আজ , ।   
Home Blog Page 675

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরকার এর দাফন সম্পন্ন

প্রতিনিধি,নাগরপুর (টাঙ্গাইল):

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়ন সুইটান গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান (সরকার ৭৮)  ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় বার্ধক্য জনিত কারনে তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই বীর মুক্তিযোদ্ধাকে বাদ আছর কোদালিয়া সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।
তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়-স্বজন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুকালে ২ ছেলে, স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।

আলোকিত প্রতিদিন/ ১৯ নভেম্বর-২৪/মওম

নেত্রকোণার চাঞ্চল্যকর রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেফতার

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোণায় চাঞ্চল্যকর খায়রুল ইসলাম রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হক রাকেলকে (২৩) ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের মোঃ আব্দুস সালামের সাথে তারই প্রতিবেশী আব্দুস সাত্তারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের পুত্র খায়রুল ইসলাম রিয়াদ ঘটনার আগের দিন তার ফুফীর বাড়ী লাইটে বেড়াতে যায়। গত ১৯ মে দুপুর ১২টার দিকে আব্দুস সালামের পুত্র নাজমুল হক রাকেলের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জ্বিত হয়ে আব্দুস সাত্তারের পুত্র আজহারুল ইসলামের উপর হামলা চালায়। এ সময় তার মামাতো ভাই
রিয়াদ ফুফাতো ভাই আজহারুলকে বাচাঁতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নাজমুল হক রাকেলসহ ৫ জনকে আসামি করে ২০ মে নেত্রকোণা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই
আসামিরা পলাতক ছিলে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামি রাকেলের অবস্থান সনাক্ত করে। পরে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ এর নির্দেশে এস আই হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম ১৮ নভেম্বর সোমবার রাতে ময়মনসিংহ কতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় চড়পাড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হক রাকেলকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ এর সাথে যোগাযোগ করলে তিনি  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃত আসামি রাকেলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
আলোকিত প্রতিদিন/ ১৯ নভেম্বর-২৪/মওম

রোনালদো নয়, মেসিই সর্বকালের সেরা: ডি মারিয়া!

ক্রীড়া ডেস্ক : গত এক যুগ ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে যাওয়া লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ক্যারিয়ারের সায়াহ্নে আছেন তিনি। দুজনের মাঝে কে সেরা- এটা নিয়ে এক যুগ ধরেই বহু তর্ক-বিতর্ক, আলোচনা হয়ে আসছে। বিশ্বকাপ, কোপা আমেরিকা আর ব্যালন ডি’অর জিতে এমনিতেই রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি। তবে এসব বাদ দিলেও মেসিকেই এগিয়ে রাখছেন আনহেল ডি মারিয়া।

মেসির সাবেক সতীর্থ ডি মারিয়া এক সাক্ষাৎকারে দুই সুপারস্টারের তুলনা প্রসঙ্গে বলেছেন, ‘আমি সবসময় বলেছি যে, তারা দুজনেই (মেসি-রোনালদো) ইতিহাসের সেরা। তবে মেসি সর্বকালের সেরা তারকা। শুধু ব্যালন ডি’অরের জন্য নয়, দুজনের মাঝে পার্থক্যও অনেক। ক্রিশ্চিয়ানো প্রচুর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আর মেসি হলো সৃষ্টিকর্তা প্রদত্ত বিশেষ প্রতিভা।

৩৯ বছর বয়সী পর্তুগিজ মহাতারকার কঠোর অনুশীলন সম্পর্কে সবাই জানে। এই বয়সেও তিনি বাইসাইকেল কিকে গোল করতে পারেন তিনি। অন্যদিকে মেসি ইদানিং চোটের সঙ্গে লড়ছেন। মাঠে ফিরলেই দেখাচ্ছেন ম্যাজিকও। এটাকেই ইশ্বর প্রদত্ত বলেছেন দি মারিয়া, ‘ক্রিশ্চিয়ানো সবসময় আরও বেশি কিছু করতে চায়। কিন্তু লিও সেরা হওয়ার জন্য বাড়তি কোনো চেষ্টা করে না। এটাই পার্থক্য। এজন্যই লিওর সঙ্গে কারও তুলনা এখন আর হয় না।

আলোকিত প্রতিদিন/এপি

রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার আসামি ফিরোজ ভুঁইয়া কক্সবাজারে গ্রেফতার

প্রতিনিধি,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): 
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের পিএস ফিরোজ ভুঁইয়াকে(৫০) গ্রেফতার করা হয়েছে।  ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার হোটেল কক্স টুডে’র ৫১৭নং কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মডেল থানার ওসি হিমেল হাসানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ ভুঁইয়াকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা রাজধানীর যাত্রবাড়ী এলাকার মোর্শেদা আক্তার(১৯) নামের এক নারীকে পুলিশ আটক করে।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী জানান, গ্রেফতারকৃত ফিরোজ ভুঁইয়ার বিরুদ্ধে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নব কিশোলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া(১৭) হত্যা ও তারাবো পৌরসভা যুবদলের সভাপতি আফজাল কবিরের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটসহ রূপগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ থানায় বেশ কিছু মামলা রয়েছে। ফিরোজ ভুঁইয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী গ্রামের নুর মোহাম্মদ ওরফে মোহাম্মদ আলীর ছেলে।
উল্লেখ্য গত ৫আগষ্ট চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গুলিবিদ্ধ হয়ে রোমান মিয়া নিহত হয়। এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জায়েদ আলী গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।
আলোকিত প্রতিদিন/ ১৯ নভেম্বর-২৪/মওম

শীতে হাড় ভাঙার ঝুঁকি বাড়ে কেন, করণীয় কী!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের আবহাওয়া শীতকাল বেশ আরামদায়ক। কিন্তু শীতে স্বাস্থ্যঝুঁকিও কম নয়। সর্দি-কাশি বা ফ্লু জাতীয় রোগ তো আছে বটেই, এ সময় ব্যাথ্যা ও হাড় ভাঙার ঝুঁক আরো বাড়ে।

অন্য ঋতুর তুলনায় শীতে কেন হাড় ভাঙার প্রবণতা বাড়ে?

হাড় ভাঙার ঝুঁকি বাড়ার কারণ-

ভিটামিন ডি-এর অভাব : শীতকালে সূর্যের আলো কম পাওয়া যায়। অথচ আমাদের শরীরের ভিটামিন ডি তৈরিই হয় সূর্যের আলো থেকে। ফলে শীতকালে শরীরে ভিটামিন ডি-এর পরিমাণ কমে যায়। ভিটামিন ডি হাড় শক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতে এর অভাবে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় তখন। তাই অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়ার আশংকা বাড়ে শীতকালে। দিনে কতটুকু হাঁটবেন, কেন হাঁটবেন, কীভাবে হাঁটবেন?

ঠান্ডা আবহাওয়া ও ফিজিক্যাল অ্যাকটিভিটি কমে যাওয়া : শীতকালের আরামাদায়ক আবহাওয়া কারণে  অনেকের ঘরে বসে থাকার প্রবণতা দেখান। এতে শরীরচর্চা বা শারীরিক কার্যক্রম কমে যায়। ফলে হাড়ের ঘনত্ব কমে যেতে পারে। তাই হাঁড় ভাঙার ঝুঁকিও এ সময় বাড়তে পারে।
 

জয়েন্টের সমস্যা : শীতল আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা বেড়ে আশংকাজনক হারে বাড়ে। ফলে হাঁটাচলায় অসুবিধা হয় এবং পড়ে গিয়ে আঘাত পাওয়া ও হাড় ভাঙার আশংকা অনেক বেশি থাকে।

করণীয় কী?

ভিটামিন ডি নিশ্চিত করা: শীতে প্রতিদিন কিছুটা সময় সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন। এতে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ হবে অনেকটাই। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুণ। ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার বেশি বেশি খান—যেমন, ডিমের কুসুম, মাছ, দুধ ইত্যাদি।

শরীরচর্চা চালিয়ে যাওয়া : নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে হাড় মজবুত থাকে তখন। তাই হাঁটার অভ্যাস ও শারিরিক কার্যক্রম চালিয়ে যান আপনারা। ঘরের ভেতরে জোরে হাঁটা বা যোগ ব্যায়ামের মতো হালকা ফিজিক্যাল অ্যাকটিভিটি করতে পারেন।

সাবধানতা অবলম্বন করুন : হাঁটার সময় ভালো মানের স্লিপ-প্রুফ জুতা পরুন। শিশির ভেজা জায়গায় বিশেষ করে পাথুরে পাহাড়ি এলাকায় সাবধানে হাঁটুন।

ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খা : ক্যলিসিয়ামসমৃদ্ধ খাবার যেমন—দুধ, দই, পনির, বাদাম, শাকসবজি ইত্যাদি খাদ্য তালিকায় রাখুন সাথে। ক্যালসিয়ামের অভাব হাড়ের দুর্বলতা বাড়ায়। শীতে এটা আরও প্রকট হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করুণ।

বয়স্কদের জন্য বিশেষ সতর্কতা : ঘরে ভালোভাবে গরম রাখুন যাতে জয়েন্টের সমস্যা কম হয়। বাড়ির মেঝে শুকনো ও স্লিপ-প্রুফ রাখুন।  বয়স্কদের হাঁটাচলায় সমস্যা থাকলে, তাঁদের সাহায্য করুন।

 

চিকিৎসকের পরামর্শ নিন : যদি জয়েন্টের ব্যথা বাড়ে বা পড়ে গিয়ে আঘাত পান, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আপনারা।

আলোকিত প্রতিদিন/এপি

মানবপাচারকারীদের গোপন আস্তানা থেকে ৩১ ভিকটিম উদ্ধার, চক্রের ২ সদস্য গ্রেফতার 

আবু সায়েম:
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার নুর হোসেনের বাড়ির পেছনে পাহাড়ের চূড়ার মানবপাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে  ৩১ ভিকটিমকে উদ্ধার  করা হয়েছে। এসময় মানবপাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ভিকটিমদের মধ্যে ৫ জন বাংলাদেশী বাকি ২৬ জন  রোহিঙ্গা নাগরিক।
১৮ নভেম্বর সোমবার  রাত আনুমানিক ২ঃ ৩০ এর দিকে র‌্যাব-১৫ এর  হোয়াইক্যং আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( ল এন্ড মিডিয়া) দেবজিত পাল।
উদ্ধারকৃত ভিকটিমরা হলো, চকরিয়া দোলাহাজারার আবুল কালামের পুত্র  আতিকুর রহমান (৩২), মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের আব্দুল কাদেরের পুত্র  মোহাম্মদ রফিকুল ইসলাম ( ২৭),  একই উপজেলা ও ইউনিয়নের ফরিদের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন ( ২২), একই উপজেলার নজির আহমদের পুত্র মোহাম্মদ শহিদ (১৭), টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সাব্বিরের কন্যা হাসনা বেগম( ১৮), উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১২, ব্লক জি ১৭ এর মনজুর রহমানের পুত্র মোহাম্মদ নূর ( ১২),  ক্যাম্প -৩,  ব্লক এইচ -৩৬ এর নুর মোহাম্মদের পুত্র  নূর কামাল ( ৩৫),  ক্যাম্প ১৭, ব্লক এইচ -১০০ এর আজিমুল্লাহর পুত্র শরীয়ত উল্লাহ (১৭),  ক্যাম্প -৫ ব্লক ই – ১ এর সৈয়দ নুরের পুত্র  মোহাম্মদ আরাফাত ( ১৪), ক্যাম্প -১৯,  ব্লক – ডি -১২ এর হাফেজ আহমেদের পুত্র  নাঈমুল হাসান (২০), ক্যাম্প -৩ ব্লক – ই -৫৪ এর জালাল আহমেদের পুত্র আয়াতুল্লাহ ( ১২),  রোহিঙ্গা ক্যাম্প -১৩,  ব্লক – জি -৩ এর অলি আহমদের পুত্র সালমান (১৭), ক্যাম্প -১৩ ব্লক – এফ -১ এর কোভির আহমেদের পুত্র মোহাম্মদ নুর (১৭), ক্যাম্প -৩ ব্লক -ডি – ৪০ এর আব্দুল মোতালেবের স্ত্রী সেনোায়ারা (২৫), ক্যাম্প-১৭,  ব্লক – এ-১০০০ এর অলি আহমদের পুত্র খুইললে বানু ( ১৮), ক্যাম্প -১৩,  ব্লক – জি-৩ এর অলি আহমদের কন্যা সুফাইরা (১৭), ক্যাম্প -৩ ব্লক – সি -৩৯ এর সৈয়দ,সালামের কন্যা জোহরা আক্তার (১৭),  ক্যাম্প -৪,  ব্লক – ডি -৪ এর দিল মোহাম্মদের কন্যা হামিদা (১৭), ক্যাম্প -১২,  ব্লক –  এইচ-১৩ এর শামসুল হকের কন্যা বিবি আছিয়া ( ২৪), ক্যাম্প -৩,  ব্লক -বি -৪০ এর মুসা আলির কন্যা চকুতারা ( ১৮), ক্যাম্প-৩,  ব্লক ডি -৪০ এর নুর হোসেনের কন্যা তসলিমা (১৮), ক্যাম্প -১০,  ব্লক – এ -৩৬ এর কাশেমের কন্যা দিল কায়াস ( ১৬),  ক্যাম্প -৩,  ব্লক – ই -৬ এর,নুর আলমের কন্যা আরজিনা (১৮), ক্যাম্প -১৭,  ব্লক এ -১০০০ এর নুর আলমের কন্যা রুমিয়াছ (০৭), ক্যাম্প -১৫, ব্লক -বি – ০৩ এর নুর মোহাম্মদের কন্যা দিলারা ( ১৪),  ক্যাম্প -১১,  ব্লক – ডি -০৫ এর শামসুল আলমের কন্যা হামিদা (১৫), ক্যাম্প – ১০, ব্লক – এইচ-৩৬ এর মহিবুল্লাহর পুত্র নুরুল আমিন (০৮), ক্যাম্প -১০,  ব্লক -এইচ -৩৬ এর মহিবুল্লার পুত্র নুর হাফেজ (০৬) এবং ক্যাম্প -১০ ব্লক – এইচ-৩৬ এর নুর সাহারা ( ০৩)।
এছাড়া গ্রেফতারকৃত ২ মানবপাচারকারীরা হলো, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ৪ নং ওয়ার্ডের মৃত অছিউর রহমানের পুত্র  মো: আনোয়ার (৪৪) এবং একই উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর লম্বরীর মৃত রফিকের পুত্র মোহাম্মদ আইয়ুব (৩৬)।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত ভিকটিমদের মালয়েশিয়ায় নেয়ার কথা বলে কচ্ছপিয়ার পাহাড়ের চূড়ায় আস্তানায় আটকে রাখে মানব পাচারকারীরা। সেখানে থাকা অবস্থায় বার্মায় আছে বলে ভিকটিমদের পরিবারের নিকট ফোন করে টাকা দাবী করা হতো। এভাবে করে অনেকের নিকট হতে জনপ্রতি এক লক্ষ করে টাকা আদায় করে পাচারকারীরা। উদ্ধারকৃত এক ভিকটিমের ভাষ্যমতে তাকে আট দিন ধরে পাহাড়ী ঐ আস্তানায় আটকে রাখা হয়। অপর এক ভিকটিমকে আটকে রাখা হয় তের দিনের অধিক সময়। উদ্ধারকৃত এ সকল ভিকটিমদের ঠিকমত দেয়া হতো না খাবার। করা হতো বিভিন্নভাবে শারীরিকভাবে  নিযার্তন।
র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( ল এন্ড মিডিয়া) দেবজিত পাল বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম-ঠিকানা প্রকাশ করেন। তাদের চক্রের মূলহোতাসহ আরো ৫-৭ জন কৌশলে পালিয়ে যায় বলে জানায়।
তাদের  জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ভিকটিমদের আর্থ-সামাজিক অনগ্রসরতা ও পরিবেশগত অসহায়ত্বকে পুঁজি করে মানব পাচারকারী চক্র উন্নত জীবন-যাপন, অধিক বেতনে চাকুরী এবং অবিবাহিত নারীদেরকে বিবাহের মিথ্যা প্রলোভনের মাধ্যমে ছল-চাতুরীর আশ্রয় নিয়ে যৌন নিপীড়ন, প্রতারণামূলক বিবাহ ও জবর-দস্তিমূলক শ্রম সেবা আদায় এর অভিপ্রায়ে পাহাড়ী আস্তানায় একত্রিত করে মালয়েশিয়া পাচারের জন্য জোরপূর্বক আটক রাখা হয়। মূলহোতাসহ সংঘবদ্ধ মানব পাচার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের র‌্যাবের অভিযান চলমান রয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ৩১ জন ভিকটিম এবং গ্রেফতারকৃত পাচারকারীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৯ নভেম্বর-২৪/মওম

রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানলে জবাব দেবে মস্কো

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে তারা “যথাযথ ও কার্যকর” পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় এই ধরনের হামলা “যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর শামিল হবে।”

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন। তার মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে নেওয়া এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে পরামর্শ পেয়েছেন কি না বা তিনি এই সিদ্ধান্ত বহাল রাখবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) ক্ষেপণাস্ত্র পেয়েছে ইউক্রেন, যার পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার। একই সঙ্গে ফ্রান্স এবং যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রও তাদের হাতে রয়েছে। সেগুলোর পাল্লাও ওই একই এরকম। তবে পশ্চিমা দেশগুলো এতদিন ইউক্রেনকে সেগুলো রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করতে নিষেধ করেছিল।

আজ মঙ্গলবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক হাজারতম দিন পূর্ণ হবে। এমন দিনে বাইডেন ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় মনে করা হচ্ছে, যুদ্ধ এক গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া।

এদিকে রাশিয়া ইউক্রেনের অবকাঠামোতে আক্রমণ জোরদার করেছে। সেইসাথে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়া থেকে দশ হাজারের বেশি সেনা পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়া আরও এক লাখ সেনা এবং সামরিক সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই নতুন অস্ত্র চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা নাও আসতে পারে। তিনি বলেন, “ক্ষেপণাস্ত্রই নিজের ভাষায় কথা বলবে।”

ইউক্রেন প্রথমে কুরস্ক অঞ্চলে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিছু সূত্র বলছে, যুক্তরাষ্ট্র হয়তো কুরস্কে এর ব্যবহার সীমিত রাখার শর্ত দিয়েছে। এটি রাশিয়াকে সহায়তা করার ব্যাপারে উত্তর কোরিয়া এবং রাশিয়ার জন্য সতর্কবার্তা হতে পারে।

জো বাইডেনের এই সিদ্ধান্ত (যুক্তরাজ্য, ফ্রান্স এবং সমগ্র পশ্চিমারা এই পথেই হাঁটবে হয়তো) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বুঝিয়ে দিল যে, সামরিক উপায়ে তিনি এই যুদ্ধ জিততে পারবেন না।

পুতিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। তবে গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, ইউক্রেন যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তবে তা ন্যাটোভুক্ত দেশগুলোর “সরাসরি যুদ্ধে অংশগ্রহণের” সমতুল্য হবে।

১৮ নভেম্বর সোমবার পুতিনের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র এখানে “আগুনে ঘি ঢালছে”। তবে মার্কিন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফাইনার বলেছেন, “রাশিয়াকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা এর প্রতিক্রিয়া জানাবো”; বিশেষ করে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি এবং ইউক্রেনের অবকাঠামোয় রাশিয়ার বড় ধরনের হামলার জবাবে।

গত সপ্তাহে ইউক্রেনে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। তাতে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে এবং বড় ধরনের ব্ল্যাকআউট দেখা দিয়েছে। এতে নিহত ও আহত হয়েছে বেশ কয়েকজন। আর গতকাল সোমবার ওডেসায় রাশিয়ার হামলায় আরও ১০ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করেননি। তিনি আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরবেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রকে বিদেশি যুদ্ধে জড়ানো বন্ধ করবেন এবং করদাতাদের অর্থ আমেরিকানদের জীবনমান উন্নয়নে ব্যয় করবেন।

তিনি বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। তবে তিনি কিভাবে তা করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। জেলেনস্কি সম্প্রতি বলেছেন, তিনি আশা করেন ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়াকে একটি শান্তিচুক্তিতে আসার জন্য চাপ প্রয়োগ করবেন।

সূত্র: বিবিসি বাংলা

রাজনৈতিক দলকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনতে আইন সংশোধন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ২০ নভেম্বর বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

১৯ নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে। আমাদের প্রস্তাব আছে (রাজনৈতিক দলের সাজার সুপারিশ করতে) আদালতকে সরাসরি ক্ষমতা দেওয়া।

‘খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করে তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করতে পারে।’

কনসার্ন অথরিটি হিসেবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তবে এসব বিষয় খসড়ায় বলা নেই।

‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন : আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শিরোনামে’ সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। এই ১০০ দিন তার মন্ত্রণালয়ে কি কি কাজ হয়েছে সেসবের বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। ৯০ হাজার থেকে এক লাখ আবেদন যাচাই-বাছাই করে ৪৩০০ জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে হাইকোর্টের রুল

আলোকিত প্রতিবেদক:

বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুসন্ধান কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে এক মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী দুই মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম চুক্তি বাতিল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তির সময় যে দর কষাকষি হয়েছিল, তার নথি এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলেছেন আদালত।

১৯ নভেম্বর মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আফরোজা ফিরোজ মিতা,  ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা এবং ব্যারিস্টার মনিরুজ্জামান।বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এ রিট দায়ের করেন। গত ৬ নভেম্বর বিদুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। তিনদিনের মধ্যে আদানিকে এই ঘটনায় চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী। জ্বালানি এবং আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে। লিগ্যাল নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান এবং জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে ৩ তিন সময় বেঁধে দেওয়া হয়। নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এ রিট আবেদনটি করা হয়েছে।

আদানির সঙ্গে তাড়াহুড়া করে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই সময় দেশে আমদানি করা কয়লানির্ভর কোনো বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি। এসব চুক্তির একটি ২০১৭ সালে আদানির সঙ্গে করা ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের ঝাড়খণ্ডে আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর জাতীয় পর্যালোচনা কমিটির সভায় ১১টি বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। এসব তথ্য-উপাত্ত ও নথি কমিটিকে সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে আছে ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্র।

সরাইল সাংবাদিক পরিষদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শওকত আলী: সরাইল উপজেলা সরাইল সাংবাদিক পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন। মঙ্গল বার (১৯নভেম্বর) উপজেলা পরিষদ কমপ্লেক্সে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময়, সরাইল সাংবাদিক পরিষদে সভাপতি মীর মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন,সহ সভাপতি মোঃ কামাল পাঠান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহাম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক রৌনক খান,কোষাধক্ষ্য উজ্জল মিয়া (মুরাদ), দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক  উপস্থিত ছিলেন। মতবিনিময়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন বলেন, নিরাপদ ও দাঙ্গা মুক্ত সরাইল উপজেলা গঠনের লক্ষ্যে আমি কাজ করতে চাই। এক্ষেত্রে তিনি সকল সাংবাদিক’ সহ শ্রেণি-পেশার মানুষদের সহযোগিতা চান।
আলোকিত প্রতিদিন/এপি