আজ , ।   
Home Blog Page 575

এ বছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০,সর্বোচ্চ ২৮০৫ টাকা

নিজস্ব প্রতিবেদক:

এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা।

১১ মার্চ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়।

সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির- যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।

ইসলামী শরীয়াহ মতে, আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা দেওয়া যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা প্রদান করতে হবে। যব দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৩০ টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৩১০ টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৯৮০ টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা দিতে হবে।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপযুক্ত পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

উল্লেখ্য, উপর্যুক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও সাদাকাতুল ফিতরা আদায় হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, ড. খলীলুর রহমান মাদানী, মাওলানা শাহ মো.নেছারুল হক, শায়খ যাকারিয়া (রা.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মুফতি মিজানুর রহমান সাইদ, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ালিউল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (মহাপরিচালক রুটিন দায়িত্ব) মোহাম্মদ ইসমাইল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মুহাম্মদ জালাল আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফাসসির ড. মাওলানা মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারী, পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, দ্বীনী দাওয়াত এবং সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেনসহ বিশিষ্ট ওলামায়ে-কেরামরা উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

আলোকিত প্রতিদিন/১১মার্চ-২৫/মওম

আরকান আর্মির হাতে বন্দি ১১ জেলে ৪ দিনেও ফেরেনি 

হেলাল উদ্দিন টেকনাফ,  টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ শিকার করার সময় আরাকান আর্মির হাতে বন্দি ১১ জেলে ৪ দিনেও দেশে ফেরেনি। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে তাদের পরিবার। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।
বন্দি জেলেদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত বাসিন্দাও রয়েছেন। এ সময় তাদের দুটি ট্রলারও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
বন্দি বাংলাদেশি জেলেরা হলেন- আব্দুল সালামের ছেলে মোহাম্মদ কাসেম (৩৫), আজিজুর রহমান (২০), মোহাম্মদ ইব্রাহিম (২৫), মোহাম্মদ মহিউদ্দিন (৪৬) এবং কক্সবাজার জেলার মোহাম্মদ আব্দুল্লাহ (৩০); যারা কক্সবাজার, টেকনাফ কায়ুকখালি ঘাট ও শাহপরীর দ্বীপের বাসিন্দা।
এছাড়া নুরুল আমিন (৩৭), মোহাম্মদ জুবায়ের (১৮), নুর আলম (৫৭), সৈয়দ হোসেন (২৮), আব্দুল হামিদ (৬০) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ট্রলার মালিকরা জানান, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণে মাছ শিকারের সময় মিয়ানমারের আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং বিজিবিকে জানানো হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, আটক মোট ১১ জনের মধ্যে বাংলাদেশি কতজন, তা শনাক্ত করে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি

বরিশালের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার, নেতৃত্বে মো. মাসুম বিল্লাল ফারদিন

“ধান, নদী, খাল—এ তিনে বরিশাল” প্রবাদটি যেমন বরিশালের প্রকৃতির রূপ ফুটিয়ে তোলে, তেমনি একসময় এ অঞ্চল খেলাধুলার ক্ষেত্রেও ছিল বেশ সমৃদ্ধ। বরিশাল থেকে উঠে আসত প্রতিভাবান খেলোয়াড়রা, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম কুড়িয়েছেন। তবে গত কয়েক বছর ধরে বরিশালের ক্রীড়াঙ্গনে দেখা দিয়েছে স্থবিরতা। নতুন তারকা খেলোয়াড়ের দেখা মেলে না বললেই চলে।

কিন্তু এবার যেন সেই স্থবিরতা কাটতে শুরু করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর শিরোপা বরিশালের মাটিতে এসেছে, যা এ অঞ্চলের ক্রীড়াপ্রেমীদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে বরিশাল স্পোর্টিং ক্লাব। সম্প্রতি ক্লাবটি তাদের চার বছর মেয়াদি কমিটি ঘোষণা করেছে, যার মূল লক্ষ্য বরিশালের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ সমাজকে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করা।

এই নতুন কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাসুম বিল্লাল ফারদিন। তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে এসেছেন। বিগত দুঃসময়ে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে বহুবার হামলা-মামলার সম্মুখীন হয়েছেন। তবে সব বাঁধা পেরিয়ে সম্প্রতি তিনি সেসব মামলা থেকে মুক্তি পেয়েছেন এবং আবারও নতুন উদ্যমে কাজ শুরু করেছেন।

দায়িত্ব পাওয়ার পর মো. মাসুম বিল্লাল ফারদিন বলেন,
“খেলাধুলা সবসময়ই আমার ভালোবাসার জায়গা। একসময় আমিও ক্রিকেট খেলতাম, তবে জাতীয় দলে খেলার সৌভাগ্য হয়নি। এবার আমার অভিজ্ঞতা ও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে বরিশালের খেলোয়াড়দের সামনের দিকে এগিয়ে নিতে চাই।”

তিনি আরও বলেন, “চার বছরের জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করতে চাই।”

মো. মাসুম বিল্লাল ফারদিন ২০২২ সালে বিপিএলে বরিশাল দলের সঙ্গে যুক্ত ছিলেন, যা তার জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে আছে। এবার সেই অভিজ্ঞতা বরিশালের ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে কাজে লাগাতে চান তিনি।

এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০২২ সাল থেকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া সংসদের পরিচালক হিসেবেও যুক্ত আছেন।

খেলাধুলার বাইরেও মো. মাসুম বিল্লাল ফারদিনের রয়েছে আরেকটি বড় পরিচয়। তিনি সংগীত ও অভিনয়ের সঙ্গে জড়িত এবং এই মাধ্যমেও তার প্রতিভার ছাপ রেখেছেন।

নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন সৈয়দ রিয়াজুল করিম, যিনি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বে বরিশাল স্পোর্টিং ক্লাব এ অঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করতে কাজ করবে।

বিপিএলের শিরোপা জয় যেমন বরিশালবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, তেমনি বরিশাল স্পোর্টিং ক্লাবের নতুন কমিটিও ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছে। মো. মাসুম বিল্লাল ফারদিন ও তার সহযোদ্ধারা যদি তাদের পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারেন, তবে বরিশাল আবারও তার হারানো গৌরব ফিরে পেতে পারে।

অহেতুক বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন : সালাউদ্দিন টুকু

সাইফুল ইসলাম সবুজ:
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। দেশের নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন তারা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করছেন।
তিনি বলেন, ফ্যাসিবাদকে প্রশ্রয় দিতে বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা হলেই সার্বিক অব্যবস্থাপনা অনেকাংশে কমে আসার সম্ভাবনা রয়েছে। সোমবার(১০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর খান বেনুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী যুব দল ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে। কাজেই সরকার নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে একটা দিক নির্দেশনা দিক।
সম্প্রতি শিশু আছিয়ার যৌন নিগ্রহের(ধর্ষণের) ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বতৃীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেনা। নির্বাচিত সরকার ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।
বীরমুক্তিযোদ্ধা হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সভাপতি মাহমুদুল হক সানুর সভাপতিত্বে ওই স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।
আলোকিত প্রতিদিন/১০মার্চ-২৫/মওম

নির্মম সমঝোতার’ জন্য প্রস্তুত হচ্ছে ইউক্রেন ও আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক:

কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের আগুনে জ্বলছে ইউক্রেন। তবে এবার পরিস্থিতির মোড় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে—হয় এটি হবে একটি কঠোর সমঝোতা, নয়তো আরও শাস্তির সূচনা। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন এমন তথ্যই প্রকাশ করা হয়েছে।

খুব শিগগির সৌদি আরবের জেদ্দায়  যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে এক গুরুত্বপূর্ণ  বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওয়াশিংটন বলছে, এই আলোচনার লক্ষ্য হলো ‘শান্তিচুক্তির একটি কাঠামো তৈরি করা এবং প্রাথমিক যুদ্ধবিরতি নিশ্চিত করা’। তবে ইউক্রেনীয় পক্ষের আশার পাশাপাশি শঙ্কাও রয়েছে—এটি কি কেবল সময়ক্ষেপণের কৌশল, নাকি ট্রাম্প রাশিয়ার পক্ষে সুবিধা আদায়ের চেষ্টা করবেন?

রাশিয়া ইউক্রেনের ওপর সামরিক চাপ বাড়িয়ে চলেছে। কিয়েভসহ অন্যান্য শহরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এমনকি রুশ ও উত্তর কোরীয় সেনারা ইউক্রেনীয় বাহিনীকে কুরস্ক থেকে বিতাড়িত করতে নতুন অভিযান শুরু করেছে।

এ অবস্থায় ফ্রান্স ও যুক্তরাজ্যের সহায়তায় ইউক্রেন তার কৌশল নির্ধারণ করছে। তারা চায়—কমপক্ষে মার্কিন-ইউক্রেনীয় যৌথ খনিজ উন্নয়নের জন্য একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হোক। পাশাপাশি, গত ৭ মার্চ জেলেনস্কি একটি আকাশ এবং নৌবাহিনীর যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যাতে রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ বাড়ানো যায়।

যদি যুক্তরাষ্ট্র ও ইউক্রেন কোনো কাঠামোতে সম্মত হয়, তবে রাশিয়ার ওপর চাপ পড়বে। তবে যুক্তরাষ্ট্র এখনো কী শর্ত নিয়ে বৈঠকে যাচ্ছে, তা স্পষ্ট নয়। ইউক্রেন কোনোভাবেই এমন চুক্তি মানতে রাজি নয়, যা তাদের ফের সশস্ত্র হওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, দখল হওয়া ভূখণ্ডকে রাশিয়ার বলে স্বীকৃতি দেয়, কিংবা ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে—যেমন মার্শাল ল’র (সামরিক আইন) কারণে বর্তমানে অসম্ভব কোনো নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা তৈরি করে।

রাশিয়া একটি অস্ত্রবিরতিতে সম্মত হতে পারে, তবে নির্দিষ্ট শর্তে। সূত্র জানাচ্ছে, মস্কো চাইবে ইউক্রেন নিজেদের নিরপেক্ষ ঘোষণা করুক এবং কোনো বিদেশি শান্তিরক্ষী বাহিনীকে অনুমতি না দেওয়া হোক। কিন্তু এ শর্ত ইউক্রেনের জন্য আপাতত গ্রহণযোগ্য নয়।

ট্রাম্প প্রশাসনের সাবেক কূটনীতিক কার্ট ভলকার সতর্ক করে বলেছেন, রাশিয়া আলোচনার প্রতিটি ধাপে ইউক্রেনের কাছ থেকে কিছু কিছু ছাড় আদায় করবে। এক সাবেক ইউক্রেনীয় কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া যেন একে অপরের কৌশল অনুসরণ করছে—‘টুকরো টুকরো করে’ ইউক্রেনের কাছ থেকে সুবিধা আদায় করছে, এরপর ধাপে ধাপে আরও বেশি ছাড়ের দিকে এগোচ্ছে।

যদি এই আলোচনা ব্যর্থ হয়, তাহলে ইউক্রেন আরও চাপে পড়তে পারে। এক শীর্ষ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের সম্পূর্ণভাবে ইউক্রেনের সঙ্গ ছাড়ার কোনো ইঙ্গিত নেই। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান ইউক্রেনকে এক ‘ধূসর এলাকায়’ ঠেলে দিতে পারে, যেখানে টিকে থাকতে আরও কঠোর সামরিক কৌশল নিতে হবে।

আগামী দিনের আলোচনা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটি ব্যর্থ হয়, তাহলে হয়তো ইউক্রেনের সামনে আর তেমন সুযোগ থাকবে না। এক শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র তখন নির্দেশমূলক অবস্থানে চলে যাবে এবং রাশিয়ার সঙ্গে ঠিক করা সমাধান আমাদের ওপর চাপিয়ে দেবে।

