আজ , ।   
Home Blog Page 672

কুমিল্লায় পরকীয়া করে মা উধাও, বাবার সঙ্গে আদালতে দুই শিশু

মো ফয়েজ:

কুমিল্লার বুড়িচং উপজেলার পয়াত গ্রামের দুই শিশু পুত্র সন্তানের জননী মাকসুদা আক্তার প্রীতি (২৫) পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্বামী সাকিব খা বাদি হয়ে পালিয়ে যাওয়া স্ত্রীর বিরুদ্ধে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন। গত ১৯ নভেম্বর, মঙ্গলবারে মাকে ফিরে পেতে বাবার কোলে চড়ে কুমিল্লা আদালতে যান দুই শিশু সন্তান। মামলার বিবরণ এবং বাদি সাকিব খা এর মাধ্যমে জানা যায়, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পয়াত গ্রামের হিরণ এর ছেলে মোঃ সাকিবের এর সাথে আদর্শ সদর উপজেলার সদর রসুলপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে মাকসুদা আক্তার প্রীতির ২০১৭ সালে ২৮ অক্টোবর পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। সাকিব খা আরো বলেন, বিয়ের পর সংসারে সব কিছু স্বাভাবিক চললেও মাকসুদা তাকে স্বামীর মর্যাদা না দিয়ে নানাহ দুর্ব্যবহার করতে থাকে ।তাদের দুই পুত্র সন্তান আনিক খা ৬ বছর আর আরিয়ান খা আড়াই বছর বয়স। সাকিব খা অভিযোগ করে বলেন তার স্ত্রীর সাথে একই গ্রামের আবুল হোসেনের বখাটে ছেলে মোঃ মহিন (২০)এর সাথে এক বছর পূর্ব হতে অবৈধ পরকিয়া প্রেমে জড়িয়ে যায়। বিষয়টি নিয়ে স্বামী সাকিব খা জানতে পেরে স্ত্রী মাকসুদা ও পরকিয়া প্রেমিক মহিন কে সতর্ক করে দেন এবং কেউ কারোর সাথে যোগাযোগ না রাখার কড়া কড়ি ভাবে প্রতিশ্রুতি দেন।কিন্তু এতে কোনো সুফল হয়নি বরং বিষয়টি আরো বেশি গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে এ ঘটনাটি সাকিব যা তার শ্বশুর ও শাশুড়ি কে জানালেও কোনো সমাধান হয়নি। গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে মাকসুদা আক্তার প্রীতি (২৫) কাউকে কিছু না বলে সকলের অগোচরে অবুঝ দুই শিশু পুত্রকে ঘরে ফেলে পরকিয়া প্রেমিকের সাথে উধাও হয়ে যায়।

সাকিব খা আরো জানায় মাকসুদা যাওয়ার সময় নগদ টাকা স্বর্ণালংকার সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ওই দিন পর্যন্ত স্ত্রী অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বুড়িচং থানায় অভিযোগ করলে। থানা পুলিশ আদালতে যাওয়ার জন্য পরামর্শ দেন। গত ১৯ নভেম্বর মঙ্গলবার অবুঝ দুই শিশু তাদের মাকে ফিরে পেতে পিতার সঙ্গে আদালত যায়। শিশুরা কান্না জড়িত কন্ঠে শুধু বলে মা ও মা আমাদের কে নিয়ে যাও, আর না হয় আমাদের কাছে ফিরে এসো। এঘটনায় সাকিব খা বাদি হয়ে পরকিয়া প্রেমিক মোঃ মহিন এবং তার স্ত্রী মাকসুদা আক্তার প্রীতি কে আসামী করে আদালতে মামলা দায়ের করেন।

আলোকিত প্রতিদিন/ ২১ নভেম্বর-২৪/মওম

পাথরঘাটায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত

মো.জিয়াউল ইসলাম: 

 বরগুনা পাথরঘাটায়  ডিগ্রী পড়ুয়া ছাত্রী পরীক্ষা দিয়ে আসার পথে হামলা করে রক্তাক্ত করার অভিযোগ উঠছে  নাচনা পাড়া ইউনিয়নের বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইসমাইল হোসেনের বিরুদ্ধে।কলেজ শিক্ষার্থী পাকিজা আক্তারকে স্থানীয়রা  ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার বেলা ৪টার  সময় কাঠালতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড তাল্লুক চরদুয়ারী  গ্রামে পাকিজার(২০) নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী পাথরঘাটা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী।

আহত ছাত্রী পাকিজা জানান, তিনি মঙ্গলবার পাথরঘাটা ডিগ্রী কলেজে প্রথম বর্ষের বিএসএস পরীক্ষা শেষে বিকাল  দিকে তার বাড়ির সামনে গিয়ে পৌঁছায় এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে শিক্ষক  ইসমাইল হোসেন দফাদার ও তার ভাই জাহাঙ্গীর হোসেন এবং বাবা রুস্তম আলী দফাদার তার উপর হামলা করে।  এ সময় পাকিজার  ডাক চিৎকারে  তার মা এবং বাবা তাকে উদ্ধার করতে আসলে তাদেরকেও ব্যাপক মারধর করা হয়েছে।

পাকিজার মা মমতাজ বেগম জানান, ইসমাইল হোসেন তাদের দূর সম্পর্কীয় আত্মীয়।  তার মেয়ের  যখন ১৫ বছর  বয়সে ২০১৭ সালে এসএসসি পরীক্ষা দেয় তখন পাকিজা কে ইসমাইল বিয়ের প্রস্তাব দেয়। এই প্রস্তাবে রাজি না হলে সেই থেকে তার মেয়েকে বিভিন্নভাবে পথে-ঘাটে উত্যাক্ত করে আসছে। বর্তমানে ইসমাইল বিবাহিত কিন্তু সে থেমে থাকেনি । আমার  মেয়ের বিয়ে দেয়ার জন্য পাত্র ঠিক করা হয়েছে। এই খবর পেয়ে মেয়েকে পথে-ঘাটে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করছে এ নিয়ে আজকের ইসমাইলের সাথে বাকবিতণ্ডা শুরু হলে ইসমাইল পাকিজা কে দাও দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে তিনি অভিযোগ করেন।  বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

আহত পাকিজার  সঙ্গে কথা বলে জানা যায়, আমাকে প্রায় সময়ই ইসমাইল বিরক্ত করে আসছে আমার বিবাহ ঠিক হয় তাই ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায় ইসমাইল সহ তার ভাই রুস্তুম  যাতে  আমার বিবাহটি ভেঙ্গে যায়।

পাথরঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসিন কবির জানান, আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি এর বিচারের জন্য মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থার নিবেন বলে তিনি জানান।

এ বিষয়ে শিক্ষক  ইসমাইল হোসেন দফাদার জানান,পাকিজার পরিবারের সকলের মুখ খারাপ। আমরা তাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে হেটে যাওয়ার পথে সব সময় গালমন্দ করে। আজ সকালে আমার বড় ভাই জাহাঙ্গীর হোসেন এই বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে তার সাথে বাকবিতণ্ডা হয়েছে। আমি ঘটনা স্থলে ছিলাম না। পরে তাদের মুখে শুনেছি মারামারির ঘটনা। তাদের সাথে আমাদের পূর্বে কোন শত্রুতা ছিল না।

সরেজমিনে গিয়ে খোঁজ জানা যায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মারামারির ঘটনা ঘটেছে এটা সত্য আগে থেকেই এই ইসমাইলের সঙ্গে পূর্ব শত্রুতা রয়েছে যার কারনে আজকের  মারামারির ঘটনা ঘটছে।

পাথরঘাটা থানার ওসি মো:মেহেদী হাসান জানান, আমরা বিষয়টি অবগত আছি। পুলিশ ঘটনা স্থলে গিয়ে  তদন্ত করছে। ভিকটিম থানায় মামলা করলে আমরা যথাযথ ব্যবস্থার নিবে বলে তিনি জানান।

আলোকিত প্রতিদিন/ ২১ নভেম্বর-২৪/মওম

‘দরদ’ দেখতে যাচ্ছেন শাকিব, সঙ্গে থাকছে একঝাঁক তারকা!

বিনোদন ডেস্ক: ১৫ নভেম্বর থেকে দেশের ৮৩ সিনেমা হলে চলছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘দরদ’। একই সঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ অন্যান্য দেশে চলছে। দেশ-বিদেশে মুক্তির প্রথমদিন থেকে দর্শকদের সাড়া পাচ্ছে ‘দরদ’ ছবি। মুক্তির প্রথম দিনে হলে হলে সত্যিই নেমে এসেছিল ঈদের আমেজও।

রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’-এ শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছে না দর্শক। অধিকাংশ দর্শক বলেছেন, এ কোন শাকিব খান, আমরা দেখিছি। দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যেও প্রথমদিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে ‘দরদ’র দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

এদিকে ‘দরদ’ মুক্তির সময় ‘বরবাদ’-এর শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমের কল্যাণে দর্শকদের ‘দরদ’ উন্মাদনা দেখছিলেন তিনি। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরেই বড়পর্দায় ছবিটি উপভোগ করবেন তিনি। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব খান।

২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িকা প্রতিষ্ঠান রিমার্ক- হারল্যানের সৌজন্যে ‘দরদ’-এর একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কেনা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন তিনি। ছবিটি উপভোগ করে এই সুপারস্টার তার অনুভূতি ও সিনেমা কর্ম পরিকল্পনা জানাবেন তিনি। শাকিবের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে বসে ‘দরদ’ উপভোগ করবেন বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/এপি

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নার দাফন সম্পন্ন

প্রতিনিধি,নাগরপুর (টাঙ্গাইল): 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন জাঙ্গালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্না মিয়া (৭২) গত বুধবার ঢাকা হসপিটালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে এই বীর মুক্তিযোদ্ধাকে বৃহস্পতিবার সকাল ১০টা জাঙ্গালিয়া সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন, সহবতপুর (ইউপি) চেয়ারম্যান মোঃ তোফায়েল মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা এবং তাদের আত্মীয়-স্বজন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুকালে ৩ ছেলে, স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।

আলোকিত প্রতিদিন/ ২১ নভেম্বর-২৪/মওম

আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছে বাহারুল আলম।

বৃহস্পতিবার সকালে আইজিপি হিসেবে দায়িত্ব নেন তিনি। এক ক্ষুদে বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, আইজিপি হিসেবে আজ বৃহস্পতিবার সকালে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম। ২০ নভেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।  বাহারুল আলম ২০০৭-০৮ সালে এসবি প্রধানের দায়িত্বে ছিলেন। পরে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদরদপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো এবং সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন তিনি।

দুই দফা পদোন্নতিবঞ্চিত বাহারুল আলম ২০২০ সালে অবসরে যান।

আলোকিত প্রতিদিন/ ২১ নভেম্বর-২৪/মওম

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে কোন দ্বিধা করবেন না: সার্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না বলে সতর্ক করেছে সার্বিয়া। সার্বিয়ান প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক একথা জানিয়েছেন।

তিনি বলেছেন, পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না যদি তার দেশের নিরাপত্তা এবং সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে এবং যদি তার অন্য কোনো বিকল্প না থাকে। ২০ নভেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

টানা আড়াই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের প্রায় সকল দেশ। বিশেষ করে অস্ত্র দেওয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিলও জুগিয়ে এসেছে ওয়াশিংটন। তবে এরপরও যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আর এমন অবস্থায় সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন।

অপরদিকে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে তারা “যথাযথ ও কার্যকর” পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইতোমধ্যেই রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই এ পদক্ষেপ নেয় ইউক্রেনীয় বাহিনী। এমন অবস্থায় প্রেসিডেন্ট ভুসিক মনে করছেন, বিপর্যয় থেকে বিশ্ব মাত্র এক ধাপ দূরে এবং পরবর্তী পদক্ষেপটি হয়তো পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “পরিপূর্ণ বিপর্যয়ের জন্য ১০টি ধাপ আছে, আমরা নবমটি অতিক্রম করেছি। আমি যা মনে করি তা খুলে বলব। আমি মনে করি, কেউ তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না পশ্চিমা দেশগুলো বলবে, পুতিন গেম খেলছেন এবং এটি (পরমাণু অস্ত্র) নিয়ে হুমকি দিচ্ছেন, কিন্তু তিনি আসলে ভয় পান, এবং খুব কম লোকই আছেন যারা আমার মতো করে প্রেসিডেন্ট পুতিনকে চেনেন।”

তিনি আরও বলেন, “যদি মস্কো এবং তার বাহিনীর নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়.. তাহলে তিনি এক মুহূর্তের জন্যও দ্বিধা করবেন না।”

সার্বিয়া সংঘাতের সম্ভাব্য এই বৃদ্ধির জন্য মোটেও প্রস্তুত নয় বলেও জানান ভুসিক। তার মতে, “আমরা সম্পূর্ণরূপে অপ্রস্তুত। আমাদের আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৫৭ হাজার লোকের জন্য জায়গা আছে, এবং আমাদের..আবার অবকাঠামো পুনর্নির্মাণ শুরু করতে হবে, অন্তত দশ লাখ-১৫ লাখের জন্য, যেন তারা আশ্রয়কেন্দ্রে থাকতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা এই বিষয়ে নিরলসভাবে কাজ করব। আমি নাগরিকদের কাছে ক্ষমাপ্রার্থী যে আমরা সময়মতো এই কাজটি শুরু করিনি, তবে আমরা এটি মোকাবিলা করব।”

আলোকিত প্রতিদিন/ ২১ নভেম্বর-২৪/মওম

ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার প্রস্তাব দিয়েছে : আমির খসরু

আলোকিত প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভুটানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক সব সময় ভালো ছিল। বিএনপি সরকারের সময় ভুটানের সবজি বাংলাদেশে আমদানি হতো। ২১ নভেম্বর নবৃহস্পতিবার  গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়।

আগামীতে ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করে আমির খসরু। ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা বলেছি, এখানে কাজ করার সুযোগ আছে। কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট উৎপাদনের সক্ষমতা আছে প্রায় ৩০ হাজার মেগাওয়াটের।

সার্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, ভুটানের সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে যে কিভাবে সার্ককে আমরা আরও কার্যকর করতে পারি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আলোকিত প্রতিদিন/ ২১ নভেম্বর-২৪/মওম

‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি: ডোনাল্ড ট্রাম্প

আলোকিত প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা এখনও “বাংলাদেশের প্রধানমন্ত্রী” সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া একথা সব মিথ্যা। শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনও মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বুধবার (২০ নভেম্বর) বিষয়টির সত্যতা যাচাই করে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ‘শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী’-এমন মন্তব্য তো দূরের কথা বাংলাদেশ প্রসঙ্গেও কোনো কথা বলেননি তিনি।

এতে আরও বলা হয়, গত ৫ আগস্ট বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের প্রায় ৩ মাস পর স্যোসাল মিডিয়ার একাধিক পোস্টে অসত্য দাবিটি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, ‘যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি, তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্প্রতি স্থানীয় একটি সংবাদমাধ্যমকে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি দেখাতে পারেননি বলে সংবাদ প্রকার করেছে।

এএফপির প্রতিবেদনে গত ৯ নভেম্বর ফেসবুকে লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। পোস্টটিতে লেখা হয়েছে, পিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি। বাংলাদেশ সরকারের অবৈধ দখলদারদের উদ্দেশে ট্রাম্প বলেন, যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান। ওই পোস্টের ছবিতে দেখা যাচ্ছে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট-ডেভিডের সঙ্গে বসে আলাপচারিতা করছেন ট্রাম্প। ছবির ওপর বাংলায় লেখা, ‘আমি মনে করি হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: ট্রাম্প’। একই ধরনের দাবি করে ফেসবুকে আরও অনেক পোস্ট দেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা বলেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্থানীয় একটি সংবাদমাধ্যমকে এমন কথা বলার পরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা ছড়ায়। রাষ্ট্রপতির ওই মন্তব্য হাসিনার পদত্যাগের বিষয়টি অবৈধ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। সেদিনই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সেনাপ্রধান ঘোষণা দেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন।

আলোকিত প্রতিদিন/এপি

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অ*বরোধ

আলোকিত প্রতিবেদক : হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীতে আলাদা আলাদা স্থানে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। তাদের অবরোধের ফলে স্থবিরতা নেমে এসেছে অনেক এলাকায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষজনও।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর, ডেমরা এলাকায় অটোরিকশা চালকেরা রাস্তা অবরোধ করে রাখেন তারা।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল বলেন, সকাল থেকে ব্যাটারিচালিত রিকশার চালকরা মহাখালী এলাকায় অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা রেলক্রসিংসহ বিভিন্ন রাস্তায় অবরোধ করেছেন। ঘটনাস্থলে আমরা আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি আমরা।

কল্যাণপুর, আগারগাঁও, পল্লবী এলাকার সড়কেও আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। তারা সবাই মিরপুর-১০ নম্বরে জড়ো হবেন বলে জানা গেছে।

এ বিষয়ে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস বলেন, আজ সকাল থেকে রাজধানীর আগারগাঁও, কল্যাণপুর ও পল্লবীতে রাস্তায় নেমে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। আমরা জানতে পেরেছি সেখান থেকে তারা মিরপুর-১০ নম্বরে একত্রিত হয়ে আন্দোলন করবে তারা।

এর আগে, গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতের ওই নির্দেশনার পর পরের দিন গতকাল বুধবার (২০ নভেম্বর) রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকরা। এক পর্যায়ে ট্রাফিক পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনাও ঘটে আজকে।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে প্রাণীজ খাদ্য সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা

মো. মিজানুর রহমান খান কুদরত: মানিকগঞ্জে প্রাণীজ খাদ্য সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রাণিসম্পদ দপ্তর ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় সকাল ১০ টায় মানিকগঞ্জ বহুতল বিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে প্রাণীজ খাদ্য সংশ্লিষ্ট অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।
আয়োজিত প্রাণীজ খাদ্য সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সহ প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি