আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 74

সফল চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস ২’র নভোচারীরা

আন্তর্জাতিক ডেস্ক:

দশ দিনের সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)-এর নভোযান আর্টেমিস ২’র নভোচারীরা ।

গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে রওনা হয় আর্টেমিস ২ নভোযান। নাসার এই চন্দ্রাভিযানে চার নভোযাত্রী অংশ নিয়েছিলেন- রেইড ওয়াইজম্যান (৫০), ভিক্টর গ্লোভার (৪৯), ক্রিস্টিনা কোচ (৪৭) এবং জেরেমি হ্যানসেন (৫০) । এই চার জনের মধ্যে প্রথম ৩ জন যুক্তরাষ্ট্রের ও চতুর্থজন কানাডার নাগরিক।

গত ১০ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ উপকূলে আর্টেমিস ২’র নভোযাত্রীদের বহনকারী নাসার ওরিয়ন ক্যাপসুল অবতরণ করে। তার কিছু সময় পর নাসার উদ্ধারকারী দলের সহায়তায় ক্যাপসুল থেকে বের হন নভোচারীরা।

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযানে আর্টেমিস ২ পৃথিবীর দুই অক্ষপথ প্রদক্ষিণের সময় ১১ লাখ ১৭ হাজার ৫১৫ কিলোমিটার ও চাঁদের চূড়ান্ত ফ্লাইবাই-এর ২ লাখ ৫২ হাজার মাইল অতিক্রম করেছে। মহাকাশে কোনো গ্রহ বা অন্য কোনো বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তার পাশ দিয়ে অনুসরণ করার পথকে ফ্লাইবাই বলা হয়। ফ্লাইবাইয়ের সময় মহাকাশযানটি খুব কাছ দিয়ে যায়, কিন্তু মহাকর্ষের টানে কোনো কক্ষপথে ‘আবদ্ধ’ হয় না।

ওরিয়ন ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করতে সময় লেগেছে ১৩ মিনিট। বায়ুমণ্ডলে প্রবেশের পর বাতাসের ঘর্ষণে ক্যাপসুলটির বাইরের তাপমাত্রা ২ হাজার ৭০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। পুরো ক্যাপসুলটি পরিণত হয়েছিল একটি অগ্নিগোলকে। এ কারণে সাগরে অবতরণের পর উদ্ধারকারী দলকে কিছু সময় অপেক্ষা করতে হয় ক্যাপসুলটি সহনীয় মাত্রায় ঠান্ডা হওয়ার জন্য।

প্রবল তাপের কারণে সেটির রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে বাইরের তাপ ক্যাপসুলের ভেতরের নভোযাত্রীদের স্পর্শ করেনি। তারা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। নাসার ইউটিউব চ্যানেলে তাদের অবতরণের দৃশ্য দেখেছে বিশ্বের ৩০ লাখেরও বেশি মানুষ।

ক্যাপসুল থেকে নভোযাত্রীদের উদ্ধারে নাসার উদ্ধারকারী দলকে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। নাসার কর্মকর্তরা জানিয়েছেন, শুক্রবার রাত তারা নৌবাহিনীর জাহাজে কাটিয়েছেন। আজ শনিবার টেক্সাসের হিউস্টোনে পরবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন তারা।

কয়েক বছর আগে নাসা ফের চন্দ্রাভিযানের সিদ্ধান্ত গ্রহণ করে এবং আগামী ২০২৮ সালের মধ্যে ফের চাঁদে মানব নভোচারী পাঠানোর লক্ষ্য নেয়। নাসার সেই লক্ষ্যের অংশ হিসেবে প্রস্তুতিমূলক অভিযান হিসেবে পরিচালনা করা হয়েছিল আর্টেমিস ২ মিশন।

এই অভিযানটি প্রস্তুতিমূলক হলেও একাধিক কারণে ঐতিহাসিক। কারণ এর আগে ১৯৭০ সালে অ্যাপোলো ১৩ পৃথিবী থেকে উৎক্ষেপিত হওয়ার পর মোট ২ লাখ ৪৮ হাজার মাইল পথ পাড়ি দিয়েছিল । পূর্বের রেকর্ড ভেঙে দিয়ে আর্টেমিস ২ পাড়ি দিয়েছে ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল।

তাছাড়া নাসার চন্দ্রাভিযানের ইতিহাসে এই প্রথম কোনো মিশনে নভোচারী হিসেবে যুক্ত হয়েছেন একজন নারী (ক্রিস্টিনা কোচ) এবং একজন কৃষ্ণাঙ্গ বিদেশি নাগরিক (কানাডার নাগরিক জেরেমি হ্যানসেন)।

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের কয়েক মিনিট আগে মিশনের কমান্ডার নভোচারী রেইড ওয়াইজম্যান এক রেডিওবার্তায় বলেছিলেন, আমরা (ক্যাপসুলের) ২ নম্বর জানালা দিয়ে চাঁদের দারুণ একটা দৃশ্য দেখেছি – গতকালের চেয়ে একটু ছোট লাগছে। মনে হচ্ছে আমাদের ফিরে যেতে হবে।

নাসা প্রথম চাঁদে পৌছানোর মিশন শুরু করে ১৯৬০ সালে। সেই মিশনের সাফল্য আসে ১৯৬৯ সালে। সেই বছর প্রথম অ্যাপোলো ১১ নামের এক নভোযানে চেপে চাঁদে পৌঁছান তিন মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং, অ্যাডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স। ১৯৭০ সালে চাঁদে নাসা সর্বশেষ যে নভোযানটি পাঠিয়েছিল তার নাম অ্যাপোলো ১৩ নাম ছিল সেই নভোযানটির।

সূত্র : রয়টার্স

আলোকিত প্রতিদিন / এম আর এম

রামু থানা পুলিশের অ*ভিযানে ৩০ হাজার পিস ই*য়াবা উদ্ধার, আ*টক ১

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় জিয়াউর রহমান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিয়াউর রহমান চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা আবদুল হাসিম।
রামু থানার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সন্ধ্যায় রামু থানার এসআই অনুপ কুমার ধরের নেতৃত্বে উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীমুরা পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন হিসেবে জিয়াউর রহমানকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী বসত ঘরের উঠানে রাখা একটি সিএনজি অটোরিকশার ড্রাইভিং সিটের নিচে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৩০ হাজার পিস বলে নিশ্চিত করেছে পুলিশ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, গ্রেফতারকৃত জিয়াউর রহমানের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।গ্রেফতারকৃত আসামিকে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরো বলেন,মাদক নির্মূলে পুলিশ সুপারের দিকনির্দেশনায় রামু থানার পুলিশ সদস্যর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
এলাকায় চুরি,ছিনতাই রোধ, মাদক নির্মূলসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন /১০ এপ্রিল ২০২৬ /মওম

১৫ এপ্রিলের মধ্যে দেশে আসবে এলপিজি-এলএনজি নিয়ে পাঁচটি জাহাজ

আলোকিত প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মধ্যে ছিল বাংলাদেশ। তবে যুদ্ধবিরতি ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এলএনজি ও এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী ১৫ এপ্রিলের মধ্যে অন্তত পাঁচটি জ্বালানিবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন,ধারাবাহিকভাবে এসব জাহাজ আগমনের ফলে বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহে চাপ কমবে এবং সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।

এলপিজি মূলত প্রোপেন ও বিউটেন গ্যাসের মিশ্রণ যা সিলিন্ডারে ভরে বাসাবাড়ি ও রেস্তোরাঁয় রান্নার কাজে এবং যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এটি বহনযোগ্য হওয়ায় পাইপলাইন বিহীন এলাকায় গৃহস্থালি এবং ক্ষুদ্র শিল্পের তাপ উৎপাদনে প্রধান ভরসা।

অন্যদিকে এলএনজি হলো অতিশীতল প্রাকৃতিক গ্যাস যা মূলত বিদ্যুৎ কেন্দ্র এবং বড় বড় শিল্প কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সার কারখানা, টেক্সটাইল ও সিরামিকের মতো ভারী শিল্পে উচ্চ তাপ নিশ্চিত করতে পাইপলাইনের মাধ্যমে এটি সরবরাহ করা হয়।

