আজ , ।   
Home Blog Page 583

জেলেনস্কিকে পেটাননি ট্রাম্প, এটাই বিস্ময়ের : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক উত্তেজনা ও বাক-বিতণ্ডায় পণ্ড হওয়ার জন্য জেলেনস্কিকেই দায়ী করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেনস্কির কঠোর সমালোচনা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বৈঠকে জেলেনস্কি যে পরিমাণ ঔদ্ধত্য প্রদর্শন করেছেন—তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প।

টেলিগ্রাম পোস্টে এ প্রসঙ্গে জাখারোভা বলেন, “আমি মনে করি জেলেনস্কি এ পর্যন্ত যত মিথ্যে বলেছেন, সেসবের মধ্যে সবচেয়ে বড় মিথ্যে ছিল ২০২২ সালে যুদ্ধ শুরুর সময় কিয়েভ একা ছিল এবং কেউ তার পাশে ছিল না।”

“যে হাত তাকে খাবার দেয়, সেই হাতেই কামড় দিতে উদ্যত হয়েছিলেন জেলেনস্কি। তার এই ঔদ্ধত্যের পরও ট্রাম্প এবং ভ্যান্স (মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স) তাকে শারীরিকভাবে আঘাত না করে যে সংযমের পরিচয় দিয়েছেন, তা রীতিমতো বিস্ময়কর।”

জাখারোভার চেয়ে আরও একধাপ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা ফোরাম রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, “এই প্রথম ট্রাম্প ওই কোকেন ক্লাউন (জেলেনস্কি)-এর মুখের ওপর সত্য কথা বলেছেন; তিনি বলেছেন যে কিয়েভ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে। এই অকৃতজ্ঞ শূকরটি শূকরের খামারের মালিকদের হাতে রীতিমতো থাপ্পড় খেয়েছে।”

“তবে এটাই যথেষ্ট নয়। আমাদের অবশ্যই এই নাৎসী মেশিনকে সহায়তা প্রদান বন্ধ করতে হবে।”

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রধান নির্বাহী ইয়েভগেনি প্রিমাকভ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, “বৈঠকের সবকিছু সবাই দেখেছে। কিয়েভের স্বভাব প্রধান দিকটি স্পষ্ট হয়ে উঠেছে সেখানে। আর সেটি হলো উসকানি, ঘৃণ্য উসকানি।”

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ সংক্রান্ত সংলাপ ও ইউক্রেনের খনিজ উপাদান যুক্তরাষ্ট্রকে হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন গিয়েছিলেন জেলেনস্কি। সেই বৈঠকে ট্রাম্প রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য জেলেনস্কিকে আহ্বান জানান।

কিন্তু জেলেনস্কি ট্রাম্পের বক্তব্যের তাৎপর্য বুঝতে ব্যর্থ হন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি ট্রাম্পের নমনীয় দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে চ্যালেঞ্জ করে বসেন। তার জবাবে বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জেলেনস্কিকে বলেন যে তার কৃতজ্ঞতাবোধের অভাব রয়েছে।

এভাবে এক-দুই কথায় বৈঠকের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে ট্রাম্প তার সহকারীদের মাধ্যমে জেলেনস্কিকে চলে যেতে বলেন। ফলে ট্রাম্প এবং জেলেনস্কির শুক্রবারের বৈঠক কার্যত পণ্ড হয়।

সূত্র : এএফপি

আলোকিত প্রতিদিন/০১মার্চ-২৫/মওম

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকে তীব্র বাগবিতণ্ডা,খনিজসম্পদ চুক্তি হয়নি

আন্তর্জাতিক ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির বৈঠকে তীব্র বাগবিতণ্ডা হয়েছে। এদিন ইউক্রেনের বিরল খনিজসম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও দুই নেতার মধ্যে বাগবিতণ্ডার পর সেটি আর হয়নি।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের তেল, গ্যাস এবং বিরল খনিজসম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বিষয়ে চুক্তি নিয়ে আলোচনার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়। উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর চুক্তির বিষয়টি আর এগোয়নি।

এই বৈঠকে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি মার্কিন সামরিক এবং রাজনৈতিক সমর্থনের জন্য যথেষ্ট কৃতজ্ঞ নন এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন ট্রাম্প। তিনি জেলেনস্কিকে বলেন, ‘আপনাকে হয় রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে হবে নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আমরা না থাকলে আপনাকে একা লড়তে হবে।’

