আজ বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 93

ঈদের ছুটিতে ৭ দিনে ২০৪ মৃ*ত্যু, সরকারি হিসাব নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতরের ছুটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির চিত্র উদ্বেগজনক আকার ধারণ করেছে। সরকারি হিসাব এবং বেসরকারি সংস্থার পরিসংখ্যানের মধ্যে দেখা গেছে বড় ধরনের পার্থক্য, যা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তথ্যসূত্রে, ঈদের সাত দিনের (১৭-২৩ মার্চ) ছুটিতে সারাদেশে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন। অপরদিকে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যসূত্রে, একই সময়ে ২৬৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৪ জন ও আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।

সরকারি তথ্যে অনেক দুর্ঘটনা অন্তর্ভুক্ত হয়নি। যেমন- কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে সংঘটিত একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১২ জন। বিআরটিএর ২১ মার্চ ২৪ ঘণ্টার তালিকায় কুমিল্লার কোনো নামই নেই।

ঈদের ছুটিতে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকমের দুর্ঘটনায় আহতদের চাপ ছিল চোখে পড়ার মতো। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ঈদের আগের রাত থেকে পরদিন বিকেল পর্যন্তই ১৫১ জন আহত রোগী চিকিৎসা নিতে আসেন। অন্যান্য হাসপাতালেও ছিল একই চিত্র।

সরকারি তথ্য অনুযায়ী, ১৭ মার্চ ১২টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৫ জন আহত হন। পরদিন ১৮ মার্চ ১৮টি দুর্ঘটনায় প্রাণ হারান ১৩ জন এবং আহত হন ৬২ জন। ১৯ মার্চ ১১টি দুর্ঘটনায় নিহত হন ৮ জন, আহত ৭ জন। ২০ মার্চ ছয়টি দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু ও ৩৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে। ২১ মার্চ ১৭টি দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ২৫ জন আহত হন। ২২ মার্চ ১৯টি দুর্ঘটনায় সর্বোচ্চ ৩২ জন নিহত ও ৬০ জন আহত হন। আর ২৩ মার্চ ৯টি দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ১২ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রা সাধারণত ১৫ দিন ধরে বিবেচনা করা হয়— ঈদের আগে সাত দিন, ঈদের দিন ও পরের সাত দিন। গত বছর এই সময়ে ৩১৫টি দুর্ঘটনায় ৩২২ জন নিহত হন। ২০২৪ সালে একই সময়ে ৩৭২টি দুর্ঘটনায় প্রাণ হারান ৪১৬ জন, যা ছিল এক দশকের মধ্যে সর্বোচ্চ।

এবারের ঈদযাত্রা শুরু হয় ১৭-২৩ মার্চ পর্যন্ত সাত দিনের ছুটি শেষ হলেও এখনও অনেক প্রতিষ্ঠানে ছুটি চলছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদের পর কর্মস্থলে ফেরার সময় দুর্ঘটনা বাড়ার প্রবণতা থাকে। কারণ এ সময় সড়কে নজরদারি এবং আইন প্রয়োগ তুলনামূলকভাবে কমে যায়। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তা প্রাথমিক। ছুটি শেষে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক 

জান্নাত আক্তার রিয়া:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। গত ১৮ মার্চ এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে এবং বর্তমানে অ্যাকাউন্টগুলো হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত মঙ্গলবার অর্থাৎ ২৪ মার্চ রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১৭ মার্চ বিচারপতির ব্যক্তিগত মোবাইল ফোনে প্রথম কিছু কারিগরি ত্রুটি পরিলক্ষিত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে গুরুত্ব না পেলেও পরদিন ১৮ মার্চ তার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পুরোপুরি হ্যাকারদের দখলে চলে যায়। এরপর গত ২২ মার্চ বিচারপতি বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে অবহিত করেন। বিশেষজ্ঞের সহায়তায় বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোনটি হ্যাকারদের দূরবর্তী নিয়ন্ত্রণ বা রিমোট কন্ট্রোল থেকে মুক্ত করা সম্ভব হলেও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দুটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই বিষয়ে জানান যে, অসাবধানতাবশত কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করা কিংবা ফোনে কোনো অননুমোদিত বা ক্ষতিকর অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কারণে এমনটি ঘটে থাকতে পারে। হ্যাকাররা এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম বা বিভ্রান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি-কেও একটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে বিস্তারিত জানানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাইবার বিশেষজ্ঞরা অ্যাকাউন্টগুলো উদ্ধারে কাজ করছেন।

আলোকিত প্রতিদিন /২৫ মার্চ ২০২৬ /মওম

সাভারের বিরুলিয়া দেউন লীলা কীর্তন অনুষ্ঠানে বিরুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আমির শিরালি

শহিদুল্লাহ সরকার:

সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দেউনে হিন্দু ধর্মাবলম্বীদের পরম পবিত্র ধর্মীয় উৎসব ‘লীলা কীর্তন’ এবং ‘২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ’ অত্যন্ত ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
কয়েক দিনব্যাপী চলা এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবের আমেজ বিরাজ করে।
​এই পুণ্যময় মহাযজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাভার বিরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী। ও বিরুলিয়া ৯নং ওয়ার্ড বিএনপি নেতা ও মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নুতাজ বেগম, বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাল উদ্দিন আলাল সহ অনেকে এসময় ​উপস্থিত পুণ্যার্থী ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে হাজী মোহাম্মদ আমীর শিরালী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই মহাযজ্ঞের মাধ্যমে মানুষের মনে শান্তি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক। আমরা বিরুলিয়ার সকল মানুষ সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পাশে থাকব এবং এই সম্প্রীতি বজায় রাখব ইনশাআল্লাহ। ​অনুষ্ঠান সঞ্চালন করেন স্বপন মজুমদার, এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। নাম সংকীর্তন ও কীর্তন শ্রবণ করতে আসা ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। শান্তি ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়।
​সাভার বিরুলিয়া ইউনিয়নের দেউনে হিন্দুধর্মের ‘লীলা কীর্তন’ ও ‘২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী, ও বিরুলিয়া ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক। এই উৎসব আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করুক।

আলোকিত প্রতিদিন /২৪ মার্চ ২০২৬ /মওম

ইতিহাসের শিক্ষার লাগাতার চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ইতিহাসের শিক্ষার লাগাতার চর্চা করবে বর্তমান সরকার। এই চর্চার ওপরই সুশাসনের গতি নির্ভর করে বলে মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

২৪ মার্চ মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে হাসান আহমেদ চৌধুরী কিরণ-এর ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাতের ভোটের নির্বাচনই ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পালানোর শর্ত পূরণ করেছে। নিশিরাতের নির্বাচন এবং ফ্যাসিস্ট শাসনামল থেকে পাওয়া ইতিহাসের শিক্ষা বিএনপি সরকার লাগাতারভাবে চর্চা করবে। ইতিহাসের চর্চা করার মধ্যে দিয়েই সঠিক সুশাসনের গতি নির্ভর করে।

মন্ত্রী বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করতে হবে। সেখান থেকে জানতে হবে, ফ্যাসিবাদের উৎস কোথায় লুকিয়ে ছিল। এই অধ্যয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টি ভাইরাস হিসেবে কাজ করবে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সমাধান না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ ‘পরিষ্কার’       হবে না।

তিনি আরও বলেন, আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মীমাংসিত নয়। তবে জনগণের চাওয়া দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটিকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি।

আলোকিত প্রতিদিন /২৪ মার্চ ২০২৬ /মওম

যুদ্ধরত যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধরত দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে পাকিস্তান। ইসলাবাদের কর্মকর্তারা ইতোমধ্যে যুদ্ধবিরতি ও কূটনৈতিক পন্থায় সংকট সমাধানের জন্য ওয়াশিংটন এবং তেহরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস গতকাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন রবিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ ইস্যুতে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের প্রধান এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

আরও বলা হয়েছে, পাকিস্তানের কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে বিভিন্ন গোপন চ্যানেলের মাধ্যমে তেহরান, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প যে সম্প্রতি ইরানে হামলা স্থগিত করেছেন, সেটি এই মধ্যস্থতা বা কূটনৈতিক প্রচেষ্টার ফলাফল বলেও উল্লেখ করা হয়েছে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে।

রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, সামনের দিনগুলোতে হামলার মাত্রা আরও ব্যাপক হবে। কিন্তু তার কয়েক ঘণ্টা পর সোমবার সকালে পোস্ট করা এক নতুন বার্তায় ইরানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলা ৫ দিন স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প।

গতকাল সোমবারের পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, গত দু’দিন ধরে আলোচনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আলোচনার ফলাফল ‘খুবই ভালো’ এবং ‘ফলপ্রসূ’। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে ‘মধ্যপ্রাচ্যে যাবতীয় সহিংসতার অবসানে বেশি দেরি নেই’ বলে আশাও প্রকাশ করেছেন তিনি।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতা করার এই মিশনে পাকিস্তানের সঙ্গে যোগ দিয়েছে মিসর এবং তুরস্কও। এই দুই দেশের কর্মকর্তারাও বিভিন্ন গোপন চ্যানেলে যুক্তরাষ্ট্র এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন, তবে নেতৃস্থানীয় ভূমিকায় আছে পাকিস্তানই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইতোমধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে ঈদুল ফিতর এবং নওরোজের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাম্পের সঙ্গে সংলাপে বসতে পেজেশকিয়ানকে আহ্বানও জানিয়েছেন তিনি।

সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

আলোকিত প্রতিদিন /২৪ মার্চ ২০২৬ /মওম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

জান্নাত আক্তার রিয়া:

আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।  ২৩ মার্চ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে যে, মহান স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে ২৩শে মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। জাতীয় এই গুরুত্বপূর্ণ দিবসের প্রস্তুতি এবং সৌন্দর্য বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিধিবৃন্দ কর্তৃক পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ না করা পর্যন্ত জনসাধারণের প্রবেশাধিকার স্থগিত থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা, গাম্ভীর্য এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সরকারের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রস্থান পরবর্তী সময়ে স্মৃতিসৌধ এলাকা যথারীতি জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন /২৪ মার্চ ২০২৬ /মওম

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভ*য়াবহ বি*স্ফোরণ, উপকূলে আ*তঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় ধরণেল বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের মাত্রা এতটাই বিশাল যে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ।

গতকাল সোমবার ঘটেছে এই বিস্ফোরণ। যে শোধনাগারে বিস্ফোরণ হয়েছে, সেটির মালিক মার্কিন তেল-গ্যাস উত্তোলন এবং বিপননকারী কোম্পানি ভালেরো।

বিস্ফোরণের কিছু সময় পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলা হয়, “ভালেরো’র তেল শোধনাগারে সাম্প্রতিক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে শোধনাগারটির আশাপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। শোধনাগারটির সংলগ্ন সব এলাকার বাসিন্দাদের ওপর এই নির্দেশ প্রজোয্য।”

পৃথক এক বিবৃতিতে ভালেরো কোম্পানি কর্তপক্ষ বলেছে, “টেক্সাসের পোর্ট আর্থার শহরে কোম্পানির তেল শোধনাগারে বিস্ফোরণ হয়েছে। ওই শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে, কেউ নিখোঁজ হননি এবং কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত ভিডিও ফুটেজে শোধনাগারটিতে জ্বলতে থাকা দীর্ঘ অগ্নিশিখা এবং তার জেরে কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়েছিল এবং তার ধাক্কায় অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।

পোর্ট আর্থার শহরটি টেক্সাসের রাজধানী হিউস্টন থেকে ৯০ মাইল পূর্বে। ভালেরো’র ওয়েবসাইট থেকে জানা গেছে, বিস্ফোরণের শিকার শোধনাগারটিতে ৮০০ জন কর্মী ছিলেন এবং প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করে। এছাড়া গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েলের মতো জ্বালানিও উৎপাদন করা হয় সেই শোধনাগারটিতে।

সূত্র : এএফপি

আলোকিত প্রতিদিন /২৪ মার্চ ২০২৬ /মওম

ই*রান যু*দ্ধ থেকে ফিরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম যু*দ্ধজাহাজ জেরাল্ড আর ফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান যুদ্ধে বিশ্বের এবং নিজেদের বৃহত্তম যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র এবং সেই আদেশ পেয়ে গ্রিসের সৌদা উপসাগর থেকে মধ্যপ্রাচ্যের জলসীমায় এসে পৌঁছেও ছিল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড  ।

কিন্তু জাহাজটির লন্ড্রি বিভাগের আগুন এই যুদ্ধে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ভূমিকাকে থামিয়ে দিয়েছে। ইরান যুদ্ধে অংশ নেওয়া স্থগিত রেখে গ্রিসের ক্রিট দ্বীপে মার্কিন ঘাঁটির পথে রওনা হয়েছে ইউএসএস জেরাল্ড। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

গত ৪ ফেব্রুয়ারি ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সংলাপ শুরু হয় ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের মধ্যে। এই সংলাপের চলার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের তিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেই নির্দেশ মেনে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছে গিয়েছিল বিমানবাহী দুই যুদ্ধজাহাজ। ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইরানে যত হামলা এবং বিমান অভিযান হয়েছে, সেগুলোর বেশিরভাগই হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড থেকে। দুই জাহাজেই যুদ্ধবিমান আছে কয়েক ডজন করে এবং গোলাবারুদের মজুত বিশাল।

তবে গত ১২ মার্চ ইউএসএস জেরাল্ড ফোর্ডের লন্ড্রি বিভাগে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন নেভাতে গিয়ে আহত হন দু’জন সেনা এবং সেনাদের অন্তত ১০০টি বিছানা এবং বিভিন্ন সরঞ্জাম ধ্বংস হয়ে যায়।

ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের পয়োঃনিষ্কাশন ব্যবস্থাতেও গুরুতর সংকট দেখা দেখা দিয়েছে। পাইপলাইনে ত্রুটি থাকার কারণে টয়লেট উপচে ওপরে বর্জ্য উঠে আসায় জাহাজটির অধিকাংশ ওয়াশরুম ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ইউএসএস গেরাল্ড আর ফোর্ডের প্রকৌশলী টিম জানিয়েছে, এই ত্রুটি সারাতে হলে জাহাজ ডক-ইয়ার্ডে নিয়ে যেতে হবে। মাঝ-সাগরে জাহাজটির মেরামত সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নিয়ম অনুসারে, প্রতিটি রণতরীবাহী যুদ্ধজাহাজ একটানা সর্বোচ্চ ৬ মাস সাগরে টহল দিতে পারবে। তারপর সেটিকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড কিংবা বাইরের কোনো সামরিক ঘাঁটিতে যেতে হবে নাবিকদের বিশ্রাম এবং জাহাজ মেরামতের জন্য।

ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সাগরে টহল দিচ্ছে গত ৯ মাস ধরে। এই রণতরীর জোরেই ইরান হামলার আগে ৬ মাস ধরে ক্যারিবিয়ান সাগরে তথাকথিত মাদকবাহী নৌযানগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।

তাই সবদিক বিবেচনা করেই জাহাজটি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রালয়ের সূত্র জানিয়েছে, গ্রিসের ক্রিট দ্বীপে ফিরে যাচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সেখানে মার্কিন সেনাঘাঁটি জাহাজটির মেরামতের কাজ তদারক করবে।

সূত্র : এএফপি

আলোকিত প্রতিদিন /২৪ মার্চ ২০২৬ /মওম

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি গ্রহণ করবে সরকার : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে রাষ্ট্রীয় কাঠামোতে স্থায়ী রূপ দিতে বড় পদক্ষেপে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ। বিশেষ করে আন্দোলনে অংশগ্রহণকারী ‘জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা বা ইনডেমনিটি প্রদান এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণ পরিবর্তনের বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

২৪ মার্চ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে প্রবেশ করার আগে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই আন্দোলনে যারা বীরত্বের সঙ্গে অংশ নিয়েছেন, তাদের জন্য যে ‘ইনডেমনিটি’ বা দায়মুক্তি দেওয়া হয়েছে, তা সরকার গ্রহণ করবে। আমরা তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবেই অভিহিত করব।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমদ জানান, সংসদীয় নিয়ম অনুযায়ী ৩০ কর্মদিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর চূড়ান্ত সুরাহা করতে হবে। আমাদের হাতে থাকা সময় থেকে ইতোমধ্যে ১৫ দিন পার হয়ে গেছে। বাকি ১৫ দিনের মধ্যেই আমরা প্রতিটি ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেব।

বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণের বিষয়ে মন্ত্রী বলেন, জনগণের দাবির মুখে বিতর্কিত সব নামকরণ পরিবর্তনের বিষয়টি আজকের আলোচনার অন্যতম প্রধান অ্যাজেন্ডা। এ ক্ষেত্রে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে যোগ দেওয়ার আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের জন-আকাঙ্ক্ষার সাথে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে জামায়াত সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তবে যদি কোনো অধ্যাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক বা জনস্বার্থ পরিপন্থি হয়, তবে সে বিষয়ে আমরা আমাদের জোরালো মতামত তুলে ধরব।

সংসদ ভবনে চলমান এই উচ্চপর্যায়ের বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

আলোকিত প্রতিদিন /২৪ মার্চ ২০২৬ /মওম

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল রাজধানী 

আলোকিত প্রতিবেদক:

টানা দীর্ঘ ঈদ ছুটি শেষে আজ ২৪ মার্চ মঙ্গলবার থেকে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। খুলছে সব সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি অফিস। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ গত দুদিন ধরে রাজধানীতে ফিরতে শুরু করায় বাস এবং লঞ্চ টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গত কয়েকদিনের শুনশান নীরবতা ভেঙে আজ গণপরিবহনের সংখ্যা বেড়েছে। রামপুরা, বাড্ডা, মালিবাগ, শাহবাগ ও ফার্মগেট এবং গুলিস্তান  এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই অফিসগামী যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত কয়েকদিনের যাত্রীখরা কাটিয়ে বাসগুলোতে উপভোগ্য ভিড় থাকায় পরিবহন শ্রমিকদের মাঝেও স্বস্তি দেখা গেছে।

রাজধানীর রামপুরা এলাকায় বসবাসকারী বেসরকারি ব্যাংক কর্মকর্তা বলেন, “পরিবার নিয়ে ঈদ কাটিয়ে গতকালই ঢাকা ফিরেছি। আজ সকালে মহাখালী অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। বাসে যাত্রী থাকলেও স্বাভাবিক সময়ের মতো সেই যানজট আজ নেই। যাতায়াতে বেশ স্বস্তি পাচ্ছি।” আগামী সপ্তাহের কর্মদিবসে রাজধানীর স্বাভাবিক চিত্রে ফিরবে বলে জানান তিনি।

একই চিত্র দেখা গেছে গুলশান ও বনশ্রী এলাকায়। গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরাফাত ইসলাম জানান, চক্রাকার বাসে ওঠার জন্য প্রতিদিন যে দীর্ঘ লাইন থাকে, আজ তা তুলনামূলক কম। তিনি মনে করেন, “আজ অফিস খুললেও আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি এবং এরপর শুক্র-শনিবার রয়েছে।  যার ফলে আগামী রবিবার থেকেই রাজধানী তার পূর্ণ এবং চিরচেনা রূপে ফিরবে।”

সকাল থেকেই  গুলিস্তান থেকে ধানমন্ডি হয়ে গাবতলী, কল্যাণপুর, শাহবাগ-আসাদ গেট হয়ে গাবতলী মিরপুর, আবার ফার্মগেট হয়ে মিরপুর, উত্তরা অভিমুখী সব সড়কে বাসের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি দেখা গেছে।

প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়সহ মতিঝিল এবং কারওয়ান বাজার এলাকায় কর্মজীবী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অফিস পাড়া। দীর্ঘ ছুটির শেষে নতুন উদ্যমে কাজে ফিরছেন নগরবাসী।

আলোকিত প্রতিদিন /২৪ মার্চ ২০২৬ /মওম