আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 178

মানিকগঞ্জে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ায় থ্রি স্টার ফিলিং স্টেশনকে জরিমানা

মো: মহিদ:

মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন এবং ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ৯ জানুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার থ্রি স্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানকালে দেখা যায়, প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অভিযোগ ছিল থ্রি স্টার ফিলিং স্টেশন পরিমাপে কম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ অভিযানে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন/০৯ জানুয়ারি ২০২৬/মওম

ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে হামলার জবাব দিতে ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ড্রোন হামলার জবাব দিতে ইউক্রেনে গতকাল রাতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।”

“ইউক্রেনের সামরিক বাহিনীর ড্রোন নির্মাণ কারখানা ও দেশটির মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে লক্ষ্য করে পরিচালিত এই হামলা সফল হয়েছে। ওরেশনিক নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আমরা আগেও বলেছি, আবারও বলছি— ইউক্রেনের দুর্বৃত্ত সরকারের প্রতিটি সন্ত্রাসী পদক্ষেপের যোগ্য জবাব দেওয়া হবে।”

গত ২৯ ডিসেম্বর রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে প্রেসিডেন্ট পুতিনের একটি সরকারি বাসভবনকে লক্ষ্য করে রাতভর ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনের সেনাবাহিনী। তবে মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ড্রোনকে আটকে ফেলতে পেরেছিল রুশ সেনাবাহিনী।

লভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভোয় এক বিবৃতিতে জানিয়েছেন, তার শহরে ‘একটি জটিল অবকাঠামো’ আঘাত হেনেছে। ‘ওরেশনিক’ একটি রুশ শব্দ, যার অর্থ ‘হ্যাজেল গাছ’। হ্যাজেল একটি মাঝারি আকারের ঝোপালো গাছ, যার ডালপালা-পাতা গুচ্ছ হয়ে ছড়িয়ে থাকে। রাশিয়ার আলোচিত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি দেখতে অনেকটা হ্যাজেল গাছের কাণ্ডের মতো। গাছটির অবয়বের সঙ্গে এই ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের সাদৃশ্য রয়েছে।

মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক সর্বোচ্চ ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি কোনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয়। তবে এর সবচেয়ে শক্তিশালী দিক হলো গতি। ওরেশনিক ক্ষেপণাস্ত্র বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র। শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩১ দশমিক ২৩ মিটার। ওরেশনিকের গতি শব্দের চেয়ে ১১ গুণ বেশি। বিশ্বে বর্তমানে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, যা ওরেশনিককে আটকাতে পারে।

তাছাড়া এটি সাধারণ বিস্ফোরকের পাশাপাশি পারমানবিক বিস্ফোরকও বহন করতে সক্ষম। অর্থাৎ পারমানবিক বিস্ফোরক সংযোজনের মাধ্যমে ওরেশনিকক সহজেই পরমাণু ক্ষেপণাস্ত্রতে রূপান্তর করা যায়।

ইউক্রেনে এই নিয়ে দ্বিতীয়বার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রুশ বাহিনী। প্রথমবার ছোড়া হয়েছিল ২০২৪ সালের ২২ নভেম্বর।

সূত্র : রয়টার্স

আলোকিত প্রতিদিন/০৯ জানুয়ারি ২০২৬/মওম

কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৬ একর বনভূমি উদ্ধার 

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন কস্তুরাঘাট বিটের ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে ৬ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে।
৮ জানুয়ারি বৃহস্পতিবার কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হকের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কস্তুরাঘাট বিটে অভিযান চালিয়ে ঝাউ বাগান এলাকায় অবৈধভাবে ভাবে জবরদখলকৃত বালুচর এলাকা উচ্ছেদ  করে জবরদখল মুক্ত করা হয়। এসময় ৬ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়।
তিনি আরো বলেন,  সংরক্ষিত বনভূমি অথবা বালুচর জবরদখলের কোন সুযোগ নেই। বনবিভাগ সব সময় সজাগ ও সতর্ক রয়েছে। সরকারি স্বার্থে প্রাত্যহিক এ  উচ্ছেদ অভিযান  অব্যাহত থাকবে।
অভিযানে কক্সবাজার রেঞ্জের বিট কর্মকর্তা বিকাশ দাশ, বিট কর্মকর্তা মোঃ কামরুজ্জামান শোভন, ফশিউল আলম শুভ ও ক্যাচিংউ মারমা সহ সহকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/০৯ জানুয়ারি ২০২৬/মওম

আন্তর্জাতিক বাণিজ্য মেলা: খন্ডকালীন চাকরিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন

রিপন পাল :

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরে প্যাভিলিয়নসহ ৩২৭টি স্টলে খন্ডকালীন চাকরিতে শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে। মেলার স্টল ও প্যাভিলিয়নের অধিকাংশ বিক্রয় প্রতিনিধি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিবছরই মাসব্যাপী বাণিজ্য মেলায় খন্ডকালীন চাকরিতে তারা কাজ করেন। এতে আয় তো হয়ই, পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনেন তারা।
৯ জানুয়ারি শুক্রবার তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেও মেলায় আসেন দর্শনার্থীরা। সরেজমিনে দেখা গেছে, মেলার কিছু স্টলের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। তবে মেলা শুরুর পর শীত উপেক্ষা করে শুক্রবার সকাল থেকেই দর্শনার্থীরা মেলায় আসতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে প্রচুর দর্শনার্থীরা মেলায় প্রবেশ করে। দুপুরের পর মেলা ছিল ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে গৃহস্থালি, প্রসাধনী ও আসবাবপত্র ও শিশুপার্কে পার্কে। বিভিন্ন রাইডের টিকিটের মূল্য ৫০টাকা থেকে ১২০ টাকা মধ্যে।
ব্যবসায়ীরা জানান, সাধারণত জানুয়ারি মাসে শিক্ষার্থীদের তেমন লেখাপড়ার চাপ থাকে না। সে জন্য প্রতিবছরই বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে তারা এক মাসের জন্য কাজ নেন। এর মধ্য দিয়ে অর্থ উপার্জনের পাশাপাশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ড ও স্টলে কাজের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন শিক্ষার্থীরা। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনেন শিক্ষার্থীরা।
এবারের মেলায় চার হাজারের অধিক শিক্ষার্থী খন্ডকালীন কাজ করছেন। পূর্বাচলে মেলা শুরু হওয়ার পর থেকেই এক মাস ঘিরে রূপগঞ্জ ও তার আশপাশের এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। মেলার আশপাশে গড়ে উঠেছে অসংখ্য রেস্তোরাঁসহ বিভিন্ন দোকানপাট। মেলায় মাস জুড়ে স্থানীয় ব্যবসায়ীদের আয়ও বেশি হয়।
হোমটেক্সের বিক্রয় প্রতিনিধি ও তিতুমীর কলেজের শিক্ষার্থী জান্নত আরা বলেন, আমি (রাজধানীর) মালিবাগ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করি। ওখানকার স্থানীয় একটি কলেজে লেখাপড়া করছি। বাণিজ্য মেলা হলেই মনের মধ্যে অন্যরকম এক আনন্দ বিরাজ করে। আমি এ নিয়ে দ্বিতীয়বার মেলায় চাকরি করছি। মেলার পরিবেশও আমার অনেক ভালো লাগে। আমার ইচ্ছে ভবিষ্যতে নিজে উদ্যোক্তা হয়ে দেশের জন্য কিছু করবো।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের কর্মী জিনিয়া আক্তার বলেন, আমি প্রতিবছরই মেলায় এক মাসের জন্য চাকরি করি। আমার হস্তশিল্পের বিভিন্ন জিনিস তৈরি করতে ভালো লাগে। ভবিষ্যতে আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। আমার স্বপ্ন নিজের একটি বুটিক হাউজ থাকবে।
এশিয়া পেসিফিক জোনের বিক্রয় প্রতিনিধি শান্ত সরকার বলেন, আমি মহাখালীতে অবস্থিত জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে মার্কেটিংয়ে পড়ছি। জানুয়ারি মাসে লেখাপড়ার চাপ কিছুটা কম থাকায় বাণিজ্য মেলায় চাকরি করছি। এতে করে বাড়তি আয়ের পাশাপাশি আমি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারছি। যেহেতু আমি মার্কেটিংয়ের শিক্ষার্থী, এটি আমার জন্য একটি সুযোগ ক্রেতাদের সঙ্গে সরাসরি কানেক্ট করার।
খাদিজা আক্তার নামে একজন বিক্রয়কর্মী বলেন, আমার বাসা রাজধানীর শ্যামলী এলাকায়। আমি ওখানকার স্থানীয় একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পরীক্ষার দেরি আছে তাই মেলায় এক মাসের জন্য বিক্রয়কর্মীর চাকরি নিয়েছি। সামনে পড়াশোনা শেষ করে ব্যবসা করার ইচ্ছে আছে। তাই নিজেকে প্রস্তুত করে নিলাম এখান থেকে। আশা করছি, নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় এ অভিজ্ঞতা কাজে লাগবে।
রূপগঞ্জের বরপা এলাকা থেকে মেলায় আসা অন্তু রহমান বলেন, তীব্র শীত থাকার পরও মেলায় পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে এসেছি। অন্যান্য বছর মেলা শুরুর দিকে না জমলেও এবার শুরু থেকেই জমে উঠেছে।
রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার জুতা ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আমার দোকান ঢাকার এলিফ্যান্ট রোড এলাকায়। এবারই প্রথম মেলায় অংশগ্রহণ করছি। শুনলাম এখানে নাকি ঢাকার মতো বেচাবিক্রি হয় না। তবে এবারের মেলায় ভিন্নরূপ দেখছি। এবার শুরু থেকেই জমে উঠেছে। গতকাল বৃহস্পতিবার প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থী ছিল।
অর্গানিক রিবানা কসমেটিকসের ইনচার্জ মাইশা ইসলাম অন্তু বলেন, আমার ঢাকার নিউ মার্কেট এলাকায় দোকান রয়েছে। আমি প্রতিবছরই মেলায় কসমেটিকসের দোকান নিয়ে অংশগ্রহণ করি। মেলায় এবার প্রথম দিকেই অনেক বেশি দর্শনার্থী দেখতে পাচ্ছি। আশা করছি, আমাদের বিক্রিও এবার ভালো হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর(ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান জানান, এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বাণিজ্য মেলার ৩০তম আসর সফল করতে ইপিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানো হয়েছে মেলার প্রতিটি অংশে। দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে এবারো ই-টিকেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর(ইপিবি) মহাপরিচালক বেবী রানী কর্মকার বলেন, তীব্র শীত উপেক্ষা করে দর্শনার্থীরা মেলায় আসছেন। মেলায় ব্যবসায়ীদের সুবিধার্থে প্রায় প্রতিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে। বেকার তরুণদের পাশাপাশি শিক্ষার্থীরা এখানে কাজ করছেন। এটা একটা ভালো দিক। সামনে শিক্ষার্থীরা যাতে আরও বেশি আগ্রহী হয় সে ব্যাপারেও আমরা উদ্যোগ গ্রহণ করবো।

