আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 72

চলে গেলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে

বিনোদন ডেস্ক:

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। আজ রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

আশা ভোঁসলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ ।

জানা যায়, মৃত্যুকালে আশা ভোঁসলের বয়স হয়েছিল ৯২ বছর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস এবং আনন্দবাজারের তথ্য অনুসারে, শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করছিলেন আশা ভোঁসলে। এক পর্যায়ে হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীতর এই কিংবদন্তী।

আশা ভোঁসলের জন্ম ১৯৩৩ সালে। ভারতীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। অসংখ্য জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছে এই গুণী শিল্পী।

কয়েক দশকের দীর্ঘ ক্যারিয়ার জীবনে তিনি হিন্দি, বাংলাসহ একাধিক ভাষায় কয়েক হাজার গান গেয়েছেন। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক, গজল থেকে ক্যাবারে—প্রতিটি ধারাতেই নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন তিনি। তার গাওয়া অসংখ্য গান আজও সমান জনপ্রিয়। সময়ের সীমানা পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে।

আশা ভোঁসলে হাসপাতলে ভর্তি হওয়ার খবর শুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বেগ প্রকাশ করে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় মোদি বলেছিলেন, ‘আশা ভোসলেজি হাসপাতালে ভর্তি শুনে গভীর ভাবে চিন্তিত। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

আলোকিত প্রতিদিন / এম আর এম

কাশিয়ানীতে ই*য়াবা-গাঁ*জাসহ মা*দক কারবারি গ্রে*প্তার

মোঃ শিহাব উদ্দিন:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা এবং গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)। তিনি উপজেলার পশ্চিম রাতইল গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত শেখ মোহাম্মদ আলী এবং মাতা আসমা বেগম।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে মোট ১০ হাজার ২০৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর মধ্যে কমলা রঙের ৯ হাজার ৬২৫ পিস এবং সবুজ রঙের ৫৮২ পিস রয়েছে। এছাড়া তাঁর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তল্লাশিকালে মাদক বিক্রির অর্থ হিসেবে নগদ ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তারকৃত আকাশ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি একজন পেশাদার মাদক কারবারি।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত প্রতিদিন /১২ এপ্রিল ২০২৬ /মওম

ঢাকার যানজট নিরসনে সরকারের কাছে ১১ প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি সংগঠন ‘ঢাকা যানজট নিরসন কমিটি’ ঢাকার যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা তুলে ধরেছে। রোববার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন ঢাকা যানজট নিরসন কমিটির সভাপতি ইছহাক দুলাল।

তিনি বলেন, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ২৩০-২৫০ মিলিয়নে পৌঁছবে এবং শহরাঞ্চলে বৃদ্ধি পাবে এ জনসংখ্যা বৃদ্ধির একটি বড় অংশ। ঢাকায় যানজট হ্রাসে উদ্যোগ গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। ঢাকায় ২০০৭-২০০৮ সালে গাড়ির গড় গতিবেগ ছিল ২১ কি.মি. যা বর্তমানে ৪.৫ হতে ৭ কি.মি. প্রতি ঘণ্টায়।

সিপিডির এক জরিপ থেকে জানা যায়, প্রতি দুই ঘণ্টায় ৪৬ মিনিট যানজটে আটকে থাকতে হয় ঢাকার যাত্রীদের, যা বছরে জনপ্রতি প্রায় ২৭৬ ঘণ্টার সমান। এর ফলে প্রতিদিন নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ কর্মঘণ্টা, যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আমরা ইতোপূর্বে ২০১০ সালে ও ২০২৪ সালে এ বিষয়ে বিভিন্ন পর্যালোচনামূলক গবেষণা করে নিম্নোক্ত প্রস্তাবগুলো তুলে ধরেছি। যার কিছু ইতোমধ্যেই বাস্তবায়নের পর্যায়ে আছে এবং বাকিগুলোর বাস্তবতা উপলব্ধি করে সরকারের কাছে তুলে ধরার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

