আজ , ।   
Home Blog Page 550

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

খোরশেদ আলম আশুলিয়া  : ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে এরশাদ হোসেন (৩৮) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, সোমবার (১৪ এপ্রিল) রাতে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এরশাদ হোসেন ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পানধোয়া এলাকার কালু মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, জুলাই-আগষ্টের আন্দোলনে সাভার ও আশুলিয়ায় ছাত্র জনতার ওপর হামলা ও নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের দোসররা।

 

এ ঘটনায় প্রায় শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তাদের পরিবারের সদস্যরা হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় জড়িত থাকার অভিযোগে রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এরশাদকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। আশুলিয়া থানার এসআই মো. মাহমুদুল হাসান জানান, দুপুরে তাকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

বৈষম্যবিরোধী নেতার কাছে ‘জিলাপি’ খেতে চাওয়া সেই ওসি প্রত্যাহার

আলোকিত প্রতিবেদক : কিশোরগঞ্জে টেন্ডারে কাজ পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খাওয়ার আবদার জানানো ইটনা থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ওসি মো. মনোয়ার হোসেনকে ইটনা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে বদলি করা হয়। কিশোরগঞ্জ পুলিশ লাইনের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জাফর ইকবালকে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে আজ।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী মঙ্গলবার এ আদেশ জারি করেন। ওই আদেশে দুই পুলিশ পরিদর্শককে জনস্বার্থে বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা পর্যায়ের সংগঠক ঠিকাদার আফজাল হুসাইন শান্ত ও ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনের মধ্যকার ওই অডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘সেফটি সিকিউরিটি দিলাম তো সারা জীবন। তোমরা যে ১৮ লাখ টাকার কাজ করে ১০ লাখ টাকা লাভ করলা, ১০ টাকার জিলাপি কিনে তো পাবলিকেরে খাওয়ালে না। খাইয়া একটু দোয়া কইরা দেই বৈষম্যবিরোধী ছাত্রদের। তোমার জায়গায় আমি হইলে সুদের উপরে টাকা আইনা আগে জিলাপি খাওয়াইতাম আমি। দোয়াডা হইল সবার আগে। পরে তো বিল পামু, তাই না?’

একপর্যায়ে ওসি বলেন, ‘ঠিক আছে তাহলে, জিলাপির অপেক্ষায় রইলাম না কি? না না, জিলাপি হইলেই হইব। এক প্যাঁচ, আধা প্যাঁচ জিলাপি দিলে হইব। বিভিন্ন পারপাসে হইলে পাবলিক খাইল আর কী, বোঝ না?’

ফাঁস হওয়া অডিওর বিষয়ে ঠিকাদার শান্ত সাংবাদিকদের বলেন, ‘আমি ইটনা উপজেলার বলদা হাওড়ে পানি উন্নয়ন বোর্ডের ১৪৮০ মিটার ফসলরক্ষা বাঁধের কাজ পাই। কাজ শেষ হওয়ার পরে থানায় গেলে তিনি (ওসি) জিলাপি খেতে টাকা চাইতেন। তখন রেকর্ড করে রাখতে পারিনি। পরে ওসির সঙ্গে ফোনে আমার কথা হলে আমার কাছে ফসলরক্ষা বাঁধ করে যে লাভ হয়েছে, সেখান থেকে জিলাপি খেতে চান।’

এ বিষয়ে জানতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বেশ কয়েকবার তার সরকারি মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আলোকিত প্রতিদিন/এপি

কিডনির ক্ষতি করে যে সকল পানীয়

লাইফস্টাইল ডেস্ক:

কিডনি শরীরের নীরব কর্মী। এই অঙ্গ বর্জ্য পদার্থ ফিল্টার করে, তরলের ভারসাম্য বজায় রাখে এবং প্রয়োজনীয় খনিজ পদার্থ নিয়ন্ত্রণে রাখে। কিন্তু নিজের অজান্তেই আমরা কিডনির ক্ষতি করে ফেলি। কেবল জাঙ্ক ফুডের কারণে নয়, বরং প্রতিদিন পান করা বিভিন্ন পানীয়ও এক্ষেত্রে দায়ী হতে পারে। কিছু পানীয় ক্ষতিকারক, যা সতেজ মনে হয় কিন্তু শেষ পর্যন্ত উপকারের চেয়ে বেশি ক্ষতি করে বেশি। চলুন জেনে নেওয়া যাক:

