আজ , ।   
Home Blog Page 690

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা সদস্য নিহত-১, আহত-৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ এবং বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ সেনাসদস্য। উপত্যকাটির কিশতওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। ১১ নভেম্বর  সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মিরের কিশতওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের সাথে বন্দুকযুদ্ধের সময় এক সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, শনিবার কিশতওয়ারের ভরত রিজে যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার নিহত হয়েছেন।

এনডিটিভি বলছে, সম্প্রতি দুই গ্রাম প্রতিরক্ষা গার্ড (ভিডিজি) নিহত হওয়ার পর থেকে ব্যাপক অনুসন্ধানের মধ্যে “সন্ত্রাসবিরোধী অভিযানটি” শুরু করে ভারতীয় সেনাবাহিনী। মূলত বিচ্ছিন্নতাবাদীরা ভিডিজিদের অপহরণ করে হত্যা করার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুন্তওয়ারা এবং কেশওয়ানের জঙ্গলে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু হয়। হিমালয় অঞ্চলের ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে পাকিস্তান। ১৯৮৯ সালে জম্মু-কাশ্মিরে ভারত-বিরোধী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হওয়ার পর ওই অঞ্চলে অসংখ্যবার সহিংসতা ঘটেছে।

দশকের পর দশক ধরে চলে আসা এই সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। তবে আগের তুলনায় জম্মু-কাশ্মির উপত্যকায় সহিংসতার ঘটনা কমেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ওসির ক*বজি কাম*ড়ে পালালেন যুবলীগ নেতা!

আলোকিত প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি হালিম মিয়াকে পুলিশের গাড়িতে তোলার সময় ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্য।

রবিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- নবীনগর থানার ওসি মো. হুমায়ূন কবির, উপ-পরিদর্শক (এসআই) মো. সামিম ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান চৌধুরী, মো. আবদুর রশিদ, আবুল কালাম ও বিল্লাল হোসেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আসামি হালিম মিয়া রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়নের খাগাতুয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, হালিম মিয়ার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও পুলিশ আহত করার ঘটনায় মামলা আছে আরো। এছাড়াও তিনি স্থানীয় এক ব্যক্তিকে হত্যার মামলার আসামিও। রবিবারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, হালিম মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রবিবার সন্ধ্যায় ওসি মো. হুমায়ূন কবির ১২ সদস্যের দল নিয়ে খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে হামিল মিয়াকে গ্রেপ্তার করেন তিনি। পুলিশের ভ্যানে উঠানোর সময় হালিমের লোকজন পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপসহ পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় ওসি মো. হুমায়ূন কবিরের বাঁ হাতের কবজিতে কামড় দিয়ে পালিয়ে যান হালিম।

স্থানীয়রা আরও জানান, বাধা দেওয়াসহ গ্রেপ্তারের চেষ্টা করলে এসআই নাসির উদ্দিনকে দা দিয়ে কোপ দেন হালিম মিয়া। হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। আহতরা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে এসআই নাসির উদ্দিনের মাথায় আটটি সেলাই লেগেছে।

ওসি হুমায়ূন কবির বলেন, “হালিম একজন ডাকাত। তার বিরুদ্ধে আরো চারটি মামলা আছে। এছাড়া চাঁদাবাজির মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও আছে। তাকে গ্রেপ্তার করে ভ্যানে তোলার সময় পেছন থেকে তার লোকজন হামলা চালায়। হালিম অনেক শক্তিশালী হওয়ায় আমার হাতের কবজিতে কামড়সহ পুলিশের আরেক সদস্যের মাথায় কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনরা পেলেন রাজশাহী বিআরটিএ’র অনুদান

নাহিদ ইসলাম (রাজশাহী): রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত আরও দুজনকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।
রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে এ অনুদান বিতরণ করা হয়। দুপুরে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও বিআরটিএর রাজশাহী সার্কেল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আহত ও নিহত সাতজনের পরিবারের সদস্যদের হাতে ৩২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
বিআরটিএর রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুর রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা ইমাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক প্রমুখ। অনুষ্ঠানে পাঁচ লাখ টাকার চেক পান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আয়েশা বেগম। তিনি জানান, তাঁর স্বামী দুরুল হোদা চালক ছিলেন। গতবছর এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। এরপর প্রতিবন্ধী সন্তানকে নিয়ে তিনি ভীষণ বিপদে আছেন। এখন এই পাঁচ লাখ টাকা দিয়ে নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি প্রতিবন্ধী শিশু সন্তানের চিকিৎসা করাবেন।
আলোকিত/১১/১১/২০২৪/আকাশ