আলোকিত প্রতিদিন/০৯ জানুয়ারি ২০২৬/মওম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের ফুলেল শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

৯ জানুয়ারি শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা। শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ইউট্যাবের চেয়ারম্যান অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, দেশের তিনবারের প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের প্রতীক, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সেই ক্ষতি আমাদের পূরণ হওয়ার নয়। তার জীবদ্দশায় তিনি স্বামী হারিয়েছেন। সন্তান হারিয়েছেন। ঘরবাড়ি হারিয়েছেন। দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। তার ডাক্তাররা একাধিকবার বলেছিলেন যে দেশের বাইরে উন্নত চিকিৎসার না করা হলে তার জীবন বিপন্ন হবে। তবুও তাকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে দেওয়া হয়নি।

তিনি বলেছেন, বাংলাদেশের বাইরে তার এক ইঞ্চি জমি নেই। এক ইঞ্চি মাটিও নেই। এ রকম দেশপ্রেমিক একজন নেত্রী চলে যাওয়া বাংলাদেশের জন্য অনেক ক্ষতি যা কখনো পূরণ হওয়ার নয়। এ দেশের গণতান্ত্রিক লড়াইয়ের জন্য দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবনপন লড়াই করেছেন। আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। তিনি স্বৈরাচার এরশাদের কাছ থেকে গণতন্ত্র রক্ষা করেছেন এবং এমনকি শেখ হাসিনাকেও হারিয়েছেন। তিনি একই সাথে দুটি সফলতা এনে দিয়েছেন বাংলাদেশের।

জনগণের কাছে তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যা অকল্পনীয় উল্লেখ করে অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত দেখে যেতে পারলেন না। আমরা তার জন্য দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হোন। আশা করি তার স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আর ফ্যাসিবাদের উত্থান হবে না।

ইউট্যাবের মহাসচিব মোর্শেদ হাসান খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে একটা শিক্ষক সংগঠন থাকা উচিত মনে করে ২০১২ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজে হাতে আমাদের এই সংগঠনটি করে দিয়েছিলেন। সেই থেকেই ইউট্যাবের যাত্রা শুরু।

তিনি বলেন, আমরা ম্যাডামের নেতৃত্বে দেশের বড় বড় আন্দোলনে ওনার পাশে ছিলাম। তিনি গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত আন্দোলন করে গেছেন। তার কারণেই আমরা গণতন্ত্র অর্জন করার পথে। সামনে নির্বাচন। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিজয় হয়ে দেশকে পরিচালনার সুযোগ পায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন— জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নুরুল ইসলাম, লুৎফর রহমান, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি রাশিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল ইসলাম, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এস এম আব্দুল্লাহ আউয়ালসহ ইউট্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।ৎ

আলোকিত প্রতিদিন/০৯ জানুয়ারি ২০২৬/মওম

শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকবে

আলোকিত প্রতিবেদক:

রংপুর এবং রাজশাহী বিভাগসহ ৪টি জেলার ওপর দিয়ে আরও কয়েকদিন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

৯ জানুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ১০ জানুয়ারি উত্তর শ্রীলংকা উপকূল অতিক্রম করতে পারে। এই নিম্নচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

আলোকিত প্রতিদিন/০৯ জানুয়ারি ২০২৬/মওম

মানিকগঞ্জে কলেজ শিক্ষকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মো: মহিদ:

মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেবেন্দ্র কলেজের মূল ভবনের সামনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির দেবেন্দ্র কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জাকির নায়েকসহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাঙ্গনের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

আলোকিত প্রতিদিন/০৮ জানুয়ারি ২০২৬/মওম

লক্ষীপুর জেলায় চাঁদা দিতে অস্বীকার করলে বাবার সামনে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

  প্রতিনিধি,লক্ষীপুর:

গত ৩-৮-২০২৫ইং তারিখে রাতের অন্ধকারে লক্ষীপুর জেলা রায়পুর থানা ৬নং ইউনিয়ন নিবাসী মো:সলেমান আহমেদ সেলিম এর বাড়িতে ১নং উত্তর হামছাদীর লোহা পাটওয়ারীর ছেলে চাঁদাবাজ সন্ত্রাস নরপিশাচ মোঃ শরীফ, ভিকটিমের বাড়িতে দোকান করার উদ্দেশ্যে রাখা ইট দেখিয়া তাহার নাম ধরে ডাকলে ভিকটিম দরজা খুললে তার কাছ থেকে দুই লক্ষটাকা চাঁদা দাবি করে, না দিলে সেখানে দোকান উঠাতে দিবে না এটা নাকি সরকারি জায়গা বলিলে ভিকটিম চাঁদা দিতে অস্বীকার করলে তাকে অপহরনের উদ্দেশ্যে ঘর থেকে টেনে নিয়ে ইট দ্বারা এলোপাতাড়ি আঘাত করতে থাকে ও শরীরের ভিবিন্ন জায়গায় রক্তাক্ত যখম করে এবং একপর্যায়ে তাকে বাচানোর জন্য পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে গেলে তাদেরকেও ইট দিয়ে ভিবিন্ন জায়গায় থেতলিয়ে দেয়, ওনার ৫বছরের নাতি কাদতে কাদতে মায়ের কাছে গেলে তাকেও চড় থাপ্পড় ও গলা টিপে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ঘটনার ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ধারন করতে গেলে ও রায়পুর থানার পুলিশি সহযোগিতা চাওয়ায় ভিডিও ধারন কারীরকেও অপহরণ করার চেষ্টা করা হয়। তাকে রক্ষা করতে তার মা বোন এগিয়ে আসলে পুনরায় তাদেরকেও মারধর করা হয় এবং পরিধানকৃত জামাকাপড় টানহেচড়া করে ছিন্নভিন্ন করে দেয় এবং তাদের কানে গলায় থাকা স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাস্থলে পুলিশ আসলেও অনেকটা দেরি হয়ে যায়,কারন নরপিশাচ মোঃ শরীফ ও তার সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ১নং ভিকটিম মোঃ সলেমান আহমেদ সেলিম কে গুরুতর রক্তাক্ত যখম করে এবং বাকি ৩জন ভিকটিম কে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ১নং ভিকটিমকে আশঙ্কাজনক অবস্থা দেখে সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরন হয় এবং কিছুক্ষন পর পর অঙ্গ্যন হয়ে পড়েন ও বাম হাতের হাড় ভেঙ্গে কয়েকটুকরো হয়ে যায়। ওনার অবস্থা আসঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ও ওনাকে ইমার্জেন্সি অবজারভেশনে নেওয়া হয়। সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দায় করলে মামলা তুলে নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে প্রাননাশের হুমকি দেয়।
এই ঘটনা শেয়ার করে সন্ত্রাসীদের চিহ্নিত করে চাঁদাবাজদে প্রতিহত করার অনুরোধ করছি সবার কাছে।
কারন আজকে একটা পরিবারের উপর হামলা হচ্ছে এটা যদি আপনি কোন প্রতিবাদ না করেন তবে কাল আপনার ঘরেও এর থেকে হয়তো আরো ভয়াবহ ঘটনা ঘটাবে এই সন্ত্রাসীরা। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ এই ঘটনা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনাদের নৈতিক দায়িত্ব। সবাই দোয়া করবেন।