এ ছাড়া আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজ এবং দূরপাল্লার ভারী ট্রাকের জ্বালানি হিসেবেও এলএনজির ব্যবহার হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ১০ এপ্রিল শুক্রবার মালয়েশিয়া থেকে ২ হাজার ৪৭০ টন কার্গো নিয়ে মর্নিং জেলি নামের একটি এলপিজিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এদিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬৯ হাজার টন এলএনজি নিয়ে ইএমইআই নামের একটি জাহাজ মহেশখালীর ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ১১ এপ্রিল একই টার্মিনালে প্রায় সমপরিমাণ এলএনজি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে কংটং নামের আরেকটি জাহাজ আসবে। ১৩ এপ্রিল মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে পল নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। তালিকায় থাকা ম্যারান গ্যাস হাইড্রা ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ৬৪ হাজার ৬৭৮ টন এলএনজি নিয়ে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এক সপ্তাহে পাঁচটি জাহাজের আগমনের ঘোষণা পাওয়া গেছে এবং সেগুলো বর্তমানে সমুদ্রপথে রয়েছে। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এর আগে ৮ এপ্রিল রাতে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে এমটি সেন্ট্রাল স্টার নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। পরদিন ৯ এপ্রিল বিকেলে পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙর করার পর শুরু হয় অকটেন খালাসের কার্যক্রম। এছাড়া একই রাতে মালয়েশিয়া থেকে উচ্চ সালফারযুক্ত ফুয়েল অয়েল নিয়ে ইস্টার্ন কুইন্স নামের আরেকটি ট্যাংকারও বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

এদিকে চলতি মাসের শুরুতেই ২ ও ৫ এপ্রিল যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে যথাক্রমে ৬৯ হাজার ৮৮১ টন এবং ৬৮ হাজার ৬৪৮ টন এলএনজি দেশে এসেছে, যা জ্বালানি সরবরাহে চাপ কমাতে সহায়ক হয়েছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (এলএনজি) উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ কবির জানান, এপ্রিল মাসে মোট ৯টি এলএনজি জাহাজ দেশে আসার কথা রয়েছে।  ইতোমধ্যে দুটি জাহাজ এসে পৌঁছেছে এবং খালাস প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিটি জাহাজে গড়ে ৬৯ হাজার থেকে ৭০ হাজার টন গ্যাস বহন করা হয়।

আলোকিত প্রতিদিন /১০ এপ্রিল ২০২৬ /মওম

সিরাজগঞ্জে মোবাইল কোর্ট অ*ভিযানে ৭০৯ লিটার ডিজেল জ*ব্দ

ওয়াসিম সেখ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির দায়ে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

০৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সাহেবগঞ্জ, সলংগা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত।

অভিযানে ২টি মামলায় ২ জনকে অভিযুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান চলাকালে অপরাধীদের কাছ থেকে ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্র্যান তেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল প্রতি লিটার ৯৬.৩৯ টাকা এবং মবিল প্রতি লিটার ২৫০ টাকা দরে পাশ্ববর্তী একটি সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়।

এছাড়া জব্দ করা ৮ লিটার সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্র্যান তেল সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুদ দাইয়ানের জিম্মায় রাখা হয়েছে।

মোবাইল কোর্টটি পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১)(ক) ধারা অনুযায়ী পরিচালিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন /১০ এপ্রিল ২০২৬ /মওম

সাতকানিয়া গো*পন সংবাদে ৪০০ লিটার জ্বালানি জ*ব্দ

নুরুল ইসলাম:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ৮ এপ্রিল বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত জেলা এনএসআই, চট্টগ্রাম-এর তথ্যের ভিত্তিতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মুদি দোকানের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা মোট ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করা হয়।
জানা যায়, দোকান মালিক মোঃ কাইসার আহমেদ সওদাগর দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন।
অভিযানটি পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত জ্বালানি তেল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আলোকিত প্রতিদিন /১০ এপ্রিল ২০২৬ /মওম

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে নি*হত শিশুর সংখ্যা বেড়ে ৫০

নিজস্ব প্রতিবেদক:

হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস।

হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে একই সময়ে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

রামেক হাসপাতালের দেওয়া গেল এক সপ্তাহের তথ্য থেকে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) হামের উপসর্গ চার শিশুর মৃত্যু হয়েছে। এরআগের দিন বুধবার (৮ এপ্রিল) তিন শিশু, মঙ্গলবার (৭ এপ্রিল) এক শিশু, সোমবার (৬ এপ্রিল) দুই শিশু, রোববার (৫ এপ্রিল) দুই শিশু, শনিবার (৪ এপ্রিল) তিন শিশু, শুক্রবার (৩ এপ্রিল) একজন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের বড় একটি অংশই শিশু, যারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি এবং চোখ লাল হওয়া- এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। দেরি হলে জটিলতা বাড়তে পারে এবং মৃত্যুঝুঁকিও বৃদ্ধি পায়। আক্রান্ত ব্যাক্তিকে পৃথক রাখা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন চিকিৎসকরা। তাদের মতে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

পাকিস্তানের প্রতিরক্ষমন্ত্রীর মন্তব্য অত্যান্ত ‘ভ*য়ানক’ : বেঞ্জামিন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের ওপর ইসরায়েলের ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সেই পোস্টে তিনি বলেন, ইসরায়েল একটি শয়তান এবং মানবতার জন্য অভিশাপ। তার এই পোস্টের পাল্টা জবাবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য অত্যান্ত ‘ভয়ানক’।

গত ৮ এপ্রিল রাতে লেবাননে ওপর বিধ্বংসী বিমান হামলা পরিচালনা করে ইসরায়েল। সেই হামলায় ২৫৪ জন লেবানিজ নাগরিক নিহত হন এবং আহত হন ১১০০ জনেরও বেশি। নিহত এবং আহতদের অধিকাংশই বেসামরিক সাধারণ মানুষ।

লেবাননে হামলার পর এক্সে ইসলায়েলের নিন্দা জানিয়ে একটি পোস্ট করেন খাজা আসিফ। সেই পোস্টে তিনি বলেন, ইসরায়েল একটি শয়তান এবং মানবতার জন্য অভিশাপ। এদিকে ইসলামাবাদে শান্তি সংলাপের প্রস্তুতি চলছে, অন্যদিকে লেবাননে গণহত্যা চালানো হচ্ছে। ইসরায়েলের হাতে নিরপরাধ লোকজন নিহত হচ্ছেন, প্রথমে গাজায়, তারপর ইরানে এবং এখন লেবাননে। রক্তপাত অব্যাহত আছে।

আমি আশা করি এবং প্রার্থনা করি যে ইউরোপীয় ইহুদিদের থেকে মুক্তি পেতে যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের মতো একটি ক্যান্সার রাষ্ট্র সৃষ্টি করেছিল, নরকের আগুন যেন তাদের গ্রাস করে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের কিছুক্ষণ পরেই এক্সে প্রতিক্রিয়া জানান নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলকে ধ্বংসের ডাক দিয়েছেন। এটি ভয়ানক। কোনো দেশের সরকারের কাছ থেকে এ বক্তব্য প্রত্যাশিত নয়, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই- যারা নিজেদের শান্তির জন্য নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র-ও খাজা আসিফের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। পৃথক এক এক্সপোস্টে তিনি বলেছেন, শান্তি মধ্যস্থতার’ দাবিদার একটি সরকারের পক্ষ থেকে আসা এই নির্লজ্জ ইহুদি-বিদ্বেষী রক্ত-অপবাদকে ইসরায়েল অত্যন্ত গুরুতরভাবে দেখে। ইহুদি রাষ্ট্রকে ‘ক্যান্সার’ হিসেবে উল্লেখ করা কার্যত এই রাষ্ট্রকে ধ্বংসের আহ্বান জানানো। যারা ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানায়, সেসব সন্ত্রাসীদের হাত থেকে ইসরায়েল নিজেকে রক্ষা করতে সচেষ্ট।

সূত্র : এনডিটিভি

আলোকিত প্রতিদিন / এম আর এম

দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে: ই*রান

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হল হরমুজ প্রণালি। যা সম্প্রতি ইরান-ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার যুদ্ধে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির মাধ্যমে হরমুজ প্রণালি খুলেও দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রকে ইরান যে ১০ শর্তের প্রস্তাবনা পাঠিয়েছে, তার মধ্যে একটি শর্ত হল হরমুজ প্রণালি দিয়ে দিনে প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ যেতে পারবে। এমনটাই জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা তাস।

