আজ , ।   
Home Blog Page 555

বাংলাদেশের জন্য দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করেছে।

এর আগে, ভারতের রপ্তানিকারকরা—বিশেষ করে পোশাক খাতের—প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত ২০২০ সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল।

৮ এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০২০ সালের ২৯ জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতোমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে।’’

ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করল, যার কয়েক দিন আগে ভারত, বাংলাদেশসহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আগের বিজ্ঞপ্তিতে ভারতীয় বন্দর ও বিমানবন্দরগুলোতে যাওয়ার পথে দেশটির স্থল শুল্ক স্টেশন (এলসিএসএস) ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি কার্গো ট্রান্সশিপমেন্টের অনুমতি দেওয়া হতো। ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সরকারের এই সিদ্ধান্ত পোশাক, পাদুকা, রত্ন এবং গহনার মতো কয়েকটি ভারতীয় রপ্তানি খাতের জন্য সহায়ক হবে।

বিশ্ব বাণিজ্যে পোশাক খাতে ভারতের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। ভারতীয় রপ্তানিকারকদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের (এফআইইও) মহাপরিচালক অজয় ​​সাহাই বলেছেন, ‘‘এই সিদ্ধান্তের ফলে এখন আমাদের কার্গো পরিব্হনে অতিরিক্ত সক্ষমতা থাকবে। অতীতে রপ্তানিকারকরা বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে বন্দর এবং বিমানবন্দরে স্থান কম পাওয়ার বিষয়ে অভিযোগ করতেন।’’

এর আগে, ভারতের পোশাক রপ্তানিকারকদের সংগঠন এইপিসি বাংলাদেশকে দেওয়া সুবিধার আদেশ স্থগিত করার আহ্বান জানিয়েছিল। ওই সুবিধার ফলে দিল্লি এয়ার কার্গো ভবনের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি কার্গো তৃতীয় দেশে ট্রান্স-শিপমেন্টের অনুমতি পেতো।

এপিসির চেয়ারম্যান সুধীর সেখরি বলেছেন, প্রত্যেক দিন গড়ে প্রায় ২০ থেকে ৩০টি পণ্যবাহী ট্রাক দিল্লিতে আসে। যা কার্গোর চলাচল ধীর করে দেয় এবং এয়ারলাইন্সগুলো এই ধীরগতির কারণে অযৌক্তিক সুবিধা নিচ্ছে।

ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) প্রতিষ্ঠাতা অজয় ​​শ্রীবাস্তব বলেন, এই সুবিধা প্রত্যাহার করায় বাংলাদেশের রপ্তানি ও আমদানি কার্যক্রম ব্যাহত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তিনি বলেন, পূর্ববর্তী প্রক্রিয়ায় ট্রানজিটের সময় এবং ব্যয় হ্রাস করার লক্ষ্যে ভারতের ভেতর দিয়ে একটি বাধাহীন রুটের প্রস্তাব দেওয়া হয়েছিল। এখন এই সুবিধা বাতিল হওয়ায় বাংলাদেশি রপ্তানিকারকরা লজিস্টিক বিলম্ব, উচ্চ ব্যয় এবং অনিশ্চয়তার মুখোমুখি হতে পারেন। এছাড়া নেপাল এবং ভুটান—উভয় দেশই স্থলবেষ্টিত। বাংলাদেশের সুবিধা বাতিল করায় এই দুটি দেশ উদ্বেগ প্রকাশ করতে পারে। বিশেষ করে এই পদক্ষেপের ফলে বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্য বাধাগ্রস্ত হবে।

অজয় শ্রীবাস্তব বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি অনুযায়ী, স্থলবেষ্টিত দেশগুলোর এবং সেসব দেশ থেকে অন্য দেশে পণ্যের অবাধ পরিবহনের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সংস্থাটির সকল সদস্যের। এর অর্থ এই জাতীয় ট্রানজিট অবশ্যই বাধাহীন হতে হবে এবং এসব পণ্য অপ্রয়োজনীয় বিলম্ব ও ট্রানজিট শুল্ক মুক্তও থাকবে।