সূত্র:  দ্য ইকোনমিস্ট 

আলোকিত প্রতিদিন/১০মার্চ-২৫/মওম

সাবেক এমপি’র বাসা দখলকারী সেই নারী সমন্বয়ক চার দিনের রিমান্ডে

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল: টাঙ্গাইলে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের(ভিপি জোয়াহের) ছয়তলা ভবন দখল, ভাংচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত নারী সমন্বয়ক মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে আদালত চার দিনের অধিকতর জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব খান ওই অধিকতর জিজ্ঞাসাবাদের(রিমান্ড) আবেদন মঞ্জুর করেন।
এর আগে রোববার(৯ মার্চ) দিনগত রাত ১২টার দিকে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকা থেকে মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে পুলিশ গ্রেপ্তার করে।
আদালত ও পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল সদর থানা পুলিশ মিষ্টিকে ৭ দিনের অধিকতর জিজ্ঞাসাবাদের(রিমান্ড) আবেদন করে সোমবার সকালে আদালতে পাঠায়। পরে আদালতের বিচারক শুনানি শেষে চার দিনের অধিকতর জিজ্ঞাসাবাদের(রিমান্ড) অনুমোদন দেন। গ্রেপ্তারকৃত মারিয়াম মোকাদ্দেস মিষ্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী। তবে তিনি বর্তমানে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।
এর আগে শনিবার(৮ মার্চ) সকালে শহরের ছোটকালিবাড়ীতে অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের(ভিপি জোয়াহের) ছয়তলা ভবনের তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টি ভবনে প্রবেশ করেন।
সেখানে তিনি মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রম বানানোর ঘোষণা দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এতে প্রশাসন নড়চড়ে বসে। ওইদিনই রাত সাড়ে ১০টার দিকে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে বাড়িটি দখলমুক্ত করে। সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে। পরে মুচলেকা দিয়ে রাতেই মিষ্টিকে ছেড়ে দেওয়া হয়।
সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টি ‘মুচলেকা’য় লিখেন- ‘আমি আইনী অধিকার ব্যতিরেকে অন্যের ব্যক্তিগত বাড়িতে মানসিক ভারসাম্যহীন ১৭ জন নারী-পুরুষকে আবাসনের চেষ্টা করে অপরাধ করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার পোস্টের কারণে ক্ষেত্র বিশেষে যে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে- তার দায়ভার আমার উপর বর্তায়। আমি আমার নেতিবাচক ও বেআইনি কৃতকর্মের জন্য মানবিক বিবেচনায় ক্ষমাপ্রার্থী। আমি এইমর্মে নি:শর্ত মুচলেকা সম্পাদন করছি যে, ভবিষ্যতে সামাজিক অস্থিরতা তৈরি হয় এমন ফেসবুক পোস্ট করা এবং ব্যক্তিগত বা সরকারি সম্পাদ দখল বা ভাঙচুর করা সহ অন্য কোন প্রকার অপরাধে লিপ্ত হবোনা। আমি প্রদত্ত মুচলেকা ভঙ্গ করলে প্রচলিত আইনে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে তার বিপরীতে আমার কোন আপত্তি গ্রহনযোগ্য হবেনা।’ মুচলেকায় স্থানীয় চারজন যুবক ও সমন্বয়ক এবং তার স্বামী শাহ্ আলমাস সাক্ষী হিসেবে নাম-সাক্ষর করেছেন।
স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, মারইয়াম মুকাদ্দাস মিষ্টি ও দুই নারী আওয়ামী লীগ সরকারের সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য হিসেবে জিহাদী বই নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর থেকে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছিলেন।
সূত্রমতে, মারইয়াম মুকাদ্দাস মিষ্টি(২৭) জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের নারী কমান্ডার হিসেবে পরিচিত। তিনি পাকিস্তানে চার মাস এবং মিয়ানমারে ১০ মাস গেড়িলা ট্রেনিং নিয়েছেন বলেও তার সহকর্মী নারীদের মধ্যে প্রচারণা রয়েছে।
জেলায় জুলাই আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হিসেবে মারইয়াম মুকাদ্দাস মিষ্টির নাম থাকলেও ওই কমিটি বাতিল করা হয়। পরে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি গঠন করা হয়েছে সেখানে মিষ্টির কোন জায়গা হয়নি। তাছাড়া মিষ্টির সাম্প্রতিক কিছু কর্মকান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেকটা বিব্রত।
এদিকে, রোববার রাত ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন ১৭ জনের মধ্যে ১৬ নারী মানসিক ভারসাম্যহীনকে গাজীপুরের কাশিমপুর সরকারি আশ্রয় কেন্দ্রে এবং দুই জন পুরুষ মানসিক ভারসাম্যহীনকে ময়মনসিংহের ধলা সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়। এদের মধ্যে একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অপরদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের(ভিপি জোয়াহের) বাসায় ভাংচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে রোববার রাতে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়- শহরের আকুরটাকুর পাড়ার ছয়তলা ভবনের কলাপসিবল গেইটের ছয়টি তালা ভেঙে সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টির নেতৃত্বে ৮-৯ জন পূর্বপরিকল্পিতভাবে ১৭ জন মানসিক ভারসাম্যহীন লোক নিয়ে ভেতরে প্রবেশ করে বাড়িটির দখল নেয়। এ সময় তারা ভেতরে লুটপাট চালায়। বাসার ভেতর থেকে তারা নগদ পাঁচ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে। এছাড়া প্রায় ৫০ লাখ টাকার আসবাবপত্র ভাংচুর করে। এ বিষয়ে মিষ্টিকে জিজ্ঞাসা করলে সে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।
মামলা সূত্রে রোববার রাত ১২টার দিকে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। সোমবার ৭ দিনের অধিকতর জিজ্ঞাসাবাদের(রিমান্ড) আবেদন সহ তাকে আদালতে পাঠানো হয়। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীর আহমেদ জানান, মামলার পরিপ্রেক্ষিতে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে সাতদিনের অধিকতর জিজ্ঞাসাবাদের(রিমান্ড) আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত চারদিনের অধিকতর জিজ্ঞাসাবাদের(রিমান্ড) অনুমতি দিয়েছেন। তার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে শনাক্ত করে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত নারী অপরাধ করেছেন মর্মে মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থণা করেন এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করবেন না মর্মে প্রত্যয়ন দেন। মুচলেকায় তার স্বামীসহ মোট ৫ জন সাক্ষী স্বাক্ষর করেন। মানবিক বিবেচনায় ভুল শুধরে নেওয়ার একটি সুযোগ দিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে ওই বাড়ির মালিক থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের(ভিপি জোয়াহের) ২০১৮ সালে টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপণে রয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি তাঁর বাড়িটিতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তারপর থেকে বাড়িতে আর কোনো লোক দেখা যায়নি।
আলোকিত প্রতিদিন/এপি

নবীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

মোঃ আনোয়ার হোসেন: 
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”—এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে র‍্যালি, ফায়ার সার্ভিস মহড়া ও আলোচনাসভার মধ্যদিয়ে এ দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজন মিয়া, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শান্তি, ফায়ার স্টেশন কর্মকর্তা দেবব্রত সরকার, ইউপি চেয়ারম্যান আল ইমরান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম,মোঃ আনোয়ার হোসেন  সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাহ কার্যক্রম পরিচালিত হয়। তাছাড়া ফায়ার সার্ভিস মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
আলোকিত প্রতিদিন/১০মার্চ-২৫/মওম

মানিকগঞ্জে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন 

মো: মহিদ:
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন পালন করেছে ছাত্রদল।
১০ মার্চ সোমবার দুপুর ১২ টার দিকে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল কলেজ মাঠের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় জেলা ছাত্রদলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট অংশগ্রহন করে।
মানববন্ধনে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সজিব, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন।
এ সময় বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষনের সাথে জড়িতদের দ্রুত শাস্তিমূলক শাস্তির দাবি জানান।
আলোকিত প্রতিদিন/১০মার্চ-২৫/মওম

ধর্ষণবিরোধী মানববন্ধন করেছে কোম্পানিগঞ্জের কলেজ শিক্ষার্থীরা

নাজমুল হাসান: 
সারাদেশে ধর্ষণ, নারী এবং শিশু নির্যাতন বন্ধের দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলা কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে মানববন্ধন ও প্রতিবাদী মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টার দিকে কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ থেকে ধর্ষণ এবং নিপীড়নবিরোধী ব্যানার হাতে অবস্থান নেন তারা। পরে ব্যানার হাতে নিয়ে কলেজ থেকে বের হয়ে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে এসে রাস্তা অবরোধ করে মিছিল নিয়ে প্রতিবাদ জানায়। এ সময় তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘লড়াই করে জিততে চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন। কয়েকটি সংগঠনের নেতাকর্মী সহ শিক্ষার্থীরা ছাড়াও ধর্ষণবিরোধী এ অবস্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম আহবায়ক মো: নাছির উদ্দীন বলেন,“আন্তর্জাতিক নারী দিবসে আমরা ধর্ষণের শিকার আছিয়াকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে দেখেছি। তিনি বলেন, ফ্যাসিবাদী প্রশাসনিক কাঠামো ভাঙতে না পেরে আমাদের রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। বয়স, পেশা, ধর্ম নির্বিশেষে নারীরা ধর্ষিত হচ্ছে। তাদের হত্যা করা হচ্ছে। নারীরা নিজের ঘরে নিরাপদ না, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ না, কর্মক্ষেত্রে নিরাপদ না। আইনশৃঙ্খলাবাহিনী নারীর প্রতি সহিংসতাকারীদের শনাক্ত করতে প্রায়ই ব্যর্থ হয়। আটক করলেও জামিনে ছেড়ে দেওয়া হয়। আইন মোতাবেক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড লিখিত থাকলেও তা কার্যকর করা হয় না। আমরা মনে করছি, কাঠামোগতভাবে এই রাষ্ট্র ধর্ষণ প্রতিরোধ করতে সক্ষম না।
কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজের অনার্স প্রথম বর্ষের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্রী কেয়া আক্তার বলেন, আমরা কী পরিমাণ অনিরাপদ ও অসহিষ্ণু রাষ্ট্রব্যবস্থার মধ্যে আছি, তা আছিয়াকে দেখলেই বোঝা যায়। আছিয়া, তনু, মুনিয়ার জন্য নিরাপদ ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে না পারলে গণঅভ্যুত্থানের যাত্রা থেকে বিফলে যাবো।” দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ভেঙে নতুন বিচারিক কাঠামো গড়ার দাবি জানান ছাত্রনেতারা।
এদিকে,গত পাঁচদিন আগে দেবিদ্বার থানাধীন ইউসুফপুর ব্রীজের নিচে পঞ্চাশোর্ধ মহিলাকে ধর্ষণ করে ফারজানা বাসের ড্রাইভার। সেই প্রতিবাদে   মিছিল শেষ করে কোম্পানীগঞ্জ কুমিল্লা সিলেট মহাসড়কে বাস টার্মিনালে অবস্থিত ফারজানা কাউন্টার তারা বন্ধ করে দেয়।
ফারজানা বাস মালিক কর্তৃপক্ষের একজন হাজী ইদ্রিস মিয়া জানান, আমরা ঘটনাটির বিষয়ে অবগত হয়েছি এবং আমরা ফারজানা বাস মালিক কর্তৃপক্ষ সবাই মিলে সেই ধর্ষকের বিরুদ্ধে আজকে আমরা মানববন্ধন করেছি। সরকারের কাছে আমরা দাবি জানাই যে সারা দেশে যেই নারী ও শিশু ধর্ষণ হচ্ছে, তার যেন সঠিক বিচার এ বাংলাদেশের মাটিতে হয়।  কোন ধর্ষক যেন আর  সাহস না পায় আগামীতে ধর্ষণ করতে।

আলোকিত প্রতিদিন/১০মার্চ-২৫/মওম

দেশে ধর্ষণ বেড়েছে,কোথাও নারীদের নিরাপত্তা নেই: রিজভী

আলোকিত ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। কোথাও নারীদের নিরাপত্তা নেই। শেখ হাসিনার আমল থেকেই নারীরা নির্যাতিত হয়েছিলেন। এখন তো ছাত্রলীগ-যুবলীগ নেই, তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তা জানতে চাই।
১০ মার্চ সোমবার সকাল ১০টায় দেশব্যাপী খুন এবং ধর্ষণ বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না মন্তব্য করে রিজভী বলেন, আইনের প্রয়োগ সঠিকভাবে করলে এমনটি হতো না।
তিনি বলেন, আমরা সরকারের কাছে বলতে চাই, দ্রুততম সময়ে ধর্ষণকারীদের বিচার করতে হবে, যেন অন্য অপরাধীদের হৃৎকম্পন হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় মাগুরার ধর্ষিতা শিশুটির বিষয়ে খোঁজ-খবর রাখছেন।

রিজভী আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় ডিসি-এসপিদের কক্ষে গিয়ে তাদের কাজ তদারকি করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। অথচ তাদের থাকার কথা ক্লাস ও লাইব্রেরিতে। বিগত দিনে ফ্যাসিস্ট পতনের আন্দোলনে তাদেরও অনেক অবদান রয়েছে। তাই তাদের উচিত ক্যাম্পাসে ফিরে গিয়ে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিসের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নেওয়াজ হালিমা আর্নি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাম্মি আক্তার, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রুমা আক্তার, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লা প্রমুখ।

মিছিলে ধর্ষক এবং নিপীড়নকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/১০মার্চ-২৫/মওম