পারস্য উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করা হরমুজ প্রণালির একদিকে ইরান, অপর দিকে ওমান। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি বৈশ্বিক জ্বালানি তেলের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে প্রতিদিন যে সরবরাহ আসে, তার এক পঞ্চমাংশ আসে এই হরমুজ প্রণালি দিয়ে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগ পর্যন্ত হরমুজ প্রণালিতে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ চলাচল করত। যুদ্ধ শুরুর পর এই প্রণালিতে অবরোধ জারি করে ইরান। এতে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ সংকট দেখা দেয়, যা এখনও চলছে।

হরমুজ প্রণালি শুধু তেলেরই নয়, সার, পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন পণ্যের বাজারেরও গুরুত্বপূর্ণ রুট। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ বাঁধার পর এসব পণ্যের বাজারেও অস্থিতিশীলতা দেখা দিয়েছে।

তাস এর প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দু’সপ্তাহের যুদ্ধবিরতিতে তারা রাজিই হয়েছে দিনে অনধিক ১৫টি জাহাজের শর্ত দিয়ে। বলা হয়েছে, এই ১৫টি জাহাজের গতিবিধিও ইরানের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ন্ত্রিত হবে। জাহাজ পরিবহন পর্যালোচনা করবে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক ররেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।এই শর্তের ব্যাপারে উপসাগরীয় অন্য দেশগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছে।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাস-কে এ ব্যাপারে জানিয়েছেন, “হরমুজ দিয়ে যে কোনো বিদেশি বাণিজ্যিক জাহাজের চলাচল এখন থেকে কঠোরভাবে ইরানের অনুমোদন ও একটি নির্দিষ্ট প্রোটোকল কার্যকর করার ওপর নির্ভর করবে। আঞ্চলিক পক্ষগুলোকে আমাদের এই নতুন সিদ্ধান্ত ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সূত্র : তাস, ইন্ডিয়া টুডে

আলোকিত প্রতিদিন / এম আর এম

অধ্যাদেশ থেকে আইনে রূপ দিতে জাতীয় সংসদে ২১ বিল পাস

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে ২১টি বিল পাস হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখেই এই বিল পাস হয়।
অধ্যাদেশ রহিত করে আরও দুটি বিল পাস করা হয়েছে। এছাড়া ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ২০০৯ সালের ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনঃপ্রচলন করার লক্ষ্যে আনা ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ বিলগুলো পাস হয়। বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রীরা উত্থাপন করেন।

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ অবিকল রেখে পাস হওয়া বিলগুলো হচ্ছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬’, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬’, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০২৬’, ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০২৬’, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬’, ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল, ২০২৬’, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ গ্যাস (সংশোধন) বিল, ২০২৬’, ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল, ২০২৬’, ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল, ২০২৬’, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) বিল, ২০২৬’, ‘জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’।

পাশাপাশি ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ রহিত করে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’ পাস করা হয়। এছাড়া ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

চট্টগ্রামে টাকার জন্য মাকে মারধর, অভিযুক্ত ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনলাইন গেম খেলার জন্য টাকা না পেয়ে ধারালো বটি হাতে নিজের মাকে মারধর করেন তার নিজের ছেলে। সেই ভিডিও ভাইরালের পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটকের পর মাকে থানায় আসতে বলা হয়েছে। মায়ের অভিযোগ অনুযায়ী ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. জাবেদ (১৭) ওই এলাকার কালা গাজীর বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. ইয়াকুবের ছেলে। পাঁচ থেকে ছয় বছর আগে তার নিরাপত্তাপ্রহরী বাবা মারা যান। তিন ভাই-বোনের মধ্যে তিনি পরিবারের একমাত্র ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতরে বটি হাতে জাবেদ মায়ের কাছে টাকা দাবি করছেন। একপর্যায়ে তিনি বটি দিয়ে মাকে ভয় দেখান ও মারধর করেন। আত্মরক্ষার চেষ্টা করলেও ভুক্তভোগী নারীকে থামতে দেখা যায়নি। ভিডিওতে তাকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘তোরে আমি টাকা দিব, তোর মাথা ছুঁয়ে বলছি।’

ভিডিওতে আরও দেখা যায়, মারধরের সময় মা বারবার ছেলেকে থামার অনুরোধ জানান এবং টাকা দেওয়ার আশ্বাস দেন। এ সময় আশপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনাটি অভিযুক্তের বোন মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আলোকিত প্রতিদিন / এম আর এম