আজ , ।   
Home Blog Page 589

৫ একর বনভূমি জবরদখল মুক্ত

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের অভিযানে ৫ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বুধবার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে উচিতারবিল মৌজার ফতিহারঘোনা নামক এলাকায় অভিযান চালিয়ে ৮ টি পলিথিনের ঘর ভেঙে উচ্ছেদ করা হয়। এসময় ৫ একর বনভূমি জবরদখল মুক্ত এবং ৪৪ গজ জিআই তারসহ পলিথিন জব্দ করা হয়।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন,নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৮ টি পলিথিন দিয়ে নির্মিত ঘর ভেঙে ৫ একর বনভূমি উদ্ধার করা হয়। বনভূমি জবরদখল করে রাখার কোন সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।
অভিযানে বিট কর্মকর্তা,রেঞ্জের স্টাফ, ভিলেজার ও সিপিজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান মেহরাজ উদ্দীন।
আলোকিত প্রতিদিন/১৯ফেব্রুয়ারি-২৫/মওম

ঝিনাইগাতীতে মেয়ের ধর্ষণের ঘটনায় মায়ের আত্মহত্যার চেষ্টা : থানায় মামলা

সাদ্দাম হোসেন:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর বাকাকুড়া গ্রামে স্থানীয় মাদরাসার ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ১৮ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ঘটনাটি জানাজানি হলে অপমান সইতে না পেরে ওই কিশোরীর মাতা (৩৫) বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এ বিষয়ে ধর্ষিতার চাচা বাদী হয়ে ৪জনের নামে ঝিনাইগাতী থানায় ধর্ষণের অপরাধে একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণকারিরা হলো উপজেলার কালীনগর গ্রামের সুরুজ আলীর ছেলে ইলিয়াস, উত্তর ভালুকা গ্রামের আবু দাউদের ছেলে আবু সাইদ, ডেফলাই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আব্দুল মতিন এবং ঝিনাইগাতী সদরের আব্দুর রহিমের ছেলে রাশেদ।
ধর্ষিতার পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, গেলো ১৪ ফেব্রুয়ারি বিকেলে গজনী অবকাশে অবস্থিত বিদেশী এক এনজিও’র অফিসে স্পন্সর হিসেবে হাজিরা দিতে যায় ৯ম শ্রেণীতে পড়ুয়া ৪ নারি শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরা। হাজিরা শেষ করে ওই ৪মেয়ে সহ তাদের বন্ধু বান্ধবীদের নিয়ে গজনীর ওয়াটার পার্কে বেড়াতে গেলে
 ইলিয়াসের নেতৃত্বে অন্যান্যরা আসামীরা দেশীয় অস্ত্রেরমুখে জিম্মি করার সময় সুকৌশলে অপর তিন কিশোরী দৌড়ে পালিয়ে যায়। এসময় ইলিয়াস ও বাকি তিনজন ওই মেয়েকে ওয়াটার পার্কের ঘরে আটকে রেখে ধর্ষণ করে। পরে ধর্ষণকারিরা ঘটনাটি প্রকাশ না  করতে ধর্ষিতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে ১৮ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে স্থানীয় বাকাকুড়া বাজারে ধর্ষণকারি ইলিয়াস ও আবু সাইদকে ওই ধর্ষিতার বন্ধুরা দেখতে পেয়ে গণধোলাইয়ের পর আটক করে। খবর পেয়ে ইলিয়াস ও আবু সাইদের লোকজন তাদেরকে উদ্ধার করে সটকে পড়ে। এমন সংবাদ ধর্ষিতার মা (৩৫) জানতে পেরে লোকলজ্জার ভয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী ও ধর্ষিতার পরিবার ধর্ষিতার মাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী পরে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে তাহার অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই উন্নত চিকিৎসার জন্য ধর্ষিতার মাতাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি মৃত্যুের সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় ধর্ষিতার চাচা বাদী হয়ে বুধবার দুপুরে ৪ব্যক্তিকে আসামী করে থানায় ধর্ষণের অপরাধে মামলা দায়ের করেছেন। এদিকে খবর পেয়ে  মঙ্গলবার রাতেই থানা পুলিশ  ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে এসে জবানবন্দি রেকর্ড করে এবং বুধবার দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্যে পুলিশের হেফাজতে জামালপুর প্রেরণ করে। এমন জঘন্য ঘটনায় এলাকাবাসীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। তবে আসামীরা আত্মগোপনে থাকায় তাদেরকে প্রেফতারের অভিযান অব্যাহত আছে।
আলোকিত প্রতিদিন/১৯ফেব্রুয়ারি-২৫/মওম

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দিতে হবে: নোয়াখালীতে আমির খসরু

প্রতিনিধি,নোয়াখালী:
দ্রব্যমূল্য নিয়ন্ত্রন,আইনশৃঙ্খলা উন্নয়ন ও দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপির উদ্যেগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
 ১৯ ফেব্রুয়ারি বুধবার জেলা শহীদ মিনার সড়কে আয়োজিত বিকাল ৩টার সমাবেশে দুপুরের পর থেকে জেলা বিএনপি,ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল,শ্রমিক দল,মহিলা দলেসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে।বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্হল লোকে লোকারন্য হয়ে ওঠার কারণে সমাবেশটি মহাসমাবেশ হয়ে ওঠে।সমাবেশ চলাকালীন তীল ধারনের ঠাই নাই পরিস্থিতি তৈরি হয়। জেলা বিএনপির নেতাকর্মী ছাড়াও এসময় সাধারণ জনতার অভূতপূর্ব উপস্হিতির কারণে সমাবেশটি স্মরণকালের সমাবেশ হিসাবে নোয়াখালীর ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে।

নোয়াখালী বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান বরকত উল্যা বুলু,বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন,মাহবুবের রহমান শামীম,হারুনুর রশীদ (ভিপি হারুন),ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বজলুল করীম চৌধুরী আবেদ,গোলাম হায়দার (বিএসসি)অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, মাহাবুব আলমগীর আলো, কাজী মফিজুর রহমান,বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত নারী শামীমা আক্তার বুলুসহ নোয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপির স্হানীয় নেতৃবৃন্দ ও ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ সমর্থকগণ।প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদ লড়াইয়ে বিএনপির নেতাকর্মীরা এখন অনেক পরিপক্ব। এটা কেউ কেড়ে নিতে পারবে না।শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি অন্তবর্তী সরকার গঠন হয় আমাদের সমর্থনে।এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশে জাতীয় নির্বাচন দেওয়া।বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণকে ফিরিয়ে দিতে আহ্বান জানান।সংস্কারের কথা বলে সময় ক্ষেপন বিএনপি মেনে নেবে না।তাদের সেই দায়িত্ব কেউ দেয়নি।তিনি আরো বলেন,জবাবদিহিতা নিশ্চিত করতে হলে,জনগণকে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে হলে নির্বাচনের বিকল্প নেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে আপনারা গ্রহনযোগ্যতা হারাবেন।আর গ্রহনযোগ্যতা হারালে আপনাদের অবস্হা হাসিনার মতোই হবে।

আলোকিত প্রতিদিন/১৯ফেব্রুয়ারি-২৫/মওম

নবীনগর সরকারী কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ আনোয়ার হোসেন:

উৎসব উদযাপন উপলক্ষে নবীনগর সরকারি কলেজে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সকাল থেকে নবীনগর সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। নবীনগর সরকারী কলেজ আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম।আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক আহসান পারভেজ, সহযোগী অধ্যাপক ড. সালাহউদ্দিন আকসার, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মহসিন হাবিব,  নবীনগর থানার এস আই মো. আতিক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, তারুণ্য হচ্ছে আমাদের বিশাল একটা শক্তি। আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণরাই সহযোগীতা করবে। পিঠা উৎসবে ১৬ টি স্টলে প্রায় শতাধিক দেশীয় পিঠা প্রদর্শন করা হয়।

এর মধ্যে পাপড়ি, ঝিনুক, তালেক কোন, নারিকেল পিঠা, পাক্কন, রেশমী, ঝিল মিল, ডিম সুন্দরী অন্যতম। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে গান পরিবেশন করেন

আলোকিত প্রতিদিন/১৯ফেব্রুয়ারি-২৫/মওম

নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া

আলোকিত ডেস্ক:
নাইকো দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। এদিন পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অপর আসামিদের নাইকো মামলায় জড়ানো হয়েছিল।’

১৯ ফেব্রুয়ারি বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে একথা বলেন।খালাস পাওয়া অপর আসামিরা হলেন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

আজ রায় ঘোষণা করতে সকাল ১১টা ২৪ মিনিটের দিকে এজলাসে ওঠেন বিচারক। এসময় তিনি বলেন, ‘প্রশ্ন হতে পারে— সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুপস্থিতিতে কীভাবে আসামির আত্মপক্ষ শুনানি করা হচ্ছে। ডিএলআর-এর ১৭ থেকে ২১ পর্যন্ত এই বিষয়ে বলা আছে। কোনও আসামি আইনজীবীর মাধ্যমে হাজিরায় থাকলে তার অনুপস্থিতিতে আত্মপক্ষ শুনানি করা যায়। আবার রায়ও দেওয়া যায়। সেই অনুযায়ী রায় দেওয়া হচ্ছে।’

পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘একই ধরনের মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ছিল। সেই মামলা চলেনি, তবুও এ মামলার ফুল ট্রায়াল হয়েছে। আসামি সেলিম ভূঁইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। এরআগে তিনি চার দিনের রিমান্ডে ছিলেন। তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়। পরে অবশ্য তা প্রত্যাহারের আবেদন করা হয়।’

মামলাটি তেজগাঁও থানার হলেও আসামি সেলিম ভূঁইয়াকে গুলশান থানায় রাখা হয়েছিল উল্লেখ করে বিচারক আরও বলেন, সেখানে নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষকে ডিনাই করছে। তাদের এটা জানাও নাই। রেকর্ডে দেখা গেছে, তাকে যে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, বর্হিবিভাগের টিকিটও আছে। তাকে বাইরে থেকে ওষুধও কিনে দেওয়া হয়, এর রশিদও আছে।

তিনি বলেন, সেলিম ভূঁইয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ১৬৪ ধারায় জবানবন্দী নেওয়া হয়েছে। সে কারণে এই ১৬৪-কে (জবানবন্দি) ট্রু বলার সুযোগ নেই। এর উদ্দেশ্য হলো— গিয়াস উদ্দিন আল মামুন, কাশেম শরীফসহ অন্যদের মামলাটিতে জড়ানোর জন্যই কিন্তু জোর করে এই ১৬৪ গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক কারণে এবং হয়রানি করার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অপর আসামিদের জড়িত করা হয়েছে।’ পরে আদালত তাদের খালাসের রায় দেন।

এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তারপক্ষে আইনজীবী হাজিরা দেন। জামিনে থাকা অপর আসামিরা আদালতে হাজির হন। সব আসামি খালাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

আলোকিত প্রতিদিন/১৯ফেব্রুয়ারি-২৫/মওম

এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট।

১৯ ফেব্রুয়ারি বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার সই করা সময়সূচি প্রকাশ করা হয়।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলি:

# পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

# ব্যবহারিক বিষয়-সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

# পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

# সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হবে।

# সকাল সাড়ে ১০টায় বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট)। আর দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ। দুপুর ২টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর আড়াইটায় বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ২.২৫ মিনিট)।

# প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবে।

# প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাজ করা যাবে না।

# পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি এবং ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।

# প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

# পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

আলোকিত প্রতিদিন/১৯ফেব্রুয়ারি-২৫/মওম

বিএনপিকে সৌদি বাদশাহর খেজুর উপহার!

আলোকিত ডেস্ক : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিএনপিকে ১৪৫ কার্টন খেজুর উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেজুর পৌঁছানো হয়। সেখানে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার খেজুর গ্রহণ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে নিয়মিত বিএনপিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও খেজুর উপহার দিয়েছেন। এবার ১৪৫ কার্টন খেজুর দিয়েছেন।

আলোকিত প্রতিদিন/এপি

সকল ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদানের দাবিতে মানবাধিকার জোটের মানববন্ধন

১৯ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ বুধবার সকাল ১০.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার জোটের উদ্যোগে ‘সকল ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদানের দাবীতে’ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক এর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম মহাসচিব মো.মোস্তফা এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান মো. গোলাম ফারুক মজনু, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জনতা ফ্রন্ট এর সভাপতি আবু আহাদ আল মামুন দিপু মীর, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র মোহাম্মদ আবু আবিদ, বিশিষ্ট উপস্থাপক টিমুনী খান রিনো, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. রাজু আহমেদ সুজন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. সাহিদুল ইসলাম প্রমুখ ।

 

মানববন্ধনে মো. গোলাম ফারুক মজনু বলেন বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি বিশ্ব ব্যাপি পালন করা হয়। অথচ এই ভাষা সংগ্রামে যারা অংশ গ্রহন করেছেন, জীবন দিয়েছেন। ভাষা আন্দোলনের ৭৩ বছর পরেও এই ভাষাসৈনিকদের রাষ্ট্রীয়ভাবে পূর্ন মর্যাদা দেওয়া হয়নি। যেটা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছে। ২০২৫ সালে এসে ভাষার মাসে আমরা মনে করি এই ভাষাসৈনিকদের যারা বেঁচে আছেন এবং যারা মৃত্যু বরণ করেছেন তাদের পরিবারকে রাষ্ট্রীয় ভাবে আর্থিক সম্মাননা সহ পূর্ন মর্যাদা দেওয়ার জোর দাবী জানাচ্ছি। ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যেদেশে গুনীর কদর নাই সেদেশে গুনী জন্মায় না। অতএব যাদের জীবন ও রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি সেই সকল ভাষাসৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদান করা আমাদের দ্বায়িত্ব। ১৯৫২ সালে বাংলার সূর্য সন্তান (রফিক, সালাম, বরকত, জব্বার) দেখিয়েছেন বাংলার তরুণরা বুকের তাজা রক্ত দিতে জানে কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে নাই।

সভাপতি বক্তব্যে মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক বলেন, ৫২’র ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই ভাষাসৈনিকদের রাষ্ট্র অদ্যাবধী তাদের আর্থিক কোন সহযোগীত করে নাই। অতএব আমরা দাবী করছি মুক্তিযোদ্ধাদের মত ভাষাসৈনিকদের ও আর্থিক সম্মানিভাতা দেওয়া হোক। একই সাথে জুলাই গনঅভ্যূত্থানে যারা হতাহত হয়েছে তাদের সকল পরিবারবর্গকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তার দাবী জানাই। আহতদের চিকিৎসা বাবদ ৫০ লক্ষ টাকা এবং শহীদ পরিবারবর্গকে ১ কোটি টাকা সহায়তার দাবী জানাই।

কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন স্বামীসহ কারাগারে

মোঃ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার মুরাদ এবং তার স্বামী আবদুল হাই মুরাদকে বসতঘরে অগ্নিসংযোগের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। এদেরমধ্যে বসুরহাট এলাকায় আবদুল হাই মুরাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি পলাতক মির্জা কাদেরের একান্ত সহযোগি হিসেবে পরিচিত।

সোমবার দুপুরে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এর বিজ্ঞ সিনিয়র ম্যাজিষ্ট্রেট সকিনা আক্তার তাদের জামিন না মঞ্জুর করে নোয়াখালী কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক শহীদুল ইসলাম। তিনি বলেন, বসতঘরে অগ্নিসংযোগের মামলায় (সিআর) আদালতে হাজিরা দিতে গেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

একাধিক সূত্রে জানাগেছে, বিগত ২০১২ সালে নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল খায়েরের একটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মানুষজন আহত হয় এবং ঘরের মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ আবুল খায়ের বাদী হয়ে ঘটনার পরেরদিন ৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। কিন্তু আসামীরা মির্জা কাদেরের লোক হওয়ায় পুলিশ মামলাটি নিয়ে তখন টাল বাহানা করে। ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত পারভীন আক্তার মুরাদ ও তার স্বামী আবদুল হাই মুরাদকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।

আলোকিত প্রতিদিন/এপি

লিংকরোডে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ,  দেড় একর বনভূমি উদ্ধার 

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জ এর আওতাধীন দক্ষিণ মহুরিপাড়ার শামসুরঘোনায় সামাজিক বনায়নের ভিতরে ৫ থেকে ৬ টি ঘেরা বেড়া ও ১ টি টিনের ঘর উচ্ছেদ করা হয়েছে। এসময় দেড় একর জায়গা দখলমুক্ত করা হয়।
১৮ ফেব্রুয়ারী ( মঙ্গলবার)লিংক রোড বিট কাম স্টেশন কর্মকর্তা মো: কামরুজ্জামান শোভনের নেতৃত্বে অভিযান চালিয়ে  ২০০৭ -২০০৮ আর্থিক সনের সৃজিত সামাজিক বনায়নের ভেতর নির্মিত বেড়া ও টিনের ঘর উচ্ছেদ করা হয়। অভিযানে বিট কর্মকর্তা, চাইন্দা বিট, লিংক রোড বিট কাম চেক স্টেশন এর স্টাফ ও সিপিজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরেস্টার কামরুজ্জামান শোভন বলেন, প্রাত্যহিক অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে  দেড় একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা দখলে রাখার কোন সুযোগ নেই।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি