আজ , ।   
Home Blog Page 556

মানিকগঞ্জ জেলা আ.লীগ সভাপতি গোলাম মহীউদ্দিন কারাগারে

মো. মিজানুর রহমান খান কুদরত :

উচ্চ আদালত থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ। এর জন্য আত্মসমর্পণ করতে জেলা আদালতে গিয়েছিলেন তিনি। আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন চান। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৭ এপ্রিল সোমবার মানিকগঞ্জ জেলা আদালতে এ ঘটনা ঘটে। কারাগারে যাওয়া ব্যক্তি হলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আ ফ ম নুরতাজ আলম বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি উচ্চ আদালত থেকে দুই মাসের জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। বিচারক লিয়াকত আলী মোল্লা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, মহিউদ্দিনের নির্দেশে যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা চালায়। তিনি পরিকল্পনা করে জেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ করান। তার পরিকল্পনায় জুলাই-আগষ্টে মানিকগঞ্জ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

আলোকিত প্রতিদিন/৮ এপ্রিল ২০২৫/মওম

ড. ইউনূস নির্মোহভাবে কাজ করে ম্যাজিক দেখাচ্ছেন : মান্না

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ড. ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। তার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান। তবে তাকে দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হবে বলেও সতর্ক করেছেন মান্না।

৮ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জনশক্তি সভার আয়োজনে রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ড. ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন। তিনি তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কীভাবে? ঈদযাত্রা এতো সুন্দর হয় কী করে? রোজার মধ্যেও বিদ্যুতে এতো সুন্দর ব্যবস্থাপনা হয় কীভাবে? এজন্য বলি, ড. ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার।

তিনি বলেন, মানুষ এরইমধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান। আমি যতটুকু বুঝতে পারি ড. ইউনূস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান। কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে ৫ বছর ক্ষমতায় রাখতে চান, কিন্তু কেন? তিনি ভালো কাজ করছেন, তাই যদি মনে করেন তাকে দেশের কল্যাণে রাখতে হবে, তাহলে বিকল্প কিছু চিন্তা করেন। কেন তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করে বিতর্কিত করতে হবে?

রাষ্ট্রীয় মূলনীতি প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, এটা নিয়ে বিতর্ক চলতে থাকুক। আমাদের ভিন্নমতকে ধারণ করতে হবে। ভিন্নমতকে কথা বলার সুযোগ দিতে হবে। রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে আমি একমত নই। সংস্কার কমিশনের শতাধিক প্রস্তাবের সঙ্গেই নাগরিক ঐক্য একমত নয়।

তিনি আরও বলেন, রাষ্ট্রের তো কোনো ধর্মের পক্ষে থাকার কথা নয়। কিন্তু আপনি যদি রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে চান, তাহলে তো কেউ কেউ ধর্মবিরোধিতার প্রশ্ন তুলবে। এই জায়গাটায় বহুত্ববাদ একটা ভালো ভূমিকা রাখতে পারে। তবে অনেকেই আছেন যারা রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্র রাখার পক্ষে। আমি এই পক্ষে নই। আমার দলের পক্ষে সমাজতন্ত্র এখন আমাদের লক্ষ্য নয়। রাশিয়াসহ বিভিন্ন দেশে সমাজতন্ত্রের ধস নামার পর মনে হয় রাষ্ট্রীয় মূলনীতিতে সমাজতন্ত্রের প্রয়োজন নেই।

গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় সভায় আরও অনেকে বক্তব্য রাখেন।

আলোকিত প্রতিদিন/৮ এপ্রিল ২০২৫/মওম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি দিয়ে সতর্ক করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান তার নিরাপত্তা সতর্কতার স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে এবং যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে প্রকাশ্যে হুমকি দিয়েছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন, দেশটির সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
এক বিবৃতিতে, পরিস্থিতির গুরুত্বের ওপর জোর দিয়ে ‘বহিরাগত হুমকির’ সম্ভাব্য পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন খামেনি।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি হুমকির পাশাপাশি ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের মতো নিজের প্রতিবেশী দেশগুলোর প্রতিও সরাসরি সতর্কবার্তা জারি করেছে ইরান।

তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আকাশসীমা বা আঞ্চলিক ক্ষেত্র ব্যবহারসহ ইরানের মাটিতে আক্রমণ শুরু করতে যুক্তরাষ্ট্রকে যেকোনো সহায়তা দেয়া হলে তা একটি ‘শত্রুতাপূর্ণ কাজ’ হিসেবে বিবেচিত হবে এবং সেই দেশগুলোকে ‘আক্রমণের তালিকায়’ রাখবে ইরান।

অঞ্চলটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এমন বার্তা দিলো তেহরান, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যেকোনো সংঘাতে প্রতিবেশী রাষ্ট্রগুলির ভূ-রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা আছে।

আলোকিত প্রতিদিন/৮এপ্রিল ২০২৫/মওম

মানিকগঞ্জে অবৈধ যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান

মো: মহিদ:
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা এড়াতে অবৈধ যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ মানিকগঞ্জ সার্কেল। রবিবার বিকেলে মানিকগঞ্জ মেডিকেল কলেজ সংলগ্ন জয়রা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনা মজুমদার মুক্তি এবং বিআরটিএ এর যৌথ টিম। অভিযানে ১১টি মামলায় মোট ৪,১০০ টাকা জরিমান করা হয়। এবিষয়ে অভিযানিক টিম জানান, সড়ক দূর্ঘটনা এড়াতে শৃঙ্খলা ফেরাতে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। পরবর্তীতেও এধরনের অভিযান নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালনা করা হবে।
আলোকিত প্রতিদিন/৭ এপ্রিল ২০২৫/মওম

পরীমণিকে রুটিরুজির অংশ বানিয়েছে ব্যবসায়ী সাংবাদিকরা :শেখ সাদী

বিনোদন ডেস্ক:

ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমণিকে তাদের রুটিরুজির অংশ বানিয়েছে বলে মন্তব্য করেছেন কণ্ঠশিল্পী শেখ সাদি। সম্প্রতি পরীমণির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন পিংকি আক্তার নামের এক গৃহকর্মী। এ নিয়ে ঢাকার ভাটারা থানায় অভিযোগও করেছেন সেই গৃহকর্মী। পরীমণি এবং গৃহকর্মীর এই ইস্যুতে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। এমন অবস্থায় নায়িকার পাশে দাঁড়িয়েছেন তাঁর কথিত প্রেমিক তরুণ গায়ক শেখ সাদী। পিংকি আক্তারকে তিনি মিথ্যাবাদী আখ্যা দিয়ে  ভিউ ব্যবসায়ী সাংবাদিকদের সমালোচনা করেছেন এই গায়ক।

বেশ কয়েক মাস ধরেই নায়িকা পরীমণির সঙ্গে নাম জড়িয়েছেন শেখ সাদী। প্রায় সময় তাদের একসঙ্গে দেখা মেলে।  দুজনের একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তাঁরা দুজন প্রেমের সম্পর্কে আছেন। পরীমণি এবং শেখ সাদীর প্রসঙ্গটি প্রথম আলোচনায় আসে কয়েক মাস আগে, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এদিন পরীমণি আদালতে আত্মসমর্পণ করতে এলে জামিনদার হন শেখ সাদী। সেই থেকে পরীমণি ও শেখ সাদী দারুণভাবে চর্চায় আসেন।

শেখ সাদী নিজের ফেসবুক পোস্টে কয়েকটি প্রশ্ন রেখে লিখেছেন, ‘একটু ভাবেন তো, অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানাল, আপনি একজন রেপিস্ট! যার কোনো প্রমাণ নেই এবং ঘটনাটা অবাস্তব। এটা দেখার পর নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে। ধরুন, এই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সে পোস্ট সরাতে পারছেন না। মানুষ আপনার বাবা-মাকে ট্যাগ করছে। আপনার আত্মীয়স্বজনকে ট্যাগ করছে। আপনার পাশের বাসায় থাকা লোকটাও তা শেয়ার করে ছি ছি করছে। কিন্তু আপনার কিচ্ছু করার নাই। আপনি কয়জনকে বোঝাবেন? মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দী হয়ে যদি আপনার সম্মানহানি হয়, আপনার করারও কিছু থাকে না। তাহলে কি হবে একবার ভেবেছেন?’

পরীমণির সাম্প্রতিক ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সমালোচনা করে ফেসবুক পোস্টে শেখ সাদী লিখেছেন, ‘আপনাদের জীবনে এমনকি কখনো হয় নাই যে আপনি কোনো কাজ ঠিকমতো করার পরও আপনার প্রতি ক্ষোভ বা জেদের বশবর্তী হয়ে মিথ্যা ছড়ানো হয়েছে? সত্য জানার আগেই মিডিয়ার কিছু ক্ষোভ বা বানোয়াট গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরীকে বুলিং করছেন। একবারও কি মনে হলো না, সে একজন প্রতারক বা বড় মাপের মিথ্যাবাদী? সেটা যাচাই ছাড়াই সস্তা ভিউয়ের জন্য এসব প্রচার করলেন। এখানে তো আমার বা সৌরভের কথা আসার প্রশ্নই আসে না। তাই এটা পরিষ্কার যে উক্ত ঘটনার মূল উদ্দেশ্য পরীকে হেয় করা। আর পরীর সঙ্গে আমি ও আমার পরিবার, মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি, যেটা আমি আর আমার পরিবার ডিজার্ভ করি না। পরী আপনাদের ভালোবাসার জন্যই আজ একজন সুপারস্টার। কিন্তু তার উপহারস্বরূপ যেকোনো বিষয়ে তার ব্যক্তিগত জীবনকে টেনে তাঁকে হেয় করার চেষ্টা করা হয়! কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীর জীবনের খবরকে বানিয়েছে তাদের রুটিরুজি অংশ! তারা ভুলে যায়, নায়িকা চরিত্রের বাইরেও পরী একজন নারী, একজন মা এবং সবার ঊর্ধ্বে সে একজন মানুষ।’

আলোকিত প্রতিদিন/৭ এপ্রিল ২০২৫/মওম

পরিচয়হীন মা হওয়া পাগলির স্থায়ী পূর্ণবাসন চায় ভিক্ষুক আয়েশা বেগম

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর পূর্বপাড়া ৫নং ওয়ার্ড মুন্সী বাড়িতে আশ্রয়ে থাকা বাক প্রতিবন্ধী পাগল মেয়েটি মা হয়েছে ঠিক কিন্তু বাবা হয়নি কেউ। বিলের ধারে পাওয়া সেই বাক প্রতিবন্ধী পাগলি আকলিমার স্থায়ী পুনর্বাসন চায় অসহায় ভিক্ষুক আয়েশা বেগম।
জানা যায়, গত ৫ মাস পূর্বে বুড়িরপাড় বাজারে মনির হোসেন নামে এক ব্যাক্তি মাইকিং করে শীতের কম্বল আসহায়দের দেওয়ার জন্য আহবান করেন। সেই মাইকিং শুনে উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের পূর্ব পাড়া মুন্সি বাড়ির হাকিম মুন্সির মেয়ে আয়েশা বেগম কম্বল আনতে যান। ঐ বাজারে কম্বল আনতে গিয়ে আয়শা বেগম (৪৫) বুড়ির পাড় বিলের ধারে মানষিক বাক প্রতিবন্দী মেয়েটিকে ফেনা পাতা ও মাটি খেতে দেখতে পান। সেখান থেকে আয়শা বেগম বাক প্রতিবন্দী মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন। তার পড়নে থাকা কাদামাটি যুক্ত কাপড় গুলো পরিষ্কার করে তাকে ভাত খেতে দেন। পাগল মেয়েটির পেটে বাচ্চা আছে সন্দেহে তাকে নিয়ে হসপিটালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করালে বুঝতে পারেন মেয়েটির পেটে বাচ্চা আছে। তখন মেয়েটিকে বাড়িতে এনে তাকে সেবাযত্ন করেন। পাগল বাক প্রতিবন্ধী মেয়েটি তার আশ্রয়দাতা কে মারধর করত, তার পরও কষ্ট করে মেয়েটির গর্ভপাত পর্যন্ত আশ্রয়ে রাখেন। অসহায় আয়েশা বেগমের ঘরে ৫ মাস আশ্রয়ে  থাকার পর বেওয়ারিশ পরিচয়হীন পাগলিটি ১২ই মার্চ দিবাগত মধ্যরাতে এক কন্যা সন্তানের জন্ম দেন।
ভিক্ষুক আয়েশা বেগম জানান, আমার স্বামী আমার সন্তানকে ফেলে চলে যাওয়ার পর আমি আমার বাবার বাড়িতে চলে আসি। আমরা ৪ বোন ১ ভাই, আমরা অভাবের মধ্য দিয়ে বড় হয়েছি। স্বামী ছেড়ে যাওয়ার পর আমার বাবার বাড়িতে আমি আশ্রয় নিয়ে ছেলেকে নিয়ে থাকি। এরপর থেকে আমার সংগ্রামী জীবন শুরু। মানুষের বাড়িতে কাজ করে, ভিক্ষা করে ছেলের এবং পরিবারের সবার খাবার ব্যবস্থা করি। কয়েক মাস পূর্বে আমি কম্বল আনতে যাওয়ার পথে আমি পাগল “আকলিমাকে” বিলের মধ্যে দেখতে পাই। সে ফেনা পাতা ও মাটি খাচ্ছিল। সেটা দেখে আমি আমার বাড়িতে নিয়ে আসি। এই পাগল মেয়েটির এখন বাচ্চা সহ যাবতীয় সবকিছু আমিই করি। সে প্রসাব পায়খানা করল বলতে পারেনা সেগুলো আমি পরিষ্কার করি। সে মুখে কিছু বলতে পারেনা, মানষিক প্রতিবন্দী, মাঝে মাঝে কাগজ কলম হাতে দিলে নিজের নাম ‘আকলিমা’ লিখতে পারে আর কিছুই পারেনা। এখন তাকে ও নবজাতককে নিয়ে আমি বিপাকে আছি। আমি চাই সরকার তাদের দায়িত্ব গ্রহণ করুক।
স্থানীয় জামাল হোসেন বলেন, আয়েশা বেগম একজন ভিক্ষুক । ভিক্ষা করে সবার খাবার জোগাড় করে। সে খুব কষ্টে জীবনযাপন করে সেটা আমরা সবসময় দেখে আসছি তাকে সাহায্য সহযোগিতা করি। কিন্তু সে এমন একটি কাজ করেছে আমাদের সমাজের অনেক বিত্তবান থাকা সত্ত্বেও এটিকে কেউ আশ্রয় দিতে রাজি হয়নি। আয়েশা বেগমের মানবিকতা একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এই মানবিকতা আমাদেরকে অনেক কিছু শেখায়। আয়েশা বেগম এবং পাগল মেয়েটির সন্তানসহ সরকারিভাবে একটি স্থায়ী পূর্ণবাসন করে দিলে ভালো হয়। তার পাশাপাশি যদি পাগল মেয়েটির পরিবারের সন্ধান খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করা জন্য প্রশাসনের সহযোগিতা চাই।
ঘোষঘর গ্রামের পূর্ব পাড়া মুন্সি বাড়ির হাকিম মুন্সির মেয়ে আয়েশা বেগম। আয়েশা বেগমের ৪ বোন এক ভাই। পরিবারের সবার বড় তিনি। আজ থেকে ২৬ বছর আগে বিয়ে হয় সিলেট। স্বামী বাবুল মিয়া যৌতুকের টাকা না পেয়ে একমাত্র ছেলেকে ৪০ দিনের সময়  রেখে চলে যায়। আয়েশা বেগমের সাথে আর কোনো যোগাযোগ রাখে নাই। পরবর্তীতে অসহায় আয়শা বেগম বাবার বাড়িতে এক মাত্র পুত্র সন্তান নিয়ে  আশ্রয় নেন। তার এক মাত্র ভাই নূরনবী (৩২)ও প্রতিবন্দী। নিজ পুত্র এবং প্রতিবন্ধী ভাইয়ের ভরন পোষনও তার ভিক্ষাবৃত্তিতে চলে।
আলোকিত প্রতিদিন/৭ এপ্রিল ২০২৫/মওম

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের বিক্ষোভ

৭ এপ্রিল সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে পৃথকভাবে এসব বিক্ষোভ সমাবেশ করে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র‍্যাজুয়েট কলেজ, ইসলামি যুব মজলিস, গণশক্তি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফতে যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ।

শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র‍্যাজুয়েট কলেজ আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্র-শিক্ষকরা বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠানোর দাবি জানান। যদি সেটা সম্ভব না হয়, তাহলে সামরিক প্রশিক্ষক পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

dhakapost

এ সময় তারা ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের বিবৃতি দিয়ে নিন্দা জানানোর এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশে ইসরায়েলের যে-সব প্রতিষ্ঠান রয়েছে অনতিবিলম্বে সেগুলো বন্ধ করে দেওয়ার দাবি জানান।

সমাবেশ উপস্থিত শিক্ষকরা বলেন, ইসরায়েলি রাষ্ট্র প্রতিনিয়ত ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। আমরা সবাই যেন প্রতিবাদী হই। আমাদের সমগ্র মুসলিম উম্মা যেন জাগ্রত হই। সবাই ফিলিস্তিনের পাশে দাঁড়াই।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার কর্তৃক আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা বলেন, আমরা চাই জাতিসংঘ আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে। নেতানিয়াহুকে ফাঁসি দিতে হবে। আমরা চাই সবাই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আমরা যখন এখানে উপস্থিত হয়েছি তখন ফিলিস্তিনে হামলা হচ্ছে। আমরা কীভাবে প্রতিবাদ না করে থাকতে পারি। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা মুসলিমরা আমাদের দায়িত্বের কাছে হেরে গিয়েছি। আমাদের সবাইকে পথে নামতে হবে। ইসরায়েলের সব পণ্য আমাদের বয়কট করতে হবে।

এছাড়াও বাংলাদেশ খেলাফতে যুব মজলিস, ইসলামি যুব মজলিসের নেতারা সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিনের গাজায় গণহত্যার চালানোর তীব্র নিন্দা জানান।

dhakapostগণশক্তি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, মানবতার এই বিপর্যয় থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে হবে। কারণ, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমাদের মানবিক মূল্যবোধ প্রকাশ পাবে না। আমি বলতে চাই, এই প্রতিবাদ আমাদের সবার মধ্যে জাগ্রত হোক, সঞ্চারিত হোক। আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে এর প্রতিবাদ করি। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে মানবতার এই দুঃসময় কাটানো সম্ভব হবে না।

ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করবো। আমরা ইসরায়েলকে একঘরে করে রাখবো। আমরা ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করবো না। আমরা ইসরায়েলের এই চরম অবমাননার নিন্দা জানাচ্ছি। আমরা ইসরাইলের সমস্ত কর্মকাণ্ডের নিন্দা করছি। ওআইসিকে এই গণহত্যার বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ওআইসি কি করছে আসলে। তারা যদি ফিলিস্তিনের পেছনে দাঁড়িয়ে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করলে এতগুলো মানুষকে মৃত্যুবরণ করতে হতো না। কাজেই ওআইসিকে তাদের কার্যক্রম সুদৃঢ় করার আহ্বান জানাচ্ছি।

মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে এর প্রতিবাদ করার আহ্বান করছি। সারা বিশ্বের নির্যাতিত মুসলিমরা একত্রিত হোক। সারাবিশ্বের নির্যাতিত মানুষ একত্রিত হোক৷ মানবতার জয় হোক। আমি ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য সবাইকে নিয়ে রাজপথে সংগ্রাম করে যাবো।

আলোকিত প্রতিদিন/৭ এপ্রিল ২০২৫/মওম

নবীনগরে শহীদ সুজয় স্মৃতি স্তম্ভ উদ্বোধন ও শিক্ষা বৃত্তি প্রদান

মোঃ আনোয়ার হোসেন:
গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় নিহত পরিবারের একমাত্র ছেলের স্মৃতিকে পুরো জাতির সামনে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে নির্মাণ করা হয় শহীদ স্মৃতি স্তম্ভ। উপজেলার বিটঘর সিএনজি স্টেশনে এই স্তব্ধটি নির্মাণে ও সেই পরিবারটির পাশে আর্থিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজু।
আজ ( ৫/৪/২৫) আনুষ্ঠানিক ভাবে শহিদ সুজয় স্মৃতি স্তম্ভ উদ্বোধন ও স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান আলোচনা সভায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে এমন মহৎ কাজে সহযোগিতা করেতে পেড়ে  নিজেকে ধন্য মনে করেন তিনি। বিটঘর (উ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ স্মৃতি বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে শহীদ সুজয়ের অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সানোয়ারা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু, ব্যারিস্টার আশরাফ রহমান, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি,গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী এডভোকেট মেহেদী হাসান, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ আরো অনেকেই। বক্তারা জুলাই আগস্টের স্পিড হৃদয়ে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ সুজয় স্মৃতি স্তম্ভ আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উন্মুক্ত করা হয়।
আলোকিত প্রতিদিন/৬ এপ্রিল ২০২৫/মওম

একই রশিতে ঝুলছিল মা ও ছেলের মরদেহ

সাজ্জাত বিশ্বাস,ঝালকাঠি: 
ঝালকাঠির নলছিটিতে রবিবার সকালে মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে একটি বাগানের রেন্ট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলেকে পাওয়া যায়।মা রুবি বেগম (৫০) ও তার ছেলে আসাদ হোসেন (৩৫) রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী ও ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের পেছনের একটি রেন্ট্রি গাছে মা ও ছেলের মরদেহ একই রশিতে ঝুলতে দেখে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।’ এসআই বেলায়েত হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আলোকিত প্রতিদিন/৬ এপ্রিল ২০২৫/মওম

নেত্রকোনার দুর্গাপুরে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনার দুর্গাপুরে সাড়ে ২৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ (সিপিএসসি)। এছাড়াও মাদক রাখার একটি ড্রাম, ২টি এন্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৩০ হাজার টাকা। আটককৃতরা হলেন- মাদারীপুরের সদর উপজেলার পূর্ব শিলারচর গ্রামের মৃত সেকান্দার মাতুব্বরের ছেলে মো. পলাশ মাতুব্বার (৪২), চর লক্ষিপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আবুল কাশেম বারি (৬৯) ও একই জেলার রাজৈর থানাধীন মোচরকান্দি গ্রামের মো. সালাম শেখের ছেলে রমজান শেখ (৩০)। ৬ এপ্রিল রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান মিডিয়া অফিসার। র‍্যাব জানায়, গত শনিবার রাত ৯টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা গ্রামের দুর্গাপুর-ময়মনসিংগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সামনে চেক পোষ্ট স্থাপন করে। এসময় একটি মেরুন রংয়ের প্রাইভেট থেকে চার কেজি গাঁজাসহ মো. পলাশ মাতুব্বার, আবুল কাশেম বারি ও রমজান শেখ নামে ৩ জনকে আটক করা হয়।র‍্যাব আরো জানায়, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুরুঙ্গ গ্রামের মাদক কারবারি এরশাদুল হকের (৪৫) বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে আরও সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এরশাদুল হক পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/৬ এপ্রিল ২০২৫/মওম