আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 85

আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ড:মেহেদী হাসান

শহিদুল্লাহ সরকার 

আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক ড: মেহেদী হাসান আজাদ, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে তিনি এলাকায় একজন জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। রাজনৈতিক জীবনে ড: মেহেদী হাসান আজাদ আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা পালন করছেন। এছাড়াও তিনি আশুলিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন। বর্তমানে তিনি আশুলিয়া ইউনিয়ন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ড: মেহেদী হাসান আজাদ। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, অসহায় মানুষের চিকিৎসা সহযোগিতা, খেলাধুলার উন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন উদ্যোগ তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। এছাড়াও মসজিদ-মাদ্রাসা উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় প্রশংসা অর্জন করেছেন। তার এসব কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সম্ভাব্য প্রার্থী ড: মেহেদী হাসান আজাদ বলেন “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে, তাহলে আশুলিয়া  ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করার জন্য কাজ করবো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। তিনি আরও বলেন, “আমার লক্ষ্য হচ্ছে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত পরিষেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দাদের মতে, ড: মেহেদী হাসান আজাদ একজন ভদ্র, সৎ ও সমাজ সেবামূলক মানসিকতার ব্যক্তি। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার কারণে আসন্ন নির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন বলে মনে করছেন এলাকাবাসী।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে তার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সফলতা তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নিচ্ছেন। তার এই কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে। সব মিলিয়ে, আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ড: মেহেদী হাসান আজাদ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এলাকাবাসীর মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার সম্ভাবনা বেশ উজ্জ্বল এবং নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন তারা।

আলোকিত প্রতিদিন /৩১ মার্চ ২০২৬ /মওম

সন্ধ্যায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ, দেখবেন যে ভাবে

ক্রীড়া ডেস্ক:

মার্চ উইন্ডোতে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এবারের অভিযানটি অবশ্য এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের। মঙ্গলবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক দলের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। টি স্পোর্টসে  দেখা যাবে ম্যাচটি।

গ্রুপ ‘সি’ থেকে ইতোমধ্যেই পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

প্রথম লেগে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করলেও ২-১ গোলে হার দেখেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের হয়ে গোল করেন সং উই ইয়াং ও ইখসান ফান্দি। পরে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন রাকিব হোসেন।

কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা সর্বশেষ ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে দুই দশকের বেশি সময় পর প্রতিবেশী দেশটির বিপক্ষে জয়ের মুখ দেখেছে। তাই জামাল-হামজারা চায় ইতিবাচক ফল দিয়ে বাছাইপর্ব শেষ করতে। অন্যদিকে, জয় দিয়ে অভিযানের ইতি টানতে মুখিয়ে সিঙ্গাপুর।
হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতেই নিজেদের যোগ্যতায় প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় তারা। এর আগে ১৯৮৪ সালে স্বাগতিক হিসেবে একবার টুর্নামেন্টটিতে অংশ নিয়েছিল।

গ্রুপের অন্য ম্যাচে ভারতও ইতিবাচক ফলের লক্ষ্যে হংকংয়ের মুখোমুখি হবে। পাঁচ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে অবস্থান করছে ভারত।

একই দিনে বাছাইয়ের চূড়ান্ত পর্বের শেষ দিনে আরও দুটি দল জায়গা নিশ্চিত করবে। গ্রুপ ‘সি’, ‘ই’ ও ‘এফ’-এর ভাগ্য ইতোমধ্যে নির্ধারিত হলেও ‘এ’ ও ‘ডি’ গ্রুপের অবস্থা জানা যাবে শেষ ম্যাচের পর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন ও ইয়েমেনের ম্যাচ স্থগিত করা হয়েছে। ফলে গ্রুপ ‘বি’ এর ভাগ্য নির্ধারিত হবে জুনে।

আলোকিত প্রতিদিন /৩১ মার্চ ২০২৬ /মওম

ই*রা*নি জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা হলেই যু*দ্ধ বন্ধ হবে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের জাতীয় স্বার্থ রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই কেবল যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব।

গত সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘যুদ্ধের শুরু থেকে আমাদের সামরিক বাহিনী যে প্রতিরোধ ও সাধারণ ইরানি জনগণ যে ঐক্য দেখিয়েছে- তা আমাদের সবচেয়ে বড় অর্জন। আমার বিশ্বাস, সামরিক বাহিনী এবং জনগণের দেশপ্রেমিক অবস্থান অদূর ভবিষ্যতে যেকোন কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের জন্য সহায়ক হবে।’

ইরান কখনোই যুদ্ধ চায় না। আমরা এ যুদ্ধ শুরু করিনি। এখন যদি এই যুদ্ধ থামাতে হয়- তাহলে অবশ্যই ইরানের জাতীয় স্বার্থের সুরক্ষা ও জনগণের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দু’যুগ ধরে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এ দুই কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই সংলাপ শেষ হয় ২৭ ফেব্রুয়ারি ।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে ওপর ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। অপরদিকে একই সময়ে ইসরায়েল ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানের প্রথম দিনই নিহত হন খামেনিসহ ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান । সমানতালে হামলার পাল্টা জবাব দিতে একটুও কৃপণতা করে নি ইরান যা এখনও চলছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

আলোকিত প্রতিদিন / এম আর এম

ইরানে ব্যাপক হামলা, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের অস্ত্রাগার লক্ষ্য করে ভয়াবহ হামলা করেছে মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান বাহিনী। হামলার মাত্রা এতটাই ব্যাপক যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বিস্ফোরণের সেই চিত্র শেয়ার করেছেন।

গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেই হামলার চিত্র প্রকাশ করে ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ব্যাপক বিস্ফোরণে কাঁপছে ইস্ফাহান।”মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) জানিয়েছে, সোমবারের হামলায় বেশ কিছু শক্তিশালী বোমা ব্যবহার করেছে মার্কিন বাহিনী। এসব বোমার মধ্যে ৯০৭ কেজি (২ হাজার পাউন্ড) ওজনের বাঙ্কার বিধ্বংসী বোমাও ছিল।

২৩ লাখ মানুষ অধ্যুষিত ইরানের ইস্ফাহান শহরটি মধ্যযুগের বিভিন্ন ইরানি স্থাপনার নিদর্শনের জন্য বিখ্যাত। কৌশলগত দিক থেকেও এ শহরটি খুব গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এ শহরটিতে। এছাড়াও এ শহরে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বদর এয়ারবেইস রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমান বাহিনীর হামলায় অস্ত্রাগারটিতে আগুন ধরে যায় এবং সংলগ্ন কিছু এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া হামলার সময় বিস্ফোরণের শব্দে গোটা শহর কেঁপে উঠেছিল বলেও জানা গেছে।

সূত্র : এনডিটিভি

আলোকিত প্রতিদিন /৩১ মার্চ ২০২৬ /মওম

ইরানকে ১০ দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৬ এপ্রিলের মধ্যে কোনও সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ ও গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই কঠোর বার্তা দেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ১০ দিনের মধ্যে একটি চুক্তি দেখতে চান। যুদ্ধের জন্য নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা এখনো বহাল আছে। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

সংবাদ সম্মেলনে লেভিট দাবি করেন, বাইরে ইরান কড়া কথা বললেও পর্দার আড়ালে আলোচনা বেশ ফলপ্রসূ হচ্ছে। তিনি বলেন, ইরান গোপনে কিছু মার্কিন শর্তে রাজি হয়েছে। তাদের অবশিষ্ট নেতৃত্ব এখন আলোচনার জন্য ক্রমশ আগ্রহী হয়ে উঠছে।

এরই মধ্যে আলোচনার একটি ফলাফল হিসেবে হরমুজ প্রণালি দিয়ে তেলের ট্যাঙ্কার চলাচল শুরু হয়েছে বলে তিনি জানান। লেভিট বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ২০টি ট্যাঙ্কার এই প্রণালি দিয়ে পার হবে বলে আমরা আশা করছি। এটি আলোচনার মাধ্যমেই সম্ভব হয়েছে। তবে ইরান যদি এই যাতায়াতের ওপর কোনও শুল্ক আরোপের চেষ্টা করে, তবে আমরা তা সমর্থন করব না।

ইরান যুদ্ধের ব্যয়ভার বহনে আঞ্চলিক মিত্রদের, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ দেওয়ার ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প এ বিষয়ে মিত্রদের ফোন করতে আগ্রহী বলে জানান লেভিট। তিনি বলেন, উপসাগরীয় মিত্ররা এই যুদ্ধের খরচ মেটাতে এগিয়ে আসুক, এমন একটি পরিকল্পনা প্রেসিডেন্টের মাথায় আছে।

নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তেহরানের একটি অপেক্ষাকৃত যুক্তিবাদী অংশের সঙ্গে আলোচনা চলছে। তবে চুক্তি না হলে পরিণাম হবে ভয়াবহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনও কারণে শিগগিরই চুক্তি না হয় এবং হরমুজ প্রণালি ব্যবসার জন্য খুলে দেওয়া না হয়, তবে আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খার্গ দ্বীপ উড়িয়ে দিয়ে আমাদের এই অবস্থান শেষ করব। এমনকি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোও ধ্বংস করা হতে পারে।

হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ওই অঞ্চলে ১১ হাজারেরও বেশি কমব্যাট ফ্লাইট পরিচালনা করেছে মার্কিন বাহিনী। এতে ইরানের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং শিল্প উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামরিক চাপ আরও বাড়াতে ওই অঞ্চলে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। গত ২৭-২৮ মার্চ ৩ হাজার ৫০০ নৌসেনাসহ যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এছাড়া ইউএসএস বক্সার-এ চড়ে আরও হাজারো সেনা পশ্চিম উপকূল থেকে রওয়ানা হয়েছে। ৮২তম এয়ারবর্ন ডিভিশনের ২ থেকে ৪ হাজার প্যারাট্রুপারকেও প্রস্তুত রাখা হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আলোকিত প্রতিদিন /৩১ মার্চ ২০২৬ /মওম

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সমন্বিত শিক্ষা পদ্ধতি চালুর চিন্তা

আলোকিত প্রতিবেদক:

বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে অনলাইন ও অফলাইন মিলিয়ে সমন্বিত (ব্লেন্ডেড) শিক্ষা পদ্ধতি চালুর কথা চিন্তা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভায় প্রস্তাব তোলা হবে।

৩১ মার্চ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচদিনের পরিবর্তে ছয়দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, একটি জরিপে দেখা গেছে- প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী এবং অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। ২ এপ্রিল বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।’’

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কিনা, সে বিষয়েও আলোচনা চলছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশেষ করে মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও ভাবা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

আলোকিত প্রতিদিন /৩১ মার্চ ২০২৬ /মওম

টাঙ্গাইলে ১৬ হাজার লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত করায় জ*রিমানা

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রেখেও বিক্রয় বন্ধ রাখার দায়ে ‘মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশন’কে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ মার্চ সোমবার বিকেলে জেলা প্রশাসনের বিশেষ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষিত না থাকায় সংশ্লিষ্ট মালিককে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সজিবুল ইসলাম শুভ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভ বলেন, জেলার বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন /৩০ মার্চ ২০২৬ /মওম

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা

রিপন পাল:
‎‎‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আইডি ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, বিএনপি নেতা একেএম ওমর ফারুক নয়ন, রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ ডা. গোলাম সারোয়ার, ডা. মাকসুদুল আলম ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া প্রমুখ।
পরে অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং জেরিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিন ইউনিটের ক্লিনিক্যাল লিড এবং অস্ট্রালেশিয়ান কলেজ ফর ইমারজেন্সি মেডিসিনের ফেলো হিসেবে অর্জন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি গ্রামের বাসিন্দা ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা প্রদান করা হয়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সোমবার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকালে পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা নাহিদ ইসলামকে স্বাগত জানান।

সস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ত্যাগের পূর্বে নাহিদ ইসলাম দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

আলোকিত প্রতিদিন /৩০ মার্চ ২০২৬ /মওম

দেশে কোনো মব কালচার অ্যালাউ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সতর্ক করে বলেছেন, দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না। দাবি আদায়ের নামে রাস্তাঘাট অবরোধ বা মব তৈরি করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

অধিবেশনে রুমিন ফারহানা বিগত সরকারের সময়ের গুম এবং বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ টেনে বর্তমান সময়ের ‘মব কালচার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মব কালচারের শিকার হয়ে ২৫০ থেকে ৩০০ মানুষ নিহত হয়েছে। এমনকি আমি নিজেও ২১ ফেব্রুয়ারি এর ভুক্তভোগী। এই কালচার বন্ধে সরকার কী পদক্ষেপ নিচ্ছে?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট উচ্চারণ করেছি- বাংলাদেশে কোনো রকমের মব কালচার থাকবে না। দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ করার যে প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখা গেছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না।

মব এবং সুসংগঠিত অপরাধের পার্থক্য তুলে ধরে মন্ত্রী বলেন, সবকিছুকে মব বলা ঠিক হবে না। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর করা সুসংগঠিত পরিকল্পিত অপরাধ। এর বিরুদ্ধে মামলা হয়, তদন্ত হয় এবং আসামিদের বিচারের আওতায় আনা হয়।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি জানানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনগণের দাবি থাকবেই, তবে তা জানাতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে স্মারকলিপি দেওয়া, সেমিনার করা বা জনসমাবেশ করার অধিকার সবার আছে। আমরা বাকস্বাধীনতাি এবং সংগঠনের অধিকার নিশ্চিত করব। কিন্তু মবের মাধ্যমে দাবি আদায়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম