আজ , ।   
Home Blog Page 585

আহতদের যে সব বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

আলোকিত প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেছেন উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

২৬ ফেব্রুয়ারি বুধবার অর্ধশতাধিক ব্যক্তি ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ১ নম্বর গেটের সামনের সড়কে বসে পড়েন।

সরেজমিনে দেখা যায়, উপদেষ্টার বিশেষ সহকারী অবস্থানকারীদের সঙ্গে দাবির বিষয়ে কথা বলেন। তখন, উপস্থিত ব্যক্তিরা ক্যাটাগরি বৈষম্য দূর করে আহতদের দ্রুত পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেওয়া, বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা এবং ইমার্জেন্সি হটলাইন চালুর দাবি জানান।

তিনি বলেন, আমি নিজে এখানে উপস্থিত হয়ে এই দাবিগুলো গ্রহণ করলাম। যে মন্ত্রণালয় এই দাবিগুলো নিয়ে কাজ করছে আমি নিজ হাতে তাদের কাছে পৌঁছে দেব। আমি আবারও বলছি,আপনাদের ত্যাগ অনস্বীকার্য এবং মূল্য দিয়ে নির্ধারণ করা যাবে না। কিন্তু সরকারের একটি নিয়ম আছে। এখন এটি আমি হাতে নিয়েছি এবং যথাযথ জায়গায় পৌঁছে দেব। একইসঙ্গে বিষয়টি যেন সুবিবেচনা করা হয় সেটিরও অনুরোধ জানাবো। আমি আশা করব আপনারা এই অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেবেন। অবস্থানকারীরা নারাজ হলে আবারও আশ্বাস দিয়ে তিনি বলেন, আমি নিজে এখানে এসে দাবিগুলো হাতে নিয়েছি। যে উপদেষ্টা এই বিষয়টি দেখেন তার কাছে আমি পৌঁছে দেব। আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ধর্মঘট প্রত্যাহার করুন।

পরে আহত ও তাদের পরিবারবর্গের পক্ষে আরমান নামের একজন বলেন, এই তিন দাবি পূরণ না হওয়ার আগ পর্যন্ত এখান থেকে সরে যাওয়া হবে না। আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো।

পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবার ভেতরে চলে যান।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ ও উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করে  করেছিলেন।

আলোকিত প্রতিদিন/২৬ফেব্রুয়ারি-২৫/মওম

দেশব্যাপী ধর্ষণ ছিনতাই বন্ধে গোয়ালন্দে মানববন্ধন

সোহেল রানা চৌধুরী:
দেশব্যাপী ধর্ষণ, নারী সহিংসতা, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর বারোটায় গোয়ালন্দ বাসস্ট্যান্ডের ঢাকা খুলনা মহাসড়কে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা মহাসড়ক হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করে শেষ হয়।
সমাবেশে শতাধিক ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। বক্তারা ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের ট্রাইবুনালের মাধ্যমে বিচারের দাবি জানান। একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এসময় বক্তারা আরও বলেন, ‘বিগত সময়ে দেখেছি, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা।
এদেশে মানবতা বিরুদ্ধের শাস্তি হয়েছে আজ ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। সেই সারাদেশে সন্ত্রাসী বৃদ্ধি পেয়েছে যারা সন্ত্রাসের সাথে জড়িত তাদের বিচার হওয়া উচিত। আমরা যদি একটা সাম্য, মানবিক ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে চাই, তাহলে সরকারকে প্রথমেই বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সুশাসন গড়ে তুলতে হবে। একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাইলে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা আছে, সে আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।
আলোকিত প্রতিদিন/২৫ফেব্রুয়ারি-২৫/মওম

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানির মামলায় আরও দুই জন গ্রেপ্তার

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:
ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার  দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো- ঢাকার আশুলিয়ার ধানশোনা এলাকার পলাশবাড়ীর মো. আলমগীর (৩৪) ও তাঁর ছোট ভাই রাজিব হোসেন (২১)। এ নিয়ে এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আলমগীর হোসেনকে সোমবার নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাধুরপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আন্তজেলা ডাকাত দলের মূলহোতা। এর আগে এই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ হেফাজতে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। জিজ্ঞাসাবাদকালে তাঁর দেওয়া তথ্যানুযায়ী সোমবার দুপুরে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বাস ডাকাতির সময় লুট করা নগদ ৪ হাজার ২১০ টাকা ও দুটি রুপার আংটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়ার পর আলমগীর পুলিশকে জানান, বাসে ডাকাতির সময় লুট করা মুঠোফোন, গয়না ও ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি তাঁর ছোট ভাই রাজিবের কাছে রয়েছে। পরে সোমবার সন্ধ্যায় আলমগীরকে সঙ্গে নিয়ে আশুলিয়ায় অভিযান চালিয়ে রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ডাকাতি করা ১০টি মুঠোফোন, ইমিটেশনের গয়না, তিনটি ব্যাগ, তিনজন যাত্রীর জাতীয় পরিচয়পত্র এবং ডাকাতিতে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য আলমগীরকে সাত দিনের ও রাজিবকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ডাকাতিকালে ধর্ষণের ঘটনার কোনো তথ্য এখনো তাঁদের কাছে আসেনি। তবে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। তারপরও কোনো তথ্য-উপাত্ত পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি রাতে ইউনিক রোড রয়েলসের আমরি ট্রাভেলস নামে বাসে ডাকাতির ঘটনা ঘটে। রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে ৩০–৩৫ জন যাত্রী নিয়ে বাসটি রাজশাহীর উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১২টার দিকে যাত্রীবেশী ৮–৯ জন ডাকাত অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেয়। প্রায় তিন ঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থান ঘুরিয়ে যাত্রীদের টাকা পয়সা, মালামাল নিয়ে নেয়। এ সময় তারা নারী যাত্রীদের শ্লীলতাহানিও করে। ঘটনার তিন দিন পর ২০ ফেব্রুয়ারি রাতে মির্জাপুর থানায় ওমর আলী নামের এক যাত্রী বাদী হয়ে মামলা করেন।
আলোকিত প্রতিদিন/২৫ফেব্রুয়ারি-২৫/মওম

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়া সদরে মজা কিনে দেবার লিপ্সা দেখিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার দুই কিশোরের বিরুদ্ধে।
২৩ ফেব্রুয়ারি রবিবার  রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম শিশুকে বাড়ির পাশের আলু খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
অভিযুক্ত ইমরান মিয়া (১৬) বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের মালু মিয়া ছেলে এবং শাহিন (১২) একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তারা দুজনই ভিকটিমের দূরসম্পর্কের মামা।
হাসপাতাল ও ঘটনাসূত্রে জানা যায়, রবিবার রাতে ভিকটিম শিশু চকলেটের জন্য বাড়ির পাশ্ববর্তী এক দোকানে গেলে অভিযুক্ত ইমরান ও শাহিন মজা কিনে দেবার কথা বলে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়ির পাশের আলু খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিম ভয়ে চুপচাপ বাড়িতে আসে৷ পরের দিন দুপুরে পেটে প্রচন্ড ব্যথা হলে ভিকটিম শিশু তার মায়ের কাছে ঘটনাটি খুলে বললে তাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ এখানে অবস্থা অবনতি হলে পরে তারা ভিকটিম শিশুটিকে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার বিষয়ে জানান, একটি নাবালক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নিব।
আলোকিত প্রতিদিন/২৫ফেব্রুয়ারি-২৫/মওম

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জ মেডিকেল কলেজে বিক্ষোভ মিছিল

মো: মহিদ:
সাম্প্রতিক ম্যাটস, ডিএমেফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক গৃহিত হটকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী মানিকগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মানিকগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী জুহায়ের তওসিফ,আসিফ আফতাব সোহাগ,মেহরাব সহ বিভিন্ন ব্যাচের সকল সাধারণ শিক্ষার্থীরা। উক্ত মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকবৃন্দও তাদের এই দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন তাদের দাবি অনতিবিলম্বে না মানা হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে তারা আরও কঠোর কর্মসূচী পালন করবে।
আলোকিত প্রতিদিন/২৫ফেব্রুয়ারি-২৫/মওম

নোয়াখালীতে খামারিকে ঘরবন্দি করে গোয়াল ঘরে পেট্রোলের আগুন, দগ্ধ ৮গরু 

একেএম ফারুক হোসেন :
নোয়াখালীর কবিরহাটে গভীর রাতে এক খামারিকে ঘরবন্দী করে গরুর খামারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারে থাকা ৮টি গরু দগ্ধ হয়, এর মধ্যে ১টি বাছুর আগুনে পুড়ে মারা যায়, ২টি জবাই করে দেওয়া হয়েছে। আগুনে খামারটির প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত খামারের মালিক।
২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। এর আগে, রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কালা মিয়া মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি শাহজাহান বলেন, গত ২০ বছর ধরে তিনি গরুর খামারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। বর্তমানে তার খামারে ৬টি বড় গরু ও ২টি বাছুর ছিল। রবিবার দিবাগত রাত ১টার দিকে গরুর দুধ দোহনের পর খামার বন্ধ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে খামার থেকে গরুর ডাক শুনে জানালা দিয়ে দেখেন খামারে আগুন জ্বলছে।
তিনি আরও বলেন, খামারে থাকা গরুগুলোর গায়ে আগুন জ্বলতে দেখে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে দেখি বাহির থেকে দরজা বন্ধ করে দেওয়া। পাশাপাশি থাকা তার অপর দুই ভাইয়ের ঘরের দরজা একইভাবে আটকে দেওয়া হয়। পরে আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাইরে থেকে আটকানো দরজা খুলে দিলে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে,খামারে থাকা ৮টি গরু ও গোখাদ্য পুড়ে যায়।
তিনি অভিযোগ করে বলেন, বাড়িতে একটি পক্ষের সাথে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে তারা গত কয়েকদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছে। এর জের ধরে খামারে পেট্রোল দিয়ে আগুন দিতে পারেন বলে তিনি ধারণা করছেন।
কবিরহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহজালাল মোহাম্মদ ইউনুস বলেন, সবগুলো গরুর শরীরের এক দ্বিতীয়াংশ ও তৃতীয়াংশ পুড়ে গেছে। যার মধ্যে ২টি জবাই করে দেওয়া হয়েছে। বাকিগুলোকে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। তবে তাতে মনে হয়না গরুগুলো বাঁচানো সম্ভব হবে। তারপরও আমাদের টিম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/২৫ফেব্রুয়ারি-২৫/মওম

বিদ্যালয়ের পুরনো ঐতিহ্য ফিরবে, প্রধান শিক্ষকের প্রত্যাবর্তনে আশাবাদী ট্র্যাবের মুখপাত্র আবিদ

চট্টগ্রামের হালিশহরে অবস্থিত ঐতিহ্যবাহী গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় অবশেষে ফিরে পেল তার যোগ্য প্রধান শিক্ষককে। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলা ও বিভিন্ন জটিলতার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম অবশেষে নিজের চেয়ারে ফিরতে সক্ষম হয়েছেন।

গত ৫ বছর আগে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে বিভিন্ন অভিযোগ ও দুর্নীতির দায়ে জোরপূর্বক স্কুল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিনি প্রমাণ করতে সক্ষম হন যে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আদালতের রায় তার পক্ষেই যায় এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডও তার নির্দোষ থাকার প্রমান পায়। এরই ধারাবাহিকতায় চলতি মাসে তিনি পুনরায় তার দায়িত্ব গ্রহণের অনুমতি পান।

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর মুখপাত্র ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডিএমসিআরএস এর মুখপাত্র মুহাম্মদ আবু আবিদ এই ঘটনাকে বিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য যে মুহাম্মদ আবু আবিদ এই বিদ্যালয় থেকেই এসএসসি পাশ করেছেন।

নিজের প্রিয় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মুহাম্মদ আবু আবিদ। তবে তার আবেগ আরও গভীর হয়ে ওঠে, যখন তিনি জানতে পারেন যে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম সকল অভিযোগের বিপরীতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করে অবশেষে তার ন্যায্য আসনে ফিরে এসেছেন। একসময় যে শিক্ষক ছিলেন বিদ্যালয়ের প্রধান, আজ পাঁচ বছর পর তিনি ফিরে এসেছেন তার যথার্থ সম্মান ও মর্যাদা নিয়ে—এই সংবাদ মুহাম্মদ আবু আবিদের হৃদয়ে এক অনন্য অনুভূতির সৃষ্টি করে।

এসময় মুহাম্মদ আবু আবিদ বলেন ” যোগ্য শিক্ষক তার নিজ আসনে ফিরে পাওয়াটা শুধু একজন শিক্ষকের জয় নয়, এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায়ের জয়। গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় আবারও সঠিক নেতৃত্বে পরিচালিত হবে বলে আমি আশাবাদী। আমি এই বিদ্যালয়ে পরপর দুইবার নির্বাচিত স্টুডেন্টস ক্যাবিনেট সভাপতি ছিলাম। তাই খুব কাছ থেকে স্যারের নেতৃত্ব দেখার সুযোগ হয়েছে। আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় পুনরায় একটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত হবে।

এ বিষয়ে মোঃ রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ৫ বছর কতটা যন্ত্রণা সহ্য করেছি তা বলার ভাষা আমার নেই। আমার সন্তানদের কাছ থেকে বিনা অপরাধে আমাকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। এটাই আমার সবচেয়ে বেশি কষ্ট হত। আজ আমি আনন্দিত, আমার সকল সন্তানদের আবারও কাছে পেয়েছি। তবে মুহাম্মদ আবু আবিদ বিদ্যালয় পড়াকালীন সময়ই বিদ্যালয়ের নাম দেশের কাছে যেভাবে উজ্জ্বল করেছে, দিনকে দিন যত যাচ্ছে তার সাফল্যে আমরা গর্বিত হই। তিনি আজ আমাদের বিদ্যালয় এসেছেন, তাতে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা উৎফুল্ল ও উল্লসিত।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আঁখি সুলতানা, দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল, বিএমইউজে এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, সাংবাদিক নেতা শহীদুল ইসলাম, সাংবাদিক সাইফ উদ্দিন রমিজ, সাংবাদিক সাফায়েত মোর্শেদসহ চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক সংগঠক ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক প্রধান শিক্ষকের ফিরে আসার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করেন, বিদ্যালয়ের মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে মো. রফিকুল ইসলামের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরাও প্রধান শিক্ষককে ফিরে পেয়ে আনন্দিত। তারা বিশ্বাস করে, নতুনভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে এবং বিদ্যালয় আবারও তার পুরোনো গৌরব ফিরে পাবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন

আলোকিত ডেস্ক:

সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে তিনি রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত‍্যুকালে তিনি তার সহধর্মিণী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা ‎শামসুদ্দিন দিদার জানান, আব্দুল্লাহ আল নোমান মঙ্গলবার ভোর ৬টার দিকে ধানমন্ডিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তী সময়ে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরাও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

বিএনপির প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ বাদ আসর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে আব্দুল্লাহ আল নোমানের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ চট্টগ্রামে বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল। তার মৃত্যুতে সমাবেশটি বাতিল করা হয়েছে।

দেশের অন্যতন প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুল্লাহ আল নোমানের জন্ম ১৯৪৫ সালের ৩১ মে।  চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামে। তার বাবা আহমেদ কবির চৌধুরী। আব্দুল্লাহ আল নোমান দেশের খ্যাতনামা শ্রমিক নেতা হিসেবেও পরিচিত ছিলেন। 

মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে কাজ করা এই রাজনীতিক মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে রাজনীতি করেন। পরে বিএনপিতে যোগ দেন জিয়াউর রহমানের সময়। শিক্ষানুরাগী হিসেবেও আবদুল্লাহ আল নোমান ছিলেন ব্যতিক্রমী। চট্টগ্রামে তিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

আবদুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতি নক্ষত্র ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের সমাজ পরিবর্তনের যে রাজনীতি তিনি তা শুরু করেছিলেন ছাত্রজীবনে। পরে তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দেন। তিনি বিএনপির নেতৃত্ব পর্যায়ে কাজ শুরু করেন। মঙ্গলবার  বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মৃত্যুর পর তার ধানমন্ডির বাসভবনে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি তাকে দলীয় নেতা হিসেবে চিহ্নিত করতে চাই না, তিনি জাতীয় নেতা ছিলেন। চট্টগ্রামের মানুষের তিনি খুব প্রিয় নেতা ছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নাম ছিল আবদুল্লাহ আল নোমান। রাজনীতির জন্য নোমান অনেক ত্যাগ স্বীকার করেছেন উল্লেখ বিএনপির মহাসচিব বলেন, জেলে গেছেন বারবার। এমনকি শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। তার এই অবদান দেশের মানুষ কখনও ভুলবে না।

মির্জা ফখরুল বলেন, আমার আজকে অত্যন্ত শোকাহত। সত্যি কথা আজকে আমার আমাদের একজন অভিভাবক, একজন হৃদয় এবং প্রিয় মানুষকে হারিয়েছি।বিএনপির অন্যতম এই ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে দলের নেতাকর্মীদের মধ্যে শোক ছড়িয়ে পড়েছে।

আলোকিত প্রতিদিন/২৫ফেব্রুয়ারি-২৫/মওম

 

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক:

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বেশ কয়েকদিন ধরে গুঞ্জন ছিল উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তিনি। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এ পদত্যাগ বলে জানা গেছে।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজকে তার পদত্যাগের মধ্যদিয়ে সে পথ অনেকটা সুগম হলো। আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।

রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন এ দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হবেন আকতার হোসেন।

নতুন রাজনৈতিক দলের মুখপাত্র এবং মুখ্য সংগঠক পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম থাকার জোর সম্ভাবনা রয়েছে। এ ছাড়া শীর্ষ পদগুলোতে নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ থাকবেন বলে জানা গেছে।

এদিকে নাহিদ ইসলামকে ট্যাগ করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সারজিস আলম দুপুরে ফেসবুক দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে নাহিদ ইসলাম।  ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম।

আলোকিত প্রতিদিন/২৫ফেব্রুয়ারি-২৫/মওম

ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘের ভোটে রাশিয়ার পাশে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে।কারণ রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় বার্ষিকী উপলক্ষে জাতিসংঘে পরপর দুটি ভোটে যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

প্রথমত, মস্কোর কর্মকাণ্ডের নিন্দা এবং ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে ইউরোপীয় দেশগুলোর উত্থাপন করা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। যদিও এই প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়।

প্রস্তাবে রাশিয়াকে যুদ্ধের জন্য সরাসরি দায়ী করা হয় এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউরোপীয় প্রস্তাবটি ৯৩ ভোটে পাস হয়। তবে যুক্তরাষ্ট্র শুধু বিরত থাকেনি, বরং সরাসরি রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরি ও আরও ১১টি দেশ ভোট দেয়। ৬৫টি দেশ ভোটদানে বিরত থাকে।

পরবর্তীতে,যুক্তরাষ্ট্রের খসড়া করা একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়। এতে রাশিয়ার কোনো সমালোচনা ছিল না, শুধু যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। এর পক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র।

নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটি পাস হলেও যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স ভোটদানে বিরত থাকে। কারণ সংশোধনী প্রস্তাবটিতে ভেটো দেওয়া দরকার বলে মনে করে তারা।

পরে যুক্তরাষ্ট্র একটি সংক্ষিপ্ত প্রস্তাব উত্থাপন করে, যেখানে শুধুমাত্র ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রাণহানির প্রতি শোক প্রকাশ এবং দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।

১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আনীত প্রস্তাবটি ১০ ভোটে পাস হয়, তবে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া ভোটদানে বিরত থাকে।

ফলে দেখা যাচ্ছে, ইউক্রেন প্রশ্নে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। কারণ এতোদিনের মিত্র ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন মতবিরোধ বিরল ঘটনা।

গত তিন বছরে রাশিয়ার আগ্রাসনের কারণে নিরাপত্তা পরিষদ কার্যত অচল হয়ে পড়েছে। কারণ রাশিয়া সেখানে ভেটো ক্ষমতা ব্যবহার করে যেকোনও প্রস্তাব আটকে দিতে পারে।

এই কারণেই, ইউক্রেন যুদ্ধ নিয়ে মূল আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদে স্থানান্তরিত হয়েছে, যদিও সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবগুলো আইনত বাধ্যতামূলক নয়, নিরাপত্তা পরিষদের মতো কার্যকর নয়।

সূত্র: বিবিসি

আলোকিত প্রতিদিন/২৫ফেব্রুয়ারি-২৫/মওম