আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 65

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে জাপানের উত্তরাঞ্চলে। সোমবার (২০ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে ভূমিকম্পটি সংঘটিত হয়।

স্থানীয় সময় ৪টা ৫৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এটি সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সেখানকার ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে কি না সেটি পরীক্ষা করা হচ্ছে।

আর এ ভূমিকম্পের পর ১০ ফুটের চেয়েও উঁচু সুনামির সতর্কতা দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকার সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উঁচু স্থানে থাকতে বলেছে।

সুনামির প্রথম ঢেউ অল্প সময়ের মধ্য আঘাত হানতে পারে বলেও সতর্কতা দিয়েছে সংস্থাটি। সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানিয়ে তারা বলেছে, উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকাগুলো থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান, যেমন—কোনো উঁচু ভূমি অথবা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিন। সুনামির ঢেউ বারবার আঘাত হানার সম্ভাবনা রয়েছে। যতক্ষণ পর্যন্ত সতর্কবার্তা প্রত্যাহার করা না হচ্ছে, ততক্ষণ নিরাপদ স্থান ছেড়ে যাবেন না।

উত্তরাঞ্চলের বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামির সতর্কতা দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। বিশেষভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে হোকাইদো এবং ইওয়াতে জেলার কিছু অংশকে।

সূত্র: এএফপি

আলোকিত প্রতিদিন / এম আর এম

নাহিদ রানার ৫ উইকেট, নিউজিল্যান্ড দুইশর আগেই অলআউট

ক্রীড়া ডেস্ক:

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে দুইশ করতে দেয়নি। বাংলাদেশি পেসার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে কিউইদের ১৯৮ রানে থামালেন। মিরপুরে সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের লাগবে ১৯৯ রান।

মিরপুরে টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ১০ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেয় বাংলাদেশ। দুটি উইকেটই নেন নাহিদ। প্রথম চার ওভারে একটি করে মেডেন দেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এই সময়ে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ছিল মাত্র ৩ রান।

পঞ্চম ওভারে তাসকিনের পঞ্চম বলে নিক কেলি ইনিংসের প্রথম বাউন্ডারি হাঁকান। পরের বলে আরেকটি। শরিফুলও পরের ওভারের প্রথম বলে চার দেন। টানা তিন বলে চার মারলেও কিউইদের রানের গতি বাড়েনি।অষ্টম ওভারে বল হাতে নিয়েই নাহিদ সাফল্য পান। হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশি পেসার। পরের ওভারেও প্রথম বলে তিনি উইল ইয়াংকে (৭) সৌম্য সরকারের ক্যাচ বানান। দলীয় ২৫ ও ২৮ রানে দুটি উইকেট হারায় কিউইরা। প্রথম দুই ওভারে নাহিদ ১ রান দিয়ে এক মেডেনে দুই উইকেট তুলে নেন।

পরে সৌম্য সরকার তুলে নেন প্রতিপক্ষ অধিনায়ক টম ল্যাথামের উইকেট। ৫২ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ড কেলির ব্যাটে শক্ত ভিত গড়ার চেষ্টা করে। তার সঙ্গে ল্যাথামের জুটি ২৪ রানের বেশি হয়নি। সৌম্য কিউই অধিনায়ককে লিটন দাসের ক্যাচ বানান। নিচু ক্যাচ নেন বাংলাদেশি কিপার। থার্ড আম্পায়ারের রায়ে মাঠ ছাড়তে হয় ল্যাথামকে। ৩৫ বলে ১৪ রান করেন তিনি।

৫২ রানে ৩ উইকেট পড়ার পর নিউজিল্যান্ডের ওপেনার নিক কেলি ও মুহাম্মদ আব্বাস ৫৬ রানের জুটি গড়েন। ২৭তম ওভারের শেষ বলে ফিফটি করেন কেলি। প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি করতে নিউজিল্যান্ড ব্যাটার ৬৬ বলে ৯ চার মারেন।

আব্বাসকে ১৯ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদ। উড়ন্ত ক্যাচে তাকে ফেরান লিটন। কেলি সেঞ্চুরির বেশ কাছে গিয়েও ব্যর্থ হন। শরিফুল ইসলাম তাকে ৮৩ রানে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান। কিউই ওপেনারের ১০২ বলের ইনিংসে ছিল ১৪ চার।

সেট ব্যাটার আউট হওয়ার পর ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন। জশ ক্লার্কসনকে আউট করেন রিশাদ হোসেন। আগের ম্যাচের সেরা খেলোয়াড় ডিন ফক্সক্রফট ১৫ রান করে নাহিদের শিকার হন। ব্লেয়ার টিকনারকে আফিফ হোসেনের ক্যাচ বানান শরিফুল।

নিজের শেষ ওভারে নাহিদ পঞ্চম উইকেট তুলে নেন। জেইডেন লেনক্স খালি হাতে ফেরেন বাংলাদেশি পেসারের ইয়র্কারে বোল্ড হয়ে। গত ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ২৪ রান খরচায় পাঁচ উইকেট নেন নাহিদ। এক মাসের একটু বেশি সময় পর ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পেলেন ডানহাতি এই পেসার। ২৩ বছর বয়সী বোলার বোলিং শেষ করেছেন ৩২ রানে পাঁচ উইকেট নিয়ে।

১৮৩ রানে ৯ উইকেট তোলার পর নিউজিল্যান্ডকে দুইশর মধ্যে আটকানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কাভারে নাথান স্মিথের কঠিন ক্যাচ নিতে না পারার প্রায়শ্চিত্ত কিছুক্ষণ পরই করেন তাওহীদ হৃদয়। তাসকিন আহমেদের বলে উইলিয়াম ও’রোর্কের ক্যাচ নেন তিনি। ৪৮.৪ ওভারে অলআউট হয় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে আজ (সোমবার) দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে স্বাগতিকদের। এমন ম্যাচে টস হারে বাংলাদেশ। নিউজিল্যান্ডের অধিনায়ক ল্যাথাম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

আলোকিত প্রতিদিন /২০ এপ্রিল ২০২৬ /মওম

শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন

এস কে সিরাজ:

“সব শিশুদের টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। সোমবার (২০ এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর উপজেলার সাবেক বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, আর এম ও ডা. তরিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস.কে. সিরাজ এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. রাকিবুল্যাহ সোহাগসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই ক্যাম্পেইনের আওতায় শ্যামনগর উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩৫ হাজার ১৫৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। আজ ২০ এপ্রিল (সোমবার) থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, এই কর্মসূচির মাধ্যমে শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদানের জন্য আহ্বান জানান এবং সবাইকে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

আলোকিত প্রতিদিন/ এম আর এম

শাহবাগের অ*সহায় গোলাপিকে ঘর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃ আনোয়ার হোসেন: 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামের অসহায় গোলাপী বেগম দীর্ঘ দিনের কষ্ট এবং অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি নতুন ঘর পেলেন।  ( ১৮/৪/২৬) বিকেলে প্রধান অতিথি হিসেবে ঘরটির উদ্বোধন করেন নরসিংদি-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আব্দুল মান্নান। এ ছাড়া ও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ মোকসুদুল মোমিন মিঠুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যুবদলের সাবেক সদস্য সচিব কাউছার আহমেদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন- চব্বিশের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় গোলাপি বেগমের দুর্দশা বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ প্রদান করেন।
অতঃপর সরকারি ভাবে অসহায় গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ প্রায় আট মাস চিকিৎসাসহ ঢাকায় একটি বাসায় বসবাসের ব্যবস্থা করা হয় তাকে। এমতাবস্থায় গোলাপি বেগমের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নতুন একটি বাড়ি নির্মানের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় তার নিজ জন্মভূমি নবীনগরের  রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধ
আলোকিত প্রতিদিন /২০ এপ্রিল ২০২৬ /মওম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০ এপ্রিল সোমবার মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু প্রথম থেকেই এটি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। যা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে জানিয়েছেন তারা।

বাঘেই বলেছেন, যুক্তরাষ্ট্র সর্বপ্রথম নৌ-অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এর আগেও আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র হামলা করেছিল। যা তারা ভুলেননি।

মার্কিনিদের সঙ্গে আর আলোচনা না হলেও তারা জাতীয় স্বার্থ রক্ষা করে যাবেন বলে উল্লেখ করেন বাঘেই।

তিনি সতর্কতা দিয়ে বলেন, যদি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করতে চায়। তাহলে তাদের সশস্ত্র বাহিনী সেই অনুযায়ী জবাব দেবে।

বাঘেই জানিয়েছে, গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন প্রথম দফার আলোচনা হয় তখন ইরান তার ১০ দফা উত্থাপন করে।

বাঘেই আরও বলেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালি নিরাপদ ছিল। লেবাননের কথা উল্লেখ করে এ ইরানি কূটনীতিক বলেন, যুদ্ধবিরতিতে লেবাননও যুক্ত থাকবে মার্কিনিদের সঙ্গে তাদের এমন চুক্তি হয়েছিল। কিন্তু তারা এটি অস্বীকার করে। এমনকি পাকিস্তান সরাসরি ঘোষণা দেওয়ার পরও।

এদিকে ইরান আলোচনায় না বসার ইঙ্গিত দিলেও পাকিস্তান প্রস্তুতি নিচ্ছে। দেশটির রাজধানী ইসলামাবাদে কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

আলোকিত প্রতিদিন /২০ এপ্রিল ২০২৬ /মওম

মঙ্গলবার শুরু এসএসসি: পরীক্ষায় বসছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।

সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

পরীক্ষার্থীদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলে অংশ নিচ্ছে ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজারের বেশি পরীক্ষার্থী। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন।

পরীক্ষার কাঠামো অনুযায়ী, প্রতিটি বিষয়ে প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক অংশ অনুষ্ঠিত হবে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত)। দুই অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। এমসিকিউ অংশের সময় ৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য বরাদ্দ ২ ঘণ্টা ৩০ মিনিট।

শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং তা সংরক্ষণে সতর্ক থাকতে হবে। পরীক্ষা চলাকালে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া উত্তরপত্র ভাঁজ করা যাবে না এবং ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে। শুধুমাত্র সাধারণ (নন-প্রোগ্রামেবল) সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে অংশ নেওয়া যাবে না।

প্রতিটি বিষয়ের ক্ষেত্রে বহুনির্বাচনী, সৃজনশীল ও ব্যবহারিক—এই তিন অংশে আলাদাভাবে পাস করতে হবে। কোনো একটি অংশে অকৃতকার্য হলে পুরো বিষয়েই ফেল হিসেবে গণ্য করা হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

কেলির ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে ধীরগতির ব্যাটিং করেও প্রতিরোধ গড়ে তুলছে নিউজিল্যান্ড। ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে সফরকারীরা, যেখানে নিক কেলির ব্যাটে এসেছে গুরুত্বপূর্ণ ফিফটি।

২৭তম ওভারের শেষ বলে নিজের প্রথম ওয়ানডে অর্ধশতক পূর্ণ করেন কেলি। ৬৬ বলে ৯টি চারে সাজানো এই ইনিংস নিউজিল্যান্ডকে বিপদ কাটিয়ে উঠতে সাহায্য করছে।

মিরপুরে টস জিতে ব্যাটিং নিলেও শুরুটা ছিল কিউইদের জন্য হতাশাজনক। পাওয়ার প্লেতে ১০ ওভারে মাত্র ২৮ রান তুলতেই হারায় ২ উইকেট। এরপর সৌম্য সরকার আউট করেন অধিনায়ক টম ল্যাথামকে, ফলে ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

শুরুর চার ওভারে দুর্দান্ত বোলিং করেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম—দুজনেই একটি করে মেডেন দেন। এতে প্রথম চার ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩ রান।

পঞ্চম ওভারে তাসকিনকে টানা দুই বলে চার মেরে ইনিংসের গতি বাড়ানোর চেষ্টা করেন কেলি। যদিও বাউন্ডারি এলেও রানের গতি খুব একটা বাড়েনি। অষ্টম ওভারে নাহিদ রানা আক্রমণে এসেই সাফল্য এনে দেন। হেনরি নিকোলসকে এলবিডব্লিউ করার পরের ওভারেই উইল ইয়াংকে সাজঘরে ফেরান তিনি। মাত্র ১ রান দিয়ে এক মেডেনে ২ উইকেট নেন এই পেসার।

এরপর মুহাম্মদ আব্বাসের সঙ্গে ছোট জুটি গড়েন ল্যাথাম। তবে সৌম্য সরকারের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন কিউই অধিনায়ক। ৩৫ বলে ১৪ রান করেন তিনি। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছিল স্বাগতিকরা।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে—আফিফ হোসেনের জায়গায় খেলছেন সৌম্য সরকার। অন্যদিকে, নিউজিল্যান্ড আগের একাদশই অপরিবর্তিত রেখেছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের তালিকা প্রকাশ

আলোকিত প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মনোনীতদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বলা হয়, নারী প্রতিনিধিত্ব বাড়াতে এ তালিকা প্রণয়ন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

দেশে প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ ব্যবহারের জন্য প্রস্তুত

আলোকিত ডেস্ক:

দেশের আবাসন ও বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নের নতুন মাইলফলক হিসেবে ‘শান্তা পিনাকল’ প্রকল্পের আনুষ্ঠানিক হস্তান্তর সম্পন্ন হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত দেশের প্রথম এই সম্পূর্ণ নির্মিত ৪০ তলা ভবনটি আধুনিক স্থাপত্যশৈলী ও নির্মাণ সক্ষমতার এক অনন্য নিদর্শন।

১৮ এপ্রিল শনিবার ভবনটির ৪০তম তলায় আয়োজিত এক অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমির মালিক, গ্রাহকরা এবং বরেণ্য স্থপতি এহসান খান উপস্থিত ছিলেন।

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রায় ৫০০ ফুট উচ্চতার আন্তর্জাতিক মানের এই ভবনটি দেশের প্রথম পূর্ণাঙ্গ স্কাইস্ক্র্যাপার, যা নতুন মানদণ্ড স্থাপন করেছে। একইসঙ্গে, এ আয়োজন শুধু একটি প্রকল্পের সফল সমাপ্তিই নয় বরং বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানসম্পন্ন বাণিজ্যিক অবকাঠামো নির্মাণে শান্তা হোল্ডিংস-এর অঙ্গীকারকেও পুনর্ব্যক্ত করেছে।

‘পিনাকল’ প্রকল্পের সফল নির্মাণ সমাপ্তি টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নতুন উদাহরণ স্থাপন করেছে। ভবনটি লিড প্লাটিনাম স্বীকৃত, যা বিশ্বব্যাপী পরিবেশবান্ধব স্থাপনার সর্বোচ্চ মান হিসেবে বিবেচিত। একই সঙ্গে এটি এনএফপিএ-এর আধুনিক অগ্নি-নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে নির্মিত হয়েছে । সিঙ্গাপুরের সহায়তা ভবনটিকে ভূমিকম্প সহনশীলতার দিক থেকে আরও শক্তিশালী করেছে।

প্রকল্পটি নির্মাণ প্রযুক্তিতেও বেশ কিছু নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। অ্যালুমিনিয়াম ফ্রেমওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র ৭ দিনে স্ল্যাব সম্পন্ন করার রেকর্ড গড়ে দ্রুততম সিভিল নির্মাণের উদাহরণ স্থাপন করা হয়েছে। ৬ দশমিক ৮ সিওপি ক্ষমতাসম্পন্ন সেন্ট্রিফিউগাল চিলার, যা শূন্য ওজন-ক্ষয়কারী রেফ্রিজারেন্ট ব্যবহার করে, জ্বালানি দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশগত প্রভাব কমাতে সহায়তা করে। এছাড়া এমইআরভি ১৩ মানসম্পন্ন বায়ু পরিশোধন ব্যবস্থা অভ্যন্তরীণ বায়ুর গুণগত মান উন্নত করে এবং ব্যবহারকারীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে।

এছাড়া, দেশে প্রথমবারের মতো উইন্ড টানেল টেস্টিং করা হয়েছে। ৪২ মিমি ইউনিটাইজড গ্লেজিং তাপ ও শব্দ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি, ৮টি হাই-স্পিড লিফট এবং সমন্বিত আইবিএমএস সিস্টেম ভবনের কার্যক্রমকে আরও আধুনিক ও মজবুত করেছে।

‘পিনাকল’ প্রকল্পের সফল সমাপ্তি শান্তা হোল্ডিংসের আধুনিক চিন্তা, মানসম্পন্ন নির্মাণ এবং নিখুঁত বাস্তবায়নের প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারেরই প্রতিফলন। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি একাধিক বাণিজ্যিক প্রকল্পের মাধ্যমে তেজগাঁওসহ ঢাকার সামগ্রিক নগরপরিকল্পনায় আধুনিকতা এবং আন্তর্জাতিক মানের কর্মপরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

আলোকিত প্রতিদিন /১৯ এপ্রিল ২০২৬ /মওম

বাস্তবে রুপ নিবে চট্টগ্রামের মানুষের বহুদিনের স্বপ্ন

মোঃ নজরুল ইসলাম 

অনেক দিনের সাধারণ জনগণ তথা দক্ষিণ চট্টগ্রামের জনসাধারণের মনের অনেকদিনের স্বপ্ন অবশেষে বাস্তবতায় রূপ নিচ্ছে । দেশের অন্যতম ব্যস্ততম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটি চার লেনে উন্নীত হবে। প্রথম ধাপে ১৪৮ কিলোমিটার এই মহাসড়কটির ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে।

এর মধ্যে ২.৬ কিলোমিটার ফ্লাইওভারও থাকবে। এবং ৪৮ কিলোমিটার সড়কের ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বড় পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানান, এই মহাসড়ককে আধুনিক, দ্রুতগামী ও নিরাপদ করতে ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে একটি বৃহৎ মেগা প্রকল্প। প্রথম ধাপে ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে, যা ইতোমধ্যে পিপিপি পদ্ধতিতে অনুমোদন পেয়েছে। এর মধ্যে ২ দশমিক ৬ কিলোমিটার ফ্লাইওভার।

আধুনিক ডিজাইন ও আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা এবং দ্রুতগতির ও ভারী যানবাহনের জন্য আলাদা সুবিধা থাকবে। ২০২৯ সালের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।

গত ২০১৩-১৫ সালে একটি সুইডিশ কনসালট্যান্ট প্রতিষ্ঠান প্রথম এই সড়ক চার লেনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই করে। তখন ব্যয় ধরা হয়েছিল প্রায় ১০ হাজার কোটি টাকা। এরপর একাধিকবার সমীক্ষা হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। ধাপে ধাপে প্রকল্পটি বাস্তবায়ন হলে বদলে যাবে দক্ষিণের মানুষের চিত্র। এবং যানযট সহ বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ মিলবে এবার।

আলোকিত প্রতিদিন /১৯ এপ্রিল ২০২৬ /মওম