এক পর্যায়ে, ট্রাম্প জেলেনস্কিকে বলেন, তিনি মার্কিন সামরিক ও রাজনৈতিক সমর্থনের জন্য যথেষ্ট কৃতজ্ঞ নন এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন।

ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে চান, রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান এবং ইউক্রেনে ব্যয় করা অর্থ পুনরুদ্ধার করতে চান। অন্যদিকে জেলেনস্কি বাইডেন প্রশাসনের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও নৈতিক সমর্থন পেয়েছিলেন, যা তার দেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বৈঠকে ট্রাম্প রাশিয়ার সঙ্গে চুক্তির আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আশা করি, আমাকে একজন শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে মনে রাখা হবে।’ এ সময় জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেন এবং ট্রাম্পকে সতর্ক করে বলেন, ‘একজন হত্যাকারীর সঙ্গে কোনও আপস নয়।’

ট্রাম্প বলেন, ‘আপনার দেশ বড় বিপদে আছে। আপনি এভাবে কথা বলতে অনুমতিপ্রাপ্ত না। আপনার দেশ যুদ্ধে হারতে বসেছে আর আপনি এখনও একগুয়েমি করছেন।’

রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনের রাষ্ট্রপতিকে তিন বছরের মার্কিন সমর্থনে ও সামরিক সহায়তার জন্য অকৃতজ্ঞ বলে অভিহিত করেন ট্রাম্প। এর খুব অল্প সময়ের মধ্যেই এবং নির্ধারিত সময়সূচির অনেক আগেই জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে গাড়িতে বেরিয়ে যেতে দেখা যায়।

এদিন ইউক্রেনের খনিজসম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিষয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের একটি চুক্তির শর্তের মধ্যে ছিল, ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন খনিজসম্পদ থেকে আয়ের অর্ধেক একটি পুনর্গঠন তহবিলে জমা দেবে কিয়েভ। এই তহবিলের মালিকানা ও ব্যবস্থাপনায় যৌথভাবে থাকবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। এই তহবিলের অর্থ কীভাবে ব্যয় করা হবে এবং কোন কোন খনিজ সম্পদ এর আওতায় থাকবে, সে সম্পর্কে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছে, এর মধ্যে খনিজসম্পদ, জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি গ্যাস টার্মিনাল ও বন্দরের মতো অবকাঠামোগুলো এর আওতায় থাকবে।

এই চুক্তির আর্থিক মূল্য কত, তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, এতে মার্কিন যুক্তরাষ্ট্র শত শত বিলিয়ন ডলার লাভ করবে।

আর জেলেনস্কি বলেছেন, তিনি এমন কোনও চুক্তিতে সই করবেন না, যেখানে তার দেশকে কয়েক প্রজন্ম ধরে ঋণের বোঝা বইতে হবে। দুই রাষ্ট্রনেতা এমন বক্তব্য দিলেও সম্ভাব্য এ চুক্তির শর্ত সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না।

আলোকিত প্রতিদিন/০১মার্চ-২৫/মওম

বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জালেন দুদু

আলোকিত প্রতিবেদক:

বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিশেষ কোনো সুবিধা, স্বার্থে বা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে দেশের পরিস্থিতি খারাপ হতে পারে।

১ মার্চ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অবস্থা অস্বাভাবিক ছিল। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার বাইরে ছিল। সবকিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। গণঅভ্যুত্থানের পর মানুষ যেটা আশা করেছিল সেটা পাচ্ছে না। আগেও যে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করত, এখনো সেই সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। তাহলে দেশের জনগণের জন্য কি পরিবর্তন হলো?

