আজ , ।   
Home Blog Page 546

ঘিওরে ডেভিল হান্ট’র অভিযানে আ.লীগের ৫ নেতা আটক 

প্রতিনিধি,ঘিওর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের ঘিওরে ডেভিল হান্ট এর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গত  ১৮ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার ৭টি ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের ৫জন নেতাকে আটক করে ঘিওর থানা পুলিশ । আটককৃতরা হলেন, ঘিওর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন, পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া,বালিয়াখোড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সভাপতি তাপস কুমার বসু, নালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ বিল্লাল হোসেন, সিংজুরী  ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ রমজান আলী । বিশেষ অভিযানে আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে ১৯ এপ্রিল সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে ।

আটককৃতদের বিষয়ে জানতে চাইলে ঘিওর  থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ৫ই আগস্ট উপজেলার বিভিন্ন  এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা এবং নাশকতায় দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদেরকে  আটক করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৯ এপ্রিল ২০২৫/মওম

বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন করবে এই সরকার: প্রধান উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনরায় আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন ও দেশের গণতান্ত্রিক যাত্রার মাইলফলক।

১৯ এপ্রিল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনফ্রেল প্রতিনিধিদল প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। বৈঠকে আনফ্রেল বাংলাদেশে তাদের চলমান কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। বিশেষ করে স্বাধীন এবং নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে। তারা অংশীজনদের চিহ্নিতকরণ এবং প্রয়োজন মূল্যায়ন কার্যক্রম সম্পর্কেও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে।

আনফ্রেল প্রতিনিধিদলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন এবং গণতন্ত্র কর্মসূচির উপদেষ্টা মে বুটয়, প্রচার ও অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা থারিন্দু আবেয়রাথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেয়।

আনফ্রেল হলো একটি আঞ্চলিক সিভিল সোসাইটি নেটওয়ার্ক, যা দুই দশকেরও বেশি সময় ধরে এশিয়ায় নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করছে।

সাক্ষাতে আনফ্রেল প্রতিনিধিরা বাংলাদেশে তাদের চলমান কার্যক্রম তুলে ধরেন, বিশেষ করে একটি স্বাধীন, নাগরিক-নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি। তারা অংশীজনদের চিহ্নিতকরণ এবং প্রয়োজন মূল্যায়নমূলক কার্যক্রম সম্পর্কেও আলোচনা করেন।

আনফ্রেল এই গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের অংশীজনদের সঙ্গে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

আলোকিত প্রতিদিন/১৯ এপ্রিল ২০২৫/মওম

জুলাই গণঅভ্যুত্থান যেন কোনোভাবেই ব্যর্থ না হয়: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ৯০ গণঅভ্যুত্থানের কথা বইয়ে পড়েছি, কিন্তু যে আকাঙ্ক্ষায় জনগণ রাস্তায় নেমে আসে, সে আকাঙ্ক্ষাগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি, ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার  কারণেই ১৬ বছরের ফ্যাসিবাদের শাসন ব্যবস্থার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তাই আমরা চাই, এবারের জুলাই গণঅভ্যুত্থান যেন কোনোভাবেই ব্যর্থ না হয়।

তিনি বলেন, জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অবশ্যই পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের অঙ্গীকার।

১৯ এপ্রিল শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান আজকের বৈঠকে বসার প্রেক্ষাপট তৈরি করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, যে গণঅভ্যুত্থানের মাধ্যমে ১৬ বছরের ফ্যাসিস্ট শাসককে পলায়ন করতে বাধ্য করেছিল বাংলাদেশের জনগণ। হাজারো মানুষের শাহাদাত বরণ এবং আহত হওয়ার বিনিময়েই আজকের এই প্রেক্ষাপট।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এনসিপি। যে দলের প্রধান শক্তি এবং ভিত্তির জায়গাটা হচ্ছে এই দেশের তরুণরা। সেই জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদের বিলোপ ও একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই আমরা।

নাহিদ ইসলাম আরও বলেন, এই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না। বরং কীভাবে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে, এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল।

