আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 70

যিশুর মতো ছবি পোস্ট, ডাক্তার হিসেবে দেখানো হয়েছে: দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিতে দেখা যাচ্ছে, তিনি যিশুর পোশাক পরে আছেন এবং একজন মুমূর্ষূ রোগীকে সেবা দিচ্ছেন, পাশে এক নারী বসে প্রার্থনা করছেন। ছবিতে সোনালী আভাও ব্যবহার করা হয়েছে। যা ঐশ্বরিকতার জানান দিচ্ছে।

সমালোচনার মুখে ছবিটি ডিলিট করেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, এ ছবিতে তাকে যিশু নয়, একজন ডাক্তারের ভূমিকায় দেখানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “আমি তো ভেবেছিলাম, এখানে আমি একজন ডাক্তার। শুধুমাত্র ভুয়া মিডিয়া অন্য কোনো খবর প্রকাশ করতে পারে। আমি মানুষকে ভালো করি।”

নিজের যিশু সদৃশ ছবি প্রকাশের আগে পোপ ষোড়শ লিওর সমালোচনা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এ পোপ যুদ্ধের বিরুদ্ধে কথা বলায় ট্রাম্প তার ওপর ক্ষিপ্ত হন। পোপকে ট্রাম্প দুর্বল ব্যক্তি হিসেবেও অভিহিত করেন। ছবি প্রকাশ করে সমালোচনায় পড়েন তিনি। যার প্রেক্ষিতে ছবিটি ডিলিট করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: নিউইয়র্ক টাইমস

আলোকিত প্রতিদিন /১৪ এপ্রিল ২০২৬ /মওম

সাভারে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ও আনন্দ শোভাযাত্রা

শহিদুল্লাহ সরকার: 
পহেলা বৈশাখ ১৪৩৩ সন উপলক্ষে সাভারে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই এপ্রিল মঙ্গলবার সকালে  সাভার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয় ।এসময় আনন্দ শোভাযাত্রাটি ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এক‌ই স্থানে এসে শেষ হয়। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ও সেখানে পান্তা ইলিশ সহ বিভিন্ন ধরনের বৈশাখী খাবারের আয়োজন করা হয়। আনন্দ শোভাযাত্রায় সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আলোকিত প্রতিদিন /১৪ এপ্রিল ২০২৬ /মওম

মুরাদনগরে মাঠে গ*লাকা*টা যুবকের লা*শ উদ্ধার

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি চাপিতলা গ্রামে মাঠ থেকে এরশাদ মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৪ এপ্রিল মঙ্গলবার সকালে বি চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত এরশাদ মিয়া ওই গ্রামের আব্দুল হকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, তিনি আগে গাড়ি চালাতেন। তবে গত কয়েক বছর ধরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং অনিয়মিত জীবনযাপন করতেন।

নিহতের পিতা আব্দুল হক জানান, আমার ছেলে নেশায় আসক্ত হয়ে উল্টাপাল্টা চলাফেরা করত। তাকে ভালো পথে ফেরাতে বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করেছি, চেয়ারম্যান  এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছেও গিয়েছি। কিন্তু কোনোভাবেই তাকে নেশা থেকে ফিরাতে পারিনি। বিয়েও করিয়েছিলাম, কিন্তু তার নেশার কারণে স্ত্রীও চলে গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি মোমেন মিয়া বলেন, প্রায় এক বছর আগে তাকে ধরে পুলিশে দিয়েছিলাম। কিন্তু সে সংশোধন হয়নি। যারা এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে এরশাদ মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন /১৪ এপ্রিল ২০২৬ /মওম

কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল: 
কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক সচ্ছল থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্যক্রম উদ্বোধনের সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান-কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পয়লা বৈশাখ বাংলা সংস্কৃতির ঐতিহ্য যা মিশে আসে কৃষক ভাই বোনদের সাথে। এর লক্ষ্যেই কৃষক কার্ড উদ্বোধনের জন্য  দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এই সরকার জনগণের সরকার। তাই নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো কালী মোছার আগেই বাস্তবায়ন করছে সরকার।’
তিনি বলেন, ‘আজকের এই প্রি পাইলটি প্রজেক্টের মাধ্যমে ২২ হাজার কৃষক এই কার্ড পাচ্ছেন। কৃষকরা নতুন করে হিসাবের খাতা খুলতেন, সেখান থকে পয়লা বৈশাখের অনুষ্ঠান। পয়লা বৈশাখ কৃষকদের সঙ্গে জড়িত বলেই কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলাম।’
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকদের হাতে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে।’
তিনি বলেন, ‘দেশের কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। বর্তমান সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলা।’
প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ডে থাকছে ১০ টি সুবিধা। এর মাধ্যমে কৃষকের অবস্থার পরিবর্তন হবে। খাদ্যঘাটতি মেটাতে, ফসল সংরক্ষণে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে।
তিনি বলেন, ‘৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খাল ও নদী খননের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর বাড়বে। এখন দেশ গড়ার সময়। নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। বিএনপির লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, প্রধান মন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু) এমপি। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে যান এবং সেখানে তিনি কৃষি মেলার উদ্বোধন করেন।
আলোকিত প্রতিদিন /১৪ এপ্রিল ২০২৬ /মওম

নতুনের আবাহনে ঘিওরে বৈশাখী উৎসব: মঙ্গল শোভাযাত্রায় রঙিন ১৪৩৩

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের ঘিওরে পুরাতন জরাজীর্ণ আর গ্লানিকে পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। ১৪ এপ্রিল মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকেই ঘিওর উপজেলা চত্বর পরিনত হয় উৎসবের জনপদে। বাঙালির চিরায়ত এই উৎসবকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

​সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা সাজে মানুষ জড়ো হতে থাকেন উপজেলা চত্বরে। নারীদের পরনে লাল-সাদা শাড়ি, মাথায় ফুলের টায়রা আর পুরুষদের পরনে ছিল বাহারি পাঞ্জাবি। শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের গালে-হাতে আঁকা আলপনা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।
এসময় ​উপজেলা চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বাঘ, প্যাঁচা, রাজা-রানীসহ নানা রকম মুখোশ, রঙিন প্ল্যাকার্ড এবং লোকজ ঐতিহ্যের প্রতিকৃতি নিয়ে অংশ নেন। ঢাক-ঢোলের শব্দে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

​শোভাযাত্রা শেষে শুভেচ্ছা বক্তব্যে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম বলেন- ​”আমাদের সংস্কৃতিই আমাদের পরিচয়। বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি, আজকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারই প্রমাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই আজ এক কাতারে দাঁড়িয়েছি। আমরা চাই সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে আরও সমৃদ্ধ ও বিকশিত করতে।”

​নিরাপত্তা প্রসঙ্গে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মানুষ পহেলা বৈশাখ উদযাপন করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই ঐতিহ্যবাহী এই উৎসব পালিত হচ্ছে।

​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় ঘিওরবাসী।

আলোকিত প্রতিদিন /১৪ এপ্রিল ২০২৬ /মওম

রা*জাকারের সন্তান ইমরানকে ক্রীড়া সংস্থায় অন্তর্ভুক্তি নিয়ে স*মালোচনা

এম জসিম উদ্দিন- চট্টগ্রাম:

আগস্ট ২০২৪-এ আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশে দেশের বিভিন্ন উপজেলা, জেলা  এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হচ্ছে। এ কর্মসূচীর অংশ হিসেবে গত ২৯/৩/২০২৬ ইংরেজি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও একটি এডহক কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটিতে স্থানীয় পর্যায়ে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান ও আওয়ামী লীগ দোসরকে রাখার অভিযোগ উঠেছে। যার ফলে আনোয়ারায় কমিটি প্রত্যাখ্যান এবং স্থবিরতার শঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির উল্লেখযোগ্য দিক: অ্যাডহক কমিটির গঠন: জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে সভাপতি করে ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠিত হচ্ছে। আনোয়ারায় গঠিত কমিটিতে স্থানীয় ক্রীড়াঙ্গনের সাথে সরাসরি সম্পৃক্ত নয় এমন ব্যক্তি ইমরান চৌধুরীকে সদস্য সচিব করায় আপত্তি ও নিন্দার ঝড় উঠেছে আনোয়ারার বিভিন্ন রাজনৈতিক দলে ও ক্রীড়াঙ্গনে। ৭ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হলেন, আনোয়ারা উপজেলা নির্বাহি কর্মকর্তা ( ইউএনও) তাহমিনা আক্তার, সদস্য- অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারা থানা, সদস্য- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সদস্য- উপজেলা যুব উন্নয়ন অফিসার, সদস্য- উপজেলা সমাজসেবা অফিসার, সদস্য- মহসিন পারভেজ। এতে সদস্য সচিব করা হয়েছে উপজেলার বারখাইন গ্রামের ইমরান চৌধুরীকে। ইমরান চৌধুরী ৭১-এ মুক্তিযুদ্ধকালীন আনোয়ারা থানা রাজাকার কমান্ডার আবদুল জলিল প্রকাশ জলিল মাষ্টারের সন্তান। তাঁকে কমিটির সদস্য সচিব করার বিষয়ে মুঠোফোনে তিনি বলেন, আমি ব্যবসা করি এবং আমি একজন ক্রীড়াবিদ। ইমরান বলেন, আমার এবং আমার বাপ-চাচার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা। ইমরান চৌধুরীর আপন দুই চাচা আবদুল আজিম, আবু তাহেরও তালিকাভুক্ত রাজাকার ছিলেন। এই তিন আপন সহোদরের নামে আনোয়ারা থানায় ১৯৭২ সালে দালাল আইনে একটি মামলা রুজু করা আছে । যার আনোয়ারা থানার মামলা নম্বর ৩, জি-আর নম্বর ৪১৩/৭২, তারিখ ১৮/১১/১৯৭২, মামলার বাদী বারখাইন গ্রামের নজরুল ইসলাম। এ বিষয়ে আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে চিহ্নিত রাজাকারের সন্তান সদস্য সচিব হয়েছে শুনে আমি ব্যথিত হয়েছি- মর্মাহত হয়েছি। মুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক বিতর্কিত এই কমিটির কার্যক্রম স্থগিত অথবা বাতিল করতে চট্টগ্রাম-১৩ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য আখতারুজ্জামান আখতার বলেন, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ইমরান চৌধুরী নামক যে ব্যক্তিকে সদস্য সচিব করা হয়েছে তিনি একজন চিহ্নিত আওয়ামী দোসর। আখতারুজ্জামান আখতারও বিতর্কিত এই কমিটি বাতিলের পক্ষে জোর দাবী জানান। তিনি বলেন, বিতর্কিত এই কমিটি দ্রুত বাতিল না করলে আনোয়ারার ক্রীড়াঙ্গনে বড় ধরনের স্থবিরতার আশঙ্কা আছে। বিতর্কিত কমিটির বিষয়ে সদ্য যোগদানকৃত আনোয়ারা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিন উদ্দিন জানান, আমি যোগদানের আগে বিদায়ী ইউএনওর আমলে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, এর বাইরে আমি কোনো মন্তব্য করতে রাজি নই।

আলোকিত প্রতিদিন /১৪ এপ্রিল ২০২৬ /মওম

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর করতে পুতিনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার মস্কোতে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুতিনের মুখপাত্র এবং ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ।

ব্রিফিংয়ে পেসকভ বলেন, “যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার পরই এই প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। আগেও আমরা এমন একটি প্রস্তাব দিয়েছিলাম।”

সোমবারের ব্রিফিংয়ে পেসকভ আরও জানান, আগের দিন রবিবার টেলিফোনে কথা হয়েছে পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে। পেজেশকিয়ান ইসলামাবাদে মার্কিন এবং ইরানি প্রতিনিধিদের মধ্যে বৈঠকের বিভিন্ন তথ্য পুতিনকে জানিয়েছেন।

“প্রেসিডেন্ট পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো রাজনৈতিক এবং কূটনৈতিক উদ্যোগে সহযোগিতা করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ”, বলেছেন পেসকভ।

ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে। এই ইউরেনিয়াম ৬০ শতাংশ বিশুদ্ধ বা পরিশুদ্ধ। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী এই বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা হলেই পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান।

ইরান অবশ্য বরাবরই পরমাণু প্রকল্পের আড়ালে বোমা তৈরির প্রচেষ্টার কথা অস্বীকার করে আসছে, তবে দেশটির পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রায় দু’যুগ ধরে দেশটির সঙ্গে বিরোধ চলছে যুক্তরাষ্ট্রের। এর জেরেই ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ।

মার্চের প্রথম সপ্তাহে ইরানকে ১৫টি পয়েন্টের একটি শান্তি প্রস্তাবনা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবনার একটি পয়েন্টে উল্লেখ করা হয়েছে— ইরানের এই ইউরেনিয়াম হয় ধ্বংস করতে হবে, নয়তো অপসারণ করতে হবে।

সূত্র : এএফপি, ফার্স্টনিউজ

আলোকিত প্রতিদিন /১৪ এপ্রিল ২০২৬ /মওম

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল: 
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার(১৪ এপ্রিল) টাঙ্গাইল আসছেন। এদিন তিনি টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন ও শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন এবং নানা কর্মসূচিতে অংশ নেবেন। একদিকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও নববর্ষের আবহ, অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন- সব মিলিয়ে টাঙ্গাইল জুড়ে এখন সাজ সাজ রব এবং উৎসবের আমেজ বিরাজ করছে। টাঙ্গাইলে বইছে দ্বিগুণ আনন্দের জোয়ার।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে। এদিন তিনি স্টেডিয়ামে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এরপর শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত ‘কৃষি মেলা’র উদ্বোধন ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
সরেজমিনে দেখাগেছে, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য টাঙ্গাইলে দুটি হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক, কৃষি মেলা প্রাঙ্গণ এবং মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার এলাকাকে নতুন রূপে সাজানো হচ্ছে। তবে প্রধানমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নামক বাসযোগে সড়ক পথে টাঙ্গাইলে আসার সম্ভাবনা বেশি।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশস্থল পরিদর্শন ও কাজের অগ্রগতি দেখতে যান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাংবাদিকদের বলেন, দেশের প্রায় সত্তরভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের ভাগ্য পরিবর্তন হলেই দেশ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কৃষক যেন ন্যায্য মূল্য ও অধিকার পান- এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী কৃষি কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি বলেন, পহেলা বৈশাখে এই কর্মসূচির উদ্বোধন হওয়ায় দিনটি দ্বিগুণ তাৎপর্যপূর্ণ। একদিকে বাংলা নববর্ষের প্রথম দিন, অন্যদিকে দেশের প্রথম কৃষক কার্ড কর্মসূচির যাত্রা- যা টাঙ্গাইলসহ সারা দেশের জন্য একটি ঐতিহাসিক দিন।
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে টাঙ্গাইলসহ দেশের ১১টি স্থানে ‘প্রি-পাইলটিং’ হিসেবে কার্যক্রম শুরু হবে। পরে পাইলটিং ও পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে।
এসময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার প্রমুখ।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি- পরিত্যক্ত এয়ারপোর্টটি পুনরায় চালু করা এবং যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। কৃষক সমাবেশে প্রিয় নেতার মুখ থেকে এসব জনগুরুত্বপূর্ণ বিষয়ে আশাব্যঞ্জক ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন জেলাবাসী। শহিদ মারুফ স্টেডিয়াম, কৃষি মেলা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারসহ শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ। স্টেডিয়ামে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। চার স্তুরের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন গোয়েন্দা ইউনিটসহ প্রশাসনের কর্মকর্তারা তৎপর রয়েছেন। তারা বিভিন্ন অংশীজনদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন।
প্রিয় নেতাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন বিএনপির নেতাকর্মীরাও। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও শফিকুর রহমান খান জানান, টাঙ্গাইলকে সিটি করপোরেশনে উন্নীত, শহরের পরিত্যাক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধ, ভাসানী হল পুনঃনির্মাণ, সরকারি সা’দত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি সহ প্রধানমন্ত্রীর কাছে নানা দাবি জানানো হবে।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, টাঙ্গাইলের প্রবেশদ্বার গোড়াই থেকে প্রধানমন্ত্রীকে বরণ করা হবে। তারা খুব আনন্দিত। ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছে টাঙ্গাইল।
সফরসূচি অনুযায়ী, তারেক রহমান মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে প্রথমে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী ‘প্রি পাইলটিং’ এ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের মোট এক হাজার ৪৭০ জন ‘কৃষক কার্ড’ পাচ্ছেন। এরমধ্যে একশ’ জন কৃষক প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে উপস্থিত থাকবেন। আর ১৫ জন কৃষকের হাতে প্রথানমন্ত্রী সরাসরি আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড তুলে দিবেন।
এদিকে, নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দিচ্ছে না প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিভিন্ন ইউনিটের সমন্বয়ে শহরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় কাজ করছে। সব মিলিয়ে নববর্ষের প্রথম প্রভাতে প্রিয় নেতাকে বরণ করে নিতে এখন পুরোপুরি প্রস্তুত টাঙ্গাইল।
আলোকিত প্রতিদিন /১৩ এপ্রিল ২০২৬ /মওম

নবীনগরের আলীয়াবাদ খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু

মোঃ আনোয়ার হোসেন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলীয়াবাদ খালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ১৩ এপ্রিল সোমবার খালের পূর্ব অংশ আলীয়াবাদ গোলচত্বর সংলগ্ন সওজের ব্রিজের নীচ থেকে খননযন্ত্র দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করা শুরু হয়। এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আবদুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
জানা যায়- আলীয়াবাদ খাল বুড়ী নদী থেকে শুরু হয়ে ভাটা নদীতে মিলেছে। পচন/অপচনশীল বর্জ্য, ময়লা-আবর্জনা সরাসরি খালে ফেলার কারণে খালটি ভরাট হয়ে বিলীন হতে চলেছে। এ ছাড়া পৌরসভা কর্তৃক অপরিকল্পিত ভাবে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মানের কারণে পানি নিষ্কাশন ও পানির প্রবাহ বন্ধ হয়ে পরিবেশ বিপর্যয় ঘটছে। ময়লা বর্জ্য জমে খালের পানি বিষাক্ত হয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। দুর্গন্ধ ও পানিবাহিত রোগ ছড়াচ্ছে। এ পানি কৃষি জমিতে গিয়ে ফসলের ক্ষয়ক্ষতি করছে এবং মশার প্রজনন কেন্দ্রে রূপ নিয়েছে। বর্ষাকালে প্লাবিত এলাকার জলাবদ্ধতা নিরসনে কোনো ভূমিকা রাখতে পারছিল না খালটি।
অ্যাড. আবদুল মান্নান এমপি বলেন-“এই খাল জনগুরুত্বপূর্ণ, খালের অস্তিত্ব রক্ষা করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে, খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, তাহলেই খালের অস্তিত্ব রক্ষা পাবে এবং খালের সুফল জনগণ ভোগ করতে পারবে। খালের দুপাশে রেলিং দেওয়াসহ দুই পাশের রাস্তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান বলেন-“আলীয়াবাদ খালের অস্তিত্ব রক্ষা এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে নবীনগর পৌরসভার পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

আলোকিত প্রতিদিন /১৩ এপ্রিল ২০২৬ /মওম

 দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফে*নসিডিলসহ ২ মা*দক ব্যবসায়ী আ*টক

শহীদুল ইসলাম রুবেল:

দূর্গাপুর পৌর এলাকার বুরুঙ্গা ভাঙ্গা ব্রীজ নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হাফিজুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিক নির্দেশনায় দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ কামরুল হাসান এর সার্বিক তত্বাবধানে এস আই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস
টিম ১৩ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৫ টায় দূর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রীজ নামক এলাকা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, দূর্গাপুর উপজেলা চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আওয়ালের পুত্র নাসির উদ্দীন (২৮) ও তারা মিয়ার পুত্র আলী আকবর (২৫)।থানার এস আই নুরুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা পর আসামিদেরকে সোমবার বিকালে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আলোকিত প্রতিদিন /১৩ এপ্রিল ২০২৬ /মওম