তিনি বলেন, শেখ হাসিনার আমলে যেমন গুম খুন ছিনতাই হতো, এখনো তাই হচ্ছে। মানুষ আতঙ্কে আছে। ঘর থেকে বের হতে ভয় পায়। চট্টগ্রামে একটি বিশেষ বাহিনীর সঙ্গে সাধারণ জনগণের যে যুদ্ধ, সেই যুদ্ধে একজন ছাত্র নিহত হয়েছে। সেই নিহত ছাত্রের ময়নাতদন্ত যেভাবে হয়েছে শেখ হাসিনার আমলেও একইভাবে ময়নাতদন্ত হতো। একটা নির্বাচিত সরকার থাকলে দেশের এই পরিস্থিতি হতো না।সাবেক এই সংসদ সদস্য বলেন, সীমান্তে প্রতিদিনই মানুষ হত্যা করা হচ্ছে। নির্বিচারে বাংলাদেশের জনগণের উপর হামলা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এ বিষয়ে বর্তমান সরকারের কোনো উদ্যোগ নেই। সরকারের এই বিষয়টা ভালোভাবে দেখা উচিত।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান,মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

আলোকিত প্রতিদিন/০১মার্চ-২৫/মওম

তেওতা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিজানুর রহমান খান কুদরত: মানিকগঞ্জ শিবালয় উপজেলার তেওতা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুকবার  (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকার সময় স্কুল ও কলেজর মাঠ প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়।

উক্ত ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ও কলেজের দাতা সদস্য বাংলাদেশ প্রেস কাউন্সিলর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোঃ আকনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, শিবালয়  থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুরুজ,রবিউল ইসলাম, মোহাম্মদ ফয়সালসহ স্কুল ও কলেজের সকল শিক্ষক, ছাত্র ছাত্রী,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

এ সময় স্কুল ও কলেজের সকল ছাত্রছাত্রীগণ প্রধান অতিথির নিকট দাবী তোলেন আমাদের খেলার মাঠ চাই। এই স্লোগানে স্কুল ও কলেজ প্রাঙ্গণের মুখরিত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই তিনি সকল শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এই স্কুল থেকে সুশিক্ষায় শিক্ষিত হন এবং সমাজের মুখ উজ্জ্বল করেন আমি আপনাদের সাথে থাকবো। লেখাপড়ার  পাশাপাশি খেলাধুলাও আরেকটি শিক্ষা। তাই আমি আমার পরিবারের সাথে আলাপ-আলোচনা করে আমার জমি যদি থাকে তাহলে খেলার মাঠ ব্যবস্থা করে দেব।

সবশেষে তিনি বলেন,ক্রীড়ানুষ্ঠান স্কুল ও কলেজের সুনাম বৃদ্ধি করেছে এবং সহশিক্ষা কার্যক্রমের চর্চায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে এবং তিনি  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ধারাবর্ণনার প্রশংসা করে ছাত্র-ছাত্রী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দদের অভিনন্দন জানান।

আলোকিত প্রতিদিন/এপি

নতুন দলের আত্মপ্রকাশ: কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ

আলোকিত ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে অনুষ্ঠানস্থলে দলে দলে আসতে শুরু করেছে ছাত্র-জনতা। এরই মধ্যে নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়,রাজধানীর মিরপুর,শাহবাগ, উত্তরা, রমনাসহ বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

কথা হয় নওগাঁ থেকে আসা তবিবুর হাসানের সঙ্গে। তিনি বলেন, অনেকদিন পর একটি স্বাধীন ছাত্র সংগঠনে যুক্ত হয়েছি। কোনো জোর জবরদস্তি নেই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব ছিলেন, তাদের নেতৃত্বে রাজনীতি করাটা অনেক সৌভাগ্যের।

ফেনী থেকে আগত আজিজুল হক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন করে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন দল সবসময় দেশের বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে থাকবে।

আন্দোলনে শহীদ পরিবার। তবে ঠিক কোন শহীদের পারিবার এই রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তারুণ্য নির্ভর নতুন এই রাজনৈতিক দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।

সূত্র জানিয়েছেন, নতুন দলের নাম এবং এর শীর্ষ দুই পদ আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণার পর নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একে একে কেন্দ্রীয় কমিটির ১৪৯ জন সদস্যকে মঞ্চে ডেকে নেবেন।

আরেক সূত্র জানিয়েছে, নতুন এই রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন,আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের নাম চূড়ান্ত করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৮ফেব্রুয়ারি-২৫/মওম

আগে স্থানীয় পরে জাতীয় নির্বাচন চায় জামায়ত

সোহেল রানা চৌধুরী:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের আগে ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধীদের বিচার এ জাতি দেখতে চায়। তবে বিচার, সংস্কার এবং স্থানীয় নির্বাচন এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে।২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আগে। কারণ সিটি করপোরেশনে, পৌরসভায় ও উপজেলায় কোনো জনপ্রতিনিধি নেই। গ্রামীণ অবকাঠামো ও স্থায়ী অবকাঠামোর উন্নয়ন অগ্রগতি ব্যাহত হচ্ছে, জনদুর্ভোগ বাড়ছে। অনেকেই ভাবে জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচন হলে পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপি হবে। আমরা এই সরকারের কাছে অবাধ শান্তিপূর্ণ একটি জাতীয় নির্বাচন চাই।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি আমাদের প্রিয় নেতা জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে বন্দি আছেন। কোনো অপরাধ নেই তার। ১৪ বছর ধরে ফাঁসির সেলে রেখে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজহারুল ইসলাম ভাইয়ের ওপর যত মামলা হয়েছিল সেসব মিথ্যা মামলা প্রত্যাহার করে রমজানের আগেই আমরা তার মুক্তি দাবি করছি।

তিনি আরও বলেন, মানুষ এখন মুখে মুখে বলছে জামায়াতে ইসলামীর হাতেই মানুষ এবার দায়িত্ব দিতে চায়। এজন্য কিছু দলের মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আওয়ামী লীগ যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলত, সেই স্টাইলে এখন আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর হাতে যদি জনগণ দায়িত্ব দেয় আমরা শাসক হব না। আমরা জনগণের সেবক হয়ে সেই দায়িত্ব পালন করব। আমরা ব্যক্তি নয় আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। সেই সমাজ প্রতিষ্ঠার সুযোগ আমাদের কাছে এসেছে। কেন ৫৩ বছরে এই গোয়ালন্দ-পাটুরিয়ায় সেতু নির্মাণ করা গেল না? নিশ্চয়ই এখানে জনপ্রতিনিধির দায়িত্বের অবহেলা ছিল। আমরা দাবি করছি, অবিলম্বে দেশের যোগাযোগের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক গোয়ালন্দ- পাটুরিয়া রুটে সেতু নির্মাণ করতে হবে। রাজবাড়ীতে একটি মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, রেলওয়ের ওয়ার্কশপ বৃদ্ধি করে সম্প্রসারণের দাবি করছি।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ।

বক্তব্য দেন জামায়াতে ইসলামীর হিন্দু প্রতিনিধি অধ্যাপক কমলেশ চন্দ্র দাস, রাজবাড়ীর সাবেক জেলা আমির মো. আক্তারুজ্জমান, ফরিদপুর জেলা আমির মাওলানা মো. বদরুদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো. জামাল উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য মো. হারুন অর রশীদ, অধ্যাপক মো. হেলাল উদ্দিন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২৮ফেব্রুয়ারি-২৫/মওম

নবীনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ আনোয়ার হোসেন: 
সারাদেশে ধর্ষণ, ছিনতাই, খুন-ডাকাতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা সদরে অবস্থিত নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ ও শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে কর্মসূচিতে অংশ নেয়
এই সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, ফাসি চাই ফাসি চাই ধর্ষকদের ফাসি চাই, এ স্লোগানে বিভিন্ন সড়কে র‍্যালির পর সারাদেশে ধর্ষণ, ছিনতাই, খুন-ডাকাতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ধর্ষকদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীরা বক্তব্য দেয়‌।
আলোকিত প্রতিদিন/২৮ফেব্রুয়ারি-২৫/মওম

নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প,কাঁপল বাংলাদেশও

আলোকিত ডেস্ক:

হিমালয় অঞ্চলের দেশ নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

রাত ৩টার কিছু পরে দেশের উত্তরাঞ্চলেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে।

পঞ্চগড় জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,নেপালে ভোররাত ২টা ৫৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে পঞ্চগড়ও কেঁপেছে। তবে এখানে রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি ছিল মাঝারি। এর উৎপত্তিস্থল হতে দূরত্ব ছিল ৩৪৬ কিলোমিটার।  স্থানীয় কয়েকজন জানান, রাতে ভূমিকম্প হয়েছে টের পেয়েছি। বিশেষ করে পঞ্চগড় নেপালের নিকটবর্তী অঞ্চল হওয়ায় আঘাত হানা ভূমিকম্পে কেঁপেছে এ অঞ্চলটিও।  তবে এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে নেপালে ভূমিকম্প সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া নেপাল বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত। যার কারণে দক্ষিণ এশিয়ার এই দেশটি সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। নেপালে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ২০১৫ সালের ২৫ এপ্রিল রাজধানী কাঠমান্ডু এবং পোখারা শহরের মধ্যবর্তী স্থানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে অন্তত ৮ হাজার ৯৬৪ জন নিহত এবং প্রায় ২২ হাজার মানুষ আহত হন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে পাঁচ সেকেন্ড স্থায়ী এই কম্পন জেলার বিভিন্ন স্থানে অনুভূত হয়। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ জেলায় ভূকম্পন মাপার যন্ত্র না থাকায় এর মাত্রা জানা যায়নি।

ঠাকুারগাঁও শহরের কয়েকজন বাসিন্দা জানায়, রাত ৩টা ৮ মিনিটে মাটি কেঁপে ওঠে। অনেকে আতঙ্কে ঘরের ভেতর থেকে বাইরে চলে আসেন। কম্পনটি ৪ থেকে ৫ সেকেন্ড স্থায়ী ছিল বলে জানান তিনি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম জানান, জেলার কোথাও থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল তা জানা সম্ভব হয়নি।

আলোকিত প্রতিদিন/২৮ফেব্রুয়ারি-২৫/মওম

 

কলাপাড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  (ডিইএব)কমিটি অনুমদন

মোঃ আজিজুল ইসলাম:
কলাপাড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
 ২৬ ফেব্রুয়ারি বুধবার ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানকে এবং মাহবুব হোসেন (মাহিন)কে সদস্য সচিব করে কলাপাড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)কলাপাড়া উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়।
পটুয়াখালী জেলা (ডিইএব)এর সহ-সভাপতি মশিউর রহমান সুপারিশ ক্রমে জেলা ডিইএব এর সভাপতি প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান রেজা এবং সাধারন সম্পাদক মোঃ শোয়েব মাহমুদ এই কমিটি অনুমোদন করেন।
এই কমিটি আগামী দিনগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত উন্নয়ন ও কলাপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
ইতিমধ্যেই দেখা গিয়েছে একটি ফেসবুক পোস্ট এর মাধ্যমে সদস্য সচিব মাহবুব হোসেন মাহীন জানিয়েছেন, পটুয়াখালী জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক কে এবং কলাপাড়া উপজেলা আহবায়ক কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়ে সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন।
কলাপাড়া উপজেলার সকল উন্নয়নমূলক কাজ করে ইঞ্জিনিয়ার দের ভাগ্য উন্নয়ন করবে আশা করা যাচ্ছে।
আলোকিত প্রতিদিন/২৮ফেব্রুয়ারি-২৫/মওম

টাঙ্গাইলে শিক্ষাসফরের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ জন কারাগারে

প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শিক্ষাসফরের চারটি বাসে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো চারজন হলেন, ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মো. আয়নাল হক (৩৭), মো. ফজলুল (৪১), আয়নাল হক (৩৭) ও একই উপজেলার মালিরচালা পাহাড়িয়া পাড়া গ্রামের নাসির (৩৫)।
ডাকাতির ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, গ্রেপ্তার চারজনকে আজ দুপুরে ঘাটাইল আমলি আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, বুধবার(২৬ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একাধিক মুঠোফোন, টর্চলাইট, রামদা, হাতুড়ি, সোনার আংটি ও টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আয়নাল হকের বিরুদ্ধে দুটি চুরিসহ তিনটি এবং নাসিরের বিরুদ্ধে একটি ডাকাতিসহ তিনটি মামলা আছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা চারটি বাস নিয়ে গত মঙ্গলবার ভোরে নাটোরের একটি পার্কে শিক্ষাসফরের উদ্দেশ্যে রওনা হন। ভোর সাড়ে চারটার দিকে টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদিঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় পৌঁছায় বাসগুলো। সেখানে সড়কে গাছের গুঁড়ি ফেলা থাকায় বাসগুলো থেমে যায়। পরে বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মুঠোফোন, টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে ডাকাতেরা। একপর্যায়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পাশের সাগরদিঘি তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় ডাকাতেরা পালিয়ে যান। পরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষাসফরে নাটোর চলে যান।
আলোকিত প্রতিদিন/২৭ফেব্রুয়ারি-২৫/মওম