রঙিন কোল্ড ড্রিংকস-গাঢ় রঙের কোল্ড ড্রিংকস ফিজি এবং মজাদার হতে পারে, তবে এ ধরনের পানীয় কিডনির জন্য একটি বিপজ্জনক মিশ্রণ। এই পানীয়গুলোতে ফসফরিক অ্যাসিড থাকে, যা এতে তীব্র ঝাঁঝ তৈরি করে। গবেষণায় দেখা গেছে যে, উচ্চ ফসফরিক অ্যাসিড গ্রহণ কিডনির ক্ষতি এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। পাশাপাশি, এতে প্রচুর চিনি এবং কৃত্রিম মিষ্টি থাকে, যা ধীরে ধীরে কিডনির কার্যকারিতা খারাপ করে।

দোকানের কেনা ফলের রস- সব ফলের রস ভালোভাবে তৈরি করা হয় না। দোকান থেকে কেনা অনেক জাতের ফলের মধ্যে খুব কম পরিমাণে আসল ফল থাকে এবং পরিবর্তে অতিরিক্ত চিনি, প্রিজারভেটিভ এবং কৃত্রিম স্বাদ থাকে। এই অতিরিক্ত চিনি ইনসুলিনের বৃদ্ধি, উচ্চ রক্তচাপ এবং কিডনি সমস্যার কারণ হতে পারে।

অ্যালকোহল- নিয়মিত অ্যালকোহল গ্রহণ কিডনিকে আরও বেশি কাজ করতে বাধ্য করে। অ্যালকোহল শরীরকে ডিহাইড্রেট করে এবং কিডনির কার্যকারিতাকে প্রভাবিত করে এমন হরমোনে হস্তক্ষেপ করে। দীর্ঘস্থায়ী মদ্যপান উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। যা কিডনি ফেইলিওরের একটি প্রধান কারণ। সেইসঙ্গে এই অভ্যাস লিভারের রোগের ঝুঁকি বাড়ায়, যা কিডনির ওপর চাপ সৃষ্টি করে।

এনার্জি ড্রিংকস:-এনার্জি ড্রিংকস স্ট্যামিনার প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই ক্যানের ভেতরে যা আছে তা ভিন্ন গল্প বলে। উচ্চ পরিমাণে ক্যাফেইন, অতিরিক্ত চিনি এবং সিন্থেটিক ভিটামিন কিডনিকে অতিরিক্ত উদ্দীপিত করে। যার ফলে কিডনিতে রক্ত ​​প্রবাহ কমে যায়, বিশেষ করে যদি পানীয়টি ঘন ঘন পান করা হয়।

আলোকিত প্রতিদিন/১৫ এপ্রিল ২০২৫/মওম

টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল!

আলোকিত ডেস্ক : যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল। বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির হুমকি দিয়েছে ঢাকা।

সোমবার (১৪ এপ্রিল) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর একটি আদালত রোববার টিউলিপ ও তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আগামী ২৭ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হয়ে তাকে জামিন চাইতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে তিনি আদালতে হাজির না হলে ইন্টারপোলের মাধ্যমে বিশ্বব্যাপী তাকে খুঁজে বের করে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যদি অভিযুক্ত টিউলিপ আদালতে আত্মসমর্পণ না করেন, তাহলে বাংলাদেশ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।

দুদকের অভিযোগ, টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়ে রাজধানীর অভিজাত এলাকা পূর্বাচল নিউ টাউন প্রকল্পে তার মা, ভাইবোনের নামে ৩টি প্লট বরাদ্দ নেন। এসব ব্যক্তি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন এ মামলার চার্জশিট গ্রহণ করেন এবং টিউলিপকে আদালতে পলাতক হিসেবে ঘোষণা করেন। একইসঙ্গে তার মা শেখ রেহানা (৬৯), ভাই রাদওয়ান (৪৪) ও বোন আজমিনা (৩৪)-র বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ।

প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ ও তার পরিবার এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করেছেন, এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই ধরনের ভিত্তিহীন অভিযোগকে কোনো মর্যাদা দিতে চাই না। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আর আমি কিছু ভুল করেছি।

টিউলিপের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি লন্ডনের কিংস ক্রসে যে ফ্ল্যাটে থাকেন, সেটি তিনি রাজনৈতিকভাবে প্রভাবশালী এক ডেভেলপারের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। যদিও এর আগে বাবা-মা কিনে দিয়েছেন বলে দাবি করেছিলেন তিনি।

ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশ সরকার যদি ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে, তবে যুক্তরাজ্যের মন্ত্রী ও বিচারকদের কাছে পরিষ্কার প্রমাণ পেশ করতে হবে। কারণ যুক্তরাজ্য বাংলাদেশকে ২-বি শ্রেণির প্রত্যর্পণযোগ্য দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে।

আলোকিত প্রতিদিন/এপি

আমি আমাকে আমার মতো করে গুছিয়েছি এবং তা আমি চালিয়ে যাব: বাঁধন

বিনোদন ডেস্ক:

মাসখানেক ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অথচ জুলাই আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক সময়ের বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তিনি।

হঠাৎ করেই যেন নীরব এই অভিনেত্রী। আগে নানা বিষয়ে নিজের মতামত ফেসবুকে জানালেও এখন একেবারে নীরব। কী হয়েছে বাঁধনের? বাংলা নববর্ষে ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থেকেই ভালো ছিলেন।

বর্ষবরণের দিনে সাধারণ মানুষের পাশাপাশি তারকারা যখন উদযাপনে ব্যস্ত তখন পৃথিবীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন লিখেছেন নিজের সম্পর্কে দীর্ঘ এক লেখা। যেখানে জানিয়েছেন, বেশকিছু দিন ধরে ভার্চুয়াল দুনিয়া থেকে কিছুটা দূরে থাকার কথা। সেই সাথে জানিয়েছেন, অন্যের মন্তব্যে বিচলিত না হওয়ার কথাও। “হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ!” দিয়ে কথা শুরু করেন বাঁধন। এরপর তিনি বলেন, ‘শুধু বলতে চাই, আমি এখনও এখানেই আছি। এখনও আমার মায়ের বাড়িতেই থাকি, এখনও আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে।’

ভার্চুয়াল দুনিয়া থেকে দূরে থাকা নিয়ে ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি। সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। আমি নিজ হাতে তৈরি হওয়া একজন মানুষ। আমি যে পথে হেঁটেছি তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার।’

বাঁধন বলেন, ‘আমার ভুলগুলোকে স্বীকার করি, এবং আমার বিকাশকে সম্মান করি। আমার প্রতিটি সফলতা আমি অর্জন করেছি। অন্যদের মতামত আমাকে নাড়াতে পারে না — আমি জানি আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে।’ অভিনেত্রী বলেছেন, ‘কোনো আফসোস নেই। প্রতিটি অভিজ্ঞতা আমার জন্য একটি শিক্ষা। জীবনের প্রতিটি পদক্ষেপ একেকটা গল্প, যা আমাকে আজকের আমি হিসেবে তৈরি করেছে। একই সঙ্গে আমি আমাকে আমার মতো করে গুছিয়েছি। এখনো তা চলমান এবং তা আমি চালিয়ে যাব।’

বাঁধনের সেই পোস্টে ভক্তরাও বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ অভিনেত্রীর সাহসী ব্যক্তিত্বের প্রশংসা করেছেন কেউ আবার কারণ জানতে চাইছেন।

আলোকিত প্রতিদিন/১৫ এপ্রিল ২০২৫/মওম

পরীক্ষার হলে মোবাইল, শিক্ষকসহ ৬ পরীক্ষার্থী বহিস্কার!

 আলোকিত ডেস্ক :  গোবিন্দগঞ্জে চলতি দাখিল পরীক্ষায় মোবাইল ডিভাইস ব্যবহারের সময় ধরা পড়ায় ও অসাদুপয় অবলম্বের দায়ে আব্দুল ওহাব নামে এক শিক্ষক সহ অসাদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে আজ

জানা গেছে, দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে গোবিন্দগঞ্জের কামদিয়া দারুল উলুম সিদ্দিকীয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। উক্ত কেন্দ্রের ৬ নং কক্ষের পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমান গোপনে মোবাইল ডিভাইস ব্যবহারের সময় ধরা পড়লে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম তাকে বহিষ্কার করেন তখন।

এ কাজে সহযোগিতার জন্য আয়েজাবাদ সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল ওহাবকে বরখাস্ত করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থী খাড়িতা দাখিল মাদ্রাসার ছাত্র। এছাড়াও অসাদুপয় অবলম্বণের দায়ে মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৫ জন ছাত্র ছাত্রী রাখাল বুরুজ মুন্সিরহাট আ: মাদ্রাসার , নিশাত বাবু, মিলন মিয়া, আফরুজা আনার দাখিল মাদ্রাসার মুরাদ হাসান, বড়দহ দাখিল মাদ্রাসার শাকিল আহমেদ, আলহাজ্ব আছাব আলী ফাজিল মাদ্রাসার জান্নাতুল ফেরদৌসকে বহিস্কার করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্র সচিবরা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোকিত প্রতিদিন/এপি

নবীনগরে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের কথা ও কবিতায় বর্ষবরণ 

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ। উক্ত অনুষ্ঠানে বাংলা একাডেমিতে কর্মরত কবি তারেক সজিবের সঞ্চালনায় এবং জালাল উদ্দিন ভূঁইয়ার (তিতাস বিপ্লব) সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শুক্লা রাণী দেব। প্রাণবন্ত এই অনুষ্ঠান সফল করতে উপস্থিতির পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কে. এম‌. সফর আলী,
অধ্যক্ষ (অব.) কান্তি কুমার ভট্টাচার্য, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন , বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নবীনগর উপজেলা সভাপতি কমরেড মো. ইসহাক, দৈনিক কালের কণ্ঠ নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, সাপ্তাহিক নবীনগরের সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, নবীনগর মহিলা ডিগ্রি কলেজ বাংলা বিভাগের প্রভাষক আশীষ কুমার গুহ , স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. শামীম আউয়াল, তিতাস সাহিত্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সভাপতি কবি সাজ্জাদ হোসেন জামাল, গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রভাষক হাবিবুর রহমান (স্বপন),নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক শুভেন্দু চক্রবর্তী শুভ প্রমূখ।
আলোকিত প্রতিদিন/১৫ এপ্রিল ২০২৫/মওম

উল্লাপাড়ায় ভুট্টার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা,তবে বাজারদরে অসন্তোষ

মোঃ রাকিব হোসেন: 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূট্রার ফলন ভালো হওয়ায় ফসল কেটে ঘরে তুলছে কৃষক। এক মণ ভূট্টা সাড়ে সাতশো থেকে আটশো টাকায় কেনাবেচা হচ্ছে বলে জানানো হয়।
উল্লাপাড়া সদর ইউনিয়নে চালা গ্রামের কৃষক শাহআলম মুকুল (৫০) জানান,আমি কৃষি কাজ করি কিন্তু আমাদের জমিতে ধানের আবাদ করলে ধানের ফলন কম হয় এবং ধানে বিভিন্ন পোকা-মাকড় আক্রমন করে সেই কারনে আমি নিজ থেকেই উদ্যোগ নিলাম যে, আমাদের জমিতে ভুট্টার আবাদ করলে ধানের চেয়ে লাভবান হওয়া যাবে এবং ভুট্টা আবাদ করে শ্রম দিয়ে প্রায় ১৮০ দিন ভুট্টার বয়স হওয়ার কারনে আমার ফলন ভালো হয়েছে এবং প্রতি শতক জমিতে আমি একমন দশ সের করে ফলন পেয়েছি। আমি ৮০ শতক জমিতে আবাদ করেছি। এর পরেও আবাদ করবো কৃষি অফিস থেকে আমাকে সহযোগিতা করলে।
একই গ্রামের মুকুল উদ্দিন (৫৫) জানান,আমি ৫ বিঘা জমিতে আবাদ করেছি। আমি নিজ থেকেই ভুট্টা আবাদের সিন্ধান্ত নিয়েছি। আমি বিঘায় ৩৫ মন ফলন পেয়েছি কিন্তু খরচ একটু বেশি, গত বছরের চেয়ে এইবার ভুট্টার দাম অনেক কম, গত বছর ১ মন ভুট্টার দাম ছিলো এক হাজার থেকে এগারো শত টাকা মণ, এই বছর এক মণ ভুট্টার দাম সাড়ে সাতশত থেকে আটশত টাকা । আরো বলেন, কৃষি অফিস থেকে সহযোগিতা পেলে ভুট্টা আবাদে আগ্রহ বাড়বে কৃষকদের।
আরেকজন কৃষক মুঞ্জিল (৫২) বলেন, আমি ১ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি কিন্তু দাম এবার কম। ১ বিঘায় ৩৩ মন হয়েছে। গত বছর বিক্রি করেছিলাম ১১০০ টাকা মণ এবার বিক্রি হচ্ছে ৭৫০/৮০০ শত টাকা মণ। তাতে করে যে খরচ হয়েছে সেই অনুযায়ী দাম পাচ্ছি না। যদি এরকম কম দাম থাকে তাহলে আগামীতে আবাদ করবো না। আমি নিজ উদ্যোগে ভুট্টার আবাদ করেছিলাম আরো বলেন, কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা না পেলে আগামীতে ভুট্টা আবাদ করবো না।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াছমিন সুমি বলেন, উল্লাপাড়া উপজেলাতে এ বছর ৩১০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ২৮০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর পরিমাণ বেশী জমিতে ভুট্টার আবাদ হয়েছে। বিভিন্ন মাঠে কৃষকেরা উচ্চ ফলনশীল নানা জাতের ভূট্রা ফসলের আবাদ করেছেন । বেশির ভাগ দেখা যায় হাইব্রিড জাতের ভুট্টার আবাদ হচ্ছে তার মধ্যে সুপার শাহিন, এনকে-৪০, সান শাইন এই সকল জাত বেশি চাষাবাদ হচ্ছে। যেহেতু ভুট্টা উচ্চ ফলনশীল একটি ফসল এর ফলে ভুট্টা চাষাবাদ করে কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছে। তবে আমাদের উল্লাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে পরামর্শ থাকবে ভুট্টার আবাদ বৃদ্ধি করার ক্ষেত্রে তাদের গমের আবাদের উপর যেন প্রভাব না পড়ে সেই জন্য আমাদের প্রচারনা চালিয়ে যাচ্ছি এবং গমের আবাদ কমিয়ে যেন ভুট্টার আবাদ না করে সে পরামর্শ আমাদের থাকবে।
আলোকিত প্রতিদিন/১৫ এপ্রিল ২০২৫/মওম

বন্ধ করা হলো ভারত থেকে স্থলপথে সুতা আমদানি!

আলোকিত ডেস্ক : ভারত থেকে স্থলপথে সুতা আমদানি করা যাবে না আর। তবে স্থলপথ বাদে অন্য যেকোনো মাধ্যমে ভারত থেকে সুতা আমদানি করা যাবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে এই নতুন প্রজ্ঞাপন জারি করা হলো। এই আদেশ এখন থেকেই কার্যকর হবে।

 

গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাকশিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাকশিল্পের সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

তখন ট্যারিফ কমিশন থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থলবন্দর ও কাস্টমস হাউসের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ে যথাযথ অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের মতো সমুদ্রবন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ সংক্রান্ত আদেশ জারি করেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন ফাতিমা তাসনিম

মোঃ আজিজুল ইসলাম:
গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ফাতিমা তাসনিম পদত্যাগ করেছেন। ১৫এপ্রিল মঙ্গলবার  সকালে এই পদত্যাগপত্র ফাতিমা তাসনিম নিজেই ফেসবুকে পোস্ট করেন। গত ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর প্রেরণ করেন।
তিনি উল্লেখ করেন. ‘আমি ফাতিমা তাসনিম ব্যক্তিগত কারণে গণঅধিকার থেকে পদত্যাগ করছি।’ এবিষয়ে জানতে ফাতিমা তাসনিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।’ আপনার অন্য কোনো দলে যোগদান করার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নে বলেন, ‘আমি নিজেই একটি দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি, তা সময় হলে জানতে পারবেন।’
উল্লেখ্য, বিগত দিনে সম্মুখে ও গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে থেকে ফাতিমা তাসনিম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৫ এপ্রিল ২০২৫/মওম