আজ , ।   
Home Blog Page 572

আবরার হত্যা, আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় রবিবার

আলোকিত প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও আপিলের ওপর রায় ঘোষণা আগামীকাল রবিবার হতে পারে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রবিবারের কার্যতালিকায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিল রায়ের জন্য রয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, রাষ্ট্র বনাম মেহেদী হাসান রাসেল এবং অন্যান্য শিরোনামে রায়ের জন্য ডেথ রেফারেন্সটি কার্যতালিকায় রয়েছে। ডেথ রেফারেন্সের নিচে লেখা আংশিক শ্রুত; এর সঙ্গে আপিল ও জেল আপিলগুলো রয়েছে সেখানে।

ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও আপিলের ওপর শুনানি নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এখন রায়ের জন্য আদালতের রবিবারের কার্যতালিকায় এলো।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বলা হয়, ‘আসামিরা পরস্পর যোগসাজশ করে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছেন।

আলোকিত প্রতিদিন/এপি

পুলিশের গাড়ি খাদে পড়ে কনস্টেবল নিহত, আহত ৪

সাদ্দাম হোসাইন, চকরিয়া প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। তার নাম নাজমুল হাসান (৫০)। এসময় আরও এক এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটের সময় উপজেলার ডুলাহাজারা রিংভং মাজার গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য নাজমুল হাসান ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর উপজেলার গুরকনঘাট এলাকার মাষ্টার শহিদুল ইসলামের পুত্র।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান জানান, বৃহস্পতিবার রাত ২টা ৩০মিনিটের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা রিংভং মাজার গেট এলাকায় মালুমঘাট হাইওয়ে থানার একটি জীপ গাড়ি নিয়ে এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ডিউটি করছিলো। ডিউটি শেষে থানায় ফেরার পথে জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওইসময় কনেষ্টবল নাজমুল হাসান ঘটনাস্থলেই মারা যায়। এসময় এসআই জিয়া উদ্দিনসহ আরও তিন কষ্টেবল গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, কনস্টেবল নুরুল আলম (৩৮), কনস্টেবল অলি আহমদ, কনস্টেবল সাইফুল ইসলাম (২৯)। তাদেরকে উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নাজমুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি মেহেদি হাসান।

আলোকিত প্রতিদিন/এপি

তারাগঞ্জে কিশোরীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

মোঃ ওমর ফারুক ভ্রাম্যমাণ প্রতিনিধ : তারাগঞ্জ রংপুর রংপুরের তারাগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । সাগর ইসলাম(২০) নামের এক যুবককের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। পুলিশ খবর পেয়ে সাগরকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠান । কিশোরীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় কাজের তাগিদে ওই কিশোরীর বাবা কাজের সন্ধানে সকালে বাড়ি থেকে বাইরে চলে যান।

দুপুরে তাঁর মা তাকে বাড়িতে রেখে রান্নার খর খড়ি সংগ্রহ করতে পাশের বাঁশ ঝাড়ে যান। এই সুযোগে মানসিক ভারসাম্যহীন ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে বিকেল পাঁচটার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ ফাসিরডাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে সাগর ইসলাম তাঁর মুখ চেপে ধরে ঘরে ভিতরে নিয়ে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে আওয়াজ পেয়ে আশেপাশের লোক জন ছুটে সাগর ইসলামকে নগ্ন অবস্থায় আটক করেন। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে সাগর ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সাগরকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার আদালতের মাধ্যমে সাগর ইসলামকে জেল হাজতে পাঠান। ওই কিশোরীর বাবা বলেন, ‘ পেটের তাগিদে প্রতিদিনের মতো ওই দিনো কাজের সন্ধানে আমি বাইরে চলে যাই সেই সুযোগে আমার প্রতিবন্ধী মেয়েটার সর্বনাশ করে দিল। আমি এর উপযুক্ত শাস্তি চাই।

ই কিশোরীর মা বলেন, মেয়েটাকে বাড়িতে রেখে আমি রান্নার জন্য খর খড়ি কুড়াতে গিয়েছিলাম একা পেয়ে সাগর আমার মেয়েটার সর্বনাশ করেছে। আমরা দিন আনি দিন খাই আপনারা একটু আমাদের পাশে থাকবেন, আমার মেয়েটা যেন সঠিক বিচার পায়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, হাতে নাতে আটক করে থানায় ফোন দেয় স্থানীয়রা, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ।

এ ঘটনায় রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে আসামী সাগর ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

ইত্যাদি’র নাচের মঞ্চ মাতাবেন একঝাঁক প্রিয় মুখ

বিনোদন ডেস্ক:
টেলিভিশন কিংবা ইউটিউবে প্রচারিত নাটকে নিয়মিত দেখা মেলে অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানাকে। এবার একসঙ্গে তাদের দেখা যাবে নাচতে। ঈদ উপলক্ষ্যে নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাচের আয়োজনেই মঞ্চ মাতাবেন জনপ্রিয় এই চার মুখ।

জানা গেছে, সম্প্রতিই তাদের নিয়ে নাচের শুটিং সম্পন্ন হয়েছে। ইত্যাদির নির্মাতা হানিফ সংকেত জানান, এবার একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে, যেখানে দেখা যাবে নাটকের এই চার অভিনেত্রীকে। তাদের সঙ্গে থাকছেন একদল নৃত্যশিল্পী। আর আয়োজনটি পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, নাচটিকে প্রাণবন্ত করতে শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়াও দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন অত্যন্ত আন্তরিক। এ ধরনের নতুন আয়োজনে অংশ নিতে পেরে শিল্পীরাও আনন্দিত।

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ইত্যাদি। ম্যাগাজিন অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আলোকিত প্রতিদিন/১৪মার্চ-২৫/মওম

ধর্ষকের সন্ধান দিলে বিএনপি নেতার পুরস্কার ঘোষণা 

সাইফুল ইসলাম সবুজ:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘টাঙ্গাইলের মির্জাপুরে মাদরাসায় পড়ুয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনার হোতা ফিরোজ মিয়া। তার সন্ধানদাতা এবং গ্রেপ্তারে সহায়তকারীকে বিএনপির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। নেতাকর্মীদের প্রমাণ করতে হবে বিএনপি সবসময় অসহায়-নির্যাতিতদের পাশে ছিলো, আছে এবং থাকবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।  তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিফকুল ইসলাম ফরিদ ও জসিম উদ্দিন খানসহ নেতাকর্মীদের নিয়ে ওই শিশুর বাড়িতে যান তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে এ ঘটনার বিচার নিশ্চিত করতে উপজেলা বিএনপি কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেন।
বিএনপি নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘একটি কুচক্রি মহল বিএনপি নেতাকর্মীদের সম্মানহানী করতে এই ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। ভুক্তভোগী পরিবারের পাশে থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রমাণ করে দিয়েছে তারা এই অন্যায়ের প্রতিবাদী। ধর্ষক ফিরোজ মিয়া যতই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আসতে হবে।’
এছাড়া গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সাবেক জিএস সাঈদুর রহমান সাইদ সোহরাব বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই শিশুর বাড়িতে যান এবং সার্বিক খোঁজ খবর নেন। তিনিও ধর্ষক ফিরোজ মিয়াকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করাতে নেতাকর্মীরা পুলিশ প্রসাশনকে সার্বিক সহযোগিতা করছেন বলেও উল্লেখ করেন তিনি।
আলোকিত প্রতিদিন/১৪মার্চ-২৫/মওম

নবীনগরে দিনদুপুরে দুই লক্ষ টাকা চুরি, আটক-১

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা বাজারে দীপক শিল্পালয় (স্বর্ণের দোকান) সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এবং প্রায় দুই লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, প্রবাসী মাহফুজ আহম্মেদের পিতা মোঃ জহিরুল ইসলাম (৮০) নবীনগর ইসলামী ব্যাংক শাখা থেকে তার ব্যাংক একাউন্ট থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করেন। টাকাগুলো একটি ব্যাগে ভরে তিনি বাজারের দীপক শিল্পালয়ের সামনে বসে থাকাকালীন তিনজন অজ্ঞাত ব্যক্তি তার পাশে এসে বসে। এরপর তারা ধারালো ছুরি বা ব্লেড দিয়ে ব্যাগটি কেটে টাকার দুটি বান্ডিল চুরি করে।
ঘটনার সময় মোঃ জহিরুল ইসলাম চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন এবং একজন চোরকে আটক করে নবীনগর থানায় সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া দুই লক্ষ টাকা উদ্ধার করে। আটককৃত ব্যক্তির নাম কৃষ্ণ চন্দ্র রায় (৫৫), যিনি কুমিল্লার দেবিদ্ধার থানার ওয়াহেদপুর গ্রামের মৃত হারাধন চন্দ্র রায়ের ছেলে। । তার সাথে আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা চোরের কথা স্বীকার করেছেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার পরপরই আমরা অভিযানে নেমে মূল অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছি এবং পুরো টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আলোকিত প্রতিদিন/১৪মার্চ-২৫/মওম

নোয়াখালীর বেগমগঞ্জে বিধবার বাড়িতে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো.জাকারিয়া। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়ির শাহানাজ আক্তারের (৪৫) বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙ্গে অজ্ঞাতনামা ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাত বসত ঘরে প্রবেশ করে। তখন দেশীয় অস্ত্র হাতে ডাকাতদলের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। পরে তারা অস্ত্রের মুখে নারীকে ধর্ষণের হুমকি দিয়ে ৬টি মুঠোফোন, স্বর্ণ ২ ভরি, নগদ ৪০ হাজার টাকা, ৮পিস শাড়ি, ১টি কম্বল,কসমেটিকস সামগ্রীসহ ১ কার্টুন খেজুর লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের মুঠোফোনে একাধিক কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো.জাকারিয়া বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছে। তিনি একটি বাচ্চা ও দুটি মেয়ে নিয়ে ওই ঘরে থাকেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি

বান্ধবীর সাথে ঘুমাচ্ছিলেন যুবক, গুলি করে দিল পোষা কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের মেমফিস, টেনেসিতে নিজের পোষা কুকুরের গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি তার বান্ধবীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন এবং বন্দুকটিও সেখানেই ছিল। লোডেড বন্দুকে পা লেগে ট্রিগার চেপে দেয় কুকুরটি সেই সময় দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে যায় এতেই তিনি আহত হন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, আহত ব্যক্তি বিছানায় শুয়ে ছিলেন, আর তাঁর লোডেড বন্দুকও বিছানাতেই ছিল। তার পোষা পিট বুল, নাম ওরিও, খেলার ছলে লাফাতে লাফাতে বন্দুকের ট্রিগার গার্ডে পা আটকে ফেলে। এর ফলেই ট্রিগার চেপে যায় এবং গুলি বেরিয়ে ব্যক্তির বাঁ পায়ের উরুতে আঘাত হানে। সৌভাগ্যবশত, গুলি গুরুতর আঘাত করেনি, শুধুমাত্র ছুঁয়ে বেরিয়ে যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার পর তাঁর অবস্থা স্থিতিশীলে আছে।

স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আহত ব্যক্তির বান্ধবী বলেন, আমরা তখন ঘুমিয়েছিলাম, হঠাৎ গুলির আওয়াজ শুনে জেগে উঠি। আমাদের কুকুরটি খুব দুষ্টু এবং বিছানায় লাফালাফি করতে খুব পছন্দ করে। খেলার ছলেই হয়ত এই দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি আরও বলেন, সবসময় বন্দুকের সেফটি অন রাখা কিংবা ট্রিগার লক ব্যবহার করা খুবই জরুরি।

আমেরিকায় বন্দুক সংক্রান্ত দুর্ঘটনা প্রায়ই ঘটে, তবে কোনও পোষা প্রাণীর কারণে এমন দুর্ঘটনা অত্যন্ত বিরল। ২০২৩ সালে কানসাসে এক ব্যক্তি তার পোষা জার্মান শেফার্ড কুকুরের গুলিতে মারা যান, যখন কুকুরটি ভুল করে শিকারি বন্দুকের ট্রিগারে পা দিয়ে দেয়। এমনকি ২০১৮ সালেও আইওয়ায় এক ব্যক্তি তার পিট বুল-ল্যাব্রাডর মিশ্র জাতের কুকুরের গুলিতে আহত হয়েছিলেন।

আলোকিত প্রতিদিন/১৪মার্চ-২৫/মওম

কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

১৪ মার্চ শুক্রবার দুপুর ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে তিনি কক্সবাজারে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এবং পুলিশ সুপার। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, আজ দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবকে বহনকারী বিমান।

কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন এবং ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

আলোকিত প্রতিদিন/১৪মার্চ-২৫/মওম

নারী সাংবাদিকের শ্লীলতাহানি,গাইবান্ধার সাংবাদিক সমাজের প্রতিবাদ

রানা ইস্কান্দার রহমান:
ডেভিলহান্টে গ্রেফতারকৃত আসামির ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিক তানিন আফরিন লাকীর সাথে শ্লীলতাহানির ঘটনায় ৪ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের হয়েছে। সদর থানার মামলা নং-১৬ তারিখ – ১১ -০৩- ২০২৫ ইং। এদিকে পেশাগত দায়িত্বপালনকালে নারী সাংবাদিকের সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবী করেন গাইবান্ধা জেলার সাংবাদিক সমাজ।
এ মামলার আসামিরা হলো- জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া সমিতির বাজার গ্রামের এটিএম রাশেদুজ্জামান রোকন এর ছেলে ১। সুদীপ্ত সরকার (২২), একই গ্রামের মৃত হাছেন আলীর ছেলে ২। রফিকুল  ইসলাম ব্যাংকার, মৃত কফিল উদ্দিনের ছেলে ৩। সিদ্দিকুর রহমান, মৃত আঃ ওয়াহাব মিয়ার ছেলে ৪।  ফরিদ মিয়া। মামলা সুত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া কলেজের অধ্যক্ষ এবং ফুলছড়ি যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকনকে গত ৭ মার্চ ডিভিলহান্টের আসামি হিসেবে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাকে ওইদিন বিকেলে আদালতে নিয়ে আসা হলে দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার তানিন আফরিন লাকী ছবি তুলতে যান। এসময় রাশেদুজ্জামান রোকনের ছেলে সুদীপ্ত সরকারসহ দুর্বৃত্তরা সাংবাদিক লাকীর ওপর চড়াও হয়। তারা ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট ও তার শ্লীলনতাহানি করে। এসময় দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল, ক্যামেরা ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাংবাদিক তানিন আফরিন লাকী ওই রাতেই গাইবান্ধা সদর থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগটি সদর থানায় ১১ মার্চ মঙ্গলবার মামলা হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে ।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার সাংবাদিকদের জানান, মামলা দায়ের হয়েছে,অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মামলার কাগজটি ফুলছড়ি থানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক তানিন আফরিন লাকি গাইবান্ধা পৌর শহরের ব্রীজরোড কালিবাড়ি মোড় এলাকার আব্দুল জলিল সরকারের কন্যা, দৈনিক স্বদেশ বিচিত্রার পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত রয়েছেন।
আলোকিত প্রতিদিন/১৪মার্চ-২৫/মওম