আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 83

শ*ত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত যু*দ্ধ চলবে : ইরানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর। ২ এপ্রিল বৃহস্পতিবার এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড বলেছে, শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। এরপরই কঠোর ভাষায় বার্তা দিলো দেশটির সেনাবাহিনী।

সেন্ট্রাল কমান্ড বলেছে, “আমাদের সামরিক শক্তি এবং সরঞ্জাম সম্পর্কে আপনাদের ধারণা একেবারেই অপূর্ণ। আমাদের বিশাল এবং কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনাদের বিন্দুমাত্র জ্ঞান নেই।”

“এমনটি ভাবার কোনো সুযোগ নেই যে, আপনারা আমাদের মিসাইল উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ও নিখুঁত লক্ষ্যভেদী ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কিংবা বিশেষ সরঞ্জামগুলো ধ্বংস করে দিয়েছেন।”

সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, “আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব জায়গায় সচল রয়েছে, যা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই এবং যেখানে পৌঁছানো আপনাদের পক্ষে কখনোই সম্ভব হবে না।”

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চলবে উল্লেখ করে ইরানি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, “আরও বিচূর্ণকারী, বিস্তৃত এবং ধ্বংসাত্মক হামলা হবে যতক্ষণ না পর্যন্ত আপনারা স্থায়ী, চূড়ান্ত আত্মসমর্পণ না করবেন।”

সূত্র: আলজাজির

আলোকিত প্রতিদিন /০২ এপ্রিল ২০২৬ /মওম

সড়ক নির্মাণে অনিয়মের অ*ভিযোগে নোয়াখালীতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি

নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে ( খাল ও ফসলি জমির মাটি উত্তোলন) অভিযোগে প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়াভেল বিল্ডার্সকে সতর্কীকরণ অফিসিয়াল চিঠি প্রদান করে সড়ক নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
১ এপ্রিল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন।
নির্বাহী প্রকৌশলী বলেন, মাটি উত্তোলনের বিষয়ে কারোর থেকে কোনো লিখিত অভিযোগ না পেলেও আমি বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে কিছু নিয়মের ব্যত্যয় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দিয়েছি। এবং ত্রুটি সংশোধনের জন্য তাদেরকে নির্দেশনা দিয়ে এসেছি। পরবর্তীতে অফিসিয়ালি ভাবে বারে বারে ৪ বার তাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করার নির্দেশনা দিয়ে ভুলগুলো সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে।
তিনি আরো বলেন, ভুল ত্রুটি সংশোধন বলতে এখানে রাস্তার পার্শ্ববর্তী খাল থেকে কিছু মাটি উত্তোলন করা হয়েছে তাই খালের যে স্থান থেকে মাটি উত্তোলন করা হয়েছিল সেই স্থানে মাটি ভরাট করে দেয়ার জন্য আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছি। মাটি উত্তলিত স্থানে পুনরায় মাটি ভরাটের নির্দেশনা দিয়ে আমি গত ২২ ফেব্রুয়ারি, ২ মার্চ, ৯ মার্চ, ১৫ মার্চ ২০২৬ তারিখে এপর্যন্ত চারবার পত্র প্রদান করেছি। বিধায় কাজ এখনো বন্ধ রয়েছে।
এদিকে রাস্তাটি নির্মাণ কাজ শুরু হওয়ার কয়েক দিনের মাথায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের মতে, আসছে বর্ষা মৌসুমের আগে রাস্তাটির নির্মাণ কাজ শেষ না হলে দুর্ভোগ পোহাতে হবে এ অঞ্চলের মানুষকে। তাই তাদের দাবি, যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করে রাস্তার নির্মাণ কার্যক্রম গতিশীল করা হোক।
সূত্র মতে, নোয়াখালী সড়ক ও জনপদ বিভাগের অধীনে লক্ষ্মীপুর চর আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের মোট ৭৩ কিলোমিটার সড়কের নোয়াখালী অংশে ১৩.৯ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্ত করণের প্রাথমিক ধাপ মাটি ভরাটের কাজ শুরু করা হয়েছিল গেল কিছুদিন আগে। সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি টাকা। উক্ত রাস্তা সংস্কারের অফিস কার্যাদেশ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। একই কার্যাদেশে দিনমণি বাজার-মৌলভীবাজার-কোম্পানিরহাট-ছোট ফেনী নদী সড়কের ৯ কিলোমিটার রাস্তাও অন্তর্ভুক্ত রয়েছে। যার প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৭৪ কোটি টাকা। তবে কার্যাদেশের এই অংশের কাজ এখনো শুরু করা হয়নি।
প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়াভেল বিল্ডার্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকল্প ব্যবস্থাপক নুরুল আফসার রাসেলের কাছে জানতে চাইলে, শুরু হওয়া কাজের অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি জানান, মাত্র দুই দিন হলো আমরা কাজ সবেমাত্র শুরু করেছি। ভুল করে পার্শ্ববর্তী স্থান থেকে কিছু মাটি উত্তোলন করা হয়েছে আমরা সেগুলো আবার ভরাট করে দেব। তবে যে ব্যক্তি সাইটে দায়িত্বে থাকা অবস্থায় এভাবে ভুল করে পার্শ্ববর্তী স্থান থেকে মাটি উত্তোলন করেছেন প্রতিষ্ঠান থেকে তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। বর্তমানে কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য আমাকে এখানে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি সকল ভুল ত্রুটি সংশোধন করে আমরা সঠিক নিয়মের মধ্যে থেকে কাজ সম্পন্ন করব।
আলোকিত প্রতিদিন /০১ এপ্রিল ২০২৬ /মওম

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিঃ এর বিরুদ্ধে ‘সাজানো’ সংবাদ সম্মেলনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুর জেলার সাবেক জয়দেবপুর, বর্তমানে টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় মৌজায় অবস্থিত জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ‘জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড’সহ নোমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও সম্মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উক্ত জমির ইতিহাস ১৯৬৩ সালে শুরু, যখন একাধিক মালিক যৌথভাবে জমিটি বেনামি বায়নাপত্রের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়ায় যুক্ত হন। পরবর্তীতে সংখ্যালঘু সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে সরকারি অনুমতির প্রয়োজন হলে বোর্ড অব রেভিনিউ-এর অনুমোদন নিয়ে জমি ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সংক্রান্ত দেওয়ানি মামলায় আদালতে সোলেনামা দাখিলের মাধ্যমে রায় ও ডিক্রি জারি হয় এবং পরবর্তীতে জমি পাগাড় হাউজিং সোসাইটির নামে বৈধভাবে রেজিস্ট্রি করা হয়। এতে মোট প্রায় ৭৪.১৮ একর জমি হাউজিং সোসাইটির নিকট হস্তান্তরিত হয়।

পরবর্তীতে পাগাড় হাউজিং সোসাইটির অংশীদার ও পরবর্তী মালিকদের কাছ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দলিলের মাধ্যমে “জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড”সহ নোমান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রায় ২৮ একর জমি ক্রয় করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্রয়ের পর থেকে প্রতিষ্ঠানটি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও রাজস্ব সার্কেল থেকে নিয়ম অনুযায়ী নামজারি ও জমাভাগ সম্পন্ন করে এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছে।

নোমান গ্রুপের দাবি, তারা গত ৩৫ বছরেরও বেশি সময় ধরে উক্ত জমিতে বৈধভাবে শিল্পকারখানা স্থাপন করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছে। সরকারি অনুমোদন, লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ করে উৎপাদন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে ১.৩ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অপরদিকে, অভিযোগ করা হয় যে, আহাম্মদ আলীর মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা স্বত্বহীন অবস্থায় সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করেন। পরবর্তীতে এ সংক্রান্ত মামলা আদালতে দায়ের হলে তা খারিজ হয়ে যায় এবং আপিল পর্যায়েও তা বহাল থাকে। আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে, তাদের কোনো বৈধ স্বত্ব বা অধিকার নেই এবং তাদের দ্বারা সম্পাদিত দলিলসমূহ অকার্যকর।

নোমান গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম জানান, কাজল সরকারসহ একটি সংঘবদ্ধ চক্র ভুয়া ও অকার্যকর দলিলের ভিত্তিতে জমির মালিকানা দাবি করে আসছে। এমনকি অতীতে তারা নিজেরাই পাগাড় হাউজিং সোসাইটির স্বত্ব স্বীকার করে জমি বিক্রয় করেছেন বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে সংশ্লিষ্ট একটি মামলা গাজীপুর জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, উক্ত চক্র ভুয়া দলিল তৈরি, প্রতারণা এবং জাল আম মোক্তারনামা সৃষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৯৩, ১৯৫ ও ২১১ ধারাসহ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এদিকে, গত ১ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে কাজল সরকারসহ সংশ্লিষ্ট কয়েকজন একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন। তবে নোমান গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্য মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনসহ দেশ-বিদেশে নোমান গ্রুপের সুদৃঢ় সুনাম রয়েছে। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা সেই সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। নোমান গ্রুপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ধরনের অপপ্রচার বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

রূপগঞ্জে বিএনপি ও ছাত্রদলের অফিসে হা*মলা-ভা*ঙচুর ,আ*হত ৫

রিপন পাল:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকার বিএনপি ও ছাত্রদলের অফিসে দুর্বৃত্তরা গতকাল ১এপ্রিল বুধবার হামলা ও ভাংচুর করেছে। প্রাণ আরএফএলের আতলাশপুর এলাকার অফিসে দাবিকৃত চাঁদার টাকার প্রতিবাদ করায় দুর্বৃত্তরা এ হামলা চালায়। হামলায় ৩লক্ষাধিক টাকা ক্ষতি ও ৫ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে স্থানীয় বিএনপি নেতা লুৎফর রহমান(৫০), সাখাওয়াত হোসেন ভুঁইয়া (৫৬), শাহাদাত হোসেন(৪৮), মাহবুব হাসান ভুঁইয়া(৫৭) ও জাকারিয়া ভুঁইয়া(৪৩)। আহতদের ঢাকা মেডিকেল কজেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আতলাশপুর এলাকার বিএনপি নেতা মোস্তফা ভুঁইয়ার জমি ভাড়া নিয়ে প্রাণ আরএফএল কোম্পানী ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত কিছুদিন ধরে স্থানীয় দুর্বৃত্তরা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে আসছিলো। এ ঘটনায় বিএনপি নেতা ও জমির মালিক মোস্তফা ভুঁইয়া প্রতিবাদ করে। এর জের ধরে গতকাল ১এপ্রিল বুধবার ২০/২৫ সদস্যের একদল যুবক রামদা, চাইনিজ কুড়াল, ছেন, ছুরি, লোহার রড, হকিস্টিক, লাঠিসোঁটায় সজ্জিত হয়ে মোস্তফা ভুঁইয়াদের পরিচালিত বিএনপি ও ছাত্রদলের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা বিএনপির কার্যালয়ে রক্ষিত নারাণয়গঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর ছবি ভাংচুর করে। হামলায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। একপর্যায়ে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভুঁইয়া বাদি হয়ে ৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, আতলাশপুর এলাকার বিএনপি ও ছাত্রদলের অফিসে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন /০১ এপ্রিল ২০২৬ /মওম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হ*ত্যাকারীর বিচারের দা*বিতে মানববন্ধন

শহিদুল্লাহ সরকার: 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার পহেলা এপ্রিল সকালে  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং  শিক্ষার্থীরা হাতে হাত ধরে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় ওই শিক্ষার্থীর স্বামী ফাহিমের ফাঁসির দাবি করেন সরকারের কাছে। এছাড়া মানববন্ধন থেকে এসময় ঐ শিক্ষার্থী হত্যাকাণ্ডের পরে বিশ্ববিদ্যালয় থেকে কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন । উল্লেখ্য ১৫ ই মার্চ রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় ওই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেন তার স্বামী ফাহিম । ইতিমধ্যে পুলিশ ওই দিনেই তার স্বামীকে গ্রেফতার করেছে।
আলোকিত প্রতিদিন /০১ এপ্রিল ২০২৬ /মওম

কালুখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন

আদম আলী 
‘সত্যোর সন্ধানে, মানুষের কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সাংবাদিকদের নিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রেসক্লাবের ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
৩১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে কালুখালী আর্চ গার্ডার ব্রিজ সংলগ্ন সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে জিটিভির জেলা প্রতিনিধি ইমরান খানকে সভাপতি ও দৈনিক আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক রাজবাড়ী কন্ঠের কালুখালী প্রতিনিধি  আদম আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আবু সাঈদকে সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক মানি লাইন পত্রিকার বিশেষ প্রতিনিধি বিধান কুমার বিশ্বাসকে সহ-সভাপতি, দৈনিক চিত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদুল হক মাসুদকে সহ-সাধারণ সম্পাদক, সময়ের কণ্ঠস্বর এর জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক, দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল সরদারকে অর্থ বিষয়ক সম্পাদক, চ্যানেল নাইন এর রিপোর্টার রাজু আহমেদকে দপ্তর সম্পাদক, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান (রাজু)কে প্রচার সম্পাদক, দৈনিক ভোরের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ইমদাদুল হক রানাকে ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি সাহিদা পারভীনকে মহিলা বিষয়ক সম্পাদিকা করা হয়।
কমিটিতে কার্য নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, দৈনিক অধিকরণ পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক সত্যোর সন্ধান পত্রিকার প্রতিনিধি ইসরাইল হাসান (আপন), আই নিউজ বিডি এর জেলা প্রতিনিধি নাফিজ আহমেদ, দৈনিক সময়ের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশরাফুল আলম ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোনায়েম হেসেন রাজু।
নতুন কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবকে একটি শক্তিশালী এবং নিরপেক্ষ সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
নবনির্বাচিত সভাপতি ইমরান খান বলেন, সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে কালুখালী উপজেলা প্রেসক্লাবের মূল লক্ষ্য।”
সাধারণ সম্পাদক আদম আলী বলেন, স্থানীয় সমস্যা, জনস্বার্থ এবং উন্নয়নমূলক সংবাদ তুলে ধরতে প্রেসক্লাব সক্রিয় ভূমিকা রাখবে।
তারা আরো বলেন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের প্রতিটি সদস্য উপজেলার পাশাপাশি রাজবাড়ী জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করবে।
আলোকিত প্রতিদিন /০১ এপ্রিল ২০২৬ /মওম

যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট (ন্যাটো) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয় চিন্তা-ভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভাবনার কথা জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে পশ্চিমা ওই সামরিক জোটকে ‘কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রতিরক্ষা চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার বিষয়টি এখন পুনর্বিবেচনায় রয়েছে।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুদ্ধজাহাজ পাঠানোর যে দাবি ট্রাম্প করেছিলেন, তা মিত্র দেশগুলো প্রত্যাখ্যান করার পর ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচনা করছে না যুক্তরাষ্ট্র।

সংঘাত শেষ হওয়ার পর ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ নিয়ে তিনি পুনরায় ভাববেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‌‌‘‘ওহ হ্যাঁ, আমি বলব এটি পুনর্বিবেচনার ঊর্ধ্বে। আমি কখনোই ন্যাটোর মাধ্যমে প্রভাবিত হইনি। আমি সবসময় জানতাম তারা একটি কাগুজে বাঘ, আর পুতিনও তা জানেন।’’

বিশ্ববাজারে ২০ শতাংশ তেল সরবরাহের পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ন্যাটোর অংশীদাররা অনীহা প্রকাশ করেছে। তেহরান কয়েক সপ্তাহ ধরে কার্যকরভাবে এই প্রণালি বন্ধ করে রেখেছে। ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং বৈশ্বিক মন্দার শঙ্কা তৈরি হয়েছে।

ট্রাম্প বলেন, ‘‘সেখানে (যুদ্ধে) না থাকার বিষয়টি ছিল আসলে অবিশ্বাস্য। আমি এ নিয়ে বড় কোনও জোরাজুরি করিনি। আমি শুধু বলেছিলাম। আমি খুব বেশি চাপ দিইনি। আমি মনে করি, এটি স্বতস্ফূর্তভাবে হওয়া উচিত ছিল।’’ ‘‘আমরা ইউক্রেনসহ সব জায়গায় স্বয়ংক্রিয়ভাবে উপস্থিত ছিলাম। ইউক্রেন আমাদের সমস্যা ছিল না। এটি একটি পরীক্ষা ছিল এবং আমরা তাদের পাশে ছিলাম, আমরা সবসময় তাদের পাশে থাকতাম। কিন্তু তারা আমাদের পাশে নেই।’’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও তিরস্কার করেছেন তিনি। ইরান বিরোধী মার্কিন-ইসরায়েলি যুদ্ধে অংশ নিতে অস্বীকার করায় ব্রিটিশ নৌবাহিনী এই কাজের যোগ্য নয় বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

ব্রিটেনের যুদ্ধজাহাজ বহরের অবস্থা নিয়ে তিনি বলেন, ‘‘আপনাদের কোনও নৌবাহিনীই নেই। আপনারা অত্যন্ত পুরোনো এবং আপনাদের এমন বিমানবাহী রণতরী ছিল; যা কাজই করেনি।’’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষায় আরও ব্যয় করা উচিত কি না—জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি তাকে কী করতে হবে তা বলতে যাচ্ছি না। তিনি যা খুশি করতে পারেন। তাতে কিছু যায় আসে না। স্টারমার শুধু ব্যয়বহুল বায়ুকল চান; যা আপনাদের জ্বালানির দাম আকাশচুম্বী করে তুলছে।’’

যুদ্ধে দীর্ঘদিনের মিত্রদের অবস্থান নিয়ে হোয়াইট হাউসের মাঝে হতাশা বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ন্যাটোকে ‘একতরফা রাস্তা’ হিসেবে অভিযুক্ত এবং মঙ্গলবার মার্কিন মিত্ররা তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় তীব্র সমালোচনা করেছেন।ট্রাম্পের সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা আগে ফক্স নিউজকে দেওয়া এক বক্তব্যে রুবিও বলেন, ইরান যুদ্ধ শেষ হলে আমেরিকাকে ন্যাটোর সদস্যপদ নিয়ে ‘পুনরায় পরীক্ষা-নিরীক্ষা’ করতে হবে।

‘‘আমি মনে করি দুর্ভাগ্যবশত এই সংঘাত শেষ হওয়ার পর আমাদের ওই সম্পর্ক নিয়ে পুনরায় ভাবতে হবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই।’’

তিনি বলেন, ‘‘ন্যাটো যদি শুধু এমন হয় যে তারা আক্রান্ত হলে আমরা ইউরোপকে রক্ষা করব, কিন্তু আমাদের প্রয়োজনের সময় তারা আমাদের ঘাঁটি ব্যবহারের অধিকার দেবে না, তাহলে তা খুব একটা ভালো ব্যবস্থা নয়। এমন ব্যবস্থার সাথে যুক্ত থাকা কঠিন।’’

ট্রাম্প দ্য টেলিগ্রাফকে বলেন, রুবিও এসব মন্তব্য করায় তিনি ‘খুশি’। বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘দুই সপ্তাহ, সম্ভবত তিন সপ্তাহের’ মধ্যে শেষ হতে পারে। তিনি বলেন, এই যুদ্ধের একমাত্র লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

সূত্র: দ্য টেলিগ্রাফ।

আলোকিত প্রতিদিন /০১ এপ্রিল ২০২৬ /মওম

মানিকগঞ্জে মুন্নু সিটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মো: মহিদ

সরকারের পাঁচ বছর মেয়াদকালে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা পাটুরিয়া মহাসড়কে মানিকগঞ্জের মুন্নু সিটি এলাকায় গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথভাবে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে।

এই কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মহরম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সুযোগ থাকলে সকলেরই গাছ লাগানো উচিত।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘গাছের উপকারিতা শুধু পরিবেশগত নয়, ধর্মীয় দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।

মানিকগঞ্জ সড়ক এবং জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম বলেন, কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে, যাতে আগামীতে এই মহাসড়কটি একটি সবুজ করিডোরে পরিণত হয়।

আলোকিত প্রতিদিন /০১ এপ্রিল ২০২৬ /মওম

শ্যামনগরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

এস কে সিরাজ:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম আটুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), এর আয়োজনে অস্ট্রেলিয়ান এইড এবং অক্সফ্যামের সহযোগিতায় মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় ১৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। সেবাগ্রহীতাদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী, শিশু ও বয়স্ক মানুষ। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জি এম তরিকুল ইসলাম এবং গাইনি বিশেষজ্ঞ ডা. কানিজ ফাতেমা।

ডা. কানিজ ফাতেমা বলেন, ‘এই আয়োজনে সুবিধাবঞ্চিত বা লবণাক্ত এলাকার নারীদের জন্য ফ্রি ক্যাম্পের আয়োজন অনেক ভালো এবং প্রশংসনীয়। আমি এই আয়োজনের অংশীদার হতে পেরে গর্বিত। আমার অনুরোধ থাকবে, ভবিষ্যতে মাঝে মাঝে এরকম প্রোগ্রাম আয়োজন করা হোক। যাতে সুবিধাবঞ্চিত নারী বা এই এলাকার যারা পর্যাপ্ত চিকিৎসা পায় না, তারা ডাক্তারদের কাছে পৌঁছাতে পারে এবং উপকৃত হতে পারে।’

কোডেকের প্রজেক্ট ম্যানেজার মোঃ সোহরাব হোসেন বলেন, ‘আমরা আশির দশক থেকে উপকূলীয় অঞ্চলে কাজ করছি। এখানকার মানুষের স্বাস্থ্যঝুঁকি ও কষ্টের কথা বিবেচনা করেই আজকের এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছি। যদিও এটি সরাসরি স্বাস্থ্য প্রকল্প নয়, তবুও BID4CJ প্রকল্পের আওতায় আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, কোডেক শুধু স্বাস্থ্য নয়, উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্লু ইকোনমি, জীবিকা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, নিরাপদ পানি ও পুকুর খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি পাশ্ববর্তী গ্রামে পুকুর খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে স্থানীয় নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সামনে আসায় এই ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসক ডা. জি এম তরিকুল ইসলাম বলেন, ‘এই অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। ফলে অপুষ্টি, আয়রন ঘাটতি ও নানা রোগে ভোগেন। এই ধরনের ফ্রি ক্যাম্প তাদের জন্য বড় সহায়তা। এখানে আমরা শিশু, নারী, গর্ভবতী মা ও বয়স্কদের সেবা দিতে পেরেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

স্থানীয় জনগণ এই স্বাস্থ্য ক্যাম্পে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, কোডেকের পক্ষ থেকে আজকের এই ক্যাম্প আয়োজন করায় তারা অভিজ্ঞ ডাক্তারদের সঙ্গে নিজের অসুখের সমস্যা আলোচনা করতে পেরেছে এবং বিনামূল্যে ঔষধ পেয়েছে। এজন্য তারা কোডেককে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতে আরও বেশি এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

সেবাগ্রহীতাদের মতে, লবণাক্ততা ও দারিদ্র্যপীড়িত এই এলাকায় এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। অনেকেই জানান, দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য না থাকায় তারা দীর্ঘদিন চিকিৎসাবঞ্চিত ছিলেন। এই ক্যাম্পের মাধ্যমে সহজেই চিকিৎসা ও ঔষধ পেয়ে তারা উপকৃত হয়েছেন।সামগ্রিকভাবে, কোডেক, অস্ট্রেলিয়ান এইড ও অক্সফ্যামের এই উদ্যোগ শুধু একটি স্বাস্থ্য ক্যাম্পই নয়, বরং উপকূলীয় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

হরমুজ পুনরায় খুলবে, কিন্তু ট্রাম্পের জন্য বন্ধ থাকবে: ইরানি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানর পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ প্রণালী অবশ্যই আবার খুলবে। তবে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বন্ধ থাকবে।

এছাড়া যেসব দেশ ইরানের নতুন নিয়ম মেনে জাহাজ চালাবে তারা নির্বিঘ্নে তাদের নৌযান নিয়ে হরমুজ পার হতে পারবে।

১ এপ্রিল বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইব্রাহিম আজিজি লিখেছেন, “হরমুজ প্রণালি অবশ্যই খুলবে। কিন্তু (ট্রাম্প) আপনার জন্য নয়। এটি তাদের জন্য খোলা থাকবে যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।”  এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সরকার পরিবর্তন চেষ্টা নিয়েও কৌতুক করেছেন ইব্রাহিম। তিনি বলেছেন, “ট্রাম্প অবশেষে তার সরকার পরিবর্তনের স্বপ্ন পূরণ করেছেন। কিন্তু পরিবর্তন হয়েছে সামুদ্রিক সরকারে!” এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল আরোপ করতে যাচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে, ইতিমধ্যে টোলের নিয়ম কার্যকর করেছে তারা।

ইরানের রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম ইরান ব্রডকাস্টিং এ ব্যাপারে বলেছে, “এই নৌপথের সুরক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন আর্থিক নীতিমালা গ্রহণ করা হয়েছে। এর আওতায় যাতায়াতকারী জাহাজগুলোর ওপর স্থানীয় মুদ্রা ‘রিয়াল’-এ টোল নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মালিকানাধীন যেকোনো জাহাজের এই পথ দিয়ে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।”

আলোকিত প্রতিদিন /০১ এপ্রিল ২০২৬ /মওম