আজ , ।   
Home Blog Page 573

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আনোয়ার হোসেন:
২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা  পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম লিটন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসের এক কালো অধ্যায়, যা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ঠিক করা হয়, যথাযোগ্য মর্যাদায় দিবস দু’টি উদযাপনের জন্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‍্যালি, আলোচনাসভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/১৩মার্চ-২৫/মওম

সাংবাদিকতার আড়ালে নাজিমের চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল বাণিজ্য – থানায় মামলা 

মো:ওমর ফারুক ভ্রাম্যমাণ  প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার এক সাংবাদিক নামধারীর নামে চাঁদাবাজির ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে। জানা যায়, সে আগে থাই-ভিসা প্রতারণার ও দেহ ব্যবসার সাথে ওতপ্রোত ভাবে সৈয়দপুর-কিশোরগঞ্জ-রংপুর সদর এলাকায় যুক্ত ছিল। গত এক বছর আগে প্রতারক ও দেহ ব্যবসার দালালি পরিচয় মুছে আড়াল করতে  তারাগঞ্জ এলাকায় এসে সাংবাদিক নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্নজন থেকে চাঁদাবাজি করছে। এই নিয়ে এলাকায় তার বিরুদ্ধে জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন আওয়ামীলীগ নেতাদের দালালি ও শেল্টারে চলে গত ৫ আগস্টের পর থেকে হঠাৎ অতি বিএনপি সেজে গেছেন বলে এলাকার অনেকে জানান। তার এমন গতিবিধির কারণে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চরম বিব্রত হয়ে পার্টি অফিসে ডেকে একাধিকবার সতর্ক করেছে । সর্বশেষ সে গত শুক্রবার তারাগঞ্জ হাট এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করেন। এই ঘটনায় একটি মামলা হয়েছে ।
তারাগঞ্জ থানায় অপরাধী চাঁদাবাজ চক্রের মূল হোতা নাজিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় মেজাজুল ইসলাম নামের এক ভুক্তভোগী । মেজাজুল জানায়, আমার প্রতিষ্ঠানে শুক্রবার (৭ মার্চ ২০২৫) এই বেয়াদব ছেলে এসে ছবি তুলে সরাসরি হুমকি দেয় , সে ১০ হাজার টাকা ঘুষ চায় । কিসের জন্য টাকা দিতে হবে জানতে চাইলে সে বলে আমার ইসলাম ট্রেডার্স নাকি ড্রেনের ওপর নির্মিত । তারাগঞ্জ উপজেলা প্রশাসন থেকে একাধিকবার হাটের সরকারি জায়গা উচ্ছেদের অভিযান পরিচালনা হয়েছে । সেখানে আমার প্রতিষ্ঠানের বাড়তি যে অংশ বাইরে ছিল তা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভেঙে ফেলেছি । আর ড্রেন দৃশ্যমান অবস্থায় দখলমুক্ত রয়েছে। তাকে সেটি দেখালেও, সে টাকা ছাড়া কোন কিছুই শুনতে নারাজ । তার অতিরিক্ত বাড়াবাড়ির কারণে আমার পরিচিত এক সাংবাদিক সোহেলকে ঘটনাস্থলে ডাকি। উগ্র মেজাজি নাজিম তার গায়েও হাত তোলে । চাঁদাবাজ নাজিম ও তারই আপন সহোদর ভাই নাজমুল (ভূয়া সাংবাদিক) সেদিন আমার দোকানের সামনে কুরুক্ষেত্র রচনা করে সোহেলকে আহত করে পালিয়ে যায় । যাওয়ার সময় হুমকি দেয়, টাকা না দিলে বিএনপির ছেলেপেলে দিয়ে দোকানে তালা ঝুলিয়ে নাস্তানাবুদ করে ছাড়বে । গনতান্ত্রিক দেশে এমন স্বৈরাচারী কায়দায় চাঁদাবাজির নজির আমি দেখিনি। বাধ্য হয়ে থানায় মামলা দিয়েছি ওই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে ।
খোঁজ নিয়ে জানা যায়, সাংবাদিকতার আড়ালে একটি অপরাধী চক্র নিয়ে তার নিয়মিত চলাফেরা। কিছু ভুঁইফোড় নামধারী ভূয়া সাংবাদিক নিজে তৈরি করে তাদের সাথে নিয়ে মিথ্যা নিউজের কথা বলে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। পরবর্তীতে নিজে শালিশি দরবারের মাধ্যমে চাঁদাবাজি করে একটি মোটা অংশের ভাগ নিয়ে বাকিদের বন্টন করে দেয়  ।
চাঁদাবাজ নাজিম মিথ্যা মামলা ঠুকে দিয়ে হয়রানি করতে পটু। নারী কেলেংকারিতেও রয়েছে তার সিদ্ধ হস্ত, রয়েছে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ । এ পর্যন্ত ৩ টি বিয়ের সন্ধান পাওয়া গিয়েছে । সর্বশেষ শিখা নামের এক তরুণীকে ব্লাকমেইল করে বিয়ের তথ্য পাওয়া গিয়েছে। তার নারী লিপসুতার হাত থেকে কলেজ পড়ুয়া কিংবা অন্যের গৃহবধুও নিরাপদ নয় বলে কুর্শা ইউনিয়নে অনেকেই জানিয়েছেন । এছাড়াও রংপুর সদরে খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ দেহ ব্যবসায়ীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ ও যাতায়াত রয়েছে । বন্ধু মহলে নাজিম নামটি দেহ ব্যবসায়ী দালাল নামেই সুখ্যাতি অর্জন করেছে ।
নাজিমের বিরুদ্ধে একাধিক জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে। এই ভুঁইফোড় সাংবাদিক চাঁদাবাজ ও নারী সাপ্লায়ার নাজিমের  বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবেন বলে প্রত্যাশা করেন তারাগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও সচেতন নাগরিক সমাজ ।
প্রেস ক্লাব তারাগঞ্জের সভাপতি খবির উদ্দিন জানান, তারাগঞ্জ প্রেসক্লাবের অধীনস্থ যেসব সাংবাদিক আছেন, এরা কেউ এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত নন। প্রত্যেক সাংবাদিক তাদের নিজ নিজ কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকেন। কোনো চাঁদাবাজির সাথে তারাগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা জড়িত নন। তিনি বলেন, উল্লেখিত নাজিম তারাগঞ্জ প্রেসক্লাবের কোনো সদস্য নন। তিনি মনে করেন, প্রশাসনিকভাবে সুষ্ঠ তদন্ত হওয়া দরকার ।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রহিদুল ইসলাম জানান, সাংবাদিকতায় প্রতি নিয়ত পাঠকের সাথে বোঝাপড়া হয় । একজন আদর্শ সাংবাদিক অবশ্যই বিচক্ষণ হবে , হবেন স্বচ্ছ , তার লেখনীর দ্বারায় সমাজের কল্যাণ হবে । চাঁদাবাজদের পরিচয় চাঁদাবাজ, তারা সাংবাদিক নয় ।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাঈদুল ইসলাম জানান, সাংবাদিক নাজিমের বিরুদ্ধে চাঁদাবাজিসহ মারপিটের ঘটনায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও চাঁদাবাজির মামলা রয়েছে । থানা এলাকায় কোন ধরনের চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। আসামিদের গ্রেফতার প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে আন্তর্জাতিক কিডনি দিবস পালিত

সাইফুল ইসলাম সবুজ:
‘কিডনি রোগ জীবননাশা- প্রতিরোধই বাঁচার আশা’ এই স্লোগানে টাঙ্গাইলে আন্তর্জাতিক কিডনি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ মার্চ)  সকালে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন টাঙ্গাইল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ওয়ারেজ কুরনী।
র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের মেডিকেল অফিসার ডা. আবিদ আল আজাদ, শাখার সিনিয়র ম্যানেজার মামুন উর রশিদ তালুকদার, শাখা ব্যবস্থাপক মনোয়ারুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কিডনি রোগ প্রাথমিক অবস্থায় শনাক্ত করে চিকিৎসার মাধ্যমে মরনব্যাধি কিডনি বিকল প্রতিরোধ করা য়ায়। তাই সকলকেই কিডনী চেক করার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/১৩মার্চ-২৫/মওম

তাড়াইল উপজেলা নির্বাচন অফিসের দুই ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন

মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন এর নেতৃত্বে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে । এসময় তারা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা সকল কর্ম থেকে বিরত থাকেন।

১৩ (মার্চ) বৃহস্পতিবার বেলা ১১ টায় তাড়াইল  নির্বাচন কমিশন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির নাম ‘স্ট্যান্ড ফর এনআইডি’। এই কর্মসূচিতে তাড়াইল উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি রাখেন। এসময় সেবা নিতে আসা ৭-৮ জন ব্যক্তিকে দুপুর ১টা অবদি অপেক্ষায় বসে থাকতে দেখা যায়।

তাড়াইল উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। এনআইডি ধ্বংস হোক আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে। তিনি আরো বলেন, ২০০৭-২০০৮ সালে বিশেষ প্রেক্ষাপটে ভোটার তালিকা কার্যক্রম শুরু হয় এরপর থেকে বিভিন্ন সময়ের প্রতিটি স্টেক হোল্ডারের সাথে কমিশনের যখন সংলাপ হয় তখন প্রত্যেকেই বলেছেন ভোটার তালিকা এবং এনআইডি একসাথে নির্বাচন কমিশনে থাকবে কিন্তু এর পরবর্তীতে দেখলাম যে ভোটার তালিকা শুধু এনআইডি তাকে আলাদা করার জন্য সর্বশেষ ২০২৩ সালে একটা প্রজ্ঞাপন জারি করে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার জন্য। যা নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের জন্য দুঃখজনক বার্তা বহন করে। কারণ এই এনআইডি ২০০৭-২০০৮ থেকে জন্ম নেবার পরে হাটি হাটি পা পা করে অনেক কিছুর সমন্বয়ে সুসংগঠিত হয়েছে নির্বাচন কমিশনের হাত ধরে।

নির্বাচন কমিশনে রয়েছে সুসংগঠিত জনবল, রয়েছে পর্যাপ্ত পরিমাণে ইন্সট্রুমেন্ট হয়েছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যা অন্য কোন কমিশনও এত অল্প সময়ের মধ্যে সমন্বয় করা সম্ভব নয়। জাতীয় পরিচয় পত্রের পেছনে নির্বাচন কমিশনের যে ভূমিকা রয়েছে, যে অনবদ্য অবদান রয়েছে তা অস্বীকার করা কারো পক্ষে সম্ভব নয় বলে দাবী করেন এ কর্মকর্তা।তিনি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, জাতীয় পরিচয় পত্র এবং ভোটার তালিকা একটি অভিন্ন ও তথ্য বহুল কার্যক্রম তাই এটি নির্বাচন কমিশনের হাতে যেন থাকে।

আলোকিত প্রতিদিন/এপি

কক্সবাজার সাংবাদিক ইউনিটির ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সাংবাদিক ইউনিটি (সিইউজে) এর ইফতার মাহফিল ও আলোচনা সভা ১২ মার্চ বুধবার বিকেল ৪ টায় সৈকতের লাবণী পয়েন্টস্থ হোটেল মিশুকের (টেস্ট অব নবাব) রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি মো.শাহাদত হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়   প্রধান অতিথির বক্তব্য রাখেন -বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি ও সিবিসি নিউজ এর বার্তা প্রধান শাহজাহান চৌধুরী শাহীন।
কক্সবাজার সাংবাদিক ইউনিটির সহ-ক্রীড়া সম্পাদক ইয়াছিন আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি সাইমুন আমিন, বিশিষ্ট পর্যটন  উদ্যোক্তা এসএম গোলাম কিবরিয়া, সহকারী পিপি এড. মো. শাহজাহান, বাংলাটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, দীপ্তটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশীদ, দৈনিক আপনকন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ওসমানণণি ইলি ও ছাত্র প্রতিনিধি আসিফ বাপ্পী প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন- দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান ও দ্যা মুসলিম টাইমসের প্রতিনিধি আবু সায়েম, চ্যানেল এর কক্সবাজার জেলা প্রতিনিধি মীর কাশেম আজাদ, কক্সবাজার সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিপন পাল, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ-প্রচার সম্পাদক কাজল কান্তি দে, দপ্তর সম্পাদক একরামুল হক জুয়েল, সহ-সাংস্কৃতিক সম্পাদক আবদুল গফুর, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সদস্য আরমান আনোয়ার, মো.একরামুল হক, স্বপন দাশ ও মোহাম্মদ রাসেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
আনন্দ টিভির ওমর ফারুক সোহাগ, বিজয় টিভির মো. ফরিদ, গ্লোবাল টিভির জিসান, সিবিসি নিউজ এর চীফ রিপোর্টার তাহসিন মেহেরাব শাওন, স্টাফ রিপোর্টার আলভী হোছাইন সিফাত, স্টাফ রিপোর্টার শাহনেওয়াজ চৌধুরী শাফিন ও শাহরিয়ার চৌধুরী রাফিন। এছাড়াও, ইলেকট্রনিক মিডিয়া ক্যামরা জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রাজীব কান্তি দে বাবু, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, সহ-সম্পাদক মো. ইউনুচ, প্রচার সম্পাদক মো. রহিম উদ্দীন ও সদস্য মহি উদ্দীন।
এদিকে, ইফতার মাহফিল ও আলোচনা সভায় মিডিয়া পার্টনার ছিলেন-মাল্টিমিডিয়া সিবিসি নিউজ ও সিবিসি নিউজ২৪/৭ডটকম এবং কক্সনিউজটুডে ডটকম।
এছাড়া, এতে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন সিবিসি নিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক মো একরাম জুয়েল ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইসহাক।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সাংবাদিক ইউনিটির সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা। সভায় মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জুবাইর।
আলোচনা সভায় বক্তারা বলেন,  সাংবাদিক ইউনিটি সবসময় পেশাদার সাংবাদিকদের বিপদ-আপদে সবসময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে। সাংবাদিক পেশাটি যেহেতু ঝুঁকিপুর্ণ পেশা সেহেতু সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরী। পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে সাংবাদিক শাহীন মুহাম্মদ রাসেলকে কক্সবাজার জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ‘এডি দিদার’র চক্রান্তের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার জন্য আহবান জানানো হয়। দলমতের উর্ধ্বে ওঠে সকলকে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করতে হবে।
আলোকিত প্রতিদিন/১৩মার্চ-২৫/মওম

