আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 81

তেওতা বালিমহলে দায়িত্ব পালনকে কেন্দ্র করে প্রাণনা*শের হু*মকি,পরদিনই গু*লিতে নি*হত ম্যানেজার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালুমহালে দায়িত্ব পালনকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ কাওছার আলম খান শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনার পরদিনই সংশ্লিষ্ট বালুমহালের এক ম্যানেজারকে গুলি করে হত্যার ঘটনা ঘটায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে।

জিডি সূত্রে জানা যায়, মোঃ কাওছার আলম খান (৩৬) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে শিবালয় থানাধীন তেওতা বালিমহলে বালির দায়িত্বে কর্মরত রয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টা ৯ মিনিটে একটি অজ্ঞাত বিদেশি নম্বর (+৯৬৬৫৫৬৭৩০৭৫৬) থেকে তার ব্যক্তিগত মোবাইলে হুমকিমূলক বার্তা পাঠানো হয়। বার্তায় তেওতা চর থেকে বাল্কহেড জাহাজে বালি বিক্রি অব্যাহত রাখলে তাকে খুন-জখম করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে কাওছার আলম খান ২ এপ্রিল শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার জিডি নম্বর ৮৮ এবং ট্র্যাকিং নম্বর XBFM35।

ভুক্তভোগী কাওছার আলম খান বলেন, “অজ্ঞাত নম্বর থেকে এমন হুমকি পাওয়ার পর আমি আতঙ্কিত হয়ে পড়েছি। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিষয়টি থানায় নথিভুক্ত করেছি।”

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, হুমকির ঘটনার পরদিনই বালুমহালের ইজারাদার সংশ্লিষ্ট ব্যবস্থাপনা দলের সদস্য ম্যানেজার মিরাজকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। নিহত মিরাজের বাড়ি পাবনা জেলার দাপুনিয়া গ্রামে বলে জানা গেছে।

হুমকি ও হত্যার এই ধারাবাহিক ঘটনায় তেওতা বালিমহল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বালুমহাল সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, আমি বিষয়টা শুনেছি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আলোকিত প্রতিদিন /০৩ এপ্রিল ২০২৬ /মওম

মানিকগঞ্জে একাধিক কারখানায় ডাকাতির রহস্য উদঘাটন,গ্রেফতার ৮,কোটি টাকার মালামাল উদ্ধার

মো: মহিদ:

মানিকগঞ্জের শিবালয় এবং ঘিওর উপজেলায় সংঘটিত একাধিক চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে লুট হওয়া প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদুল ফিতরের ছুটির আগেও পরে গত ২৩ মার্চ গভীর রাতে শিবালয় উপজেলায় আসতিয়া বোর্ড এন্ড পেপার মিল এবং ঘিওর উপজেলার অ্যাডভান্স অ্যাটোয়ার লিমিটেড নামীয়একটি পোশাক কারখানায় সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা কারখানায় প্রবেশ করে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং হাত-পা বেঁধে ফেলে। পরে কারখানার মূল্যবান যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জামাদি মোবাইল ফোন , কম্পিউটার ও সিসি ক্যামেরা যন্ত্রাংশ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে মানিকগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মো. মাসুদ রানা, মোহাম্মদ সাজেদুল ইসলাম ওরফে সাজিদ, মোঃ সাগর প্রামানিক, মোঃ আক্তার হোসেন, মোহাম্মদ আল-আমিন, আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, আব্দুস সালাম। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, শিল্প কারখানার যন্ত্রপাতি, কম্পিউটার, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন /০৩ এপ্রিল ২০২৬ /মওম

