরামর্শ দেওয়া হয়েছিল।

আলোকিত প্রতিদিন / এম আর এম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রোসাটম প্রধান

আলোকিত প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ।

২৮ এপ্রিল মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এ বিষয়ে পরে জানানো হবে।

আলোকিত প্রতিদিন /২৮ এপ্রিল ২০২৬ /মওম

সীমান্ত হ*ত্যা ৭৫% হ্রাস, বিজিবির সাফল্য উল্লেখযোগ্য

নিজস্ব প্রতিবেদক:

গত বছরের তুলনায় দেশের সীমান্ত এলাকায় হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি এবং প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার ফলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত দুই মাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

উপদেষ্টা জানান, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম দমনে গ্রেপ্তারের হার প্রায় ৭০০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে জব্দের পরিমাণ ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জাতীয় সম্পদ রক্ষায় বিজিবি প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল (ডিজেল, অকটেন ও পেট্রোল) পাচার প্রতিরোধ করেছে, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও আইনি প্রয়োগের কারণে মানবপাচার প্রতিরোধেও ২৫ শতাংশ উন্নতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে, দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশু টিকা পেয়েছে।

বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, ২৬ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৩৫২ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ ছিল ১২ হাজার ৪৮৭ মেগাওয়াট। ফলে ঘাটতি ছিল ১ হাজার ৮৬৫ মেগাওয়াট। ওইদিন সর্বোচ্চ তিন ঘণ্টা লোডশেডিং হয়েছে ময়মনসিংহ অঞ্চলে।

তিনি আরও জানান, ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ (ফুয়েল লোডিং) উদ্বোধন করা হবে। প্রাথমিক ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হওয়ার আশা করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ ২০২৭ সালের শেষ দিকে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানানো হয়েছে। দুটি ইউনিট চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে এবং প্রায় ২ কোটি মানুষ উপকৃত হবেন।

এছাড়া দেশে বর্তমানে ১ লাখ ৭০ হাজার ৯৬৪ টন ডিজেল মজুত রয়েছে এবং ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

বিমানবন্দরে প্রবাসী যাত্রী হ*য়রানির অ*ভিযোগ, সাংবাদিক লা*ঞ্ছিত-সিসি ক্যামেরা যাচাইয়ের দাবি

এফ এইচ মুন্না: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবাসী যাত্রীদের হয়রানি ও এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আনসার এবং পুলিশের বিরুদ্ধে। ২৭ এপ্রিল সোমবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোর থেকেই প্রবাসী যাত্রীদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ, অযথা দেরি করানো এবং অপ্রয়োজনীয় হয়রানির অভিযোগ ছিল দায়িত্বপ্রাপ্ত সদস্যদের বিরুদ্ধে। এ সময় এক সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির ভিডিও ও ছবি ধারণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, যাত্রীদের হয়রানি নিয়ে প্রশ্ন তোলার পরপরই আনসার ও পুলিশ সদস্যরা ওই সাংবাদিকের ওপর চড়াও হয়। তারা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ধারণকৃত ভিডিও ও ছবি মুছে ফেলে বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং “সরকারি কাজে বাধা” দেওয়ার অভিযোগে মামলা করার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। পরে পরিস্থিতি বেগতিক দেখে তিনি কৌশলে সেখান থেকে সরে যান।

এদিকে, প্রবাসী যাত্রীরা দীর্ঘদিন ধরেই বিমানবন্দরে হয়রানির শিকার হলেও ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না বলে অভিযোগ উঠেছে। আজকের ঘটনায় বৃষ্টির কারণে যাত্রীদের পাশাপাশি তাদের স্বজনদের উপস্থিতিও বেড়ে যায়, ফলে টার্মিনাল এলাকায় অতিরিক্ত ভিড় সৃষ্টি হয় এবং বিশৃঙ্খল পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ৩ নম্বর গেটসহ পুরো টার্মিনাল এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে। ঘটনাটি নিয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রবাসী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন /২৭ এপ্রিল ২০২৬ /মওম

 

টাঙ্গাইলে কুকুরের কা*মড়ে ৯ শিশুসহ ৫৪ জন আ*হত

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের সখীপুরে কুকুরের কামড়ে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। গত ২৪ ঘণ্টায় সখীপুর পৌর এলাকাসহ কালিয়া, গজারিয়া, বহেড়াতৈল, কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে আবদুর রশিদ নামের একজনকে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরের পর কুকুরের আক্রমণে আহত হয়ে পাঁচ-সাতজন চিকিৎসা নিতে আসেন। পরে ওই দিনই একে একে ৩১ জন কুকুরের আক্রমণের শিকার হয়ে চিকিৎসা নেন। আজ সোমবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার আরও ২৩ জন কুকুরে কামড়ানো রোগী চিকিৎসা নিয়েছেন।
এ দিকে হঠাৎ কুকুরের আক্রমণে আহত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। রোগীরা পার্শ্ববর্তী এলাকা থেকে ভ্যাকসিনের ব্যবস্থা করে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
আহত মেহেরা বেগম (৫০) বলেন, ‘আমার নাতনিকে কোলে নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটি কুকুর এসে নাতনিকে কামড় দেওয়ার চেষ্টা করলে আমি হাত দিয়ে বাধা দিই। এ সময় কুকুরটি আমার হাতেই কামড় বসিয়ে দেয়।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভীন জানান, হাসপাতালে কুকুরে কামড়ানো রোগীর পর্যাপ্ত ভ্যাকসিন বরাদ্দ নেই। জরুরি ভিত্তিতে কয়েকজনকে হাসপাতাল থেকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। অনেকে বাইরে থেকেও ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা নিয়েছেন।
এ ছাড়া বেশি ক্ষত হওয়া কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কুকুরের বিষয়ে উপজেলার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন /২৭ এপ্রিল ২০২৬ /মওম

 নিউজিল্যান্ডকে রেকর্ড গড়ে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

১৮৩ রান তাড়া করতে দুই ওপেনারের মন্থর গতির ব্যাটিংয়ে শুরুতেই ব্যাকফুটে পড়ে বাংলাদেশ। বলার মতো সুবিধা করতে পারেননি দলনেতা লিটন কুমার দাসও। অর্ধেক ইনিংস শেষে বাংলাদেশের সমর্থকদের চোখে-মুখে ছিল হতাশার ছাপ। দুটি সফল জুটিতেই কঠিন ম্যাচ সহজ করে জিতে নিল স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

এই জয়ের মাধ্যমে একটি রেকর্ড করেছে ফিল সিমন্সের শিষ্যরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি গড়েছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা। এদিকে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২১৫ করে জিতেছিল টাইগাররা।

রান তাড়া করতে নেমে কিউই বোলারদের সামনে ভুগতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ৫.৩ বলে ৪১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। বাংলাদেশের প্রথম উইকেটটি নেন নাথান স্মিথ। আর আউট হওয়ার আগে ১৬ বলে ১৭ রান করেন সাইফ। আরেক ওপেনার তানজিদ করেন ২৫ বলে ২০ রান। এদিকে ১৫ বলে ২১ রানে থামেন দলনেতা লিটন দাস।

১০.১ ওভারে ৭৭ রান তুলতে ৩ উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটেই পড়ে যায় বাংলাদেশ দল। এমতাবস্থায় চতুর্থ উইকেটে দলের ভরসা জোগায় চতুর্থ উইকেট জুটি। মাত্র ২৮ বলে ৫৬ রান তোলেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। মাত্র ১৪ বলে ২৮ রান করে আউট হয়ে সাজঘরে ফিরে যান ইমন।

শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয়ের গড়া জুটিটা ছিল দুর্দান্ত। মাত্র ১৯ বলে ৪৯   রানের অপ্রতিরোধ্য পার্টনারশিপ গড়েন হৃদয়-শামীম। তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। মাত্র ২৯ বলে খেলা তার এই ইনিংসটি দুটি চার ও তিনটি ছয়ে সাজানো। আর মাত্র ১৩ বলে তিনটি চার ও দুটি ছয়ে ৩১ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন শামীম। 

নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট পেয়েছেন ইশ সোধি। আর একটি করে উইকেট নেন নাথান স্মিথ ও জশ ক্লার্কসন।

এর আগে চট্রগ্রামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার টিম রবিনসন।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। এসময় দুজন মিলে গড়েন ৮৮ রানের জুটি। আর এই দুই কিউই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। মজার ব্যাপার আউট হওয়ার আগে দুজনই করেন ৫১ রান। ৩৭ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রান করেন ক্লার্ক। আর মাত্র ২৮ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রানে থামেন ক্লেভার।

এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর খানিকটা চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্রুত কয়েক উইকেট হারানোর পর রানের গতিও কিছুটা কমে যায়। প্রথম ১০ ওভারে ১০০ রান করা নিউজিল্যান্ড পরের ৫ ওভারে করেছেন মাত্র ৩০ রান। এর মাঝেই বেভন জ্যাকবস ১ রানে ও ড্যান ফক্সক্রফট ৩ রানে আউট হন। রানের চাকা সচল করেন অধিনায়ক নিক কেলি। কিন্তু ইনিংস শেষ করে ফিরতে পারেননি তিনি। শরিফুল ইসলামের করা বলে আউট হওয়ার আগে কিউই অধিনায়ক করেন ২৭ বলে ৩৯ রান। এছাড়া জশ ক্লার্কসন ৩০ ও নাথান স্মিথ ৪ রান করেন। নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৮২ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

আলোকিত প্রতিদিন /২৭ এপ্রিল ২০২৬ /মওম

ক্যা’ডার বাহিনী নিয়ে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে

শহিদুল্লাহ সরকার:
সাভারে সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনের ওপর সন্ত্রাসী হামলা, মারধর ও তুলে নেওয়ার চেষ্টা চালানো হয়েছে। ২৭ এপ্রিল সোমবার  দুপুরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জনের একটি দল সংঘবদ্ধভাবে এ হামলায় অংশ নেয়। তারা পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক দেওয়ান ইমনের গতিরোধ করে তাকে ঘিরে ফেলে এবং অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগী দেওয়ান ইমন জানান, জাকির হোসেনের দুর্নীতির তথ্য প্রকাশের পর থেকেই তিনি হুমকি পেয়ে আসছিলেন। আজ সেই হুমকির বাস্তব রূপ দেখানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন /২৭ এপ্রিল ২০২৬ /মওম

