আজ , ।   
Home Blog Page 582

অবশ্যই ট্রাম্পের সাথে জেলেনস্কিকে সম্পর্ক সংশোধন করতে হবে: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে নজিরবিহীন বাগবিতণ্ডার ঘটনাটি ঘিরে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। এই ঘটনার জেরে জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আর এবার এই ঘটনায় বার্তা দিয়েছে সামরিক জোট ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন এই জোটের প্রধান বলেছেন, জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সাথে সম্পর্ক সংশোধন করতে হবে। এমনকি ইউক্রেনীয় প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার কথাও জানিয়েছেন তিনি।

১ মার্চ শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।ন্যাটো মহাসচিব মার্ক রুট শনিবার বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক সংশোধনের “একটি উপায় খুঁজে বের করা”। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুট বলেছেন, হোয়াইট হাউসে তার (জেলেনস্কি) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে জেলেনস্কির সাথে তিনি ফোনে দুবার কথা বলেছেন।

তিনি ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন উল্লেখ করে রুট বলেছেন, ফোনালাপে কী আলোচনা হয়েছে তা বলার জন্য তিনি অনুমোদিত ব্যক্তি নন। ন্যাটো প্রধান বলেন, তিনি জেলেনস্কিকে বলেছেন— “ট্রাম্প এখন পর্যন্ত ইউক্রেনের জন্য যা করেছেন তা সম্মান করা উচিত।”

রুট আরও বলেন, ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে আগের দিনের বাকবিতণ্ডার ঘটনা ছিল “দুর্ভাগ্যজনক” এবং তাদের সম্পর্ক মেরামত করা দরকার।

তার ভাষায়, “এটি গুরুত্বপূর্ণ যে— আমেরিকান প্রেসিডেন্ট এবং সিনিয়র নেতৃত্বের সাথে তার প্রেসিডেন্ট জেলেনস্কি যেন সম্পর্ক মেরামত করার একটি উপায় খুঁজে বের করেন।”

তিনি বলেন, তিনি জেলেনস্কি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে টেলিফোন কথোপকথনেও এই বিষয়টি উত্থাপন করেছেন।

রুট আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প মার্কিন জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল সিস্টেম বিক্রির অনুমোদন দিয়েছিলেন। আর এটি ইউক্রেনকে রাশিয়ার হামলার প্রতিক্রিয়া জানাতে শক্তি যুগিয়েছিল।

আলোকিত প্রতিদিন/০২মার্চ-২৫/মওম

দেশের মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করলেন সিইসি

আলোকিত প্রতিবেদক:

নির্বাচন কমিশন (ইসি) ২০২৪ সালে নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া ভোটারসহ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

২ মার্চ রবিবার  আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’। দিবসটি উপলক্ষে ইসি একটি আলোচনা সভার আয়োজন করেছে। পাশাপাশি মাঠপর্যায়ের অফিসাররাও বিভিন্ন কর্মসূচি পালন করবে।

সিইসি বলেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। আমরা মনে করি ইসির প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আছে। আমরা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি। আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নিয়েছি, বর্তমানে ডাটা এন্ট্রি চলছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। এ দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর আগে, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি।

খসড়া তালিকায় ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হন, যার ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন এবং হিজড়া ভোটার ৯৯৪ জন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি গ্রহণ এবং পর্যালোচনা শেষে নতুন ভোটার সংখ্যা ২০ লাখের বেশি বাড়তে পারে।

আলোকিত প্রতিদিন/০২মার্চ-২৫/মওম

টঙ্গীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে আটক ৬০!

আলোকিত প্রতিবেদক: শিল্পনগরী গাজীপুরের টঙ্গীতে পাইকারি মাদকের খোলা বাজার হিসেবে খ্যাত হাজী মাজার বস্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার পর  টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন হাজী মাজার বস্তিতে এই অভিযান শুরু হয়। রাত ৯টায় এই অভিযান শেষ হয়।

তিনি বলেন, অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও রয়েছেন। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ৬০ জনের মতো মাদক কারবারিসহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

জানা যায়, বিখ্যাত মাদক ব্যবসার জমজমাট খোলাবাজার হিসেবে খ্যাত টঙ্গী হাজী মাজার বস্তিতে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন হয়। রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকে মাদক যায়।

মাদকের পাইকারি বাজার এই মাজার বস্তিতে প্রায় শতাধিক মাদকের দোকান রয়েছে। বাসা বাড়ি ও দোকান থেকে নিয়মিত পাইকারি হিসেবে মাদক বিক্রি হয়। এখান থেকে স্থলপথ, রেলপথ ও জলপথে দেশের বিভিন্ব স্থানে মাদক যায়। কক্সবাজার থেকে সরাসরি ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক টঙ্গীর মাজার বস্তিতে আসে। আর এখান থেকে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য পাইকারি বিক্রি হয়ে থাকে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, অভিযান শেষ হয়েছে। মামলা হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

আলোকিত প্রতিদিন/এপি

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার!

সাদ্দাম হোসাইন, চকরিয়া প্রতিনিধি কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশ দেন।

জানা গেছে, ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ জানিয়েছেন আলম নামের এক স্থানীয় সংবাদকর্মী। তিনি জানান, তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে।
ওই সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া সাংবাদিকদের সত্য সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘শুক্রবার আপনারা একটি সংবাদ দেখেছেন, যেখানে রাজশাহীগামী বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়নি। তারপরও কিছু মিডিয়া সংবাদটি প্রকাশ করেছে। এতে ওই নারী সমাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন।’

তিনি বলেন, ‘মাঝে মাঝে আপনাদের কিছু সংবাদে সমাজে অস্থিরতা তৈরি হয়। আপনাদের অনুরোধ করছি, সত্য সংবাদ প্রকাশ করুন। আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি। আমি একসময় মর্নিং নিউজে ছিলাম।

আলোকিত প্রতিদিন/এপি

গাছা প্রেস ক্লাবের শিক্ষামূলক অনুষ্ঠানের  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের গাছা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষামূলক অনুষ্ঠানের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে আজ পহেলা মার্চ ২০২৫ ইংরেজি  শনিবার বিকাল ৩ ঘটিকায় গাছা প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সময় চিত্রাংকন প্রতিযোগিতা, প্রবন্ধ আবৃত্তি, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গাছা প্রেস ক্লাবের সভাপতি আমির আলীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি মোহাম্মদ রাশেদ।
সঞ্চালনায় ছিলেন গাছা প্রেসক্লাব সদস্য টিটু ক্লান্তির ও সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আলী  মোহাম্মদ রাশেদ বলেন গাজীপুরে গাছা প্রেস ক্লাবের পক্ষ থেকে কোমলমতি শিশুদের নিয়ে তৃতীয়বারের মতো প্রতিযোগিতামূলক ব্যতিক্রম একটি উদ্যোগ নেয়ার জন্য গাছার প্রেস ক্লাবের সকল সাংবাদিক কে ধন্যবাদ জানান। তিনি বলেন বর্তমান সময়ে মাঠ কমে যাওয়ায় ছোট ছোট বাচ্চারা মোবাইল ফোন আসক্ত হয়ে গেছে। বাচ্চাদের যদি খেলাধুলায় আগ্রহ বাড়ানো যায় তাহলে মোবাইল ফোনে আসক্ত কমে যাবে।
বাচ্চারা একটি সুস্থ পরিবেশ পাবে বলে মনে করছেন তিনি এ সময় আরো বক্তব্য রাখেন গাছা থানার জামাত ইসলামের আমির জনাব মোঃ মিয়াজ উদ্দিন মাস্টার, গাছা থানার সাবেক সভাপতি বিএনপির আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি ফারুক খান ৩৫ নং ওয়ার্ডের সভাপতি আবুল হাসেম, জামাতে ইসলামের ৩৫ নং ওয়ার্ড প্রার্থী  খন্দকার আসাদুজ্জামান, গাছা থানা জামাত ইসলামের সদস্য আব্দুর রশিদ মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীরা।
আরো উপস্থিত ছিলেন গাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হামিদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি এমারত হোসেন বকুল সরকার, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আনিসুল ইসলাম, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা জাহান ময়না, সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ রাকিব হাসান ও আব্দুল হালীম মাস্টার।
শিক্ষা কার্যক্রম অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন টিটু’স টিউটোরিয়াল ও ই- সেবা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
শিক্ষা কার্যক্রমে আকর্ষণীয় পুরস্কার ছিল বাইসাইকেল, গাজীপুর শাহীন ক্যাড তৃতীয়  শ্রেণীর ছাত্রী ফাতিহা মুনতাহা সহ ৬৫ টি ৩৪ টি স্কুলের মধ্যে পুরস্কার প্রদান করা হয়
আলোকিত প্রতিদিন/০১মার্চ-২৫/মওম

কলাতলী এলাকার পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে ১১ টি কচ্ছপ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন কক্সবাজার রেঞ্জ কর্তৃক শহরের কলাতলী এলাকার পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে ১১ টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মো: হাবিবুল হক।
তিনি বলেন,২৮ ফেব্রুয়ারি  ( শুক্রবার)  রাত ৮ টায় সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় কলাতলী পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলো কড়িকাইট্টা প্রজাতির যা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল-১ অনুযায়ী রক্ষিত বন্যপ্রাণী।
তিনি আরো বলেন, রক্ষিত বন্যপ্রাণী কোনো অবস্থাতেই ধরা, শিকার, হত্যা, বিরক্ত, পরিবহন করা অথবা ব্যবসা করা যাবে না।উদ্ধারকৃত কচ্ছপগুলো হিমছড়ি জাতীয় উদ্যানের প্রাকৃতিক পরিবেশের মিঠা পানির জলাধারে অবমুক্ত করা হবে। বন ও বন্যপ্রাণী রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে লিংক রোড স্টেশন বিট কর্মকর্তা কামরুজ্জামান শোভন ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/০১মার্চ-২৫/মওম

বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রবিবার

আলোকিত ডেস্ক:

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২ মার্চ রবিবার পবিত্র রমজান মাস শুরু হবে। আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খাবেন তারা।

১ মার্চ শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে  ১ মার্চ শনিবার দেশটিতে শুরু হয়েছে পবিত্র ও মহিমান্বিত এ মাস। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজানের চাঁদের দেখা গেছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ১ মার্চ শনিবার রোজা শুরু করেছেন। তারা শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।

আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন আমাদের দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

আলোকিত প্রতিদিন/০১মার্চ-২৫/মওম

অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে মানিকগঞ্জে সুজনের মানববন্ধন 

মো: মহিদ:
অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো বিনির্মাণের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে  সুজন-সুশাসনের জন্য নাগরিক। শনিবার বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নান্নু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাবুল উদ্দিন খান, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কামরুদ্দিন আহমেদ জাকির,   এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম রাজু, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার দপ্তর সম্পাদক হাসান শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে সরকারকে উদ্যোগী হতে হতে হবে। একইসাথে, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।
আলোকিত প্রতিদিন/০১মার্চ-২৫/মওম

কুমিল্লার কোম্পানিগঞ্জে রোজা উপলক্ষে ফলের বাজার চড়া

নাজমুল হাসান:

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি চাহিদা থাকে বিভিন্ন জাতের ফলের। দিনশেষে ইফতারিতে ফল না থাকলে যেন অতৃপ্তি থেকে যায়। সেই ইফতারের আয়োজনে নানারকম ফল স্থান পায়। তবে এবার রমজানেও ফলের দামে লেগেছে ‘আগুন’।

০১ মার্চ শনিবার কুমিল্লার মুরাদনগর কোম্পানিগঞ্জ ফল বাজার ঘুরে এবং সংশ্লিষ্ট ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে ফল বাজারের এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ডালিম ৩৫০-৪০০ টাকা, আঙুর ৩২০-৩৫০   টাকা, ড্রাগন ৫৫০ টাকা, কালো আঙুর ৪২০-৪৫০ টাকা, মাল্টা ২৮০ থেকে ৩০০ টাকা, বেল মানভেদে ১৫০-২০০ টাকা, পেয়ারা ৬০ থেকে ৮০ টাকা, প্রতি হালি  কলা ২০-৮০ টাকা এবং প্রতি পিস মাঝারি সাইজের তরমুজ ৩০০ টাকা, বড় তরমুজ ৫০০ থেকে ৬০০ টাকা, প্রতি কেজি আপেল মানভেদে ২৫০ থেকে ৩৫০ টাকা, নাশপাতি ৩২০ টাকা, সফেদা ১৮০ টাকা, আনারস প্রতি পিচ ৫০ টাকা, কমলা ২৮০ টাকা, চায়না কমলা ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষে ফল ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে প্রতি কেজি বিভিন্ন ফলে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।
মহানবী (সা.) বলেছেন, পণ্যদ্রব্য আটক করে অধিক মূল্যে বিক্রয়কারী অবশ্যই পাপী ( সহী মুসলিম শরীফ)। অন্য হাদিসে এসেছে, ‘আমদানিকারক রিজিকপ্রাপ্ত হয়, আর মজুতদার হয় অভিশপ্ত। ইসলাম পণ্যদ্রব্যকে তার যথাযথ ভোক্তার কাছে হস্তান্তরে বদ্ধপরিকর। সেক্ষেত্রে যাতে কোনো ধরনের শোষণের অবকাশ না থাকে—সেদিকে দৃষ্টি রেখেছে ইসলাম। কারণ, যদি এমনটি হয়, তাহলে ক্রেতা-বিক্রেতা উভয়ের যে কেউ ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে। তাছাড়া এগুলো প্রতারণারও অন্তর্ভুক্ত।

ক্রেতা সফিক মিয়া বলেন, বৃদ্ধ মা রোজা রাখেন। মা প্রতিদিন একটু ফল খান ইফতারে। বাচ্চারাও ফল পছন্দ করে। কিন্তু ফলের যে দাম তাতে আর কিনে খাবার উপায় নেই। আনার, নাশপাতি, আঙুর যা কিছুই কিনতে যাই অনেক দাম। যে টাকা রোজগার করি তা দিয়ে পরিবারকে ফল কিনে খাওয়ানোর মতো সম্ভব না। বিক্রেতা সবুজ বলেন, সবকিছু আসলে আড়ৎদারদের হাতে। তারাই দাম কমায় আবার বাড়ায়। এখানে আমাদের হাত নেই। আমরা ছোট ব্যবসায়ী, আমাদের বলে লাভ নেই।

বিশ্বের মুসলিম দেশগুলোতে রমজান আসলেই সবকিছুর দাম কিছুটা স্বাভাবিক কমে। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা তার ভিন্ন রূপ দেখায়। রমজান আসলেই নিত্যপণ্যের পাশাপাশি ফল ব্যবসায়ীরাও ফলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য ফল ক্রয় করাটা হয়ে যায় কষ্টসাধ্য।

আলোকিত প্রতিদিন/০১মার্চ-২৫/মওম

 

রোজায় মেট্রোরেলে পানি বহন করা যাবে

আলোকিত ডেস্ক:

ইফতারের জন্য মেট্রোরেল স্টেশনের প্লাটফর্ম ও ট্রেনে ২৫০ মিলিলিটার পরিমাণ পানি পরিবহন করা যাবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর গত ২৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেলে ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা কনকোর্স অথবা প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে।

আরও বলা হয়, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স এবং মেট্রোট্রেনের ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনের এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সময়সূচি অনুযায়ী সর্বপ্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে ও সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে সর্বপ্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।

এই সময়সূচি অনুযায়ী পুরো রমজান মাস অর্থাৎ ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

আলোকিত প্রতিদিন/০১মার্চ-২৫/মওম