প্রধান শিক্ষক সংকটে নবীনগর: ৯০ স্কুলে ভারপ্রাপ্তে চলছে শিক্ষা কার্যক্রম

মোঃ আনোয়ার হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। নবীনগরে ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২১৭ টি সরকারি এবং ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯০টি বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ বিদ্যালয় গুলো বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়- অনেক বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা সীমিত।
তিন/চারজন শিক্ষক দিয়ে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চালাতে হচ্ছে। এ সব প্রতিষ্ঠানে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলেও এতে পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের অতিরিক্ত প্রশাসনিক কাজে সময় দিতে হচ্ছে। ফলে শ্রেণিকক্ষে
নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হলে অন্য শিক্ষকরা তাঁর নির্দেশনা মানতে অনীহা দেখায়। এতে অভ্যন্তরীণ দ্বন্ধ তৈরী হচ্ছে যা শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।
শ্যামগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডালিয়া সুলতানা বলেন-“আমাদের বিদ্যালয়ে ২০২১ সাল থেকে প্রধান শিক্ষক নেই। ২০২৫ সালে আমি ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করি। প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে শ্রেণি কক্ষের সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে অভিভাবকদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ বাড়ছে। কুড়িনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মো. সোহেল রানা বলেন- একজন শিক্ষককে একাধিক শ্রেণিতে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার্থীরা ঠিক মতো পড়াশোনায় মন দিতে পারছে না। ফলে
শিক্ষার মান কমে যাচ্ছে।
প্রাথমিক শিক্ষক নেতা ও আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ বলেন-“প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক স্তম্ভ। প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার মান ধরে রাখতে ভারপ্রাপ্ত শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদ শূন্য থাকলে প্রশাসনিক জটিলতা বাড়বে। আমি চাই সকল স্কুলের দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হোক।”
শ্যামগ্রাম (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. রোস্তম আহাম্মদ বলেন- ২০২১ সাল থেকে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এতে শিক্ষার মান নাজুক হয়ে পড়েছে। দ্রুত নিয়োগ না দিলে পরিস্থিতি আরও খারাপ হবে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা বলেন- “প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য
পদ পূরণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছি। প্রতি মাসে হালনাগাদ তথ্য পাঠানো হচ্ছে। পদোন্নতির জন্য যোগ্য শিক্ষকদের তালিকাও ইতিমধ্যে পাঠানো হয়েছে। আশা করি দ্রুতই শূন্য পদ গুলো পূরণ করা সম্ভব হবে।”
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন- মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি। তা না হলে দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।

আলোকিত প্রতিদিন /০৩ এপ্রিল ২০২৬ /মওম

১৭ বছরে উন্নয়নের বুলি শোনা গেছে বাস্তবে হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, গত ১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে তবে বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে। ৩ এপ্রিল শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার(পার্ক বাজার) পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা এবং বাজার উন্নয়নের জন্য এরইমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।
জ্বালানি তেলের বিষয়ে মীর শাহে আলম বলেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে- সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা ইত্যাদি।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি, টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন /০৩ এপ্রিল ২০২৬ /মওম

সারিয়াকান্দিতে মিষ্টি আলু’র বাম্পার ফলন রপ্তানি হচ্ছে জাপানে

মাইনুল হাসান মজনু:

বগুড়ার সারিয়াকান্দিতে মিষ্টি আলু’র বাম্পার ফলন হয়েছে। টানা কয়েক বছর হলো মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে। দাম ভালো পাওয়ায় বাড়ছে চাষের আগ্রহ, বাণিজ্যিকভাবে মিষ্টি আলু চাষ করে বিদেশে রপ্তানি করে অধিক মুনাফা পাচ্ছেন কৃষকরা। উপজেলার চরাঞ্চলে উৎপাদিত মিষ্টি আলু যাচ্ছে জাপানে। সরাসরি ক্ষেত থেকে এগুলো কিনে নিচ্ছে এক জাপানি প্রতিষ্ঠান। ভালো দাম পাওয়ায় দিন দিন বাড়ছে চাষের পরিমাণ।

গ্রামের অবহেলিত ফসল ও বাজারে চাহিদা না থাকায় আগে বাড়ির উঠানে কিংবা সামান্য জায়গায় পরিবারের চাহিদা মেটাতে মিষ্টি আলু লাগানো হতো। দরিদ্র মানুষের ক্ষুধা নিবারণের খাবার হিসেবে পরিচিত ছিল মিষ্টি আলু। এখন সময়ের ব্যবধানে এখন সেই মিষ্টি আলু বাণিজ্যিকভাবে চাষ করে বিদেশে রফতানি হচ্ছে ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শেরপুরে ৪৮০ হেক্টর জমিতে মিষ্টিআলু চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ৪৮৫ হেক্টর জমিতে। এর মাঝে নারুতু কোম্পানির চাষের আওতায় আসছে প্রায় ১৫০ বিঘার মতো। জাপানে রফতানির কথা শুনে এবং লাভজনক হওয়ায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

