আজ , ।   
Home Blog Page 560

এমপিও শিক্ষকদের বেতন দিতে শুক্রবারও ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন দিতে ৪টি রাষ্ট্রায়ত্ব ব্যাংক আজ বৃহস্পতিবার বিকাল ৪.০০ টা পর্যন্ত এবং আগামীকাল শুক্রবার) ০১ (এক) দিন খোলা রাখার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ডিসেম্বর/২০২৪ মাসের (আংশিক-লট-৫), জানুয়ারি/২০২৫ মাসের (আংশিক-লট-২), ফেব্রুয়ারি ২০২৫ মাসের (আংশিক-লট-১) এবং ঈদ-উল-ফিতর ২০২৫ (আংশিক-লট-২) এর বেতনভাতাদি ইএফটি-তে পরিশোধের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে এ সংক্রান্ত জি.ও. জারি করা হয়েছে। বর্ণিত শিক্ষক/কর্মচারীগণের ঈদ-উল-ফিতরের পূর্বেই বেতনভাতাদি উত্তোলনপূর্বক যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদ্‌যাপনের নিমিত্তে ৪টি রাষ্ট্রায়ত্ব ব্যাংক অদ্য ২৭.০৩.২০২৫ তারিখ বিকাল ৪.০০ টা পর্যন্ত এবং আগামী ২৮.০৩.২০২৫ (শুক্রবার) ০১ (এক) দিন খোলা রাখা প্রয়োজন।

৪টি রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো হলো,  অগ্রনী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক। বর্ণিতাবস্থায়, উল্লিখিত ব্যাংকসমূহ খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৩/২০২৫

আলোকিত প্রতিদিন/২৭ মার্চ ২০২৫/মওম

সুন্দরবনের সন্যাসী খাল  থেকে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার

এস কে সিরাজ:
সুন্দরবন থেকে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। তবে, পালিয়ে গেছে চোরা শিকারীরা। হচ্ছে টা কি সুন্দরবনে,হরিণ শিকারীদের কবলে এখন সুন্দরবন,যত্রতত্র থেকে চোরা শিকারীরা ইচ্ছেমত হরিণ শিকার করে লোকালয়ে গরু ছাগলের মত মাংস বিক্রী করছে। হাত বাড়ালেই যেন হরিণের মাংস পাওয়া যায়, সর্বত্র। কোন মতে থামানো যাচ্ছে না চোরা শিকারী তৎপরতা। সুন্দরবনে অরক্ষিত হয়ে পড়েছে মায়াবি হরিণ। নিরাপত্তাহীনতায় দিন কাটছে এই সকল মায়াবি প্রানীদের। হরিণ বাচাতে সচেতন মহল উদ্বিগ্ন।
২৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কোবাদক স্টেশনের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের সন্যাসির খাল থেকে এসব হরিণের মাংসসহ একটি নৌকা উদ্ধার করা হয়।
কোবাদক স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন যানান, সুন্দরবনের সন্যসির খালে নিয়মিত টহলকালে দূর থেকে একটি নৌকা দেখতে পেয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি। এসময় তাদের নৌকা থামাতে বললে তারা নৌকা ফেলে সুন্দরবনের গহীনে পলিয়ে যায়। পরে ফেলে যাওয়া নৌকা তল্লাশী করে হরিণের মাংস ও হরিণ শিকারের সরঞ্জমাদি জব্দ করা হয়। পালিয়ে যাওয়া হরিণ শিকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস পচনশীল হওয়ায় কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৭ মার্চ ২০২৫/মওম

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘো*ষণা আদালতের!

মামুন হাসান, স্টাফ রিপোর্টার:  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ওই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম তিনি এ রায় ঘোষণা করেন।

আদেশে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়।

ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন।  মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আট জনকে বিবাদী করা হয় তখন।

ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। তাকে মেয়র হিসেব ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমমাদের পক্ষে রায় দিলেন। ইসরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন।

গত বছর ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র  আতিককে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। এদিক সাবেক মেয়র তাপসের কোনো হদিস নেই। বিভিন্ন সূত্র দাবি করছে, তিনি শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছেড়েছেন সে।

নির্বাচনী আইন অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হয়। মামলার পর পরবর্তী ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল। সংক্ষুব্ধ ব্যক্তি রায়ে খুশি না হলে ৩০ দিনের মধ্যে তিনি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে যেতে পারবেন। নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করবেন।

আলোকিত প্রতিদিন/এপি

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে ট্রাম্পের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক:
মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছেন।  ২৭ মার্চ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।

শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তন বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও বর্ধিত নিরাপত্তা প্রতিষ্ঠার সক্ষমতা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আসন্ন এই সময়গুলোতেও আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রত্যাশায় রয়েছে। আমি আত্মবিশ্বাসী, আমরা আমাদের সম্পর্ক জোরদার করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক সুরক্ষা উন্নয়নে একসঙ্গে কাজ করার পাশাপাশি আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারি। এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা।’

আলোকিত প্রতিদিন/২৭ মার্চ ২০২৫/মওম

এক দশক পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া

আলোকিত প্রতিবেদক:

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করবেন। দশ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা একসঙ্গে উৎসব অনুষ্ঠান করবেন।

এরপূর্বে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর সেবার পরিবারের সদস‌্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন তি‌নি। শেষবার লন্ডনে খালেদা যখন ঈদ উদযাপন করেছিলেন তখন তার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী-সন্তানেরা সঙ্গে ছিলেন। ছিলেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র স্ত্রী-সন্তনরাও। কোকোর মৃত্যুর পর সেটি ছিল জিয়া পরিবারের জন্য এক আবেগঘন পুনর্মিলন।চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া। এখানে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন তিনি।

সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে আসেন খালেদা জিয়া। ওই সময় তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করা হয়নি তার।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে আসেন বিএনপির চেয়ারপারসন। ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর থেকে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বাসায় ফেরার পর গত দুই মাসে খালেদা জিয়াকে আর হাসপাতালে নিতে হয়নি। কোনো পরীক্ষার প্রয়োজন হলে দ্য ক্লিনিকের চিকিৎসক ও বিশেষজ্ঞরা বাসায় গিয়ে তার স্বাস্থ্যের পরীক্ষা করছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, তিনি দ্য ক্লিনিকের অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের অধীনে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্যরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

খালেদা জিয়া কবে দেশে ফিরতে পারেন, এমন প্রশ্নের উত্তরে জাহিদ হোসেন বলেন, ঈদের পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের পরামর্শে তিনি এপ্রিলের যেকোনো দিন দেশে ফিরতে পারেন। তবে পুরো বিষয়টি মেডিকেল টিমের অনুমতির ওপর নির্ভর করছে। তারেক রহমানও শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

২০১৮ সালে বিএনপির চেয়ারপারসনকে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় সাজা নিয়ে তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন; কিন্তু বিএনপির নেত্রীর লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে বলে বাংলাদেশের চিকিৎসকেরা অনেক দিন ধরে বলে আসছিলেন। এমন পরিস্থিতিতে দল এবং পরিবারের পক্ষ থেকে ২০২০ সাল থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কয়েক দফা আবেদন করা হয়; কিন্তু সেই সরকার তাতে সাড়া দেয়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত। এরপর ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন।

আলোকিত প্রতিদিন/২৭ মার্চ ২০২৫/মওম

এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত : প্রধান উপদেষ্টা

আলোকিত ডেস্ক:

অভিন্ন ভবিষ্যৎ এবং সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে একটি পরিষ্কার রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, এই পরিবর্তিত বিশ্বে, এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত।

আর্থিক সহযোগিতার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের নির্ভরযোগ্য তহবিলের প্রয়োজন যা আমাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে।

বাণিজ্য সহযোগিতা সম্পর্কে তিনি বলেন, এশিয়া এখনও সবচেয়ে কম সংহত অঞ্চলগুলোর মধ্যে একটি। আমাদের অবিলম্বে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।

খাদ্য এবং কৃষি সহযোগিতা সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, এশিয়ার দেশগুলোকে সম্পদ-দক্ষ কৃষিকাজকে উৎসাহিত করতে হবে এবং খাদ্য নিরাপত্তার জন্য দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে। ‘আমাদের আমদানি নির্ভরতা কমাতে হবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। প্রযুক্তিভিত্তিক টেকসই কৃষি সমাধান সম্প্রসারণ এবং পুনর্ব্যবহারযোগ্য এবং ‘জলবায়ু-স্মার্ট’ কৃষিকাজে উদ্ভাবন গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে একটি শক্তিশালী প্রযুক্তিগত ইকোসিস্টেম গড়ে তুলতে হবে, যা পুনরুদ্ধারমূলক, বিতরণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। ‘আমাদের জ্ঞান এবং তথ্য ভাগাভাগি করতে হবে এবং প্রযুক্তির বিকাশ ও উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে। ডিজিটাল সমাধানের ক্ষেত্রে সহযোগিতা অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবে।’

সূত্র : বাসস। 

আলোকিত প্রতিদিন/২৭ মার্চ ২০২৫/মওম

শ্রমিক নেতা সহ শ্রমিকদের মামলা প্রত্যাহারের দাবিতে অর্ধবেলা ধর্মঘট পালন

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগর উপজেলার কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন কোম্পানীগঞ্জ এলাকায় পরিবহন শ্রমিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নামে  মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবিতে অর্ধবেলা কর্মবিরতি পালন করে পরিবহন মালিক ও শ্রমিকরা। চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে পুলিশ দিয়ে হয়রানির প্রতিবাদে দূরপাল্লার বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখে পরিবহন মালিক ও শ্রমিকরা।

২৬ মার্চ বুধবার কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক কোম্পানিগঞ্জ বাস ট্রার্মিনাল এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী তিশা ও গোমতী, চট্টগ্রামগামী প্রান্তিক, হানিফ, বিআরটিসি, কুমিল্লা ও বি-বাড়িয়াগামী বাস রয়েল সুপার, ফারজানা, সুগন্ধা, ফারহানা বাস সহ  সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সব ধরনের বাস চলাচল বন্ধ করে ধর্মঘট পালন করে কুমিল্লার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখা। কোম্পানিগঞ্জ বাস টার্মিনাল হতে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে আন্তঃজেলার বাস চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

এমন পরিস্থিতিতে হঠাৎ বাস না চলার কারণ খুজতে গিয়ে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার কিছু বৈষম্যবিরোধী ছাত্র নেতা সিরিয়ালের বাহিরে সিএনজি নিতে চাইলে রাস্তায় স্থানীয় শ্রমিক ফেডারেশন এর নিজস্ব ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা এক লাইনম্যান বাঁধা প্রদান করেন এবং বলেন এখান থেকে সিএনজি নিতে চাইলে সিরিয়াল ঠিক রেখে সিরিয়াল টুকেন অনুযায়ী নিতে হবে। তখন ঐ লাইনম্যান ছাত্র সমন্বয়ক নিয়ম বহির্ভূত কাজ করায়  উভয় তর্কে জড়ায়। একপর্যায়ে মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সহ আন্দোলনে অংশ নেওয়া কিছু ছাত্র এসে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা শ্রমিক আবুল কালামকে টুকেনের বিপরীতে চাঁদাবাজ উপাধি দিয়ে তাকে পুলিশে দেয়।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কোম্পানিগঞ্জ শ্রমিক ফেডারেশন এর সভাপতি হাজী মোঃ ইদ্রিস বলেন, আমরা শ্রমিক ফেডারেশন এর পক্ষ থেকে কোম্পানীগঞ্জ বাস স্টেশন এলাকায় যানযট নিরসনে মুরাদনগর উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে কোম্পানীগঞ্জ বাস-মালিক সমিতি বিভিন্ন পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রন ও সিরিয়াল অনুযায়ী  রাখার জন্য কিছু শ্রমিক নিয়োগ দেই। যার খরচ বাস মালিক সমিতি বহন করে থাকেন। তারা সিরিয়াল অনুযায়ী বাস, সিএনজি, অটোরিকশা গুলো কে চলাচলে সহযোগিতা করে ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে। সে সুবাদে গত সোমবার আমাদের মুরাদনগর উপজেলা কিছু বৈষম্যবিরোধী ছাত্র এসে সিরিয়ালের বাহিরে সিএনজি নিতে চাইলে রাস্তায় স্থানীয় শ্রমিক ফেডারেশন এর নিজস্ব ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা এক শ্রমিক তাদের বাঁধা প্রদান করেন এবং তাদের মধ্যে একজন পরিচয় দেন যে তিনি সমন্বয়ক। এই নিয়ে বাঁধা প্রদান করেলে তাদের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় ও বৈষম্যবিরোধী ছাত্র এসে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা শ্রমিক এবং পরিবহন মালিকের বিরুদ্ধে চাঁদাবাজ উপাধি দিয়ে বাস টার্মিনালে মিছিল বের করে। পরবর্তীতে শ্রমিক আবুল কালামের মুক্তির দাবিতে মুরাদনগর থানার সামনে পরিবহন মালিক ও শ্রমিকরা বিক্ষোভ করলে সমন্বয়ক ও মালিক-শ্রমি দের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও সমন্বয়ক বাদি হয়ে পৃথক দুইটি মামলায় স্থানীয় বিএনপির নেতাকর্মী, পরিবহন মালিক ও শ্রমিক সহ ১৬২ জনকে আসামী করা হয়। সেই মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে অর্ধবেলা ধর্মঘট ও কর্মবিরতি পালন করি। যদি অনতিবিলম্বে পুলিশি হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহার না করে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবো।

ফখরুল, রুহুলামিন, আমজাদ এর মতো পরিবহন শ্রমিকরা বলেন, আমরা পরিবহন শ্রমিক, আমরা সারাদিন পরিবহনে কাজ করে জীবিকানির্বাহ করি। আমাদের আটক শ্রমিকদের মুক্তি ও তাদের  বিরুদ্ধে দায়ের করা হয়রানি মূলক মামলা প্রত্যাহার করে আমাদের শ্রমিকদের কাজে  ফিরার ব্যবস্থা করতে হবে। নাহলে আমরা কর্মবিরতি চালিয়ে যাবো। রয়েল সুপারের মালিক জহির খান বলেন, সোমবার বিকেলে কোম্পানীগঞ্জ সিএনজি স্টেশনে গাড়ীর সিরিয়াল নিয়ে সৃষ্ট ঘটনা নিয়ে থানায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এরই জের ধরে মুরাদনগর থানা পুলিশ বেশকিছু শ্রমিককে গ্রেফতার করে এবং শ্রমিকদের উপর মামলা দিয়ে হয়রানি করছে এই প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট করছে। আমরা গাড়ীর মালিক, কিন্তু গাড়ীতো চালায় শ্রমিকরা। আমরা মালিকপক্ষ তাদের অনেক বুঝিয়েছি যে এখন ঈদের সময়, গাড়ী বন্ধ করলে মানুষের দুভোর্গ হবে। তবুও তারা তাদের উপর পুলিশি হয়রানির প্রতিবাদে আজ বুধবার অর্ধবেলা ধর্মঘট করেছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, শ্রমিক ধর্মঘটের কারনে বাস চলাচল বন্ধের খবর পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

আলোকিত প্রতিদিন/২৭ মার্চ ২০২৫/মওম

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও নারী মুখপাত্র মদের আড্ডায়!

আলোকিত প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের মদের আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আজ। মঙ্গলবার রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয়।

ভিডিওতে দেখা যায়, একটি ব্যাগ হাতে মুখপাত্র এলমা খাতুন কক্ষে প্রবেশ করছেন রুমে। এরপর ব্যাগটি রেখে খাটের উপর অবস্থান নেন। তার পাশে শুয়ে ছিলেন সদস্য সচিব সাইদুর রহমান। এরপর সাইদুর একটি কম্বল নিজের শরীরের উপর বিছিয়ে দেন আর মুখপাত্র এলমা খাতুন ফোন টিপতে থাকেন। এরপর একটি মদ ভর্তি বোতল হাতে নেন এলমা খাতুন। আরেকটি হাতে কয়েকটি ওয়ান টাইমের গ্লাস পাওয়া গেছে। এ ব্যাপারে ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান জানান, তিনি ভিডিওটির ব্যাপারে অবগত না। ভিডিওটি দেখে এই প্রতিবেদককে পরে জানাবেন বলে জানান তিনি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবু হুরাইরার মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে। সুজনের ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু বলেন, যদি ভিডিও সত্যি হয় তাহলে এদের কাছ থেকে দেশ ও জাতি আগামীতে কিছু পাবে না বলে আমার মনে হয়। এটা সমাজের জন্য ভালো বার্তা বয়ে আনবে না।

২০২৪ সালের ১৬ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন করেন। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেন। এই কমিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবু হুরাইরাকে আহবায়ক ও কেসি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়। এছাড়াও সাজেদুর রহমানকে মুখ্য সংগঠক এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এলমা খাতুনকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৩ জনকে যুগ্ম সদস্যসচিব, ৯ জনকে সংগঠক ও ৬৪ জনকে সদস্য করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

নড়াইলের লোহাগড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

জাহিদুল হক রনি:
নড়াইলের লোহাগড়ায় গভীর রাতে অভিযান চালিয়ে ১০০ পিচ  ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর গ্রামের ইলিয়াস মোল্যার ছেলে পলাশ মোল্যা (৩৮)।
পুলিশ সূত্র জানায়, বুধবার (২৬ মার্চ) গভীর রাতে, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ আব্দুস সালাম, এস আই মোঃ সাইফুল ইসলাম সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া পৌর এলাকার শামীম এন্টারপ্রাইজ মার্কেটের সামনের পাকা রাস্তার থেকে পলাশ মোল্যা নামের এক বেক্তিকে মাদক ব্যবসায় জড়িত সন্দেহে আটক করে। এসময় তার কাছ থেকে ১০০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। পরবর্তীতে পলাশ মোল্যাকে মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা।
বিষয়টি নিশ্চিত করে, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন,বুধবার গভীর রাতে ১০০ পিচ অবৈধ মাদক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পলাশ মোল্যাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরো বলেন,নড়াইল জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
আলোকিত প্রতিদিন/২৬ মার্চ ২০২৫/মওম

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপিত

রাশেদুল ইসলাম:
জামালপুর  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ২৬ মার্চ বুধবার সকালে  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি উদ্বোধন করেন। পরে তাঁর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে একাডেমীক ভবন প্রদক্ষিণ করে ফের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
প্রথমে  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে ক্রমান্বয়ে সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ একে একে শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে প্রশাসনিক ভবন চত্বরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায়  প্রধান অতিথি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা, স্বাধীনতা অর্জন ও এর গুরুত্ব তুলে ধরে বক্তৃতা প্রদান করেন।
আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে মির্জা আজম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ ফরহাদ আলী বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মৌসুমী আক্তার ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/২৬ মার্চ ২০২৫/মওম