আলোকিত প্রতিদিন/০৮ জানুয়ারি ২০২৬/মওম

তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু

সাইফুল ইসলাম সবুজ:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি মাওলানা ভাসানীর কবর জিয়ারত ও দোয়া করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনায়ক তারেক রহমান আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাওয়ার পথে প্রথমবারের মতো টাঙ্গাইলে আসছেন। তিনি মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। এটি তাঁর টাঙ্গাইলে প্রথম সফর। আমরা সৌভাগ্যবান যে তাঁর রাজনৈতিক সফরের সূচনা হচ্ছে টাঙ্গাইল থেকে এবং তা আবার ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে।

তিনি বলেন, মাওলানা ভাসানী কাগমারী সম্মেলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার আন্দোলনের বীজ রোপণ করেছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া উভয়েই এই মাজার জিয়ারত করেছেন। সেই ধারাবাহিকতায় এবার দেশনায়ক তারেক রহমানও মাওলানা ভাসানীর কবর জিয়ারত করতে টাঙ্গাইলে আসছেন।

টুকু বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মহাসড়কের টাঙ্গাইল অংশের মির্জাপুর এলাকা থেকেই তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে টাঙ্গাইলবাসী তাঁকে অভ্যর্থনা জানাবেন।

তিনি আরও বলেন, টাঙ্গাইলবাসী ঐক্যবদ্ধভাবে তাঁর আগমনকে আনন্দের সঙ্গে গ্রহণ করছে। রাজনৈতিকভাবে এই দিনটি টাঙ্গাইলের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে। বিশেষ করে টাঙ্গাইল সদরবাসীর মধ্যে ঈদের মতো আনন্দ অনুভূত হচ্ছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের দিন তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন- আগামীর বাংলাদেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন তা মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম তাঁর ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বক্তব্যে অনুপ্রাণিত হয়েছে।

তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং উপস্থিত নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের কেন্দ্রীয় সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ ও সৈয়দ শহিদুল আলম টিটু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

আলোকিত প্রতিদিন/০৮ জানুয়ারি ২০২৬/মওম

চীনা নাগরিকের তত্ত্বাবধানে অবৈধ আইফোন কারখানা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক:

চাইনিজ নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজধানীতে গড়ে উঠেছিল একটি অবৈধ আইফোন সংযোজন কারখানা। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা মোবাইল ফোনের যন্ত্রাংশ দিয়ে অবৈধভাবে আইফোন সংযোজন করে স্থানীয় বাজারে সরবরাহ করা হতো।

সম্প্রতি রাজধানীর উত্তরা এবং নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় দের বছর ধরে চলা এই প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযানে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন এবং আইফোনের পার্টস ও মোবাইল তৈরির বিভিন্ন মেশিনারিজ উদ্ধার করা হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ  সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, গত ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালায়। অভিযানে উত্তরা এলাকা থেকে ৫৮টিসহ একজনকে এবং নিকুঞ্জ-১ থেকে মোট ৩০৫টি মোবাইল ফোনসহ দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে অবৈধ মোবাইলের পাশাপাশি আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ, পার্টস সংযোজনের মেশিনারিজ এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।

ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশ থেকে আইফোনের বিভিন্ন পার্টস আলাদা করে অবৈধভাবে দেশে এনে ঢাকায় একটি গোপন ল্যাব স্থাপন করে। ওই ল্যাবে যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের আদলে ভুয়া মোবাইল ফোন তৈরি করা হতো, যা পরে আসল আইফোন হিসেবে বাজারে ছাড়া হতো। প্রায় দেড় বছর ধরে এই চক্রটি এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এ সময়ে তারা বিপুল পরিমাণ ভুয়া মোবাইল ফোন বাজারে সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ চক্রের বাংলাদেশি কেউ আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, তদন্তে কয়েকজনের নাম পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।

ডিবির এই কর্মকর্তা জনগণকে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কম দামে ‘অরিজিনাল আইফোন’ বিক্রির প্রলোভনে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। অনুমোদিত এবং অফিসিয়াল শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন না কেনার অনুরোধ রইলো।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

আলোকিত প্রতিদিন/০৮  জানুয়ারি ২০২৬/মওম