গত কয়েক বছর ধরে জাপানি কোম্পানির আগ্রহে চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মিষ্টি আলুর চাষ হচ্ছে। নারুতো জাপান কোম্পানি লিমিটেড এ বছর সারিয়াকান্দি উপজেলার নারচী ও গোদাগাড়ী চরে আলু চাষের জন্য ১২০ জন কৃষকের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি মোতাবেক ১৫০ বিঘার জমিতে কোকোই-১৪ জাতের আলু চাষ করেছেন স্থানীয় কৃষকরা। চাষের উপকরণ বীজ, সার, কীটনাশক সব বিনামূল্যে দিয়েছে কোম্পানি। উৎপাদনের পর প্রকল্পের সব আলু প্রতিষ্ঠানটি সরাসরি মাঠ থেকে কিনে নেবে। গত বছর ৫৮০ টাকা মণ দরে কিনলেও এ বছর দাম বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়েছে।

নারচী ইউনিয়নের গোদাগাড়ী গ্রামের কৃষক রুমন মিয়া জানান, একর প্রতি আলুর ফলন হয় ২৫০ থেকে ৩০০ মণ পর্যন্ত। যা দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। পরিচর্যা ও উত্তোলনের শ্রমিক খরচ ছাড়া আর কোনও খরচ নেই তাদের।

নারচী ইউনিয়নের গোদাগাড়ী গ্রামের কৃষক ফল্টু মিয়া বলেন , জাপানী কোম্পানি তাদের সার, বীজ, কীটনাশক সবকিছু দিয়েছে। উৎপাদিত আলু ৭০০ টাকা মণ দরে কিনে নেবে। এক বিঘা জমিতে ৮০ থেকে ৯০ মণ আলু সাধারণত ফলন হয়। তাদের সম্ভাব্য খরচ হয়েছে ১৫ হাজার টাকা। চাষ শুরু করতে হয় অক্টোবরের মাঝামাঝি সময়ে মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহে আলু সংগ্রহ করেন,এতে মোট ১২০ দিন সময় লাগে। বিঘাপ্রতি আলুর বিক্রয় মূল্য হবে ৬০ হাজার টাকার মতো। এতে তাদের ৪৫ হাজার টাকা লাভ থাকবে।

নারুতো জাপানের সারিয়াকান্দি উপজেলার দায়িত্বে থাকা ফিল্ড অফিসার মো.শাহাতাব হোসেন (সঞ্জয়) জানান, কোম্পানিটি আলু কিনে নিয়ে সেদ্ধ, চিপস, মিষ্টি এসব তৈরি করে বিক্রি করে। এছাড়াও আর কয়েক প্রকার যেনন বেকিং, কাচা সুপার শপে, ফ্রোজেন করেও বিক্রি করে থাকে। প্রতি বছর চাষের আওতা বাড়ানো হচ্ছে, এতে এলাকার কৃষকরা সহযোগিতা করছে। তারা আর্থিক ভাবে স্বচ্ছলতা পাচ্ছে ৷ এসব কারণে কৃষকরা এতে খুব আগ্রহী।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সারিয়াকান্দি চরাঞ্চলের মাটি মিষ্টিআলু চাষের জন্য খুবই উপযোগী। জাপানের একটি কোম্পানি মিষ্টি আলুর উদ্যোক্তা হওয়া এবং তারা এ আলু চাষ করায় বৈদেশিক মুদ্রা অর্জনের পথ প্রশস্ত হচ্ছে। আলু প্রক্রিয়াজাত করে অনেক খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। বড় বড় বিভাগীয় শহরে চিপস, মিষ্টি রেডিফুড তৈরি করে বিক্রি করছে। তিনি আরও বলেন, উৎপাদিত আলু ভীষণ স্বাদের। অন্যান্য মিষ্টি আলু ওপরের অংশ (ছাল) সাধারণত ফেলে দেওয়া হয়। কিন্তু মিষ্টি আলু চামড়াসহ খাওয়া যাবে। জাপানিরা এ আলু সেদ্ধ করে কেকের মতো প্যাকেট করে বিক্রি করে থাকে।

আলোকিত প্রতিদিন /০৩ এপ্রিল ২০২৬ /মওম

বেগম জিয়ার আমলে মানুষ ভালো থাকার কারণে ১৭ বছর ভুগেছি : চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, শুধু এই কারণেই বিএনপিকে ১৭ বছর ভুগতে হয়েছে বলে মন্তব্য করেছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেছেন, নানা অসংগতি থেকে জিয়াউর রহমান দেশটাকে বের করে এনেছিলেন। কিন্তু ফলাফল হিসেবে তাকে হত্যা করা হয়েছে।

৩ এপ্রিল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষ্যে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল’ এই আলোচনা সভার আয়োজন করে।

চিফ হুইপ, ‘বেগম জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, কেন দেশের উন্নতি হলো? শুধু এসব কারণে আমরা ১৭ বছর ভুগেছি।’ তিনি আরও বলেন, মানুষ যখন মানবেতর জীবনযাপন করে শেষ হয়ে যাচ্ছিল, তখন জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেন। তার খাল খনন কর্মসূচির ফলে তিন বছরের মাথায় খাদ্য সংকট দূর হয়েছিল। বর্তমানে তারেক রহমানও একই পথে হাঁটছেন এবং বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন।

শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতাকে অরক্ষিত রেখে তিনি আত্মসমর্পণ করেছিলেন। বিবিসির সাংবাদিক সিরাজের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, সিরাজের বলা ৩ লাখ শহীদকে শেখ মুজিব ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন। এছাড়া জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নেই বলে শেখ হাসিনা সংসদে যে মন্তব্য করেছিলেন, তারও সমালোচনা করেন তিনি।

মুজিব বাহিনীর কর্মকাণ্ড তুলে ধরে চিফ হুইপ বলেন, তারা অত্যন্ত নৃশংস ছিল। বাবা-মায়ের সামনে ছেলেকে হত্যা বা বাবার হাতে কুড়াল দিয়ে ছেলের মাথা বিচ্ছিন্ন করার মতো ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার করেছে এবং যুবলীগের অস্ত্রের লাইসেন্স লাগত না।

তারেক রহমান সম্পর্কে নুরুল ইসলাম বলেন, তিনি টাকা চুরি করতে আসেননি। তিনি একজন সাশ্রয়ী মানুষ, যিনি নিজের অফিসে সেন্ট্রাল এসি চালান না এবং রাত ৩টায় ফোন করলেও তাকে পাওয়া যায়। তারেক রহমান কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন ও প্রস্তাব রেখেছেন যে, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না।

তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান ‘জুলাই সনদ’-এর পক্ষে এবং এর প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। নির্বাচনে জয়লাভ করে বিরোধীদলীয় নেতার বাসায় গিয়ে দেখা করার নজিরও তিনি স্থাপন করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম প্রমুখ।

আলোকিত প্রতিদিন /০৩ এপ্রিল ২০২৬ /মওম

সরকারি-বেসরকারি অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

আলোকিত প্রতিবেদক:

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরণের অফিস শুরু হবে সকাল ৯টায়, যা শেষ হবে বিকাল ৪টায়। এছাড়া সন্ধ্যা ৬টার পর সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখতে হবে।

২ এপ্রিল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আজকের বৈঠকটি বিশেষ পরিস্থিতিতে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী দীর্ঘ ১৮ ঘণ্টা কাজ করছেন এবং যাতায়াতের সময় বাঁচাতে ও যানজট এড়াতে এখানেই বৈঠকের আয়োজন করা হয়েছে।”

অফিসের নতুন সময়সূচি

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী কার্যদিবস থেকে সকল সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। অর্থাৎ, অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। এছাড়া ব্যাংকগুলো চলবে সকাল ৯টা থেকে বিকাল বেলা ৩টা পর্যন্ত। তবে, আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকাল ৪টায় ব্যাংক বন্ধ হবে।

মার্কেট ও বিপণি-বিতান

জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর দেশের সকল মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ রাখতে হবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এটি কঠোরভাবে মনিটর করবে বাণিজ্য মন্ত্রণালয়।

শিক্ষা প্রতিষ্ঠান

নাসিমুল গনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে, যা আগামী রবিবার থেকে কার্যকর হতে পারে। এছাড়া স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত হয়েছে।

বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে, পুরোনো কোনও বাস আনা যাবে না বলে ফ জানিয়ে দিয়েছেন তিনি।

সরকারের জ্বালানি, বিদ্যুৎ এবং গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাস পর্যন্ত সরকারিভাবে কোনও নতুন গাড়ি (সড়ক, নৌ বা আকাশযান) এবং কম্পিউটার সামগ্রী কেনা যাবে না। এছাড়া সরকারি কর্মকর্তাদের সকল বিদেশ ভ্রমণ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ বন্ধ ঘোষণা করা হয়েছে। সভা-সেমিনারের আপ্যায়ন খরচও ৫০ শতাংশ কমানো হয়েছে।

আলোকসজ্জায় করা যাবে না

মন্ত্রিপরিষদ সচিব জানান, জ্বালানি সংকটের এই সময়ে কোনও ধরনের বেসরকারি বিয়ে বা উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।

মন্ত্রিসভার বৈঠকে ‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’র খসড়া অনুমোদিত হয়েছে। ১৯৮০ সালের এই আইনটি সংশোধন করে পাবলিক পরীক্ষায় অপরাধের বিচার আরও কঠোর করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ লাইন কিছুটা ইনসিকিউর হয়ে পড়ায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে সচিব জানান। তিনি বলেন, “সরকার  জনসাধারণের কষ্ট লাঘবে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।”

আলোকিত প্রতিদিন /০৩ এপ্রিল ২০২৬ /মওম

ইরানের সঙ্গে সমঝোতার পর হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

আন্তর্জাতিক ডেস্ক:

গত কয়েকদিনের তুলনায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বেশি জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড।

৩ এপ্রিল  শুক্রবার সংস্থাটি বলেছে, গত বুধবার হরমুজ দিয়ে ১৬টি জাহাজ যায়। এরমাধ্যমে টানা তিনদিন সেখানে জাহাজ চলাচলের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। আর সবগুলো জাহাজই ইরানের সঙ্গে সমঝোতা করে চলেছে বলে উল্লেখ করেছে উইন্ডওয়ার্ড।

তারা বলেছে, গত বুধবার পার হওয়া ১৬টি জাহাজের সবগুলো ব্যবহার করেছে লারাক দ্বীপের রুটটি। যা নির্দেশ করছে আরও বেশি দেশ ইরানের সঙ্গে ‘নিজেদের জাহাজ চালাতে আলোচনা করছে’। এতে বলা যায় সামনের দিনগুলোতে ট্রানজিটের পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ ইরানের সঙ্গে সমঝোতা করে বর্তমানের চেয়ে আরও বেশি জাহাজ গুরত্বপূর্ণ ওই রুট ব্যবহার করতে পারবে। তবে জাহাজের পরিমাণ বাড়লেও; সাধারণ সময়ে  তুলনায় অনেক কম।

জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে হরমুজ দিয়ে প্রায় ১৩০টি জাহাজ চলত।

এদিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বলে আসছে তাদের সঙ্গে আলোচনা করে ও টোল দিয়ে ‘ইরানের শত্রু ও তাদের মিত্রদের’ জাহাজ বাদে বিশ্বের সব দেশ জাহাজ চালাতে পারবে।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। এখান দিয়ে উপসাগরীয় দেশগুলোর উৎপাদিত তেল ও গ্যাস এশিয়াসহ অন্যান্য দেশে যায়।

সূত্র: আলজাজিরা

আলোকিত প্রতিদিন /০৩ এপ্রিল ২০২৬ /মওম

মানিকগঞ্জে অ*বৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে ৫৫ হাজার টাকা জ*রিমানা

মো: মহিদ:

মানিকগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল ও পেট্রোল বিক্রি এবং অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার পৃথক দুটি বাজারে এই তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে দেখা যায়, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া বাজারের ‘আলী এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে কোনো মূল্যতালিকা ছিল না। এ ছাড়া দোকানটি গ্রাহকদের কাছ থেকে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায় করছিল। এই অপরাধে দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক খেয়াঘাট বাজারে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখানে খুচরা ও পাইকারি তেল ব্যবসায়ী সুকুমারের দোকানে অবৈধভাবে ডিজেল মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। আইন লঙ্ঘনের দায়ে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। অবৈধভাবে তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আলোকিত প্রতিদিন /০২ এপ্রিল ২০২৬ /মওম

রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে আতঙ্কিত অভিভাবকরা

রিপন পাল:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৫ দিনে হামের লক্ষণ নিয়ে অর্ধশতাধিক শিশু হাসপাতালে এসেছে। গত সোমবার সকাল ৯টা থেকে গতকাল ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ১৫ শিশু ভর্তি করা হয়। গত বুধবার বিকেলে ৮ শিশুকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ভর্তি রয়েছে ৭ শিশু। তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে হামের লক্ষণ থাকা ও আক্রান্ত শিশুদের ভর্তি করা হচ্ছে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়ছেন। আগামী ৫ এপ্রিল রবিবার হামের জরুরী টিকাদান শুরু হবে জেনে রোগীর অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ২২ শিশু। এছাড়া হামের লক্ষণ নিয়ে গত ২৪ মার্চ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর বাড়ইপাড়া এলাকার রকির ছেলে আরিয়ান ইসলাম ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। গত ১৯ মার্চ ঢাকার মহাখালী উদরাময় হাসপাতাতলে মারা যায় কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার এক বছর বয়সী নুহাশ। গতকাল ২ এপ্রিল বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে ৭ জন শিশু ভর্তি রয়েছে। তারা হচ্ছে রূপগঞ্জের মাহমুদাবাদ গ্রামের ফয়সালের মেয়ে ফাতিহা(২), পূবেরগাঁও গ্রামের সোহেল আহম্মদের ছেলে দিহান(১০), মঙ্গলখালী গ্রামের আল-আমিনের ছেলে মিনহা(৮), মাসাবো গ্রামের মামুন হাসানের ছেলে হাসিম(৪), পাড়াইন গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে হাফসা আক্তার(৮), চনপাড়া গ্রামের রাব্বির ছেলে এক বছর বয়সী রাইয়ান ইসলাম, রূপগঞ্জ গ্রামের দ্বীন ইসলামের ছেলে আযান(৪)। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হাসান মতিন বলেন, স্বাস্থ্য সহকারীরা নিজ নিজ এলাকায় প্রতিদিন হামের লক্ষণকৃত শিশুদের খুঁজে বের করে হাসপাতালে নিয়ে আসছে। তাদের চিকিৎসাও দেওয়া হচ্ছে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, হাম রোগীদের চিকিৎসায় আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। হাম সংক্রমণ ব্যাধি হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। অভিভাবকদের সচেতন থাকতে হবে। হামে আক্রান্ত শিশুকে অন্য শিশুদের কাছ থেকে আলাদা রাখতে হবে। শিশুদের ভিটামিনযুক্ত খাবার দিতে হবে।

গত ১৭ মার্চ থেকে হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ২০টি শিশুর নমুনা সংগ্রহ করে চিকিৎসা চলছে। নমুনা সংগ্রহ করে ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২০টি নমুনার পরীক্ষার ফলাফলের মধ্যে মধ্যে ১৫টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, আক্রান্ত শিশুদের ৮০ শতাংশই ৯ মাসের নিচে বয়স। তাদের হামের টিকা নেওয়ারই সময় হয়নি এখনো। বাকি শিশুদের মধ্যে ১০ শতাংশ ১ ডোজপ্রাপ্ত এবং বাকি ১০ শতাংশ ২ ডোজপ্রাপ্ত। পরিস্থিতি সামলাতে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলায় বর্তমানে ৭৫হাজার ডোজ হাম টিকা মজুদ রয়েছে। এসব টিকা পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ এলাকা ও শিশুদের মধ্যে প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রূপগঞ্জের ৪১টি কমিউনিটি ক্লিনিক, দুইটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র সচল ও রোগী পরিবহনে নৌ অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হবে। হাম নিয়ে একটি পক্ষ আতঙ্ক ছড়াচ্ছে। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ও হামের টিকাদান কার্যক্রমের অগ্রগতির সম্পর্কে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম