আজ , ।   
Home Blog Page 620

স্বর্ণ খনির সন্ধান মিলেছে পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক:
বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় ব্যাপক আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে দারুন এক সুখবর দিয়েছেন দেশটির পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইব্রাহিম হাসান মুরাদ বলেন, “সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকা ৩২ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত ২৮ লাখ ভরি (প্রায় ৩৩ টন) স্বর্ণ মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশের বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের দাম ৮ হাজার কোটি পাকিস্তানি রুপি। পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান (জিএসপি) এই জরিপ পরিচালনা করেছে। সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের ১২৭টি জায়গার নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি।”

“আগামী দিনে এই মহামূল্যবান হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তা পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইল ফলক তৈরি করবে। কর্ম সংস্থান থেকে শুরু করে নানা ক্ষেত্রে নতুন মঞ্চ পাবে ভবিষ্যত প্রজন্ম,” টুইটবার্তায় বলেন মুরাদ।

প্রসঙ্গত, বর্তমানে পাকিস্তানের বেকারত্বের হার ভারত বা বাংলাদেশের থেকে অনেক বেশি। এই বেকারদের একটি বড় অংশই নারী। সামাজিক ভাবে রক্ষণশীলতা থাকায় দেশটিতে মেয়েদের ঘরের বাইরে বেরিয়ে চাকরি বা ব্যবসা করা সহজ নয়।

সরকারি তথ্য অনুযায়ী, গত এক দশকে পাকিস্তানে বেকারত্বের হার ১.৫ শতাংশ থেকে বেড়ে সাত শতাংশে গিয়ে পৌঁছেছে। দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদন (গ্রস ডোমেস্টিক প্রডাক্ট বা জিডিপি) বৃদ্ধির হার স্বাস্থ্য বা শিক্ষা খাতে প্রয়োজনীয়তা পূরণের পক্ষে পর্যাপ্ত নয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ় এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি বছর ৫০ লক্ষ করে বাড়ছে পাকিস্তানের জনসংখ্যা। ফলে সেখানে প্রতি বছর বছরে ১৫ লাখ কর্মসংস্থানের চাহিদা বাড়ছে। এ ব্যাপারে শেহবাজ শরিফ সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তানের পরিকল্পনা কমিশন। সেখানে বলা হয়েছে বেকারত্বের হার কমাতে মূল্যস্ফীতি কমপক্ষে ৬ শতাংশ হ্রাস করতে হবে।

২০২৪ সালের ২৯ নভেম্বর চীনের সরকারি সংবাদমাধ্যমগুলো জানায়, পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান মিলেছে চীনে। সেখানে লুকিয়ে থাকা সোনার পরিমাণ আনুমানিক হাজার টন বলে জানা গেছে। চীনা সরকারি সংবাদমাধ্যমের দাবি, খনিতে লুকিয়ে থাকা হলুদ ধাতুর আনুমানিক বাজারদর ৮ হাজার ৩০০ কোটি ডলার।

এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণখনির মালিক ছিল দক্ষিণ আফ্রিকা। সেখানকার ‘সাউথ ডিপ’ খনিতে রয়েছে ৯০০ টন স্বর্ণ। ২৯ নভেম্বরের পর এই মুকুট লাভ করেছে চীন।

আলোকিত প্রতিদিন/১৪জানুয়ারি-২৫/মওম

মিরপুরে অবৈধ পানি-বিদ্যুতের সংযোগ বন্ধ করতে গেলে রাস্তায় নেমে বস্তিবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-১২ নম্বরে অবস্থিত ঝিলপাড় বস্তিতে অবৈধ বিদ্যুৎ এবং পানির সংযোগ বন্ধ করতে যায় কর্তৃপক্ষ। এ সময় বস্তিবাসী উত্তেজিত হয়ে বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা রাস্তায় নেমে পড়লে মিরপুর-১২ নম্বর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বস্তিবাসীকে রাস্তা থেকে কিছুটা সরিয়ে দিলেও এখনো ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়নি। ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালের পর বিদ্যুৎ এবং ওয়াসা কর্তৃপক্ষ পুলিশসহ মিরপুর ঝিলপাড় বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যায়। এতে করে বস্তিবাসী উত্তেজিত হয়ে বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বস্তিবাসী দুপুরের দিকে মিরপুর-১২ নম্বরের রাস্তা অবরোধ করে। যার ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করলেও বস্তিবাসী রাস্তার পাশে অবস্থান করায় যান চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, বস্তিবাসী প্রথমে রাস্তা অবরোধ করেছিল। এখন তারা রাস্তা থেকে সরে পাশে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

আলোকিত প্রতিদিন/১৪জানুয়ারি-২৫/মওম

তারুণ্যের উৎসব-২০২৫ সেরা বাউল অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতি‌নি‌ধি,ছাতক( সুনামগঞ্জ):
তারুণ্যের উৎসব-২০২৫ সেরা বাউল অন্বেষণ, বই পড়া এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হ‌য়ে‌ছে। গত ১৩ জানুয়ারি উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাউল উৎসব এর প্রোগ্রামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলা‌মের সভাপতিত্বে অনু‌ষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছি‌লেন, সহকারী কমিশনার ভূমি আবু নাছের। অনু‌ষ্টিত সভায় বক্তব‌্য রা‌খেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান,ছাতক প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক আনোয়ার হো‌সেন র‌নি,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ছাত্র প্রতিনিধি এহসানুল মাহবুব জুবায়ের, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন প্রমুখ সভায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
আলোকিত প্রতিদিন/১৪জানুয়ারি-২৫/মওম

ভারতীয় ভিসা বন্ধ, থাইল্যান্ডে যাওয়া আরও সহজ

 

আব্দুল মান্নান, বিশেষ প্রতিনিধিঃ

ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়ায় একেবারে কমে এসেছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এর মধ্যে ভারত কিছু ভিসা দিলেও নানান শর্তের বেড়াজালে বেনাপোল বন্দরেই আগের বছরের চেয়ে গত বছর যাতায়াত কমেছে ২ লাখ ৩৩ হাজার ১৩ জন। অ

পরদিকে প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা পর্যটন নির্ভর দেশ থাইল্যান্ড। সাদা বালির সমুদ্র সৈকত, রাতের প্রাণবন্ত শহর, বিশ্বমানের চিকিৎসা সেবা একসাথে পেতে সেখানে ছুটেন ভ্রমণ পিপাসুরা। হানিমুনের জন্য ব্যাংকক, ফুকেট বা পাতায়া থাকে নবদম্পতিদের পছন্দের শীর্ষে। খরচ তুলনামূলক কম হওয়ায় বাংলাদেশিরাও বেছে নিচ্ছেন এই দেশ।

গত ৭ জানুয়ারি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছে ১ হাজার ২২ জন পাসপোর্টধারী। এঁদের মধ্যে ৭০৮ জন বাংলাদেশি, ৩১৩ জন ভারতীয় ও অন্য দেশের ছিল ২ জন। ভারতীয় ভিসা প্রতিবন্ধকতায় ক্ষতির মুখে পড়েছে দুই দেশেরই ব্যবসা-বাণিজ্য ও পর্যটনশিল্প। এ পরিস্থিতি উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান ভুক্তভোগীদের।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, ভিসা বন্ধে যাতায়াত কমেছে পাসপোর্টধারীদের। গেল বছর ২০২৪ সালে বেনাপোল বন্দর ব্যবহার করে দুই দেশের মধ্যে যাতায়াত করেছে ২০ লাখ ২৪ হাজার ১৩ জন পাসপোর্টধারী। এর মধ্যে বাংলাদেশি ছিল ১৫ লাখ ৬৫ হাজার ১১০ জন; ভারতীয় ৪ লাখ ৬৫ হাজার ৪১৩ জন এবং অন্যান্য দেশের যাত্রী ২ হাজার ৪৯০ জন। এর আগে ২০২৩ সালে মোট যাতায়াত করেছে ২২ লাখ ৬৭ হাজার ৫৩১ জন। এর মধ্যে বাংলাদেশি ছিল ১৮ লাখ ৮৪ হাজার ২১৫ জন; ভারতীয় ৩ লাখ ৮০ হাজার ৬০০ জন এবং অন্যান্য দেশের যাত্রী ২ হাজার ৭১৬ জন। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে এসে পাসপোর্টধারী যাতায়াত কমেছে ২ লাখ ৩৩ হাজার ১৩ জন।

এখন থেকে থাইল্যান্ডের ভিসা পাওয়া আরও সহজ হচ্ছে। আগে যেখানে অপেক্ষা করতে হতো এক থেকে দেড় মাস এখন মাত্র ১০ দিনেই পাওয়া যাবে ভিসা। মোট ছয় ধাপে অনলাইনেই করা যাবে ভিসা আবেদন। www.thaievisa.go.th/ এই ঠিকানায় অ্যাকাউন্ট খুলে আবেদন ফরম পূরণ করতে হবে প্রথমে। পরে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সবশেষে অনলাইনে পেমেন্ট করতে হবে ভিসা ফি। এতে মাত্র ১০ কার্য দিবসের মধ্যেই ভিসা পাওয়া যাবে। মোটামুটি দুই সপ্তাহের মধ্যে ইমেইলে চলে আসবে কনফার্মেশন ডকুমেন্টস। ভিসার অনুলিপি প্রিন্ট করে থাইল্যান্ডে প্রবেশের সময় দেখাতে হবে ইমিগ্রেশনে।

তবে থাইল্যান্ড ট্যুরের প্ল্যান থাকলে প্লেনের টিকেটের দিকে নজর রাখুন হাতে সময় রেখে। থাইল্যান্ডের নিজস্ব সংস্কৃতিতে অতিথি আপ্যায়ন আর বিচিত্র সব বিনোদনের জন্য পর্যটকদের আনন্দে সময় কাটানোর সব মাধ্যম একসাথে আছে সেখানে।

কালিহাতীতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,লাখ টাকা জরিমানা

সাইফুল ইসলাম সবুজ:
অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে টাঙ্গাইলের কালিহাতীতে আমিন ব্রিকস ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন  ১৩ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের আমিন ব্রিকস  ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানার টাকা আদায় করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন বলেন, সোমবার কালিহাতী উপজেলার ছুনটিয়া নামক এলাকায় অবস্থিত আমিন ব্রিকস নামের এক ইট ভাটা কে জ্বালানি হিসেবে গাছ/লাকড়ি ব্যবহার করার অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন/১৩জানুয়ারি-২৫/মওম

শিবালয়ে অধ্যক্ষের অনিয়মে তদন্তের নির্দেশ

মিজানুর রহমান খান কুদরত :

মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজে অধ্যক্ষ ড.বাসুদেব দে শিকদারের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কলেজের শিক্ষক-কর্মচারিদের অভিযোগ, কলেজের আয়-ব্যয়ের  হিসাব অনিয়মের কারণে তাদের ১৯ মাসের বেতন বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেওয়ার পর শিবালয় উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অদক্ষের বিরুদ্ধে  কলেজের আর্থিক ব্যবস্থাপনায় চরম অস্বচ্ছতা, অতিরিক্ত ব্যয়ের নামে অর্থ আত্মসাৎ এবং অপ্রকাশিত আয়-ব্যয়ের নথি। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯৮ সালে এমপিওভুক্ত হওয়া এই কলেজে ২০১০ সাল থেকে দায়িত্ব পালন করছেন ড. বাসুদেব। তাঁর নিয়োগ থেকে শুরু করে প্রতিটি শিক্ষক-কর্মচারির নিয়োগে অনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।শিক্ষক-কর্মচারিদের অভিযোগ, ৩ হাজার শিক্ষার্থী এবং পর্যাপ্ত আয়ের উৎস থাকা সত্ত্বেও গত পাঁচ বছরে বেতন বকেয়া থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তারা জানান, কলেজ ফান্ড থেকে ব্যক্তিগত কাজে অর্থ ব্যয়, কাঁচা ভাউচার দেখিয়ে বরাদ্দ আত্মসাৎ এবং নীতিমালার বাইরে খণ্ডকালীন নিয়োগের মতো অনিয়ম করেছেন অধ্যক্ষ।

শিক্ষক-কর্মচারিরদের দাবী দ্রুত বকেয়া বেতন পরিশোধ করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কলেজের আয় ব্যয় হিসাব নিকাশের স্বচ্ছতা এনে শিক্ষার পরিবেশ সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড. বাসুদেব দে শিকদার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “কলেজের মাসিক আয় ও ব্যয়ের ব্যবধানের কারণে বেতন বকেয়া রয়েছে। অতিরিক্ত কোনো ভাউচারে ব্যয় করা হয়নি।”

এদিকে, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন জানান, বিষয়টি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। “তদন্তে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।

আলোকিত প্রতিদিন/১৩জানুয়ারি-২৫/মওম

অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য, সন্দেহের কাঠগড়ায় কথিত পালিত পুত্র

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্রের সোনালি দিনের নায়িকা অঞ্জনা রহমানের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। প্রথমে এই তারকার মৃত্যু স্বাভাবিক মনে হলেও তার মরদেহ দাফনের আগে শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন গেল ৪ জানুয়ারি। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দস্যু বনহুর’খ্যাত এই অভিনেত্রী। এদিকে তার মৃত্যুর পর রহস্য ছড়িয়েছে। কেউ বলছেন অঞ্জনার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবার কেউ দাবি করছেন, তার মৃত্যু স্বাভাবিক নয়। অঞ্জনার শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গত ৪ জানুয়ারি সকালে হাসপাতাল থেকে মরদেহ নেওয়ার প্রক্রিয়া চলাকালীন অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্ন দেখে উপস্থিত সবার মধ্যে নানা প্রশ্ন ওঠে। মরদেহ গোসলের সময় এসব চিহ্ন স্পষ্ট হওয়ায় বিষয়টি আলোচনায় আসে। পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে নেওয়া হলে, এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বেশ শোরগোল শুরু হয়।

এর পরই অঞ্জনার কথিত সন্তান নিশাত মনিকে নিয়ে সন্দেহের জাল সৃষ্টি হয়েছে নায়িকার সহকর্মী এবং আত্মীয়স্বজনদের মাঝে। অনেকেই অভিযোগ করেছেন, অঞ্জনার ওপর নির্যাতন চালিয়েছেন মনি।বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অঞ্জনার বোন রঞ্জনা। রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিনেত্রীর মৃত্যু রহস্য উন্মোচন এবং সম্পদের হিসাব চেয়ে বিচার জানিয়েছেন তিনি। অভিযোগ নিয়ে সমিতির সভাপতি মিশা সওদাগর কার্যনির্বাহী পরিষদ এবং বরেণ্য অভিনেতা আলমগীরের উপস্থিতিতে তাৎক্ষণিক মিটিং করে কথিত ছেলে, জামাই ও ড্রাইভারকে সম্পদের হিসাব এবং অবহেলা নিয়ে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন সমিতির মুখপাত্র এবং সহ-সভাপতি ডি এ তায়েব।

তায়েব বলেন, অভিযোগ আমলে নিয়ে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসাবাদে অনেক কিছু ঘোলাটে লাগছে। মনি, ড্রাইভারের নাম ও আইডি কার্ডে কোনো মিল নেই। পুরো বিষয়টি রহস্যজনক। ৩ দিনের মধ্যে কথিত সন্তান মনি এবং রিপন পুরো বিষয় নিয়ে মুখ না খোলে তখন আইনিভাবে বিষয়টি দেখা হবে।

এদিকে অভিযোগ প্রসঙ্গে নিশাত মনি বলেন, আমি ৩ দিনের মধ্যে শিল্পী সমিতিতে সব হিসেব জমা দেব। আমি যদি অপরাধী প্রমাণিত হই, তাহলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেব।

আলোকিত প্রতিদিন/১৩জানুয়ারি-২৫/মওম

নেত্রকোনায় গত এক বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

শহীদুল ইসলাম রুবেল:
 ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গত ১ বছরে নেত্রকোনা জেলায় ২৩২টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বেশিরভাগ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায়। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল ক্রমশ বৃদ্ধি পাওয়ায় জনমনে চরম উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও অস্বাভাবিক মৃত্যুর মধ্যে রয়েছে হত্যা, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা, বিষপানে আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ও পানিতে ডুবে মৃত্যু।
সচেতন বিশ্লেষকদের মতে, অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবের চেয়েও অনেক বেশি। কারণ অনেক সময় নিভৃতপল্লী এলাকায় সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা গেলে পুলিশি হয়রানী কিংবা ময়না তদন্তে কাঁটা ছেড়ার ভয়ে প্রশাসনকে না জানিয়ে অথবা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি স্বাপেক্ষে লাশ দাফনের ব্যবস্থা করায় সরকারি হিসেবে নথিভূক্ত হয় না। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সূত্র মতে, নেত্রকোনা জেলায় ২০২৪ সালের জানুয়ারি মাসে ১৪টি, ফেব্রুয়ারি মাসে ১৭টি, মার্চ মাসে ২৯টি, এপ্রিল মাসে ২২টি, মে মাসে ২২টি, জুন মাসে ১৪টি, জুলাই মাসে ১৮টি, আগস্ট মাসে ১২টি, সেপ্টেম্বর মাসে ২১টি, অক্টোবর মাসে ২৪টি, নভেম্বর মাসে ২৩টি ও ডিসেম্বর মাসে ১৬টিসহ মোট ২৩২টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিরাপদ সড়কের দাবীতে স্বোচ্ছার জিয়া পরিষদ, নেত্রকোনার সভাপতি সানাউল হক মাসুম বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে সবার আগে বিআরটিএ কর্তৃপক্ষ, জেলা পরিবহন মালিক সমিতি এবং জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সব ধরণের যানবাহন চালকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গাড়ি চালক তৈরী করার পাশাপাশি রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হয় সে সব নিয়ম কানুন সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ এবং মাদকাসক্ত অবস্থায় কেউ যেন গাড়ি না চালায় এবং ট্রাফিক আইন যাতে সবাই মেনে চলে তার জন্য ট্রাফিক বিভাগকে আরো সততা ও আন্তরিকতার সহিত কাজ করতে হবে।
নেত্রকোনা বিআরটিএ’র সহকারী পরিচালক জি এম নাদির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা রোধ কল্পে আমরা বাস, ট্রাক, পিক-আপ ভ্যান এবং অন্যান্য যানবাহন চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাসহ চালক হেলপার ও পথচারীদেরকে স্ব স্ব স্থান থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনা রোধ কল্পে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নে আমরা পুলিশ বিভাগের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। এছাড়াও পুলিশ বিভাগের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন মেনে চলতে চালক, হেলপার ও পথচারীদের মাঝে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চালানো হচ্ছে। পুলিশ বিভাগ সড়ক দুর্ঘটনার পরপরই মামলা নিচ্ছে এবং অভিযুক্ত চালকদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে।

আলোকিত প্রতিদিন/১৩জানুয়ারি-২৫/মওম

শেখ রেহানাসহ ৩ সন্তানের বিরুদ্ধে মামলা, ‘সহযোগী’ শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৩ জানুয়ারি সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদক মহাপরিচালক মো.আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক তিনটি মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। অন্যদিকে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে। এ ছাড়া প্রতিটি মামলায় ১২ থেকে ১৩ জনকে আসামি করা হয়েছে।

রবিবার ১২ জানুয়ারি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং জাতীয় গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ ১৬ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় মামলা করে দুদক।

ওই মামলার এজাহারে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদাধিকারী এবং পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭নং সেক্টরের ২০৩নং রাস্তার প্লট নং ১৭ সায়মা ওয়াজেদের নামে বরাদ্দ নিয়ে এবং প্লটের বাস্তব দখলসহ রেজিস্ট্রি মূলে প্লট গ্রহণ করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি,১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মূল অভিযোগে রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতাবলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দের অভিযোগ রয়েছে।

শেখ হাসিনাসহ তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ দুদক থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়ার কথা গত ২৭ ডিসেম্বর জানিয়েছিল দুদক। দেড় দশক দেশ শাসনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানেই রয়েছেন তিনি।

দুদক গত ২২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা ৩০০ মিলিয়ন ডলার (৩০ হাজার কোটি টাকা) বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। তার আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। একই দলকে নতুন করে আসা ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগটি অনুসন্ধানের নির্দেশ দেয় কমিশন। সবগুলোই অনুসন্ধান পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একইসঙ্গে এ ‘দুর্নীতি’র প্রমাণ দিতে দুদকের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

জুলাই অভ্যুত্থানে হত্যা-নিপীড়নের ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচার করতে আন্দোলনকারীরা তাকে ফেরত আনার জোর দাবি জানিয়ে আসছেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার হত্যা, গুম এবং গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, এখনো হচ্ছে।

জুলাই-আগস্টে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবং গত দেড় দশকে আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনের অভিযোগে দুই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তাকে ফেরত পাঠাতে বেশ কিছুদিন কথা-বার্তার পর আনুষ্ঠানিকভাবে দিল্লিতে চিঠি পাঠিয়েছে সরকার। নরেন্দ্র মোদি সরকার চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও কোনো সিদ্ধান্ত জানায়নি।

আলোকিত প্রতিদিন/১৩জানুয়ারি-২৫/মওম

লস অ্যাঞ্জেলস দাবানলে মৃত বেড়ে ২৪, প্রচণ্ড বাতাসে আরও বেড়ে যেতে পারে

আন্তর্জাতিক ডেস্ক:

এক সপ্তাহ ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা এ সপ্তাহেই দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে।

তিনটি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কর্মকর্তারা বলছেন, রবিবার থেকে শুষ্ক বাতাস আবার বেড়ে বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯৬ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাতাস বেড়ে যাওয়ার আগেই পালিসেইডস এবং ইটনের দাবানল ছড়িয়ে পড়া বন্ধ করতে কিছুটা অগ্রগতি হয়েছে। স্থানীয় দমকলকর্মীদের সাথে একযোগে কাজ করছে আরও আটটি রাজ্য এবং কানাডা এবং মেক্সিকো থেকে আসা কর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার পর্যন্ত দাবানলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এর আগে কর্মকর্তারা ১৬ জন নিখোঁজ থাকার কথা বলেছিলেন। নিহতদের মধ্যে ১৬ জনের মৃতদেহ ইটন এলাকায় আর আটজনের মরদেহ পালিসেইডস এলাকায় পাওয়া গেছে।

লস অ্যাঞ্জেলসের তিনটি এলাকায় দাবানল এখনো চলছে। সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে পালিসেইডস, যেখানে প্রায় ২৩ হাজার একর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে ইটনে দ্বিতীয় বৃহত্তম দাবানলে প্রায় ১৪ হাজার একর এলাকা ভস্মীভূত হয়েছে। এছাড়া হার্স্ট-এ পুড়েছে ৭৯৯ একর। তবে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকলকর্মীরা যখন বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে তখনই কর্তৃপক্ষ নতুন করে প্রচণ্ড বাতাসের বিষয়ে সতর্ক করলো, যা “সম্ভাব্য বিপর্যয়কর বাতাসে” পরিণত হতে পারে। এতে পুরো লস অ্যাঞ্জেলসই দাবানলের হুমকির মুখে পড়ল।

পাসাডেনার দমকল বিভাগের প্রধান চাদ অগাস্টিন বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, আমরা আবারো সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছি কারণ মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে। আমরা কিছুটা অগ্রগতি অর্জন করলেও এর সমাপ্তির কাছেও আসতে পারিনি।”

লস অ্যাঞ্জেলস ফায়ার বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি ইভাকুয়েশন জোনগুলোর অধিবাসীদের সতর্ক থাকতে বলেছেন যাতে করে কর্তৃপক্ষ নির্দেশ দিলেই তারা সরে যেতে পারেন। একই সাথে তাদের এমনভাবে অবস্থান করতে বলা হয়েছে যাতে করে কর্মীদের কাজে প্রতিবন্ধকতা না হয়।

টোপাঙ্গা ক্যানিয়নের অধিবাসী অ্যালিস হুসুম বলেন, রাতে নতুন করে সেখানে আগুন শুরু হলেও তা দ্রুত নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তিনি ও তার প্রতিবেশীদের নিয়ে ভয়ে আছেন কারণ সেদিন বাতাস সবচেয়ে বেশি গতিতে বয়ে যেতে পারে। আগুন রবিবার নতুন করে ছড়িয়েছে যার কারণে সান ফার্নান্দো উপত্যকা এবং নিকটবর্তী নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি এলাকার কমিউনিটিগুলো হুমকির মুখে পড়েছে। রবিবার দমকলকর্মীরা অ্যানগেলেস ন্যাশনাল ফরেস্ট এলাকায় নতুন আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকাটি গোপন প্রযুক্তিসহ যুক্তরাষ্ট্র মহাকাশ কর্মসূচি এলাকার সাথেই।

এদিকে যেসব এলাকা থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে সেখানে লুটপাটের দায়ে অন্তত ২৯ জনকে আটক করা হয়েছে। দুজন দমকল কর্মী সেজে চুরি করছিল।

সূত্র: বিবিসি বাংলা

আলোকিত প্রতিদিন/১৩জানুয়ারি-২৫/মওম