যানজট নিরসন কমিটির ১১টি প্রস্তাবনার মধ্যে রয়েছে-
১. খাল সংস্কার : ঢাকা শহরের চারদিকে যে খাল আছে সেগুলো সংস্কার করে স্পিডবোট, ওয়াটার বাস, ছোট ছোট লঞ্চ চালু করা। ২. ট্রাম রোড : ঢাকা শহরের চারপাশে নদী ঘেঁষে একটি ট্রাম রোড (মিনি রেলপথ) স্থাপন করা।
৩. রিং রোড : মিনি রেলপথ ঘেঁষে একটি রিং রোড তৈরি করা। ৪. বাস স্ট্যান্ড স্থানান্তর : সায়দাবাদ বাস স্ট্যান্ডকে কাঁচপুরে স্থানান্তর করা। মহাখালী বাস স্ট্যান্ডকে টঙ্গীতে স্থানান্তর করা, বাবুবাজার বাস স্ট্যান্ড বর্তমানে পরিচিত কেরানীগঞ্জে স্থানান্তর করা। গাবতলী বাস স্ট্যান্ড গাবতলীতে থাকবে। ৫. কমলাপুর থেকে বাইপাস বেসলাইন টঙ্গীর সঙ্গে সংযুক্ত অথবা উড়াল সেতু নির্মাণ করা : কমলাপুর থেকে বাইপাস রেললাইন টঙ্গীর সঙ্গে সংযুক্ত অথবা উড়াল সেতু নির্মাণ করলে ঢাকা শহরের অভ্যন্তরীণ মানভট নিরসনে উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে। ৬. জেল ও আদালত ভবন একই স্থানে স্থাপনের প্রস্তাব : ঢাকা শহরকে দুইটি জোনে ভাগ করে- জোন এক, কেরানীগঞ্জ জেলখানার পাশে আদালত ভবন স্বাদন করা। জোন দুই, কাশিমপুর জেলখানার পাশে আদালত ভবন স্থাপন করা। ৭. ঢাকার চারদিকে ১০০ কি. মি. ট্রেন চালু করা : ঢাকা শহর থেকে যানজট ও মানুষের চাপ কমানোর জন্য ঢাকার নিকটবর্তী জেলা শহরগুলোর সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা। ৮. ফুটপাত দখল মুক্ত করার প্রস্তাব : ফুটপাত দখল মুক্ত করে হকার পুনর্বাসন করা। যেমন ফুটপাত জনগণের সম্পদ। আর হকারদের ফুটপাতে না বসিয়ে হলিডে মার্কেট চালু করা। ফুটপাতে জনগণ চলাফেরা করবে। ঢাকাকে সাতটি জোনে ভাগ করে যেদিন যে এলাকায় মার্কেট বন্ধ থাকবে সেদিন সে স্থানে হলিডে মার্কেট ওই এলাকার উন্মুক্ত স্থানে করার ব্যবস্থা করা। ৯. ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো : ট্রাফিকের এসআই থেকে সহকারী কমিশনার পর্যান্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং কনস্টেবলদের এসআই এই ট্রেনিং করাবে। প্রয়োজনে বুয়েটের মাধ্যমে সহযোগিতা নেওয়া। গাড়ির ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিকশার ড্রাইভার ও বাইক চালকদের অন্তত মাসে একবার ট্রাফিক দিক নির্দেশনামূলক ট্রেনিংয়ের ব্যবস্থা করা। রাস্তায় কে কোন লাইনে গাড়ি চালাবে এই বিষয়ে সচেতন করা। ১০. নগর পরিবহন চালু করা : ঢাকা ২ সিটি কর্পোরেশনের মাধ্যমে নগর পরিবহন চালু করা। এক, নন এসি গাড়ি, দুই, এসি গাড়ি। নন এসি গাড়ি ভাড়া ৫ টাকা থেকে ২০ টাকা অর্থাৎ ভর্তুকি দেওয়া আর এসি গাড়ি থেকে যে পরিমাণ লাভ আসবে তা নগর পরিবহন চালু করলে প্রতিযোগিতা হবে না, এতে করে মানুষ নাগরিক সুবিধা অধিকার ভোগ উন্নতি হবে। ১১. জাতীয় স্বার্থে গাড়িতে গ্যাস দেওয়া বন্ধ করা : গ্যাসকে সংযোজন করে উৎপাদন বাড়বে এবং সিএনজি ছাড়া অন্য কোনো গাড়িতে যেন গ্যাস না দেওয়া হয়। গাড়িতে গ্যাস না দিয়ে যে সব রপ্তানিমুখী শিল্প ফ্যাক্টরিতে গ্যাসের অভাবে উৎপাদনের বিঘ্ন ঘটেছে সে সব ফ্যাক্টরিগুলোতে এই অতিরিক্ত উৎপাদন সচল করে সম্প্রসারণ করা। এতে করে আমাদের শিল্প ফ্যাক্টরিগুলো বেঁচে যাবে, আমাদের রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাবে। দেশ ও জাতির উন্নতি হবে।

কমিটির প্রচার এবং প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন হিমেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, সহ-সভাপতি হাজি আব্দুস ছামাদ, ইকবাল আহমেদ রেজা, সালাউদ্দিন খন্দকার, মুখ্য সমন্বয়ক আ শ ম সাইফুল ইসলাম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন পাটোয়ারী, কোষাধ্যক্ষ ইমতিয়াজ উদ্দিন, সদস্য রেজাউল করিম শিপন, আরাফাত হোসাইন মিনাল প্রমুখ।

আলোকিত প্রতিদিন / এম আর এম

১৪ মে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা

বিশেষ প্রতেবেদক:

আগামী ১৪ মে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে যার ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে, তারাই এই হালনাগাদ তালিকায় যুক্ত হবেন। এক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন সম্পন্ন করেছেন তাদের তালিকায় প্রকাশ করা হবে ১৪ মে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদের পুরো প্রক্রিয়াটি নিচের সময়সূচি অনুযায়ী চলবে। খসড়া তালিকা প্রকাশ ২০ এপ্রিল, ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদনের শেষ সময় ৩ মে, আবেদন নিষ্পত্তি ৬ মে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ মে।

ইসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে খসড়া তালিকায় কোনো ভুল থাকলে বা তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে ভোটাররা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

বগুড়ায় নবনির্বাচিত সাংসদ রেজাউল করিম বাদশাকে যুবদলের সংবর্ধনা

বগুড়া অফিস:

বগুড়া সদরের উপনির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের বিজয়ে নবনির্বাচিত সাংসদ রেজাউল করিম বাদশা কে সংবর্ধনা দিয়েছে জেলা যুবদল। শুক্রবার সন্ধ্যায় শহরের নবাব বাড়ি সড়কের দলীয় কার্যালয় বিজয় পরবর্তী আলোচনা সভা শেষে এই আয়োজন হয়।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসান এর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনায় অনুষ্ঠানে নবনির্বাচিত সাংসদ হিসেবে রেজাউল করিম বাদশা বগুড়া সদরের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যারা তাকে ভোট দিয়েছেন তারাসহ যারা ভোট দেননি সেই বৈষম্য না করে তিনি সকলেরই এমপি হয়ে কাজ করে যাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বগুড়ার উন্নয়নে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ পথ চলতে চান তিনি। উপনির্বাচনে নানা ষড়যন্ত্র মোকাবেলা করেও বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের সকলে যেভাবে পরিশ্রম করেছেন তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাদশা বলেন, উত্তরের প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও সুদীর্ঘ প্রায় ২০ বছর বগুড়া উন্নয়ন বঞ্চিত ছিল। দীর্ঘ বছরের এই বৈষম্য দূর করে বগুড়ার উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী যেন কাজ করতে পারেন সেজন্যই তাকে মনোনয়ন দেয়া হয়েছিল। সিটি কর্পোরেশন বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, বগুড়া বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চালু করুন, বগুড়া থেকে ঢাকা রেলপথ চালুসহ মৃতপ্রায় করতোয়া নদী রক্ষায় মাস্টার প্রকল্প বাস্তবায়নের কথা বলেন তিনি। এছাড়াও শহরজুড়ে ড্রেনেজ ব্যবস্থাসহ অবকাঠামগত উন্নয়নেও নানামুখী পরিকল্পনার কথাও জানান রেজাউল করিম বাদশা। এছাড়াও নিজ দলের নেতাকর্মীদেরও দলের শৃঙ্খলা মেনে সাধারন মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। বাদশা বলেন তৃণমূলের সকল নেতাকর্মীরই আমলনামা তৈরি হচ্ছে যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যবেক্ষণ করেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই।

সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে রেজাউল করিম বাদশা কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন এর পাশাপাশি মিষ্টি মুখ করানো হয়। একই অনুষ্ঠানে বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকিরকেও ফুলের শুভেচ্ছা জানিয়ে যুবদলের পক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদ, সংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, তৃণমূলের ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম বাদশা। বগুড়া সদর আসন জিয়া পরিবারের আসন এবং অত্যন্ত মর্যাদার আসন। এই আসনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন হিসেবে রেজাউল করিম বাদশার এই বিজয় বগুড়াবাসীর বিজয়, এই প্রাপ্তি শহীদ জিয়াউর রহমানের আদর্শের সকল নেতাকর্মীদের বিজয়। বগুড়া যে বিএনপির ঘাঁটি তা বগুড়ার মানুষ ধানের শীষের প্রতি তাদের ভালোবাসা বহিঃপ্রকাশের মাধ্যমে সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও এবারের উপ নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন। এবার সময় এসেছে বগুড়ার মানুষের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণের যা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশার মাধ্যমে বাস্তবায়ন করবেন। নির্বাচনে যুবদলের প্রতিটি ইউনিটের সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের জন্য তারা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গণমানুষের ভালোবাসা নিয়ে এভাবেই সামনের দিনগুলোতে ইতিবাচক রাজনীতির ধারা বজায় রাখার কথা বলেন জেলা যুবদলের এই শীর্ষ দুই নেতা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক ও নৌ পরিবহন মন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। ১১ এপ্রিল শনিবার বিকেলে হাজারীবাগের ২২ নং ওয়ার্ডের হাজী ইয়াসিন বানু স্কুল এন্ড কলেজে এ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন,সেতু রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি। এসময় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজু স্মৃতি সংসদের সভাপতি ও ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে মশক নিধন অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, হাজারীবাগ থানা বিএনপি আহ্বায়ক আবুল খায়ের লিটন, ডিরেক্টর অপারেশন এন্ড টেকনিক্যাল প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের লিমা হান্না দারিং। মশক নিধনের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজুর স্মৃতি সংসদ ও  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এসময় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজু স্মৃতি সংসদের সভাপতি আশিকুর রহমান আশিক বলেন, তিনি ২২ নং ওয়ার্ডে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন মশক নিধন সহ বিভিন্ন জন কল্যাণমূলক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছেন।
আলোকিত প্রতিদিন /১১ এপ্রিল ২০২৬ /মওম

অ*নশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী টুকু

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলের নদী- খাল- বিল, জলাশয়,  প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ পরিবেশ ও প্রাণ প্রকৃতির ভারসাম্য রক্ষায় বিভিন্ন দাবিতে ”নাগরিক অধিকার সুরক্ষা কমিটি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্যের নেতৃত্বে ৪ দিন ধরে গণ অনশন কর্মসূচি চলেছে। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পরিবেশবাদী নেতাকর্মীরা মানববন্ধন শেষে ০৮ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চার দিন যাবত এ গণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনশনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক টোকাই নাট্যদলের প্রতিষ্ঠাতা সাজু মেহেদী, বীর মুক্তিযোদ্ধা লেখক কবি আবু মাসুম ও নাট্যাভিনেতা জাকির হোসেন। অনশনের সংবাদ পেয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল শহীদ মিনারে এসে অনশনকারীদের পানি পান করিয়ে তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। অনশনকারীরা প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট বিভিন্ন দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। প্রতিমন্ত্রী তাদের দাবির প্রতি সহমত প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনশনে স্থানীয় সচেতন নাগরিকগণ, পরিবেশকর্মী, নাট্যকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সহ সভাপতি মো: রাশেদ খান মেনন, সাংগঠনিক সম্পাদক তালহা আল মাহমুদ, মাসুম, আবুল কালাম আজাদ, রাহাত মিয়া, হুমায়ুন খান, রাবেয়া বেগম, নীলা আক্তার ‘সহ বিভিন্ন সংগঠনের অন্যান্য সদস্যগন। প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপির মাধ্যমে -নাগরিক অধিকার সুরক্ষা কমিটি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার বিভিন্ন নদী, খাল-বিল ও জলাশয় আজ দূষণ ও দখলের কারণে দ্রুত অস্থিত্ব হারাচ্ছে। জেলার বিভিন্ন স্থানে বিশেষ করে শহরের ভিক্টোরিয়া রোডে শ্যামাপদ খাল, ব্রাহ্ম সমাজের ঐতিহাসিক মন্দির, জাদু সম্রাট পিসি সরকার এর ঐতিহাসিক বাড়ি, শান্তিকুঞ্জ মোড় জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম সহ প্রাচীন বিভিন্ন স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো অযত্ন, অবহেলা ও দখলের কারণে বিলুপ্তির পথে। আমরা লক্ষ্য করেছি যে, দখল দূষন ও অবৈধ স্থাপনা নির্মানের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে কৃষি, পরিবেশ ও প্রাণ প্রকৃতি জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়ছে। দায়িত্বপ্রাপ্ত দায়ীত্বহীন অসাধু কর্মকর্তা ও প্রভাবশালীদের কারণে জেলা শহরে অনুমোদনহীন ও প্লান বর্হিভূত বহুতল ভবনের সংখ্যা বাড়ছে। এতে করে ভূমিকম্পসহ বিভিন্ন ধরণের ঝুঁকি বাড়ছে।
প্রত্মতাত্তিক নিদর্শন মসজিদ, মন্দির ও পুরাতন স্থাপনা যথাযথ সংরক্ষণের অভাবে প্রাচীন স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্য বিলুপ্তের দারপ্রান্তে। অপরিকল্পিতভাবে বালু ও মাটি উত্তোলন এবং অনিয়মতান্ত্রিক বালুমহল এর কারণে গতিপথ হারাচ্ছে নদী। এতে
জনজীবনে দূর্ভোগসহ রাজস্ব হারাচ্ছে সরকার। আমাদের টাঙ্গাইল জেলা শহরের নিরালা মোড় সংলগ্ন শ্যামাপদ খাল’সহ নদী-খাল-বিলের অবৈধ দখল উচ্ছেদ ও খনন করে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে। খাস খতিয়ান ভুক্ত সকল পুকুর উদ্ধার এবং সঠিক ব্যবস্থাপনা করতে হবে।
প্রাকৃতিক জলাধার সংরক্ষণে কার্যকর আইন প্রয়োগ ও স্থানীয় প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
ধর্মীয় ও প্রত্মত্বাতিক ঐতিহ্যবাহী স্থাপত্যগুলোকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষণ ও পুনঃনির্মাণে উদ্যোগ গ্রহণ করতে হবে।
জনস্বার্থে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে। জনস্বার্থে টাঙ্গাইল -নাগরপুর সড়কের শামসুল হক (এলাসিন) সেতুর টোল আদায় বন্ধ করতে হবে।
টাঙ্গাইল জেলাকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে ডাক্তার ও বিভিন্ন টেস্টের ফি সরকারি ভাবে নির্ধারণ করতে হবে। ঐতিহ্যবাহী ভাসানী হল সংস্কার করতে হবে। সড়ক দূর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন রাস্তার মাঝে বিদ্যমান বৈদ্যতিক খুঁটিগুলো অপসারণ করতে হবে। যানযট নিরসণে ফুটপাত গুলোকে দখল মুক্ত করতে হবে। ভূমিকম্প ও অন্যান্য দূর্যোগ প্রতিরোধে অনুমোদনহীন ও প্লান বহির্ভূত ভবন নির্মান বন্ধ করতে হবে।
আমরা আশা করি, মাননীয় প্রধান মন্ত্রীর সঠিক নির্দেশনার মাধ্যমে স্থানীয় এমপি, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো আমাদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবে।
আলোকিত প্রতিদিন /১১ এপ্রিল ২০২৬ /মওম

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই যেন সবসময়ই বাড়তি উন্মাদনা তৈরি করে। লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ (শনিবার) মুখোমুখি লড়াইয়ে আলবিসেলেস্তে যুবাদের ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। ফলে ব্রাজিল আগামী নভেম্বরে হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল। অপরদিকে আর্জেন্টিনা প্রথম সুযোগ হাতছাড়া করল।

তবে এই হারের পরও আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের পরে অবস্থান করছে ভেনেজুয়েলা এবং বলিভিয়া (৪ পয়েন্ট) ও পেরু (০)। আর্জেন্টিনা গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে তারা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ম্যাচটি হবে আগামীকাল (রোববার) রাত ২টায়।

এই ম্যাচের শেষদিকে হাতাহাতিতে জড়ায় ফুটবলাররা। একপর্যায়ে আর্জেন্টাইন খেলোয়াড় তোবিয়াস গয়তিয়া লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। যে কারণে বলিভিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন না।

ব্রাজিলের হয়ে রিকেলমে হেনরিক দুটি এবং এদুয়ার্দো কন্সেকাও একটি গোল আর্জেন্টিনাকে হারানোর জন্য যথেষ্ট ছিল। চলমান চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল। ফলে পূর্ণ পয়েন্ট নিয়ে তারা বি গ্রুপের সবার উপরে অবস্থান করছে। রোববার আর্জেন্টিনার সঙ্গে বলিভিয়া ও অপর ম্যাচে ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপপর্ব।

এই টুর্নামেন্ট থেকে মোট সাতটি দল কাতারে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ও সরাসরি জায়গা নিশ্চিত করবে বিশ্বকাপে। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে প্লে-অফের মাধ্যমে বাকি তিনটি টিকিট নির্ধারিত হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ক্ষেতলালে সাবেক স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় মিলল ম*রদেহ

 প্রতিনিধি,জয়পুরহাট:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সুতার গুচ্ছগ্রামে পাশের একটি ধানক্ষেত থেকে আশুরা (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

১১ এপ্রিল শনিবার সকাল ৯টার দিকে মামুদপুর ইউনিয়নের আইমাপুর নামাজগর মাঠের একটি অগভীর নলকূপ ঘর থেকে ঘাতক স্বামী বাবলু মন্ডলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে আটিদাশা মৌজার সুতার গুচ্ছগ্রাম সংলগ্ন সিরাজুল ইসলামের ধানক্ষেতে মরদেহটি দেখতে পান গভীর নলকূপের ডেনম্যান আব্দুস সালাম। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আশুরা একই গ্রামের মোফাজ্জল ওরফে মফের ছেলে বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী। বাবলুর তিনজন স্ত্রী ছিল, যার মধ্যে আশুরা ছিলেন তৃতীয়। ডিভোর্সের পর আশুরা আদালতে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুকের মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন বাবলু তার সাবেক স্ত্রী আশুরাকে নিয়ে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। স্থানীয় বাজারেও তাদের একসঙ্গে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওইদিনই বাড়ির পাশের সুতার পুকুর আদর্শগ্রাম থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে রেজাউলের ধানের জমিতে আশুরাকে হত্যা করা হয়।

মরদেহ উদ্ধারের সময় নিহতের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি স্যান্ডেল, গেঞ্জি ও কাদামাখা লুঙ্গি উদ্ধার করেছে পুলিশ।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে তিনি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে
হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক স্বামী বাবলুকে আটক করা হয়েছে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷ ।

আলোকিত প্রতিদিন /১১ এপ্রিল ২০২৬ /মওম

জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবেলায় মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা

মো: মহিদ:
জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মানিকগঞ্জে সাইকেল যাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সাইকেল র‍্যালি বের করা হয়। সাইকেল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।  এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মমতাজ আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল, ন্যাশনল পলিটেকনিক ইনস্টিটিউট এনপিআই’র প্রিন্সিপাল ড.ফারুক হোসেন,বারসিকের জেলা কোঅর্ডিনেটর বিমল রায়। অনুষ্ঠানে জেলা সার্কের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সাইকেল র‍্যালিটি বিজয় মেলা মাঠ থেকে শুরু হয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পুনরায় বিজয় মেলা মাঠে এসে শেষ হয়। পরে সেখানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন /১১ এপ্রিল ২০২৬ /মওম