আজ , ।   
Home Blog Page 578

বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয় সরকার

আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগলিক দূরত্ব হ্রাস করতে বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার করিডোর চেয়েছেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা। শুক্রবার রাজধানী শিলংয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রসঙ্গে বলেছেন তিনি।

সাঙমার প্রস্তাবিত এই করিডোর করিডোরটির দৈর্ঘ্য হবে ১০০ কিলোমিটার বা তার চেয়ে বেশি এবং সেটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বন্দরশহর হিলিকে সংযুক্ত করবে। মহেন্দ্রগঞ্জ এবং হিলি— দুই শহরেরই সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশের।

করিডরটি নির্মাণ করা গেলে মহেন্দ্রগঞ্জের পাশাপাশি মেঘালয়ের তুরা, বাঘমারা, ডালু এবং ডাউকি জেলার সঙ্গও পশ্চিমবঙ্গের সংযোগ স্থাপন সম্ভব হবে বলে জানিয়েছেন কনরাড।

মুখ্যমন্ত্রী বলেন, “যদি বাংলাদেশের মধ্যে দিয়ে হিলি এবং মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডর নির্মাণ করা হয়, তাহলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০ থেকে ৭০০ কিলোমিটার কমে যাবে।”

“এটি হবে একটি বিকল্প অর্থনৈতিক করিডর। তবে কবে নাগাদ এটি হতে পারে, তা বলা একটু কঠিন। কারণ এর সঙ্গে বাংলাদেশের সরকারও যুক্ত। বাংলাদেশের সরকার পরিবর্তনের আগে এ ইস্যুতে ঢাকার সঙ্গে মন্ত্রী পর্যায়ে বৈঠক করেছিল নয়াদিল্লি। আমরা এ ইস্যুটি পুনরুজ্জীবিত করতে চেষ্টা চালিয়ে যাব।”

সূত্র : এনডিটিভি অনলাইন

আলোকিত প্রতিদিন/০৮মার্চ-২৫/মওম

নারী স্বাধীনতা মানে অশ্লীলতা নয়, চিন্তার স্বাধীনতায় এগিয়ে যাওয়া : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারী স্বাধীনতা মানে অশ্লীলতা নয়, এগিয়ে যাওয়া। তার চিন্তার স্বাধীনতা, লেখাপড়ার অধিকার-এটাই নারী স্বাধীনতা। এটাকে যেন কেউ আটকাতে না পারে।

৮ মার্চ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এক র‌্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‍্যালির আয়োজন করে মহিলা দল। এসময় আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসনকে জঙ্গলের শাসনের সঙ্গে তুলনা করে রিজভী বলেন, একটি জংলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ংকর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছিল দেশে। এক রক্তক্ষয়ী মহাবিপ্লবের মধ্য দিয়ে জুলাই-আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে। সমাজের মধ্যে এখন কেন অস্থিরতা থাকবে?

দেশে মব ভায়োলেন্স প্রসঙ্গে টেনে রুহুল কবির রিজভী বলেন, এখন একটি অস্থিরতা শুরু হয়েছে, মব কালচার। এটা তৈরি হলো কেন? অন্তর্বর্তী সরকার তো সব গণতন্ত্রকামী সমর্থিত সরকার। মব কালচারে কত যে নির্যাতন, নিপীড়ন হচ্ছে তার কোনো ইয়ত্তা নাই। কত নারী এবং শিশু নিপীড়িত হচ্ছে তার পরিসংখ্যান আসছে। মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে, জানুয়ারি মাসেই কন্যা নির্যাতিত হয়েছেন ৮৫ জন, নারী নির্যাতিত হয়েছেন ১২০ জন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬৭ জন, হত্যাকাণ্ডে শিকার হয়েছেন ১৪ জন। এটা ভয়ংকর পরিস্থিতি।

তিনি আরও বলেন, যিনি প্রথম ইসলামে দীক্ষিত হয়েছেন তিনি তো একজন নারী। তাহলে নিজেকে কেমন করে চলতে হবে, সন্তানকে কেমন করে মানুষ করতে হবে, এই প্রতিষ্ঠানটা হচ্ছেন মা, আর মা তো একজন নারী।

শিক্ষকদের ও বড়দের সম্মান দিতে হবে, এটা প্রথমে শেখায় কে? মা। তাই নারীকে কীভাবে চলতে হবে সেটা পুরুষরা যদি প্রতিদিন বলে দেই তাহলে যে আমাদের মা, বোন, স্ত্রীর যে স্বাধীনতা, চিন্তাচেতনা, সেখানে আমি হস্তক্ষেপ করছি। তারা কীভাবে চলবে সে স্বাধীনতা দিতে হবে। তাতে বাধা দেওয়ার অধিকার কারও নাই।

রিজভী বলেন, কোনো উগ্র গোষ্ঠী যাতে নারীদের শেকলবদ্ধ করতে না পারে সে প্রচেষ্টাও আমাদের থাকবে। কারণ বিএনপি ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে। সংবিধানে আল্লাহর নাম স্থাপন করেছে, নারী শিক্ষার প্রসার ঘটিয়েছে, সেই দল রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের উন্নয়নে এবং অগ্রগতিতে সবচেয়ে বেশি অবদান রাখবে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

আলোকিত প্রতিদিন/০৮মার্চ-২৫/মওম

নারীদের ওপর হামলার খবর গভীর উদ্বেগজনক: প্রধান উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি এটা তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী-পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করবো।

৮ মার্চ শনিবার কালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতিসহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে। কয়েকদিন আগে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এ রেকর্ডসংখ্যক নারী ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল ইত্যাদি খেলায় অংশ নিয়েছে। এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৭ লাখ ৪০ হাজার মেয়ে প্রায় ৩ হাজার খেলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়। এ দেশের সর্বস্তরের মানুষ দর্শকসারিতে বসে তাদের উৎসাহ জুগিয়েছেন। হাজার হাজার দর্শকের এমন উপস্থিতিই প্রমাণ করে যে, বাংলাদেশের সমাজে নারীর অধিকার এবং অংশগ্রহণ প্রতিষ্ঠায় পুরুষদেরও স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে।

‘নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। তাছাড়া, আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন, সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদের সমর্থন জানানোর, কোনো বিকল্প নেই।’

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তা না হলে আমরা জাতি হিসেবে এগোতে পারব না। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

অনুষ্ঠানে  অদম্য নারী পুরস্কার তুলে দেন  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পুরস্কার পাওয়া নারীরা হলেন-অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আলোকিত প্রতিদিন/০৮মার্চ-২৫/মওম

নীলফামারীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

বরাত ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর সদর উপজেলায়  অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করার অভিযোগে ১ ইটভাটা মালিকের কাছে ৫০,০০০হাজার  টাকা জরিমানা আদায় ও একটির চিমনি ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
শুক্র বার  (৭মার্চ  )  বিকেল এ সদর উপজেলায়   অভিযান পরিচালনা করে নীলফামারী  জেলা পরিবেশ অধিদপ্তর ।
 নীলফামারী জেলার সদর উপজেলার গোড়গ্রাম নামক এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটাসমূহের বন্ধের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় । এ সময়ে অধিকাংশ ইটভাটার কার্যক্রম বন্ধ পাওয়া গেলেও আলহাজ্ব অকছেদ আলী শেখ এর মালিকানাধীন মেসার্স বি ও বি ব্রিকস নামক ইটভাটাটিকে মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর নির্দেশ অমান্য করে পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(৩) ধারা লংঘনের দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা  জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় । এছাড়া মোঃ রাজু ও মোঃ বাবুল এর মালিকানাধীন মেসার্স বি আর বি ব্রিকস নামক ইটভাটাটি মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ অনুসারে চিমনি স্কেভেটের দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ।
 অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করেন,  জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সায়ীদ মুহাম্মদ,  পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে সদর, নীলফামারী পুলিশ বিভাগ এবং সদর, নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস-এর একদল সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। তার সঙ্গী হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল।

ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন তৃতীয় ও শ্রীলংকার কুমার ধার্মাসেনা চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন। আর শ্রীলংকার রঞ্জন মাদুগালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।

 

আগামী রবিবার দুবাইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। একই মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার সেমি-ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইলিংওয়ার্থ। পরদিন লাহোরে আরেক সেমি-ফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে মাঠের আম্পায়ার ছিলেন রাইফেল। দুজনই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার তারা।

এর আগে গত জানুয়ারিতে টানা তৃতীয় ও ক্যারিয়ারে চতুর্থবারের মতো আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হওয়া ইলিংওয়ার্থ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তারা।

জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীর কথা জানালেন: তারেক রহমান!

আলোকিত প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস আজ। বিশ্বব্যাপী ৮ মার্চ এ দিবসটি পালন করা হয় প্রতি বছর। বিশেষ করে নারীর প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি, ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি। এবার নারী দিবসকে নিয়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীর কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা—তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত, যারা এটি পড়ছেন তাদের অনেকেই একই অনুভূতি লালন করেন। বাংলাদেশের তরুণী এবং নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখে। প্রতিটি নারীরই যে কোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত।

আমাদের মেয়েদেরও আমাদের ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত। তাদেরকে ঘর ছেড়ে বাইরে আসতে হবে, তারা যেন কোনো হয়রানি ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোনো ভয়-ভীতি ছাড়াই নিজেদের মত প্রকাশ করতে পারে।

বিএনপির নীতি প্রণয়নের মূলে রয়েছে একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রোথিত। আমাদের ‘পরিবার কার্ড’ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ এবং তরুণীদের শিক্ষিত করার জন্য শিক্ষা ও বৃত্তিমূলক প্রকল্পের মতো উদ্যোগ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একসাথে, আসুন আমরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাই।
আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে প্রেমের ফাঁদে ফেলে চাকরিজীবীকে অপহরণ, দুই অপহরণকারী গ্রেফতার

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল: টাঙ্গাইলে অপহরণের পর বিকাশের মাধ্যমে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে শহরের থানাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় মোমিনুল ইসলাম (৩৩) নামে অপহৃত একজনকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণ কুলিয়া এলাকার আবুল হোসেনের ছেলে আল আমিন তালুকদার (৩২) ও দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের মিজান মিয়ার ছেলে কুতুব উদ্দিন রনি (২৮)।
পুলিশ জানায়, অপহৃত মোমিনুল ইসলাম দীর্ঘদিন যাবত একটি ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে টাঙ্গাইল শহরের রেজিস্ট্রি পাড়ায় কর্মরত ছিলেন। এ সুবাদে মোবাইল ফোনের মাধ্যমে রিয়া মনি নামে এক নারীর সঙ্গে পরিচয় হয় তার। বুধবার (৫ মার্চ) রাতে রিয়া মনি মোমিনুলকে শহরের শান্তিকুঞ্জ মোড়ে ডেকে আনেন। পরে তার সঙ্গে থাকা দুইজন মোমিনুলকে জোরপূর্বক শহরের থানাপাড়ার একটি ফ্ল্যাটে নিয়ে আটকে রেখে মারধর করে। একপর্যায়ে অপহরণকারীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরবর্তীতে তারা বাড়ি থেকে নগদ টাকা নিয়ে আসার জন্য চাপ দেয় পরিবারকে। অপহরণকারীরা মোমিনুল ইসলামের সড়ক দুর্ঘটনা হয়েছে বলে বাড়িতে ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দিতে বলে। পরে মোমিনুলের বাবা মোহাম্মদ আলী প্রথমে বিকাশে পাঁচ হাজার টাকা দেন। পরে তার স্ত্রী বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা দেন। বাকি টাকার জন্য তারা মোমিনুল ইসলামকে মারধর ও নির্যাতন করে। এভাবে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা দিতে হুমকি দেয় অপহরণকারীরা। বিষয়টি পরিবারের লোকজন পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোমিনুল ইসলামকে উদ্ধার করে। এসময় দুইজনকে আটক করা হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ জানান, এ ঘটনায় মোমিনুল ইসলাম রাতে বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আলোকিত প্রতিদিন/এপি

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় রাত হলেই বেড়ে যায় ছিনতাই

সোহেল রানা চৌধুরী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ছিনতাইকারী চক্র বেপরোয়া হয়ে উঠেছে। দৌলতদিয়া ফেরিঘাটে বাস এবং ট্রাকের সিরিয়ালে আটকে থাকা যাত্রীদের কাছ থেকে প্রতিনিয়ত মোবাইল ফোন, স্বর্ণালংকার ও ব্যাগ ছিনিয়ে নিচ্ছে তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সন্তোষজনক নয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, শীতের কুয়াশায় রাত হলেই দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি পড়ে। কুয়াশার কারণে মাঝেমধ্যে ফেরি চলাচল বন্ধ থাকে, আবার ট্রাফিক পুলিশ এবং বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের যোগসাজশে যানবাহন সিরিয়ালে আটকে রাখা হয়-এমন অভিযোগ করেছেন চালকরা। এই সুযোগে ছিনতাইকারীরা গাড়ির জানালা দিয়ে মোবাইল, ব্যাগ, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে মুহূর্তেই অন্ধকারে গা ঢাকা দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীরা চিৎকার করলেও কেউ এগিয়ে আসে না, এমনকি চালক ও হেলপাররাও কিছু করতে সাহস পান না। ছিনতাইয়ের পর অনেকেই থানায় অভিযোগ করতে যান না, কারণ এতে সময় নষ্ট হবে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দেরি হবে।

দৌলতদিয়া ফেরিঘাটে ছিনতাইয়ের শিকার হন যশোর থেকে ঢাকাগামী যাত্রী ইকবাল হোসেন। তিনি জানান, আমি বাসের জানালার পাশে বসে ছিলাম। হঠাৎ করেই এক যুবক জানালা দিয়ে আমার হাত থেকে রিয়েলমি ১৩ প্রো মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। আমিও খোঁজ করেও তাকে পাইনি। আমার শখের ফোনটি হারিয়ে গেল।

এছাড়া রোজিনা পরিবহনের যাত্রী আব্দুল ওয়াহাব জানান, আমি ল্যাপটপের ব্যাগ কোলে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙার পর দেখি জানালার গ্লাস খোলা, আর আমার ল্যাপটপের ব্যাগও নেই! অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সব চলে গেলো। ফেরিতে উঠতে হবে বলে থানায় অভিযোগও করতে পারছি না।

অনেক পরিবহনের চালকেরা অভিযোগ করে বলেন, জানি না কেন, একটু কুয়াশা পড়লেই ট্রাফিক পুলিশ এবং বিআইডব্লিউটিসি কর্মকর্তারা গাড়ি আটকে দেয়। আর গাড়ির সিরিয়াল হলেই ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়ে। পুলিশ ও কর্মকর্তাদের উদাসীনতার কারণেই এসব হচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘাট এলাকায় ছিনতাইয়ের কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ছিনতাই নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।

স্থানীয়রা এবং যাত্রীরা দৌলতদিয়া ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তারা চান, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হোক এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধের নামে অপ্রয়োজনীয় যানজট সৃষ্টির বিষয়টি খতিয়ে দেখা হোক।

আলোকিত প্রতিদিন/০৭মার্চ-২৫/মওম

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)এর অধীনস্থ ট্রানজিট ক্যাম্পের বিশেষ টইল দল নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ৭ই মার্চ শুক্রবার রাত আনুমানিক ০২:১৫ মিনিটের দিকে সীমান্ত পিলার ২০০১/এম পি হইতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার বিজয়নগর উপজেলার আমতলী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য উদ্ধার করেছে।
পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় উন্নতমানের সানগ্লাস- ৩৮৯৪ পিস, ট্যাবলেট- ২১,৩০০ পিস, ক্যাপসুল-৮,৭০০ পিস, Medicated Soap- ৩২৪ পিস, Glosmile Injection- ১০৮ পিস, Finoptis eye drops-১৪০ পিস এবং Asylom-CD sachets powder-১৪০ প্যাকেট। আটককৃত অবৈধ পন্যগুলোর বাজার মূল্য প্রায় ৬৪ লক্ষ ৭৬ হাজার ৩ শত টাকা। এ ব্যাপারে  কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি (অধিনায়ক) জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে কোন ধরনের অবৈধ পণ্য যাতে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে (২৫ বিজিবি) বদ্ধপরিকর।
আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।অবৈধ চোরাচালান পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/০৭মার্চ-২৫/মওম

চীনের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধে নামবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রয়োজনে যুদ্ধে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ার বেইজিংয়ের পক্ষ থেকে হুমকিমূলক বার্তার কয়েকঘণ্টা পর ৫ মার্চ বুধবার এ কথা বলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এ খবর জানিয়েছে।

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ বলেছেন, আমরা প্রস্তুত আছি। যারা শান্তি কামনা করে তাদের যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে হয়। এজন্যই আমরা সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করছি। আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে বিরোধী মতাদর্শে বিশ্বাসী শক্তিশালী দেশ রয়েছে। আমাদের প্রতিপক্ষরা তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করেছে। তারা আধুনিক প্রযুক্তি উদ্ধাবনে মনোনিবেশ করছে। তারা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চায়। যদি আমরা চীন বা অন্য কাউকে যুদ্ধে নিবৃত্ত করতে চাই, তবে আমাদের অবশ্যই আরও শক্তিশালী হতে হবে।

গত মঙ্গলবার রাতে চীন ঘোষণা দেয় যে তারা যেকোনও বাণিজ্য বা শুল্ক যুদ্ধের জন্য প্রস্তুত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়, তা শুল্ক যুদ্ধ হোক, বাণিজ্য যুদ্ধ হোক, কিংবা অন্য কোনো যুদ্ধ-আমরা শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক দ্বিগুণ করে ২০ শতাংশ করায় চীন পাল্টা প্রতিক্রিয়া জানায়। তারা মার্কিন কৃষি ও খাদ্যপণ্যের ওপর ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করে এবং ২৫টি মার্কিন প্রতিষ্ঠানকে জাতীয় নিরাপত্তার কারণে রফতানি এবং বিনিয়োগ নিষেধাজ্ঞার আওতায় আনে।

পরে অবশ্য হেগসেথ বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ট্রাম্পের। তিনি বলেছেন,ঐতিহাসিক শান্তি এবং সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় দুই দেশ একসঙ্গে চলবে। তবে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে দেশের প্রস্তুতি নিশ্চিত করা। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করে সক্ষমতা সংহত করার দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত।

আলোকিত প্রতিদিন/০৭মার্চ-২৫/মওম