আজ , ।   
Home Blog Page 557

অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি অত্যন্ত খারাপ

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি ‘দমবন্ধকর’ হয়ে পড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ৬ এপ্রিল রবিবার জানিয়েছে, গাজার পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। সাংবাদিক হিন্দ খোদারি গাজার দের এল-বালাহ থেকে বলেছেন, “এখানে এখনো সকাল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ফিলিস্তিনিরা যে কোনো খাবারের সন্ধান করছে যেন তারা তাদের পরিবারকে খাওয়াতে পারে। গত এক মাস ধরে গাজায় একটি ট্রাকও প্রবেশ করেনি— কোনো খাবার না, বাণিজ্যিক কোনো কিছু না, কোনো জ্বালানি না, রান্নার কোনো গ্যাস না, এমনকি ওষুধও না। এমনকি কোনো তাঁবু বা আশ্রয় উপকরণও না।”

“এমন অবস্থায় এখানকার পরিস্থিতি দমবন্ধকর হয়ে পড়েছে। আমরা দেখছি অনেক মানুষ এক গ্যালন স্বাস্থ্যকর পানির জন্য লাইন ধরছেন। আমরা দেখছি ফিলিস্তিনিরা গরম খাবারের জন্য বিভিন্ন কিচেনে লাইন ধরছেন। কিন্তু এই কিচেন গুলোর রসদও ফুরিয়ে যাওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে তাদের সেবা বন্ধ হয়ে যাবে বলে আমরা ধারণা করছি।”— যোগ করেন হিন্দ খোদারি।

এছাড়া গাজার স্বাস্থ্য সেবা খাতও বেশ নাজুক হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এত মানুষ আহত হয়েছেন যে হাসপাতালগুলো উপচে পড়ছে। এছাড়া সাধারণ মানুষকে যে চিকিৎসা দেওয়া হবে সেটির সুযোগ নেই। কারণ চিকিৎসা সরঞ্জামেরই ঘাটতি দেখা দিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, গত ১২ ঘণ্টায় দখলদাররা খান ইউনিস এলাকা লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। সেখানে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ইসরায়েলি সেনারা খান ইউনিসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়েছে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। যারা সেখান থেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন। ধ্বংসস্তূপে মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অপরদিকে সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ এ উপত্যকায় ৪৬ জন নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

আলোকিত প্রতিদিন/৬ এপ্রিল ২০২৫/মওম

৯ দিন পর খুলেছে সচিবালয়, প্রথম কর্মদিবসে ঈদের আমেজ

পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

৬ এপ্রিল রবিবার সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। এদিকে নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম। গাড়ি পার্কিং এলাকার অনেক জায়গাও ফাঁকা পড়ে আছে। তবে আগামী দুই তিনদিনের মধ্যে পুরোদমে কর্মব্যস্ততা শুরু হবে প্রশাসনের এই প্রাণকেন্দ্রে।

মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টার সহকারী একান্ত সচিব  বলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কেটেছে। ঈদে সাধারণত এতো লম্বা সময় পাওয়া যায় না। তবুও এই ঈদে লম্বা ছুটি পেয়ে সবাই খুশি। তবে আমরা যারা গুরুত্বপূর্ণ ডিউটি করি তাদের ছুটি নেই বললেই চলে। আজকে অফিস খুললেও গতকাল থেকেই পুরোদমে আমার কাজ শুরু হয়ে গেছে।

তিনি বলেন, লম্বা ছুটি থাকায় প্রায় সব কর্মকর্তা কর্মস্থলে পৌঁছে গেছেন। দুই-একদিনের ভেতর আরও কর্মব্যস্ততা বাড়বে।

dhakapostএ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার বলেন, ঈদে গ্রামে গিয়েছিলাম। দারুণ সময় কেটেছে। লম্বা বন্ধের পর সচিবালয়ে আজ প্রথমদিন অফিস করছি। সকাল থেকে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় চলছে। এতদিন পর কর্মস্থলে ফিরে ভালো লাগছে। সচিবালয়ে আউটসোর্সিং খাতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একজন বলেন, ছুটিতে জামালপুর গিয়েছিলাম। ঈদ শেষ করে তাড়াহুড়ো করে ঢাকায় এসেছি। সকালেই অফিসে প্রবেশ করছি। ভালো লাগছে ঈদের পরেও।

গত ৩১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে সরকারি ছুটির তালিকা আগেই নির্ধারণ করা ছিল।

উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। এরপর ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ছিল। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি।

অন্যদিকে, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা এবার টানা ৯ দিন ছুটি ভোগ করেন।

আলোকিত প্রতিদিন/৬ এপ্রিল ২০২৫/মওম

দেবিদ্বারে সৎ বাবা কর্তৃক আট বছরের শিশু ধর্ষণ

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার বারেরা গ্রামের ৮ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।

৫ এপ্রিল শনিবার উপজেলার পৌরসভার বারেরা গ্রামের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে সন্ধ্যায় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঐবাড়িতে হামলা, ভাঙচুর এবং ধর্ষককে অবরুদ্ধ করে মারধরের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বারেরা কাজী বাড়ি রশিদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো মো. জামাল হোসেন (৫০) নামের এক অটোচালক। তিনি দাউদকান্দি উপজেলার গৌরীপুর চশুই পালপাড়ার বাচ্চু মিয়ার পুত্র। তার দ্বিতীয় স্ত্রী জেসমিন আক্তার এর ৮ বছরের ছোট মেয়ে নাদিয়া। জামাল তার সৎ কন্যা নাদিয়াকে নিয়ে ওই বাড়িতে প্রায় ১ মাস ধরে ভাড়ায় থাকেন। কন্যাশিশুটি কুমিল্লা শহরের দারুল হাকিমিয়া আলিম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মো. জামাল হোসেন শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয় কয়েকজন অর্থের বিনিময়ে গোপন করার চেষ্টা করে কিন্তু এলাকার যুবকরা বিষয়টি জানার পর বিকেল ৫টায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও তাকে মারধর করে। এ সময় বাড়ির মালিকের ছেলে সাকিবসহ কয়েকজন বাধা দিতে আসলে হামলার শিকার হয়। এতে অন্তত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে সাকিব হোসেনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযুক্ত জামাল হোসেন জানান, ২০১৯ সালে তার প্রথম স্ত্রীকে নিয়ে দেবিদ্বার বানিয়াপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় এক বছর পূর্বে তাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করেন জেসমিন আক্তারকে। পূর্বের সংসারে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। সৎ কন্যাকে শ্লীলতাহানির বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি নীরব ছিলেন। জামাল হোসেনের দ্বিতীয় স্ত্রী জেসমিন আক্তার জানান, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন, পরে মেয়ের কাছে বিস্তারিত শুনেছেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘সংবাদ পেয়ে বিকেলে অভিযুক্ত জামাল হোসেনের ভাড়া বাড়িতে পুলিশ সদস্য সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার রায়হানুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যায় সেনা সদস্যের একটি দল নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি।

আলোকিত প্রতিদিন/৬ এপ্রিল ২০২৫/মওম

জনগণ দ্রুত সময়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়:আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের জনগণ দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
০৫ এপ্রিল শনিবার দুপুরে  রাজধানীর পল্লবীর কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন,আমরা আশা করি আগামী ডিসেম্বরের ভিতরেই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।সেই নির্বাচনে দেশের নতুন এবং পুরাতন ভোটার সকলেই ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
এসময় আমিনুল হক বলেন, গত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে কেউ ভোট দিতে পারে নাই। ঐ সময়ে যারা ভোটার হয়েছিল, তারাও ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
তিনি বলেন,যারা ভোটার হতে এসেছেন। নতুন ইয়ং ভোটারদের সাথে কথা বলে তাদের মধ্যে ভোট দেয়ার যে আগ্রহ দেখলাম।সর্বোপরি ভোটাররা ভোট দিতে চায়। তাদের যে অধিকার,সেই অধিকার তারা প্রয়োগ করতে চায়।
এসময় তিনি আরও বলেন,নাগরিক হিসেবে আমাদের যে করণীয় আছে,সেই দিক থেকে আমরা সার্বিক ভাবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে সহযোগিতা করছি। পাশাপাশি যারা ভোটার হতে এসেছে তাদেরকেও আমরা সহযোগিতা করছি।
নতুন ভোটারদের প্রতি শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে আমিনুল হক বলেন, ভোটার হওয়া হচ্ছে একজন নাগরিকের অধিকার। নাগরিকের সেই অধিকার অবশ্যই তাকে প্রয়োগ করতে দিতে হবে।
তিনি বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের সময়ে গত ১৫ বছরে যেভাবে তারা ভোটারবিহীন নির্বাচন করে নিজেরা নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় মসনদে বসেছিল। কারন তাদের এদেশের জনগণের ভোটের দরকার ছিল না। জনগণকে তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।
বিএনপির এই নেতা বলেন, আমরা আশা করছি আগামী ডিসেম্বরে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যারা ভোটার হয়েছেন,তারা সকলেই তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবে। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে।
এসময় তার সঙ্গে ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু প্রমুখ।
আলোকিত প্রতিদিন/৫ এপ্রিল ২০২৫/মওম

অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঝালকাঠিতে

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি: 
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে ঝালকাঠিতে চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে।
রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত দেন গাড়িটির দায়িত্বে থাকা সুপারভাইজার।
গাড়িতে থাকা যাত্রীদের সঙ্গে কথা বল্লে, তাঁদের টিকিট সরবরাহ করা হয়েছে তাতে কোথাও কোনো ভাড়া উল্লেখ করা নেই। মঠবাড়িয়া থেকে ঢাকার ভাড়া ৯০০ টাকা হলেও ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি নেওয়া হয়েছে।
পিরোজপুরের ভান্ডারিয়া থেকে আসা যাত্রী রাকিবের সঙ্গে কথা হলে জানান, আজ শনিবার সকালে অফিসে যোগদান করতে হবে। তাই তিনি বাধ্য হয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০০ টাকা বাড়তি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।
এ বিষয় সাকুরা পরিবহনের ঝালকাঠি কাউন্টারের ইনচার্জ মো. কামাল মল্লিক বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া ছাড়া ঝালকাঠি থেকে কখনো কোনো বাড়তি টাকা নেওয়া হয়নি। যে ঘটনা ঘটেছে, তা মঠবাড়িয়া ও ভান্ডারিয়া কাউন্টারে দায়িত্বে থাকা ব্যক্তিদের কারণে হয়েছে।’
এ বিষয়ে সহকারী কমিশনার বলেন ‘অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সড়ক পরিবহন আইনে সাকুরা পরিবহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/৫ এপ্রিল ২০২৫/মওম

নবীনগরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা 

মো: আনোয়ার হোসেন: 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রতি বছরের ন্যায় এ বছর ও লক্ষ্য মাত্রার অধিক জমিতে ভুট্টার চাষ হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ভুট্টা আবাদ হয় ৬৫ হেক্টর জমিতে যা গত বছরের চেয়ে প্রায় ৩০ হেক্টর বেশি । ভুট্টা দুই ভাবে কৃষক ব্যবহার করে এক – ভূট্টার বয়স ৬০-৬৫ দিন বয়সে সাইলেজ হিসেবে গো-খাদ্য হিসেবে, দুই-দানা হিসেবে পোল্ট্রি শিল্পে। নবীনগর উপজেলার ২১ ইউনিয়নে মধ্যে সলিমগঞ্জ, রছুল্লাবাদ,  ইব্রাহিমপুর, শ্রীরামপুর, লাউর-ফতেহপুর, কাইতলা ইউনিয়নে ভুট্টা আবাদ হয়েছে। সব চেয়ে বেশি আবাদ হয়েছে শ্রীরামপুর ইউনিয়নে প্রায় ১০০ বিঘা জমিতে। এ সকল জমি তিতাস নদী বিধৌত পলিযুক্ত মাটি খুব উর্বর, তাই এ সব এলাকায় ভুট্টার ফলন অধিক হয়ে থাকে। সরেজমিনে এ সব ইউনিয়নের মাঠ গুলো ঘুরে ভুট্টা চাষের এই দৃশ্য দেখা গেছে। কম খরচে অধিক মুনাফা অর্জনের ফলে দিন দিন ভুট্টা চাষের জন্য কৃষকরা আগ্রহী হয়ে উঠেছে। উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের কৃষক হানিফ মিয়া বলেন-“ভুট্টা চাষে খরচ কম, লাভ বেশি, তাই আমি এ বছর ৩ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। আশা করি ভুট্টার ভাল ফলন হবে”। রতনপুরের কৃষক কামাল বলেন-আমি এ বছর ১ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। আবহাওয়া ভাল থাকলে ভুট্টার ফলন
বেশি হবে বলে আশা করি। ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের কৃষক মো. সুমন  মিয়া – ১ এ বছর ভুট্টা চাষ করেন ৪ বিঘা, শান্তনা বেগম ১.৫ বিঘা, সুমন-২ দুই বিঘা সহ এ কৃষি ব্লকে মোট ৪৫ বিঘা জমিতে এ বছর ভূট্টা চাষ হয়। প্রতি বিঘা জমিতে ২০-২৫ মণ হারে ফলন হয়ে থাকে। নবীনগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর নবীনগর উপজেলার ৬০০ শত হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চলতি বছরে কৃষক ভুট্টা চাষ ঝুঁকেছে। কম পুঁজি, ঝুঁকিহীন হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এ ছাড়া সরকার কৃষি প্রণোদনা স্বরূপ কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করেছেন। উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন বলেন-“চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টার ফলন ভাল হবে বলে আশা করি। ভূট্টার গড় দাম এই মূহুর্তে ১,৪০০ টাকা মন। উৎপাদন খরচ কম হওয়াতে কৃষক উদ্বুদ্ধ হচ্ছে। এ ছাড়া ভুট্টা অফ সিজনে গো-খাদ্যের যোগান দিচ্ছে। মাঠ পর্যায়ে উপ- সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদেরকে ভূট্টা বালাই ব্যবস্থাপনা এবং উন্নত জাত ব্যবহার সম্পর্কে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।
আলোকিত প্রতিদিন/৫ এপ্রিল ২০২৫/মওম

চীনের পাল্টা শুল্ক আরোপে খুশি নন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের পাল্টা শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংকে সতর্ক করে ৪ এপ্রিল শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, চীন ভুল করছে। তারা আতঙ্কে এমন কাজ করছে, যার পরিণাম ভোগার মতো অবস্থায় তারা নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খভর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের শুল্ক ঘোষণার পাল্টা ব্যবস্থা হিসেবে আরও কিছু পদক্ষেপ নিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন করে ১৬টি মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করছে। ফলে এসব প্রতিষ্ঠানের জন্য চীনের বাজার ও প্রযুক্তিতে প্রবেশাধিকারে বিধিনিষেধ আরও বাড়বে। এ ছাড়া ১১টি মার্কিন প্রতিষ্ঠানকে নতুন করে ‘অবিশ্বস্ত সত্তা’ তালিকায় যুক্ত করেছে। এর আওতায় চীন এসব বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।

চীনের অর্থ মন্ত্রণালয় মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে জানায়, ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ কিছু কাঁচামাল রপ্তানিও নিয়ন্ত্রণ করবে তারা।

বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় অনেক দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি চীনের ওপর নতুন করে ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপের কথা জানান, যা আগে আরোপিত শুল্কসহ ৫৪ শতাংশে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের এই বাড়তি শুল্ক আরোপের কারণে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হয়ে উঠেছে।

বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে। বৈশ্বিক পুঁজিবাজারে শুরু হয়েছে বড় দরপতন। অর্থনীতিতেও দেখা দিয়েছে মন্দার শঙ্কা।

আলোকিত প্রতিদিন/৫ এপ্রিল ২০২৫/মওম

ড.ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক ‘গুরুত্বপূর্ণ’: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক:
ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছে বিএনপি।  ৪ এপ্রিল শুক্রবার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এরকম মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই বৈঠকটি নিশ্চয় অনেক গুরুত্বপূর্ণ। এটার (বৈঠক) প্রয়োজন আাছে এবং প্রয়োজন ছিল। এই বৈঠকের জন্যে আমাদের সরকার স্বতঃপ্রণোদিত হয়ে চেষ্টা করছিলেন… এই সময়ে একটা বৈঠক হওয়ার দরকার ছিল… তারা করেছেন। তবে আমি জানি না বৈঠকের অভ্যন্তরে কী আলোচনা হয়েছে… বিশদ না জানলে আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, সীমান্ত হত্যা, তিস্তা বাঁধ প্রকল্প প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকের পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন জানিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘আমি না জেনে কিছু বলতে পারবো না। যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আপনার মুখ থেকে শুনলাম, নেহাতই গুরুত্বপূর্ণ এগুলো।’

‘শেখ হাসিনার প্রত্যর্পণ এবং এই বিচার সময়ের দাবি, জনগনের দাবি, আমাদেরদাবি। যদি শুধু শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কথাবার্তা হয়ে থাকে… তাহলে আমি একটু যোগ করতে চাইবো, ওনার (শেখ হাসিনা) যেসব সাঙ্গপাঙ্গ আছে সেখানে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরও যেন সঙ্গে ফেরত পাঠানো হয়।’

মির্জা আব্বাস বলেন, ‘ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে পাঠিয়ে দেওয়া যাতে তার বিচারটা হয়। কারণ, একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি। কোনও ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না।’

‘বৈঠকে যে সমস্ত বিষয়ের কথা হয়েছে বলে আপনারা বলছেন যদি এটা হয়ে থাকে… যেমন বলেছেন তিস্তা নিয়ে কথা হয়েছে… আমি মনে করি, তিস্তাবাঁধ নিয়ে কথা বলার প্রয়োজন নাই। তিস্তার পানির আমাদের দিতে হবে এবং তিস্তাবাঁধের প্রয়োজনীয় সংস্কার…বাঁধ আমাদের করতে হবে। তিস্তা এবং ফারাক্কার বিষয়ে নিয়ে বাংলাদেশ কোনও ছাড় দেবে না।’

তিনি আরও বলেন, ‘এখন বাংলাদেশের মানুষ একটা শক্ত অবস্থানে আছে। ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি বিগত সরকারের আমলে হয়েছে এখন সেসব চুক্তি বাতিল করা দরকার। যেসব অসম চুক্তি কার্যকর হয় নাই সেগুলো বাতিল করতে হবে। সীমান্ত হত্যা বন্ধসহ আপনারা যেসব বিষয়ে আলোচনা হয়েছে বললেন, এগুলো যদি হয়ে থাকে আমি মনে করি নিশ্চয়ই ভালো আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে প্রফেসর ইউনুস সাহেব আরও কিছু আলোচনা করবেন, ভালো ফলাফল আমাদেরকে দেবেন।’

শাহজাহানপুরে নিজের বাসার চেম্বারে দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচনসহ নানা বিষয়ে একদল সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচন ও সংস্কার নিয়ে আমরা অনেক কথা বলেছি। এক গ্রুপ আছে দেশে, আরেক গ্রুপ আছে বিদেশে যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন… আবার বলার চেষ্টা করছেন বিএনপি নাকি সংস্কারের কথা শুনলে বিএনপির মেজাজ খারাপ হয়ে যায়। আমার এখানে তীব্র আপত্তি। বিএনপি কখনও সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনেরও পক্ষে দুইটারই প্রয়োজন আছে। কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের অধিকারের বাইরে চলে যাবে।’

তিনি বলেন, ‘আপনারা দেখবেন, যাদের কাছে সংস্কার কমিশনের স্প্রেডশিট গেছে… যারা পড়েছেন তারা দেখবেন, এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশের মানুষের সঙ্গে মানানসই নয়, সেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না। যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না সেগুলো আমরা কেন মানবো?’

‘এই মানা-না মানা নিয়ে আমি গতকাল দেখলাম এক ভদ্রলোক আমি নাম নিচ্ছি না তবে আপনারা (সাংবাদিকরা) বুঝে নিয়েন যিনি দরবেশ সালমান এফ রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন… স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন তিনি লম্বা লম্বা কথা বলেন দেশের বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনক যে, উনি গতকাল আমার সম্পর্কে খুব বাজে কথা বলেছেন…তো বলতে থাকুক। আামি প্রথমে বলেছি যে, আমার বাগানে ক্ষুদ্র ক্ষুদ্র শূকর পড়েছে.. আমি শূকরের পর্যায়ে তাদের ধরে নেবো।’

মির্জা আব্বাস বলেন, ‘এখন তারা কী করতেছে? বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করতেছে। বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার সুযোগ নাই। বিএনপির জন্মই আওয়ামী লীগের বিরুদ্ধে এটা বুঝতে হবে। আপনারা দেখবেন, এই গোষ্ঠীরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থনকারী ব্যবসায়ীমহল, তৎকালীন আমলা, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রধানদের বিরুদ্ধে কিছু বলছে না। আমি ব্যবসায়ীদের নাম বলতে পারি, সেই নাম এ্খন বলতে চাই না। ওরা এখন সকলে মিলে বিএনপির বিরুদ্ধে লেগেছে… উদ্দেশ্য একটাই এ দেশে ফ্যাসিজম ও আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করা।’

এদিন হত্যা মামলায় জড়িত আওয়ামী লীগের নেতারা কীভাবে জামিন পাচ্ছেন তা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা আব্বাস।

আলোকিত প্রতিদিন/৫ এপ্রিল ২০২৫/মওম

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ, চিরচেনা কর্মচাঞ্চল্যে ফিরবে ঢাকা 

আলোকিত প্রতিবেদক:
ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফেরার এই যাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন। সরকারি কর্মজীবীরা এবারের ঈদে সাপ্তাহিক ছুটি এবং নির্বাহী আদেশে পাওয়া অতিরিক্ত ছুটি মিলিয়ে টানা ৯ দিনের অবকাশ উপভোগ করেছেন। ৫ এপ্রিল শনিবার সেই ছুটির আনুষ্ঠানিক ইতি ঘটেছে। আগামীকাল ৬ এপ্রিল রবিবার থেকে রাজধানী আবারও ফিরবে তার চিরচেনা কর্মচাঞ্চল্যে। তার জন্যই কর্মজীবী মানুষদের ঢাকা ফেরা।
আজ সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ বাস টার্মিনালে ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস এসে পৌঁছাচ্ছে একের পর এক। প্রতিটি বাসেই ছিল যাত্রীদের ভিড়, সবার চোখেমুখে ঈদের আনন্দের রেশ। যাত্রীরা বাস থেকে নেমে ব্যাগ-লাগেজ হাতে নিয়ে ছুটছেন সিএনজিচালিত অটোরিকশার খোঁজে। বেসরকারি চাকরিজীবীদের কেউ অফিসের উদ্দেশ্যে, কেউবা বাসায় ফিরছেন আগেভাগে প্রস্তুতি নিতে।

ফেরত আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদযাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। তবে ফিরতি যাত্রায় ভাড়া বেশি নেওয়ারও অভিযোগ করেছেন কেউ কেউ। গাবতলী বাস টার্মিনালে এক যাত্রী বলেন, ‘যাওয়ার সময় তেমন কোনও ভোগান্তি হয়নি, আর ফেরার সময়ে কোনও সমস্যা হয়নি। ছুটি লম্বা হওয়ায় বাড়ির সবাই যে যেদিন পারছে, আসছে। একসঙ্গে না আসাতে ঢাকায় ফেরার চাপও কম ছিল।’ আরেক যাত্রী বলেন, পরিবারের সঙ্গে ঈদের সময় কাটানোটা ছিল খুবই আনন্দের। এখন আবার কাজের টানে ফিরতে হচ্ছে। তবে যাত্রাটা আরামদায়ক ছিল। অন্যদিকে বাস সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটির শেষ দিন হওয়ায় আজ রাজধানীমুখী যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি। তারা জানান, গত দুই দিন ধরেই যাত্রীরা ফিরতে শুরু করলেও আজ ছিল যাত্রীর মূল চাপ। সকাল থেকে আসা প্রতিটি ট্রিপেই, যাত্রী ছিল ফুল।

আগামীকাল থেকেই শুরু হচ্ছে সরকারি অফিস-আদালতসহ সবধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম। ফলে বিকালের পর ঢাকায় ফিরতি মানুষের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন শ্রমিকরা।

আলোকিত প্রতিদিন/৫ এপ্রিল ২০২৫/মওম

দৌলতদিয়া যৌনপল্লী থেকে দেশীয় মদ সহ ১জন আটক

সোহেল রানা চৌধুরী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ আজগর আলী (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
০৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম।
আটককৃত- মোঃ আজগর আলী সিরাজগঞ্জ জেলার শাহজাদ পুর থানার চককৃষ্ণপুর কায়েম খোলা গ্রামের জামাত আলী সরদার এর ছেলে।
থানা পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ মাহাবুল করিম সংগীয় অফিসার ও ফোর্স সহ গতকাল দিবাগত রাত পৌনে এগারোটার দিকে দৌলতদিয়া পতিতা পল্লীর জিয়া সরদার এর বাড়ীর পশ্চিম পার্শ্বের আসন করা কক্ষের মধ্যে থেকে অভিযান পরিচালনা করে আসামি কে ২৭ (সাতাশ) লিটার দেশীয় চোলাই মদ সহ আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/৪ এপ্রিল ২০২৫/মওম