খালিয়াজুরী উপজেলায় ব*জ্রপাতে ৩ জনের মৃ*ত্যু 

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার(২৭এপ্রিল) সকাল ৯টার দিকে খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর ধনু নদীতে বর্শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। মৃত আব্দুল মোতালিবের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবেড় গ্রামে। এদিকে খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম খা ওরফে হালান মিয়া (৫০)  সোমবার (২৭এপ্রিল) দুপুরের দিকে বৃষ্টিপাত শুরু হলে বাড়ির সামনে থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে মারা যায়। তিনি সাতগাঁও গ্রামের নেকবর খার পুত্র। অপরদিকে (২৭এপ্রিল) সোমবার দুপুর ৩ টার দিকে খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে ধান কাটতে গিয়ে শুভ মন্ডল নামে আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শুভ মন্ডল সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার আকনাদিগীর চর গ্রামের অফিকুল মন্ডলের পুত্র। সে সিরাজগঞ্জ থেকে অন্যান্য শ্রমিকদের সাথে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধান কাটতে এসেছে।এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বজ্রপাতে নিহতদের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেকের পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
আলোকিত প্রতিদিন /২৭ এপ্রিল ২০২৬ /মওম

নেত্রকোনায় পুলিশের অ*ভিযানে ১ হাজার পিস ই*য়াবাসহ ৩ নারী আ*টক

শহীদুল ইসলাম রুবেল:

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা,মাদক বিক্রির নগদ ৪৬ হাজার টাকা,২টি ল্যাপটপ,১২টি বাটন মোবাইল,১টি স্মার্টফোন, মাদক পরিবহনে ব্যবহৃত ৩টি মোটরসাইকেলসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ।নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ হাফিজুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)স্বজল কুমার সরকার ও নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আল মামুন সরকার এর সার্বিক তত্বাবধানে এস আই মোশারফ ও তৌফিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সোমবার (২৭এপ্রিল)রাত সাড়ে ১২ টায় নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে রাজেন্দ্রপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা,
মাদক বিক্রির নগদ ৪৬ হাজার টাকা,২টি ল্যাপটপ,১২টি বাটন মোবাইল,১টি স্মার্টফোন মাদক পরিবহনে ব্যবহৃত ৩টি মোটরসাইকেলসহ একই পরিবারের ৩ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে,নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মোঃ রাসেলের স্ত্রী টুম্পা আক্তার (২৫),মোঃ বাবুল মিয়ার স্ত্রী রেজিয়া (৪০) ও আল আমিন এর স্ত্রী সোনিয়া আক্তার। আটকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আলোকিত প্রতিদিন /২৭ এপ্রিল ২০২৬ /মওম

লোহাগড়ায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত

জাহিদুল হক রনি:
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিস কর্তৃক জালনোট প্রচলন প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল শনিবার  বেলা ১০ টায়  সোনালী ব্যাংক, লোহাগড়া বাজার শাখার তত্ত্ববধানে অত্র উপজেলায় অবস্থিত সকল তফসিলি ও বিশেষায়িত ব্যাংকের অংশগ্রহনে উপজেলা পরিষদ মিলনায়তনে জালনোট প্রচোলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক, খুলনা শাখার যুগ্ম-পরিচালক মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক, নড়াইল জেলা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান, সোনালী ব্যাংক, লোহাগড়া বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মোঃ জাহিদ হাসান, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান,লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মুরাদ উজ্জামান, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা ও সিবিএ নেতা বিশ্বাস মেহেদী হাসান, জনতা ব্যাংক, লোহাগড়া শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ।
কর্মশালায় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলায় কর্মরত সকল ব্যাংক কর্মকর্তা সহ রাজনৈতিক ও সামাজিক বেক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য বেক্তিবর্গ সহ প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন,’লোহাগড়ায় জালনোটের প্রচলন প্রতিরোধে আজকের কর্মশালায় উপস্থিত সকলের সম্মিলিত ও আন্তরিক  প্রচেষ্টার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে জালনোটের  প্রচলন কমিয়ে আনতে হবে, এবিষয়ে উপজেলা প্রসাশন সবসময়ই পাশে থাকবে।’
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান বলেন, ‘জালনোটের বিস্তার রোধ করতে হবে সেক্ষত্রে কর্মশালায়  উপস্থিত সকলের সহযোগিতা কাম্য। আপনাদের আন্তরিকতা ও  সহযোগিতা ছাড়া জালনোট বৃদ্ধির প্রচলন রোধ করা সম্ভব হবে না। আমরা ও আপনারা সম্মিলিত ভাবে জালনোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জালনোটের প্রচলন রোধ করে শূন্যের কোঠায় সম্ভব বলে আমি আশাকরি।’
আলোকিত প্রতিদিন /২৭ এপ্রিল ২০২৬ /মওম