ইউক্রেনের বিদেশি ভাড়াটে সেনাদের সতর্কবার্তা দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

যেসব বিদেশি ভাড়াটে সেনা ইউক্রেনীয় বাহিনীর হয়ে লড়াই করছেন, তাদেরকে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়া এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউক্রেনীয় সেনারা যেসব বৈধ সুরক্ষা ভোগ করবেন, বিদেশি ভাড়াটে সেনাদের বেলায় সেসব প্রযোজ্য হবে না।

বুধবার ইউক্রেনের সীমান্ত সংলগ্ন ক্রুস্ক প্রদেশ পরিদর্শনে গিয়েছিলেন পুতিন। বিভিন্ন এলাকা পরিদর্শন রুশ সেনাবাহিনীর ক্রুস্ক কমান্ডের কমান্ডার এবং জেনারেল স্টাফ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সীমান্ত সংলগ্ন হওয়ায় রাশিয়ার এই প্রদেশটিতে গত কয়েক মাস ধরে ব্যাপক লড়াই হচ্ছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। ক্রুস্কের কিছু এলাকা ইতোমধ্যে দখল করেছে ইউক্রেনীয় সেনারা।

বৈঠকে পুতিন বলেন, “আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে ১৯৪৯ সালের জেনেভা কমনভেনশনে বিদেশি ভাড়াটে সেনাদের সুরক্ষা সম্পর্কে কোনো উল্লেখ নেই। তাই যেসব বিদেশি যোদ্ধা ক্রুস্কের বেসামরিক জনগণের জান-মালের ক্ষতি করেছেন, আমাদের সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও স্পেশাল সার্ভিসের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছেন— রাশিয়ার প্রচলিত আইন অনুসারে তাদেরকে আমরা সন্ত্রাসী হিসেবে বিবেচনা করব। ইতোমধ্যে ক্রুস্কের পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে; তারা এই দৃষ্টিভঙ্গী নিয়েই তদন্ত করছে।”

তিনি আরও বলেছেন, ক্রুস্কে রুশ বাহিনীর হাতে ধৃত ইউক্রেনীয় বাহিনীর সেনাদের মধ্যে যারা ইউক্রেনীয় এবং দেশটির নাগরিক, বন্দি বিনিময়ের সময় শুধু তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং যতদিন  বন্দি থাকবে— ততদিন রাশিয়া ও আন্তর্জাতিক আইন অনুসারে প্রাপ্য সব আইনী সুরক্ষা ভোগ করবে তারা। এমনকি কারাগার বা বন্দিশালায় তাদের কোনো প্রকার নির্যাতনও করা হবে না।

কিন্তু এসব সুযোগ-সুবিধা ভাড়াটে বিদেশি সেনাদের বেলায় প্রযোজ্য হবে না উল্লেখ করে পুতিন বলেছেন, “তারা সন্ত্রাসী; রাশিয়ার আইন এবং বিচারব্যবস্থায় যেভাবে সন্ত্রাসীদের বিচার করা হয়, তাদেরকেও সেভাবেই বিচারের আওতায় আনা হবে।” ২০২৪ সালের আগস্টে রুশ সেনাদের হটিয়ে ক্রুস্কের বিশাল এলাকা দখল করে ইউক্রেনীয় সেনারা। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনের সেনাদের বিতাড়িত করে ক্রুস্কের বেশির ভাগ এলাকা ফের দখল করে রুশ সেনারা। এই দখল অভিযানের সময় ইউক্রেনীয় বাহিনীর বেশ কয়েকজন সেনাকে গ্রেপ্তার করে রুশ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে ইউক্রেনের নাগরিক ও বিদেশি ভাড়াটে সেনা-উভয়ই রয়েছে।

এদিকে ক্রুস্কের অধিকাংশ এলাকা রুশ দখলে আসার পর অভিযোগ আসে, এতদিন দখলকৃত ক্রুস্কের বিভিন্ন এলাকায় ইচ্ছেমত খুন, ধর্ষণ, লুটপাট ও সাধরণ জনগণকে নির্যাতন-নিপীড়ন করেছে ইউক্রেনীয় বাহিনীর সেনারা। বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর যেসব সেনা রুশ সেনাবাহিনীর হাতে বন্দি আছেন, তাদের মধ্যে অনেকেই এসব অপরাধে সংশ্লিষ্ট—এমন অভিযোগও উঠেছে জোরেশোরে।

এই অভিযোগেরই তদন্ত শুরু করেছে রাশিয়ার শীর্ষ আইন কর্মকর্তা বা প্রসিকিউটর জেনারেলের দপ্তর। পুতিন বুধবার যে সতর্কবার্তা দিয়েছেন, তা ও সেই তদন্ত প্রসঙ্গেই।

সূত্র : আরটি

আলোকিত প্রতিদিন/১৩মার্চ-২৫/মওম

মাগুরার নির্যাতিত শিশুটির মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক ও জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ

আলোকিত প্রতিবেদক:

মাগুরায় নিপীড়নের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৩ মার্চ  বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।
গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

১৩ মার্চ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৩মার্চ-২৫/মওম

নোয়াখালীর কবিরহাটে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটের আমিন বাজারের হাটবাজার ইজারার দরপত্র মূল্যায়ন শেষে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতা সুজন ও ছাত্রদল নেতা মিরাজসহ ১০ জন আহত হয়েছে। আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে আহতদের স্বজন ও স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতা মিরাজ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, আমিন বাজারের ইজারাকে কেন্দ্র করে যুবলীগ কর্মী ইলিয়াস মেম্বারের নেতৃত্বে, রাসেল, জলিল মানিক, সবুজ বেলালসহ ৫০-৬০ জন সন্ত্রাসী  অতর্কিতভাবে ঘটনারদিন বিকেলে সন্ত্রাসী হামলা চালায়।
এতে তাদের হামলায় ধানসিড়ি যুবদল নেতা সুজন , ছাত্রদল নেতা মিরাজ, ধনু মেম্বার, আবদুল মালেক, শ্রমিকদল নেতা আরিফ, কলেজ ছাত্রদলের আনোয়ার হোসেন, যুবদলের জামাল ও নিজামসহ ১০ জন আহত হয়েছে। ইজারা নিয়ে সমঝোতা হলেও প্রতিপক্ষের লোকজন সমঝোতা উপেক্ষা করে দরপত্র জমা দেন। তবে প্রশাসন বলছে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। যোগাযোগ করা হলে চট্রগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান আকাশ বলেন, আমি কোনো দলের পরিচয়ে ইজারা পাইনি। ইজারা না পেয়ে ধনু মেম্বার ও তার ছেলে যুবদল নেতা সুজন গায়ে পড়ে মারামারি করতে চেয়েছে। এতে আমার একজন লোকের হাত ভেঙ্গে যায় এবং আরো কয়েকজন আহত হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারী কবিরহাট উপজেলার বার্ষিক হাটবাজার ইজারা বিজ্ঞপ্তি দেয় উপজেলা প্রশাসন। এরপর সিডিউল ক্রয় করে অনেক নতুন ও পুরাতন দরদাতা দরপত্র জমা দেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই দরপত্র মূল্যায়ন শেষে বাজার ইজারার প্রথম ধাপের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা। দরপত্র মূল্যায়ন শেষে সর্বোচ্চ ধর ২৩ লক্ষ টাকায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আমিন বাজারের ইাজারা পায় নতুন দরদাতা চট্রগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান আকাশ। এনিয়ে ইউএনও কার্যালয় থেকে বের হলে আমিন বাজারের পুরাতন ইজারাদার বিএনপি নেতা ধনু মেম্বার ও তার ছেলে ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুজন অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে তারা ইউএনও কার্যালয়ের সামনে দুই পক্ষ বাকবিতন্ডা ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে যুবলীগ কর্মী ইলিয়াসের নেতৃত্বে কয়েকশত মানুষ উপজেলা পরিষদের মাঠে প্রতিপক্ষকে ধাওয়া বেদম মারধর করলে এতে কমপক্ষে ১২জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, ইজারা এক পক্ষ পেয়েছে আরেক পক্ষ পায়নি। এটা নিয়ে মনোমালিন্য ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে বের করে দেয়। কোন পক্ষ এখনো আসেনি। কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন,দরপত্র মূল্যায়নে অনেক মানুষ এসেছে। দরপত্র মূল্যায়ন শেষে জটলা হয়েছে। তখন আমি আমার অফিসে ছিলাম। তবে মারামারির কোনো ঘটনা দেখেনি। হাটবাজার ইজারার প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে বলেও তিনি জানান।
আলোকিত প্রতিদিন/এপি

নবীনগর তিতাস নদীতে অজ্ঞাত ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার

মোঃ আনোয়ার হোসেন,মোঃ নিশাদুল ইসলাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত পরিচয় (৪০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নাটঘর গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার সকালে তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা নদীতে লাশ টি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নবীনগর থানা পুলিশকে খবর দেয়৷ পরে নবীনগর থানা পুলিশ এসে লাশ টি উদ্ধার করে জেলা মর্গে পাঠায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। প্রথমিক তদন্তে লাশের শরীরে কোন যখমের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই আইনি পদক্ষেপ নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/১২মার্চ-২৫/মওম

নোয়াখালীতে অবৈধ ২টি ইটভাটা ভেঙে দিয়ে জেল, জরিমানা 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় স্থাপিত ২টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।অভিযানে ইটভাটাগুলোর কিলন ও চিমনি ভেঙে দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।
বুধবার (১২ মার্চ) নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তর ও সুবর্ণচর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যােগে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় চর আমানউল্লাহ স্হাপিত মেসার্স যমুনা ইটভাটার ম্যানেজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অপর ইটভাটা মেসার্স মুক্তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ছেনমং মারমা।এছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, চরজব্বার থানা পুলিশ ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইউনিট সদস্যগণ।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার জানান,মেসার্স মুক্তা ও যমুনা ব্রিকস কোনোরকম লাইসেন্স ও ছাড়পত্র ব্যতিরকে দীর্ঘদিন নিষিদ্ধ এলাকায় ভাটার কার্যক্রম চালিয়ে আসছিলেন।ইট প্রস্তুত ও ভাটা স্হাপন নিয়ন্ত্রণ আইন ২০১৯ এর আলোকে এ অভিযান পরিচালনা করে উপরোক্ত দণ্ড দেওয়া হয়েছে বলে জানান।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে যৌথ অভিযানে মেসার্স যমুনা ব্রিকসকে ভেঙে দিয়ে ভাটা পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়।কিন্তু সে আইন লঙ্ঘন করে ফের চালু করায় আজকের অভি্যানে ইটভাটার ম্যানেজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অবৈধ ইটভাটর বিরুদ্ধে অভিযানের বিষয়ে সরকারের নির্দেশনা ও মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করে যাবে বলে জানান মিহির লাল সরদার।
উল্লেখ্য, বিগত আওয়ামীলীগের সরকারের স্হানীয় সংসদ সদস্যদের আনুকুল্যে ছাত্রলীগ,যুবলীগের নামধারী নেতারা বিগত বছরগুলোতে নোয়াখালীর শস্য ভাণ্ডারখ্যাত সুবর্চর উপজেলায় ১২টি ইটভাটা গড়ে ওঠে।আর এসব ইটভাটায় প্রতিনিয়ত পুড়ছে কাঠ।উজাড় হচ্ছে বনভূমি।আবার আবাদযোগ্য ফসলের মাঠ থেকে উৎকৃষ্ট মানের মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে ফসল উৎপাদনে ধ্বস নেমেছে।স্হানীয়রা এসব অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্হা নেওয়ার দাবিতে একাধিক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আলোকিত প্রতিদিন/এপি