এনসিপি সংস্কার বলতে মৌলিক সংস্কার বোঝানো হচ্ছে। নাহিদ বলেন, যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামো গুণগত আমূল পরিবর্তন সম্ভব হবে। কারণ আমরা দেখেছি, বিগত সময়ে আমাদের সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ ঘটেছিল। আমাদের সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক কাঠামোর বীজ বপন ছিল। ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ন রেখে যে ক্ষমতায় যাক, তার ভেতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে উঠার প্রবণতা থাকবে। সেই জায়গায় রাষ্ট্রের সংস্কার, সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আমরা এনসিপি বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ আমাদের কাছে পাঠানো হয়েছে, সেগুলোতে আমরা আমাদের মতামত দিয়েছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত হয়েছি। যে সব জায়গায় আমরা আংশিক একমত বা দ্বিমত হয়েছি, সেখানে আমরা আমাদের সুপারিশ সংক্ষিপ্তভাবে দিয়েছি। আজকে হয়তো আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাবো। সেই সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমরা।

এনসিপির ভাবনার কথা উল্লেখ করে দলটির আহ্বায়ক বলেন, এইবার যে সুযোগ তৈরি হয়েছে আমাদের জাতির সামনে, জাতীয় ঐকমত্য প্রয়োজন, জুলাই সনদ প্রয়োজন। জাতির সামনে আমাদের সবাই সেই অঙ্গীকার রাখতে হবে যেন আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, আরেকটি ফ্যাসিবাদ বাংলাদেশে আসবে তার সব রাস্তা আমরা বন্ধ করে সামনের দিকে এগিয়ে যাবো।

বৈঠকে আরও উপস্থিত আছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ, শামান্তা শারমীন, নাহিদা সারওয়ার নিভা,জাবেদ রাসিন এবং সারোয়ার তুষার।

আলোকিত প্রতিদিন/১৯ এপ্রিল ২০২৫/মওম

নির্বাচন নিয়ে যুগপৎসঙ্গীদের সঙ্গে আলোচনা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎসঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে বিএনপি।

আগামী নির্বাচন ইস্যুতে দলগুলোর ভাবনা এবং বিএনপির চিন্তাভাবনা বিনিময় করতে ১৯ এপ্রিল শনিবার থেকে শুরু হচ্ছে আলোচনা। এদিন বিকাল তিনটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

১৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকাল তিনটায় ১২ দলীয় জোট ও সন্ধ্যায় ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম  বলেন, ‘যুগপতের বৈঠক হলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক দিয়েই আলোচনা শুরু করে বিএনপি। এবারও ব্যতিক্রম হচ্ছে না। আমরা মনে করি, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ভেতরে যে অবস্থান, তাতে অসন্তুষ্টি রয়েছে।’

‘আমরা মনে করি নির্বাচনই সব সংকটের সমাধান হিসেবে কাজ করবে। এক্ষেত্রে ১২ দলীয় জোটও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভোট এবং নির্বাচনের পক্ষে অবস্থান করছে। গণতন্ত্রে পুনরুদ্ধারে জোট ইতোমধ্যে জোটগত অবস্থান জানিয়েছে। বিএনপির সঙ্গে আমরাও কীভাবে সামনের দিনে নির্বাচনের ইস্যুতে জনগণের সামনে যাবো এবং সরকারের প্রতি বার্তা দেবো, তা আমাদের আলোচনায় উঠে আসবে।’

কর্মসূচি আসবে কিনা, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন,‘যুগপৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই বিএনপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন।’

আলোকিত প্রতিদিন/১৮ এপ্রিল ২০২৫/মওম

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সচিব পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। গতকাল ১৭ এপ্রিল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। অপরদিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। এ বৈঠক নিয়ে আজ শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনর্জ্জীবিত করার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা করেছে।

এতে বলা হয়েছে, উভয় পক্ষ নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপের মাধ্যমে সম্পর্কের মোমেন্টাম ধরে রাখার পক্ষে জোর দিয়েছে। এছাড়া অমীমাংসিত চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করা এবং বাণিজ্য,কৃষি, শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে উন্নত সহযোগিতার ব্যাপারে জোর দিয়েছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান বাংলাদেশকে তাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শিক্ষাগত সহযোগিতার প্রস্তাব দিয়েছে। অপরদিকে বাংলাদেশ মৎস এবং সামুদ্রিক বিদ্যায় পাকিস্তানকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

তারা জানিয়েছে, কানেকটিভিটিকে প্রাধান্য দিয়ে করাচি এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগকে দুইপক্ষ স্বাগত জানিয়েছে এবং আকাশপথে সরাসরি যোগাযোগ স্থাপনের ব্যাপারে জোরারোপ করেছে। এছাড়া ভিসা ও ভ্রমণ সহজ করায় দুই দেশ সন্তুষ্টি প্রকাশ করেছে।

সার্ককে পুনর্জ্জীবিত করা এবং পাকিস্তানি শিল্পীদের বাংলাদেশে পারফর্ম করার বিষয়টিও আলোচনায় ওঠে আসে বলে জানিয়েছে পাক মন্ত্রণালয়।

এ ছাড়াও কাশ্মির ও সেখানকার মানুষের অধিকার-ইচ্ছা এবং গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা নিয়ে দুই দেশ নিন্দা জানিয়েছে।

পাক পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্যমূলক যে সাক্ষাত করেছেন সেটিও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সবশেষে বলা হয়েছে,২০২৬ সালে ইসলামাবাদে দুই দেশের মধ্যে আবারও আলোচনা হবে।

আলোকিত প্রতিদিন/১৮ এপ্রিল ২০২৫/মওম

গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন এবং দুইজন খালাস

রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধায় মাদক মামলায় ট্রাক চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামিকে খালাস দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন। এ বিষয়টি  নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১),একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) এবং একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে এ মামলার রায়ে খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম। রায় ঘোষাণার সময় তারা আদালতে ছিলেন না। তবে তাদের পক্ষের আইনজীবী হিসাবে শুনানীতে অংশ নেন জিএম মুরাদ।
এ মামলা সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১৬ জুলাই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কে চেকপোস্ট বসায় র‍্যাব। এসময় একটি ট্রাকের কেবিনের ভেতর তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। পরে র‍্যাবের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়।
রায় প্রদানের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তাদের দোষি সাব্যস্ত করেন। পরে বিচারক বিরুদ্ধে এ রায় প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/১৮ এপ্রিল ২০২৫/মওম

৪ মাসের সন্তান বিক্রির টাকায় গয়না ও মোবাইল কিনলেন মা!

অনলাইন ডেস্ক:
স্বামীর সঙ্গে কলহের জেরে চার মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন ও জুতা কিনেন লাবনী আক্তার লিজা নামে এক মা। তবে এখন তিনি অনুতপ্ত।

সম্প্রতি এমন ঘটনা ঘটে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায়। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

১৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় লাবনীর স্বামী রবিউল ইসলাম মধুপুর থানা পুলিশকে বিষয়টি জানালে শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ।

শিশুটিকে উদ্ধারের জন্য রাতভর অভিযান চালিয়ে শিশুটি উদ্ধাররর পর  ১৮ এপ্রিল শুক্রবার ভোরে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর উপজেলা পৌর শহরের পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুর উপজেলার বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার ২ বছর আগে বিয়ে হয়। আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতায় তাদের মধ্যে কলহ দেখা দেয়। এরমধ্যেই গত ৪ মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়।

লাবনীর স্বামী রবিউল ইসলাম বলেন, তামিমের জন্মের পর থেকে সংসারে শান্তি নেমে আসে। অল্প কয়েক দিন আগে লাবনী আমার ছেলে তামিমকে নিয়ে লাবনীর বোনের বাড়ি ভূঞাপুরে যায়। কয়েক দিন পর বাড়ি আসতে বললে লাবনী দুর্ব্যবহার করে। আমার সঙ্গে সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। তার কয়েক দিন পর আবার ফোন করে বলি তামিমের দাদা অসুস্থ। ছেলেকে নিয়ে আসো। সে তামিমকে দেখতে চাচ্ছে। লাবনী তাতেও ফিরে আসেনি।

তিনি আরও বলেন, অনেক যোগাযোগের পর গত বৃহস্পতিবার লাবনী সন্তান বিক্রি করে ফেলার খবর দেয়। পরে কৌশলে লাবনীকে ভূঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি। এ সময় সে শিশু তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানালে শিশুটি উদ্ধার করে আমাদের কাছে ফেরত এনে দেয়।

শিশু তামিমের মা লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় গত ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় তামিমকে বিক্রি করি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনছি। এইডা আমার ভুল হয়েছে। নিজ সন্তানকে বিক্রি করে আমি অনুতপ্ত।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, গত বৃহস্পতিবার লাবনী নামের এক মা তার ৪ মাসের সন্তানকে বিক্রি করেছে বলে আমাদের জানায় তার স্বামী। পরে ওসি তদন্ত রাসেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে শুক্রবার সকালে রবিউল ও তার স্ত্রী লাবনী কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে

আলোকিত প্রতিদিন/১৮ এপ্রিল ২০২৫/মওম

নবীনগরে রাস্তার দুরবস্থা,ভোগান্তিতে পথচারী ও পরীক্ষার্থীরা 

মোঃ আনোয়ার হোসেনঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রামের উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটির এখন চরম দুরবস্থা। রাস্তাটির ঠিকাদার রাস্তাটি খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় সাধারণ পথচারীসহ এস.এস.সি পরীক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে । গত ১৭ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায়- এস.এস.সি পরীক্ষার শিক্ষার্থীদেরকে কাদা ও পানির মধ্যে দিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হচ্ছে। একটি পাশ দিয়ে রিক্সা, সি.এন.জি ও অটোরিক্সা চললেও অপর পাশ দিয়ে পরীক্ষার্থীরা কাদা পানি মাড়িয়ে পরীক্ষা দিতে যেতে বাধ্য হচ্ছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন – রাস্তার কাজ শুরু করে দীর্ঘদিন ধরে মাঝপথে কাজ ফেলে রেখে উধাও হয়ে গেছেন ঠিকাদার। ফলে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। এসএসসি পরীক্ষার্থী অনামিকা দাস জানান, আজ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় অটো থেকে নেমে অনেক ঝুঁকির নিয়ে পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। পথচারীরা জানান – রাস্তার এমন বেহাল দশায় এস.এস.সি পরীক্ষার্থীসহ পথচারীদের ভোগান্তির শেষ নেই। যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো ঝুঁকি হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশলী মো. মাহাবুব হোসেন জানান- “রাস্তার কাজটি শেষ করার সময় আরও বাকি আছে তবে জনস্বার্থে রাস্তার কাজ যেন দ্রুত শেষ করা হয় এ ব‍্যপারে পরামর্শ দেয়া হবে”। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান-“উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সাথে কথা হয়েছে। আগামী সপ্তাহে কাজ শুরু হবে”।
আলোকিত প্রতিদিন/১৮ এপ্রিল ২০২৫/মওম

নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান

প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটেছে। এতে মুদি দোকান, চা দোকান, সমিলসহ ৮টি দোকান পুড়ে গেছে।
১৮ এপ্রিল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাল পাড়া রোডের আমিশা পাড়া উত্তর বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থদের।
স্থানীয় জানান, রাত প্রায় পৌনে ১২টার দিকে উপজেলার আমিশা পাড়া উত্তর বাজারের একটি দোকানে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, আগুনে ৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি তাদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৮ এপ্রিল ২০২৫/মওম

মমতার অভিযোগ উড়িয়ে দিল বাংলাদেশ

ওয়াকফ আইনকে ঘিরে মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশের মানুষ জড়িত, এমন অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সরকার।  ১৭ এপ্রিল  বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে।

গতকাল বুধবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেন, “বাংলাদেশের দুষ্কতী’দের মুর্শিদাবাদে নিয়ে এসে পূর্বপরিকল্পিত’ দাঙ্গা করানো হচ্ছে।” নাম না করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন,  “আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? আপনি ইউনূসের সঙ্গে গোপন মিটিং করুন, চুক্তি করুন। দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনাদের প্ল্যানিংটা কী? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা হচ্ছে?” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই অভিযোগের রাজনৈতিক জবাব দিয়েছে বিজেপি। এবার আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানালো ঢাকা। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি বলেন, “মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।”

পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারতে মুসলিমদের উপর হামলা এবং জানমালের ক্ষতি হওয়ার ঘটনার নিন্দা করছে বাংলাদেশ। ভারতে মুসলিম সম্প্রদায়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এই আবেদন কেবল ভারত সরকারের কাছে নয়, আলাদা করে পশ্চিমবঙ্গ সরকারের কাছেও জানানো হয়েছে।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো অভিযোগ করেছিলেন। তার বক্তব্য, এই দাঙ্গা বিজেপির পূর্বপরিকল্পনা। বাইরে থেকে লোক নিয়ে এসে এই কাজ করানো হয়েছে। বিএসএফ সীমান্ত এলাকা থেকে টাকা দিয়ে লোক নিয়ে এসেছে বলে অভিযোগ করেন তিনি। এরপরেই সংবাদসংস্থা এএনআই-এর একটি এক্স হ্যান্ডেল পোস্টের উল্লেখ করেন তিনি। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সোর্স উল্লেখ করে বলা হয়েছিল, বাংলাদেশ থেকে লোক এসে মুর্শিদাবাদে দাঙ্গার ঘটনা ঘটাচ্ছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, এর দায় কেন্দ্রকে নিতে হবে। কেন বিএসএফ বাংলাদেশ থেকে লোক ঢুকতে দিল, এই প্রশ্ন তুলেছেন তিনি।

পশ্চিমবঙ্গের ভিতরেও বিতর্ক:

মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক হচ্ছে দেশের ভিতরেও। বিরোধীরা তো বটেই, বিশেষজ্ঞদের একাংশও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের নিন্দা করেছেন। সহিংসতার ঘটনায় শামসেরগঞ্জে কুপিয়ে খুন করা হয় বাবা ও ছেলেকে। সেই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই ভারতীয়। প্রশ্ন উঠছে, যদি সত্যিই বাংলাদেশ থেকে মানুষ এসে এই ঘটনা ঘটিয়ে থাকে,তাহলে এখনো পর্যন্ত একজন বাংলাদেশিকেও গ্রেপ্তার করা গেল না কেন?

প্রবীণ সাংবাদিক আশিস গুপ্ত এ প্রসঙ্গে ডিডাব্লিউকে বলেছেন, “বছর কয়েক আগে কলকাতায় ডেঙ্গি বেড়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ থেকে মশা এসে কলকাতায় ডেঙ্গি ছড়াচ্ছে। কোনো বিষয় হাতের বাইরে চলে গেলেই বাংলাদেশকে জড়িয়ে নেন মুখ্যমন্ত্রী। এ তার এক আশ্চর্য স্বভাব।”

আশিসের বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই অভিযোগ দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলবে, তাতে সন্দেহ নেই। এই ধরনের মন্তব্য করার আগে একজন মুখ্যমন্ত্রীর কূটনৈতিক বিষয়গুলি মাথায় রাখা উচিত। হাতে তথ্যপ্রমাণ নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত।

সাংবাদিক শরদ গুপ্তাও আশিসের সঙ্গে সহমত। ডিডাব্লিউকে তিনি বলেছেন, “বাংলাদেশে পালা বদলের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে টেনশন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এমন মন্তব্য পরিস্থিতি আরো খারাপ করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য করার আগে তথ্যপ্রমাণ সংগ্রহ করা উচিত ছিল।”

শরদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অকারণে বাংলাদেশের হাতে একটি কার্ড তুলে দিল। আদতে যার কোনো প্রয়োজন ছিল না।

বস্তুত, মুর্শিদাবাদের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কোনো কোনো মহল। প্রশ্ন তোলা হচ্ছে, সহিংসতা শুরু হওয়ার খবর কেন আগে থেকে গোয়েন্দাদের কাছে ছিল না? কেন গোড়াতেই যথেষ্ট শক্ত অবস্থান নিল না প্রশাসন? ওয়াকফ নিয়ে সেখানে যে গন্ডগোল হতে পারে, এমন অনুমান তো আগেই করা উচিত ছিল! বস্তুত, প্রশাসনের ব্যর্থতার বিষয়টি যে সরকারও মানছে, তার প্রমাণ বৃহস্পতিবার শামসেরগঞ্জ এবং সুতি থানার ওসিকে সরিয়ে দেওয়ার ঘটনা। ইতিমধ্যেই ইনস্পেক্টর পদমর্যাদার নতুন ওসি নিয়োগ করা হয়েছে ওই দুই থানায়।

ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনই ক্রমশ সহিংস হয়ে ওঠে বলে অভিযোগ। আন্দোলন কার্যত দাঙ্গার চেহারা নেয়। এখনো মুর্শিদাবাদে বহু মানুষ ঘরছাড়া। তবে ধীরে ধীরে ঘরছাড়াদের ঘরে ফেরানো শুরু হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৮ এপ্রিল ২০২৫/মওম