বাকুর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

আলোকিত ডেস্ক:

জলবায়ু সম্মেলনে কপ-২৯ যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১১ নভেম্বর সোমবার বেলা ১১টায় আজারবাইজানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

শফিকুল আলম বলেন, ‘জলবায়ু সম্মেলনে উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন।’

তিনি জানান, এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে-এসব বিষয় তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।

তিনি আরও যোগ করেন, অধ্যাপক ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে , সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এটি ড. ইউনূসের দ্বিতীয় সফর। তার প্রথম সফর ছিল নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন।

 

জামায়াত নেতাদের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো। ১১ নভেম্বর সোমবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সিঙ্গাপুর এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। সিঙ্গাপুর সিটি নামেও পরিচিত এ উন্নত দেশটি ৬৪টি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত। অল্প সময়ের মধ্যেই দেশটি উন্নত রাষ্ট্রের স্থানে অধিষ্ঠিত হয়েছে। তাদের সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে।

তিনি বলেন, আমরা বলেছি, বাংলাদেশে দীর্ঘদিন থেকে গণতন্ত্রের জন্য সংগ্রাম চলছে। আমরা বিশ্বাস করি এ দেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। যেটার জন্য দীর্ঘসময় ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। কিন্তু বিগত সরকারগুলো সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তারা গণতন্ত্রের প্রতিশ্রুতি দিলেও এর সুফল জনগণ ভোগ করতে পারেনি। যার ফলে দীর্ঘসময় পর হলেও একটা বড় সফল গণআন্দোলন সংঘটিত হয়েছে, গত ৫ আগস্ট সরকারের পতন ঘটেছে। যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করছি। তবে এটা বাস্তবায়ন হবে না যতক্ষণ দেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন সবাইকে সঙ্গে নিয়ে এবং রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যেন সংস্কার কার্যক্রমগুলো ভালোভাবে চলে। কিছু এগিয়েছে, আরও বাকি আছে। এরই মধ্যে কিছু দল সংস্কার প্রস্তাব দিয়েছে। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ব্যাপারে জামায়াতে ইসলামী আরও কাজ করছে। চেষ্টা করছি, আশা করছি খুব শিগগিরিই দেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তাহলেই দেশে শান্তি ও সুফল আসবে বলে জামায়াতে ইসলামী মনে করে। জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, আমরা বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে যে অর্থনৈতিক যোগাযোগ, ছাত্র-জনশক্তি যারা সেখানে কাজ করছে তা যেন আরও মজবুতভাবে এগিয়ে নিতে পারি সে ব্যাপারে আলোচনা হয়েছে। উচ্চ বৃত্তিসহ শিক্ষার জন্য শিক্ষার্থীদের পাঠানো, জনশক্তি রপ্তানি যেন আরও বেশি করতে পারি সে ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার জন্যে আমরা কিছু পরামর্শ রেখেছি। গত গণআন্দোলনে আহত, হাতপা, চোখসহ অঙ্গহানির শিকারদের সুচিকিৎসা এবং আর্টিফিসিয়াল অঙ্গ প্রতিস্থাপনে সহযোগিতা চাওয়া হয়েছে। ব্যক্তি ও সরকারি পর্যায়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিঙ্গাপুরের হাইকমিশনার।

সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের কারাদণ্ড স্থগিত

আলোকিত প্রতিবেদক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেছেন আদালত। খালেদা জিয়ার আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত থাকবে। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সার সংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্ব্বোচ আদালত।১১ নভেম্বর সোমবার  আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান। একইসঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। বাকি চার আসামি হলেন সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি এবং ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী এবং মমিনুর রহমান।

এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। পরে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের  হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন খালেদা জিয়া।

উপদেষ্টা ফারুকীকে অভিনন্দন জানিয়ে কী লিখলেন তিশা!