ভারত এবং বাংলাদেশ উভয়ই জেনেভা-ভিত্তিক সংস্থাটির সদস্য।

সূত্র: পিটিআই

আলোকিত প্রতিদিন/৯ এপ্রিল ২০২৫/মওম

নবীনগরে চিনাবাদাম চাষে স্বপ্ন বুনছে কৃষক

মোঃ আনোয়ার হোসেন: 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহয়তায় কয়েক বছর ধরেই উন্নত মানের চিনাবাদাম চাষ হচ্ছে। চাহিদা থাকায় কৃষক পর্যায়ে প্রতি কেজি চিনাবাদাম বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়, এর চাষ লাভজনক হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছে চাষে। বিশেষ করে নবীনগর পশ্চিম ইউনিয়নে কৃষকরা চিনাবাদাম চাষ করে ইদানিং বেশি লাভের স্বপ্ন দেখছেন। উপজেলার নবীপুর ব্লকের দড়ি লাপাং গ্রামের কৃষক ফজলুল হক জানান-কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তার উৎসাহে বাদাম চাষে আগ্রহী হয়েছি। কৃষি অফিসের প্রণোদনার আওতায় বিনা চিনাবাদাম-৪ জাতের বীজ দেওয়া হয়। জমির ফলন দেখে অনেক কৃষক আগামীতে বীজ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বীরগাঁও ইউনিয়নের নজরদৌলত ব্লকের কৃষক ধন মিয়া, পৌরসভা ব্লকের সুহাতা গ্রামের রোকিয়া বেগম বিনা চিনাবাদাম- ৪ আবাদ করে লাভবান হয়েছেন। উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন-বছরের যে কোন সময় (ফেব্রুয়ারি) এবং খরিপ মৌসুমে (জুলাই -সেপ্টেম্বর) বীজ বপন করলে ফলন ভাল পাওয়া যায়। ফলন ভাল পেতে বিঘা প্রতি অন্যান্য সারের পাশাপাশি ৩০-৩৫ কেজি জিপসাম সারের প্রয়োগ করতে হবে। অতীতে নবীনগর উপজেলায় স্থানীয় বাদামের আবাদ করা হত বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মুহুর্তে বারি চিনাবাদাম-৬ এবং বিনা চিনাবাদাম-৪ আবাদ নিয়ে কৃষকদের মাঝে কাজ করছেন, এ বছর সন্তোষজনক ফলন এসেছে। বিঘা প্রতি ফলন ৮-১০মন। চিনাবাদামে মনো-আনস্যেচুরেটেড এবং পলি-আনস্যেচুরেটেড এ দুই ধরনের ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থ রয়েছে, যা কোলেস্টেরল কমায়। খাদ্য হিসেবে প্রতিদিন অন্তত ১০ গ্রাম চিনাবাদাম গ্রহণ করতে হবে। চিনাবাদামের ফুল মাটির উপর ফুটলে ও  গর্ভাশয়ের নীচের যে বৃন্তটি গুটি গঠন করে, সেটি মাটির নিচে চলে যায় এবং সেখানে পুষ্ট হয়ে  বাদামে পরিণত হয়। এ কারণে হাল্কা, ঝুরঝুরে দোঁয়াশ মাটিতে বাদাম চাষ করা উচিত। খাদ্য হিসেবে চিনাবাদাম আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে- কলেস্টেরলের মাত্রা কমায়, রক্তের চাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে , ওজন কমায়, স্মৃতি শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে।
আলোকিত প্রতিদিন/৯ এপ্রিল ২০২৫/মওম

রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, লাঠিচার্জ ও গ্রেফতার ৮ 

রিপন পাল:
ঈদের আগে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের রবিনটেক্স গার্মেন্টসের ৫০জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করার প্রতিবাদে গতকাল ৯ এপ্রিল বুধবার বিক্ষোভ মিছিল করে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় শ্রমিকরা অবরোধ করে টায়ার জ্বালিয়ে আগুন দেয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, লাঠিচার্জ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ২০জন আহত হয়। আহতরা হচ্ছে সেনাবাহিনীর ল্যাফট্যানেন্ট মুবীন, সৈনিক বাঁধন, সোহরাব, মেহেদী, শ্রমিক শাফিয়া আক্তার, রুনা বেগম, মলিনা সরকার, মাজেদা বেগম, রুপু আক্তার। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ৮জন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, ঈদের আগে বিনা নোটিশে রোবিনটেক্স গার্মেন্টেসের ৫০জন শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করা হয়। গত ৭এপ্রিল সোমবার সকাল থেকে রবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার ভিতরে অবস্থান করে। গতকাল ৯এপ্রিশ বুধবার সকালে আগের মতোই শ্রমিকরা তাদের দাবি নিয়ে কারখানার ভিতরে অবস্থান করে এবং ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার পরিকল্পনা করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কাজে যোগ দেওয়ার অনুরোধ করে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের বাকবিতন্ডা হয়। এসময় শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর পানির বোতল নিক্ষেপ করে। এ ঘটনায়  শ্রমিকদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপর লাঠিচার্জ করে সরিয়ে দেয়।
দুপুর ১টার দিকে শ্রমিকরা কারখানার বাহিরে এসে পাশর্বর্তী ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার প্রথমে অনুরোধ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন। জবাবে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে রবিনটেক্স গার্মেন্টসের কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তাদের দাবি আদায়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসার আশ^াস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পরিস্থিতি এখন শান্ত।
আলোকিত প্রতিদিন/৯ এপ্রিল ২০২৫/মওম

নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

প্রতিনিধি,নাগরপুর (টাঙ্গাইল):
পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি শুধু একটি উৎসবই নয়, বরং বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে গণ্য হয়। বাংলা ১৪৩২ সনকে বরণ করে নিতে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর  উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান-এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মো.আঃ মমিন, উপজেলা নির্বাচন অফিসার মো. আল নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ,নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হবি), ইসলামি আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো.বাবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা।
আলোকিত প্রতিদিন/৯ এপ্রিল ২০২৫/মওম

স্বাধীনতা যুদ্ধের কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা আবেগাপ্লুত হয়ে পড়লেন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

৯ এপ্রিল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে।

বক্তব্যের একপর্যায়ে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তিনি কিছু সময়ের জন্য চুপ হয়ে থাকেন।

dhakapost

দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি। কার্বন নিঃসরণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা গড়তে পারি। বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ব্যবসা করা শুধু এ দেশেই বিনিয়োগ নয়, বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া।

প্রধান উপদেষ্টা বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমেই সম্ভব দারিদ্র্য বিমোচন।  বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন গত ৭ এপ্রিল শুরু হলেও আজ প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

আলোকিত প্রতিদিন/৯ এপ্রিল ২০২৫/মওম

পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতরে জনসাধারণের প্রবেশে নিষেধ: ডিএমপি

আলোকিত প্রতিবেদক:

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১০ এপ্রিল বৃহস্পতিবার। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

৯ এপ্রিল বুধবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু আমি নিম্নস্বাক্ষরকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।

এ আদেশ আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।

আলোকিত প্রতিদিন/৯ এপ্রিল ২০২৫/মওম

বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ,৩ একর বনভূমি উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।এসময় ৩ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়।  ৮ এপ্রিল মঙ্গলবার উখিয়ার রেঞ্জ কর্মকর্তা শাহীনুর ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর বিটের লম্বাশিয়া এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৫ টি স্থায়ী স্থাপনা  ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা বসতঘর উচ্ছেদ করা হয়েছে। বন ও বনজ সম্পদ রক্ষায় প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে । সরকারি বনাঞ্চলের সৃজিত বাগান জবরদখলকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। অভিযানে সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান,ওয়ালাপালং  বিট অফিসার আরাফাত মাহমুদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আলোকিত প্রতিদিন/৮ এপ্রিল ২০২৫/মওম

দেশের দুই থানার নাম পরিবর্তন করা হলো

আলোকিত ডেস্ক:

বাংলাদেশ পুলিশের দুইটি থানার নাম পরিবর্তন করা হয়েছে। এ দুই থানা যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত।

৮ এপ্রিল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

টাঙ্গাইল জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’। এছাড়া সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।

গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে সরকার। বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।

আলোকিত প্রতিদিন/৮ এপ্রিল ২০২৫/মওম

ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত আহত চার 

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন যাত্রী।
৮ এপ্রিল মঙ্গলবার সকালে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন,জেলার নবীনগর উপজেলার নজর দৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে চালকসহ মোট ৬ জন যাত্রী জেলার সদর উপজেলার চিনাইর টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন।অটোরিকশাটি রামরাইল এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় চালকসহ ছয়জন আহত হন।
পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিসৎক দুজনকে মৃত ঘোষণা করেন। চাপা দেওয়া লরিটি এখনও আটক করা যায়নি। দুর্ঘটনার পুরো বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে বলেও তিনি জানান।
আলোকিত প্রতিদিন/৮ এপ্রিল ২০২৫/মওম

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের মধ্যে যারা লুটপাট করেছে তারা মানবতার কলঙ্ক:দুদু 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গতকাল সারাবিশ্ব ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করেছে। বাংলাদেশও ঘৃণা প্রকাশ করেছে। আমাদের দেশের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতকারী, কিছু ব্যবসা প্রতিষ্ঠানের তথাকথিত অভিযোগের নামে আক্রমণ এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার। এটা সমর্থনযোগ্য নয়। যারা এটা করেছে তারা মানবতার কলঙ্ক।

৮ এপ্রিল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাঙালি জাতি, মুসলিম জাতি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি, তারা কার্যকর ভূমিকা না নিয়ে নিরবতা পালন করছে। আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। এই মানবতার রক্ষা যদি আমরা না করতে পারি, তাহলে ইসলামকে রক্ষা করা, হযরত মোহাম্মদ (স.) এর প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা সেটাও প্রশ্নের মধ্যে পড়ে যাবে।

দুদু বলেন, জাতিসংঘের মানবতা সনদের স্বাক্ষরকারী হিসেবে রয়েছে বাংলাদেশ। যেকোনো মানবতাবিরোধী দেশ, জাতি, গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান থাকবে। আমরা সশস্ত্র সংগ্রাম এবং লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভূমি পেয়েছি। ৭১ সালে আমাদের বিরুদ্ধে গণহত্যা করেছিল পাকিস্তান। আমাদের বিরুদ্ধে তারা নির্মম নির্যাতন করেছিল। গণহত্যা কি সেটা বাঙালি জাতি জানে। গণহত্যা কত নির্মম, ভয়ঙ্কর সেটা জাতি এবং দেশ হিসেবে আমরা জানি।

‘এমনকি ২৪ এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, তৎকালীন গায়ের জোরে প্রধানমন্ত্রী দাবিদার শেখ হাসিনা কীভাবে মানবতাবিরোধী ভূমিকা নিয়েছিলেন। একটা পর্যায়ে ছাত্র-জনতার রক্ত যখন রাজপথে রঞ্জিত হয়েছে, তখন তিনি পালাতে বাধ্য হয়েছে। সে কারণে যেকোনো দেশের গণহত্যা বিরোধী ভূমিকায় বাঙালি জাতি, বাংলাদেশিরা তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করে,’ বলেন দুদু।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যখন ইহুদিদের নিশ্চিহ্ন করার উদ্যোগ গ্রহণ করেছিল, তখন বিশ্বের মানুষ কিন্তু সেই ইহুদি হত্যাকাণ্ডের বিরোধিতা করেছিল। তখন মানবতার প্রশ্নে বিরোধিতা করা হয়েছে। এমনকি মুসলমানরাও তখন হিটলারের সেই হত্যাকাণ্ডের বিরোধিতা করেছিল। সেই ইহুদিরা অন্য কোনো জাতির বিরুদ্ধে এমন নৃশংস হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, যে জায়গা এখন ইসরায়েল রাষ্ট্র হিসেবে পরিচিত, সেটিও ফিলিস্তিনিদের ভূমি ছিল। ফিলিস্তিনে ছোট ছোট শিশু, নারী এবং সাধারণ মানুষের যে ভয়ঙ্কর পরিণতি, সেটা কোনোভাবেই কেউ মানতে পারে না।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপএনর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন-সহ প্রমুখ।

আলোকিত প্রতিদিন/৮ এপ্রিল ২০২৫/মওম