বিনোদন প্রতিবেদক…

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নিলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল রবিবার সাড়ে ৭টার পর বঙ্গভবনে শপথ নেন তিনি সাথে ছিলেন তার স্ত্রী তিশা।

বঙ্গভবনে ফারুকীর শপথ নেওয়ার একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ফারুকীকে অভিনন্দন জানান অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

ভিডিওটি পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন স্বামী। আলহামদুলিল্লাহ।’ বঙ্গভবনে শপথ নিতে কালো রঙের পাঞ্জাবি, পায়জামা আর ক্যাপ পরে গিয়েছিলেন ফারুকী। সঙ্গে তিশাও ছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারে যোগ দিলেন ফারুকীও।

আলোকিত প্রতিদিন/এপি

গাজীপুরে সাড়ে চার বছরের শিশু ধর্ষনে*র চেষ্টার অভিযোগে যুবক আট*ক

মোঃ আরিফ হোসেন, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে সাড়ে চার বছরের এক শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে শাহ আলম নামে এক যুবক কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার ১০ ই নভেম্বর সন্ধ্যার সময় শ্রীপুর পৌর এলাকার ০১ নং ওয়ার্ড পূর্ব পাড়া ( বাগমারা) এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত শাহ আলম (১৯) ঐ গ্রামের মোস্তফার ছেলে। শিশুর নানি মর্জিনা বেগম জানান বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিলো শিশুটি।

বখাটে শাহ আলম আমার নাতনি কে একটি ঘরের ভিতরে নিয়ে মুখে চাপা দিয়ে ধরে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় নাতনির চিৎকার শুনে আমার অন্য নাতনি গিয়ে সে খানে শাহ আলম কে দেখতে পায়। পরে শাহ আলম দৌড়ে ঘর থেকে বাহির হয়ে যায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক শুভ মন্ডল জানান সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহ আলম নামে এক যুবক কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরু দিয়ে হাল চাষ

মো. মিজানুর রহমান খান কুদরত, মানিকগঞ্জ 

কালের প্রবাহে হারাতে বসেছে আবহমান বাংলার প্রাচীন ঐতিহ্যের স্মারক গরু দিয়ে হালচাষ। মানবসভ্যতার ঊষালগ্ন থেকে দেশের অন্য অঞ্চলের মত কৃষিনির্ভর জেলা মানিকগঞ্জের গ্রামীণ কৃষকের ফসল ফলানোর একমাত্র অবলম্বন ছিল গরু দিয়ে হালচাষ।

বাঙালির হাজার বছরের লালন করা ঐতিহ্য গরু দিয়ে হাল চাষ আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে। বর্তমান যন্ত্রনির্ভর যুগে কৃষকরাও ধুঁকছেন ট্রাক্টর, পাওয়ার টিলারে জমি চাষাবাদে। হয়তো এই সনাতনী পদ্ধতির হালচাষ একদিন কৃষকের জীবন থেকে উঠে আসবে গল্প, কবিতা, নাটক, সিনেমায়। আধুনিক সমাজে পৌঁছে যাবে শিল্পীর চিত্রকর্মে বইয়ের প্রচ্ছদে প্রচ্ছদে।

স্থানীয় প্রবীণরা জানান, বংশ পরম্পরায় কৃষক পরিবারগুলো কামারের এক টুকরো লোহার ফাল, ছুতার বা কাঠমিস্ত্রির হাতে তৈরি কাঠের লাঙল, জোয়াল আর বাঁশের তৈরি মুটিয়া, ইঁশ, পাতার, গরুর মুখের টোনা (গোমাই) পেন্টি বা গরু শাসনে পাচুনি লাঠি, মই ব্যবহার করে জমি চাষাবাদ করত। হালচাষের জন্য বাণিজ্যিকভাবে গরু-মহিষ পালন করা হতো। মাঠ-প্রান্তরে হরহামেশাই চোখে পড়ত গরু দিয়ে হালচাষ। নিজের সামান্য জমিতে হালচাষের পাশাপাশি জীবিকার উৎস ছিল। এসব চিত্র এখন দেখা যায় না। অত্যাধুনিক যুগে গরু দিয়ে হাল চাষের দেখা মেলে জেলার ঘিওর-দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামের ফসলি জমি চাষাবাদে।

গোলাপ নগর গ্রামের প্রবীণ কৃষক করিম সেখ বলেন, তার জীবনের সিংহভাগ সময় কেটেছে হালচাষ আর গরুর পালের সঙ্গে। সেই দিনগুলো এখন অতীত স্মৃতি। গরু দিয়ে হালচাষের ঊপকারিতা সম্পর্কে বলেন, লাঙলের ফলায় জমি গভীর পর্যন্ত ওলট-পালট হয়ে নিচের পুষ্টিগুণ ওপরে চলে আসে. বায়ু সহজে চলাচলের পরিমাণ বাড়িয়ে দেয় ও মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। প্রাকৃতিক চাষাবাদে কেঁচোসহ উপকারী কীটপতঙ্গ ধ্বংস হয় না, জমিতে ঘাস কম হয়, গরুর গোবর জমিতে পড়ে জৈব সারে ফসল ভালো হতো। স্বল্প সময়ে জমি চাষ হলেও জমির উর্বরতা কমে যাচ্ছে।

বড়টিয়া গ্রামের কাবিল (৬০) বলেন, বুঝ-জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি বাপ-দাদারা ভোরের আকাশে ভেসে আসা আযানের ধ্বনির পর পরই কাঁধে লাঙ্গল-জোয়াল, মই, গরু নিয়ে মাঠে যেত হালচাষের জন্য। সকালে বৌ ঠুনির হাতের এক থালা পান্তা, কাঁচা ও পোড়ানো শুকনো মরিচ, খাঁটি সরিষার তেল, সুটকি, আলুর ভর্তা দিয়ে পাঠালে জমির আইলে বসে আয়েস ভরে খেত। এ ঐতিহবাহী খাবারের সঙ্গে হারিয়ে যাচ্ছে গরুর বলদ ও লাঙ্গল দিয়ে হালচাষ।

ঘিওর উপজেলা কৃষি অফিসার মো. মাজেদুল ইসলাম বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন প্রযুক্তি নিয়ে এগিয়ে চলছে দেশের কৃষি নির্ভর অর্থনীতি। কম পরিশ্রমে, স্বল্প সময়ে অধিক ফসল ফলাতে মানুষ এখন যন্ত্রনির্ভর হয়ে পড়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

শিবালয়ে অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান-জরিমানা পাইপ ধ্বংস

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ

শিবালয় উপজেলার মহাদেবপুর ও শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া গ্রামে অবৈধ ভাবে ড্রেজারে মাটি কাটা এবং বালু উত্তোলনের দায়ে বেজপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমান পাইপ-যন্ত্রাংশ ধ্বংস করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা সহকারি কমিশনার-ভূমি এসএম ফয়েজ আহমেদ অভিযান চালিয়ে জরিমানার অর্থ আদায় ও অবৈধ জিনিসপত্র বিনষ্ট করেন। জানা গেছে, অত্র উপজেলায় এক শ্রেণির মাটি-বালু ব্যবসায়ী দেশীয় ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ এমন অপতৎপরতা চালিয়ে আসছে। ঢাকা-আরিচা মহাসড়কের পার্শ্বে মহাদেবপুর বাজারের নিকট ড্রেজার বসিয়ে দূরবর্তী স্থানে মাটি নেয়ার অভিযোগে প্রশাসন অভিযান চালায়। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় দন্ড প্রদান করা হয়।

এসি-ল্যান্ড ফয়েজ আহমেদ দেশ রুপান্তরকে জানান, নদ-নদী, খাল-বিল, ডোবা পুকুরে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে মাটি কাটার সাথে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, একইদিন সড়ক পরিবহন আইন ২০১৮ ৯২(১) ধারায় দু’জনকে ৫০০ টাকা করে ও ৬৬(১) ধারায় এক ব্যাক্তিকে ৫ হাজার টাকা দন্ড দেয়া হয়।

আলোকিত প্রতিদিন/এপি