আজ , ।   
Home Blog Page 532

মানিকগঞ্জে পরকীয়া করতে গিয়ে জামাত নেতা আটক

বিশেষ প্রতিনিধি, পরকীয়ার অভিযোগে ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও ইমাম ওমর ফারুককে (৩৫) পিটিয়েছে পরকীয়া প্রেমিকার স্বামী শহিদুল ইসলাম। মারধরের পর তিনি দাবি করেছেন, ‘আমার সাথে ওই নারীর কোন শারীরিক সম্পর্ক নেই। আমি শয়তানের ধোঁকায় পড়ে হাসি-ঠাট্টার ছলে তাঁর সাথে কথা বলেছি।’ শনিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার রানাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, এলাকার এক গৃহবধুর সাথে বছর দেড়েক ধরে ওমর ফারুকের সম্পর্ক, বিষয়টা প্রথমবার জানাজানি হলে ওমর ফারুককে সতর্ক করা হয়। এরপর কিছুদিন যোগাযোগ বন্ধ থাকার পর পুর্নরায় সেই নারীর সাথে তাঁর আবার যোগাযোগ শুরু হয়। শনিবার রাতে মোবাইলে কথা বলার সময় ওই নারী তাঁর স্বামীর কাছে ধরা পড়েন। স্বামী ক্ষিপ্ত হয়ে ওই নারীকে মারধর করেন‌ ও মাদরাসায় গিয়ে ওমর ফারুককে শারীরিক হেনস্থা ও লাঞ্ছিত করে।
অভিযোগের বিষয় জানতে চাইলে জামায়াত নেতা ওমর ফারুক বলেন, ‘আমার সাথে ওই নারীর কোনো শারীরিক সম্পর্ক নেই। তবে, মোবাইলে মাঝেমধ্যেই তাঁর সাথে কথা হয়। আমি শয়তানের ধোঁকায় পড়ে হাসি-ঠাট্টার ছলে তাঁর সাথে কথা বলেছি। এটা আমার করা ঠিক হয়নি। আমি অনুতপ্ত।’
এ বিষয়ে গড়পাড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. আলাল হোসেন হোসেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। পরে আমি ইমামকে ফোন দিয়েছিলাম তিনি শুধু আমাকে বললেন তিনি আর মসজিদের দায়িত্ব পালন করবেন না।’
মসজিদ কমিটির সভাপতি মো. মনিরুদ্দীন বলেন, ‘এমন অনৈতিক ঘটনার কারণে তাঁকে এর আগে সতর্ক করা হয়েছিল। দায়িত্বশীল জায়গা থেকে যদি নিজেকে না শোধরাতে পারে তাহলে বিষয়টা খুবই দুঃখজনক। এ ঘটনার পর ইমামতি থেকে তাঁকে অপসারণ করা হয়েছে।’
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ওমর ফারুক গড়পাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ছিলেন। আর এই ঘটনাটা আমার জানা নেই, এমন অনৈতিক ঘটনায় সে জরিত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ আর্ট উইকের উদ্যোগে দুবাইতে শুরু হলো এক মাসব্যাপী চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদকঃ দুবাইতে আরম্ভ হলো এক মাসব্যাপী চিত্র প্রদর্শনী ‘ওরা এগারো জন’। বাংলাদেশ আর্ট উইকের উদ্যোগে এই আয়োজনে অংশ নিয়েছেন ১১ জন বাংলাদেশী শিল্পী যারা বাংলাদেশের শিল্পকর্ম বিশ্ব দরবারে তুলে ধরবেন।

গত ২৬ এপ্রিল বাংলাদেশ আর্ট উইক দুবাইয়ে মেটা গ্যারেজ ও মেটা ময়নার সহযোগিতায় মাসব্যাপী এই প্রদর্শনীটির আয়োজন করে৷ আয়োজনের প্রথম দিনে সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন অ্যালায়েন্স ফ্রানসাইজ অব দুবাইয়ের ডিরেক্টর সেইড নোরিন।

ওরা এগারো জন নামক এই প্রদর্শনীর কিউরেটর হিসেবে আছেন নীহারিকা মমতাজ। এছাড়া এই আয়োজনের সহ-কিউরেটর হিসেবে রয়েছেন ভেনাস হোসেন। বাংলাদেশের শিল্পকর্মকে বিশ্বের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। প্রদর্শনীতে থাকা ২৪ টি ছবির মধ্যে ১২টিতে অগমেন্টেড রিয়েলিটির প্রয়োগ করা হয়েছে। এছাড়া প্রদর্শনীর প্রথম দিনে ১২টি এনএফটি চালু করা হয়েছে।

আয়োজনের প্রথম দিনে বাংলাদেশী এবং বিদেশী দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে উৎসবস্থল। বিদেশী দর্শনার্থীরা বাংলাদেশী সাংস্কৃতিক কর্মগুলো ঘুরে দেখেন এবং এদেশের সমৃদ্ধ শিল্পকর্ম দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়া প্রদর্শনীতে আসা বাংলাদেশী দর্শনার্থীদের মাঝে ছিল একটি বাড়তি আমেজ। বিদেশের মাটিতে বসে দেশের শিল্পকর্ম দেখার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান তারা।

বাংলাদেশ আর্ট উইকের প্রতিষ্ঠাতা এবং প্রদর্শনীটির কিউরেটর নীহারিকা মমতাজ জানান, “আমার সবসময় স্বপ্ন ছিল বাংলাদেশী শিল্পকর্মকে বিশ্ব দরবারে তুলে ধরব। সেই আগ্রহ থেকেই এমন একটি প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নিয়েছি। প্রদর্শনীটি আয়োজন করতে গিয়ে সবার কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছি৷ এটি আমার কাছে নিঃসন্দেহে একটি বড় অর্জন। বাংলাদেশী শিল্পকর্মকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ আমার কাছে অত্যন্ত আনন্দের।”

এই প্রদর্শনীতে অংশগ্রহকারী ১১ জন শিল্পী হলেন- অর্পিতা সিং রূপা, আজিজি ফাওমী খান, বুবলি বর্ণা, ফারাহ নাজ মুন, ফারজানা আহমেদ উর্মি, ফারজানা রহমান ববি, হাসুরা আকতার রুমকি, মাহমুদা সিদ্দিকা, মনিদীপা দাস গুপ্ত, মনন মুনতাকা এবং তামান্না লিজা।

ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) “দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নেই” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ও  ইম্পাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের আওতায় আইনি পরামর্শ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উদয় অঙ্কুর সেবা সংস্থার  আয়োজনে ও  একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ২৮ এপ্রিল সকাল ১১ টায় মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম এর সঞ্চালনায় ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  রেহনুমা তারান্নুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার  অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম,অ্যাকশন এইড বাংলাদেশের  চাইল্ড স্পন্সরশীপ এন্ড চাইল্ড রাইটস  প্রকল্পের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন,, সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেন,ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, উপস্থিত ছিলেন,উদয় অঙ্কুর সেবা সংস্থার সেন্ট্রাল কোঅর্ডিনেটর আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর, উপজেলা হিসাবরক্ষণ অফিসার একরামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান,৪ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জান্নাতি খাতুন, ইমাম সেকেন্দার আলী, নিকাহ নিবন্ধক আশরাফুল আলম, পুরোহিত সুভাষ চন্দ্র ভৌমিক, স্কলারশীপ সহায়তা পাওয়া মেয়েশিশু কারিমা ফেরদৌসি, সেলাই প্রশিক্ষণ গ্রহণকারী মৌসুমী খাতুন, রেশমা খাতুন, কাগজের প্যাকেট তৈরী প্রশিক্ষণ গ্রহণকারী শংকরী রানী, আর্থিক সহায়তা গ্রহণকারী মেয়েশিশু মনিষা খাতুন, এ সময় আরো উপস্থিত ছিলেন,চাইল্ড ম্যারেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস সরকার, ডব্লিউ ফর সিডি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার নুরুন্নবী ইসলাম, ইউএসএস এর স্পন্সার সিপ অফিসার বিমল চন্দ্র মন্ডল,উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মেয়েশিশু, যুব প্রতিনিধি, রিফ্লেকশন একশন সার্কেল প্রতিনিধিরা।

বক্তারা ইউএসএস এবং একশনএইড বাংলাদেশ এর গুণগতমান সম্পন্ন প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান এবং জনকল্যাণমূখী প্রকল্প চলমান রাখার জন্য আহবান করেন।

আলোকিত প্রতিদিন/এপি

গাজীপুরে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ইমামের মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ 
গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় একাধিক ছেলে শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। ২৭ এপ্রিল রবিবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মৃত্যু হয় তার।
ইমাম রহিজ উদ্দিন (৩৫) কুমিল্লার মতলব থানার বাদশা মিয়ার ছেলে। তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।
রবিবার সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম রহিজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে ওইদিনই আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়।গাজীপুর মহানগরীর পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন ছেলে শিশু ও কিশোরদের ধর্ষণের অভিযোগে রবিবার এলাকাবাসী গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব রহিজ উদ্দিনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গাছে বেঁধে গণপিটুনি দেয়। এসময় এলাকাবাসী তার গলায় জুতার মালা দিয়ে ব্যাপক মারধর করে।
পরে নির্যাতিত এক কিশোরের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ ইমাম রহিজ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে নেয়। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোমবার সকালে মরদেহ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, রহিজ উদ্দিনের শরীরে পাবলিক অ্যাসল্টের চিহ্ন ছিল। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের সঙ্গে ইমাম রহিজ উদ্দিন চলাফেরা করতেন বেশি। ছেলেদের ডেকে নিয়ে তার থাকার ঘরে কম্পিউটার এবং মোবাইলে গেইমস খেলতে দিতেন ও বোতলজাত পানীয় পান করাতেন। ওই পানীয় পান করার পর তারা অচেতন হয়ে পড়লে রহিজ উদ্দিন তাদের বলৎকার করতেন। সম্প্রতি কলেজের এক ছাত্রকে রাতে ইমাম রহিজ উদ্দিন ঘুমাতে ডেকে নিয়ে যান। পরে ওই ছাত্রকে একটি কোমল পানীয় পান করতে দেন। ওই পানীয় পান করার পর ওই কলেজছাত্রের মাথা ঘুরাতে থাকে। পরে তিনি কৌশলে ঘর থেকে বের হয়ে তার পরিবারকে ফোনে বিষয়টি জানান।
বিষয়টি জানাজানি হলে রবিবার এলাকার লোকজন রহিজ উদ্দিনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। ওই ঘটনায় রবিবার থানায় একটি মামলা দায়ের করা হলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
আলোকিত প্রতিদিন/২৮ এপ্রিল ২০২৫/মওম

মামলা দিয়ে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না. আইজিপি!

আলোকিত ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে ৫ আগস্ট-পরবর্তী সময়ে করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে আপনারা মনে রাখবেন। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ‘৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছেন।

 

এ বিষয়টি আমাদের নজরে রয়েছে। ‘সাংবাদিকসহ বিভিন্নজনের নামে মিথ্যা মামলা হচ্ছে’—এ প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, ‘আমাদের শিক্ষিতের সংখ্যা বেড়েছে। সবাই নিজের হাতে লিখে নিয়ে আসেন। যখন একজন বাদী নিয়ে আসেন তখন সেটি আমাদের মামলা হিসেবে রুজু করতে হয়।

 

তখন এটা সত্য না মিথ্যা যাচাই করার সুযোগ নেই। অভিযোগ যেটা দেয়, সেটা আমার নিতে হয়। এরপর তদন্তে গিয়ে আমি দেখি আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই। এই অপরাধটা হয়েছে এখন।

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ২৮ এপ্রিল সোমবার জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. নাজিমুদ্দৌলার সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাওছার আহমেদ, জেলা স্পেশাল জজ দিলারা আলো চন্দনা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম,
জেলা লিগ্যাল এইড অফিসার আবু তাহের, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি জহুর আজহার খান, সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম রতন, সরকারি কৌসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন, জিপি মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।
জাতীয় লিগ্যাল এইড দিবস উপলক্ষে টাঙ্গাইলের আদালত প্রাঙ্গণে বিভিন্ন আইনগত সহায়তা কেন্দ্রের সমন্বয়ে মেলার আয়োজন করা হয়।
আলোকিত প্রতিদিন/২৮ এপ্রিল ২০২৫/মওম

প্রত্যেকটি মানুষই আসলে শিল্পী : নওশাবা

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় মডেল-অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের ক্যারিয়ারটা শুরু হয়েছিল খুব সম্ভাবনা নিয়ে। নাটক, টেলিফিল্ম-বিজ্ঞাপনচিত্র থেকে শুরু করে সিনেমায় অভিনয় করেও নজর কেড়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে নওশাবা বলেন, ‘যেকোনো পারফরমেন্সই যেকোনো আর্ট ফর্মেই ভীষণভাবে আমাকে আন্দোলিত করে এবং আনন্দ দেয়। প্রত্যেকটি মানুষই আসলে শিল্পী এবং যখন আমি দেখি সেটা স্টেজে বিভিন্ন পথনাটকে সেটা মানে চলচ্চিত্রের পর্দায় সেই প্রকাশটা হওয়াটা খুব জরুরি।’

‘এই সময়ে বাংলাদেশে সংস্কৃতির চর্চা যত বেশি হবে সেটা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়াকে অনেক অনেক ত্বরান্বিত করবে। আমাদের ভেতরে এতদিনের চাপা অভিমান কষ্ট এবং আমরা জুলাই আন্দোলনে যা ফেস করেছি।’

তার কথায়, ‘প্রত্যেকটি মানুষের ভেতরে এক ধরনের একটা অনিশ্চয়তা আস্থাহীনতা এবং ট্রমা কাজ করেছে সেইটার আসলে একভাবেই সম্ভব সেটা হচ্ছে যত বেশি আপনি নাচ গান নাটক ফ্যাশন শো কবিতা লেখা গানের সৃষ্টি হবে তত বেশি এ জাতি আস্তে তাদের আস্থাটা ফিরে পাবে।’ ‘আমি নিজে চারুকলায় পড়াশোনা করেছি, পেইন্টিং এ মাস্টার্স করেছি, এতকাল ধরে যে অভিনয় করছি থিয়েটার পাপেট আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে যতবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি সেটার একমাত্র শক্তি হিসেবে চালিকা কাজ করেছে।’

শেষে বলেন, ‘আমার আর্টিস্টিক সত্তা আমার সংস্কৃতির চর্চা সেইটা যখন আরো বড়ভাবে দলীয়ভাবে হয় সেরকম সেটা খুব দারুণভাবে হয় এবং সেটার মানে একেবারে তীর্থস্থান হচ্ছে শিল্পকলা স্টেজ।’

আলোকিত প্রতিদিন/২৮ এপ্রিল ২০২৫/মওম

নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি,বৃদ্ধাকে কুপিয়ে জখম

প্রতিনিধি,নোয়াখালী: 
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহকর্তাকে কুপিয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
২৮ এপ্রিল সোমবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। এর আগে, রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রাস্তার মাথা পেশকারহাট এলাকার চান মিয়া চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আহছান উল্যাহ (৬৫) গত ২০-২৫ বছর ধরে সৌদি প্রবাসী ছিলেন। বর্তমানে তার দুই ছেলে একই দেশে অবস্থান করছে। ২০২২ সালে তিনি দেশে চলে আসেন। রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল তার বাড়ির দেয়ালের সীমানা প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। তারা প্রধান ফটকের তালা ভেঙ্গে রাখে। একপর্যায়ে ভবনের একটি দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এসময় ডাকাতের উপস্থিতি টের পায় আহছান উল্যাহ। তাৎক্ষণিক তিনি তার কক্ষ থেকে বের হয়ে দেখেন ৬-৭ জন ডাকাত দেশীয় ধারালো অস্ত্র হাতে ঘরের ভিতরে অবস্থান করছে। তখন তিনি তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে মাথায় দুটি এবং হাতে তিনটি কোপ দিয়ে গুরুত্বর আহত করে। ওই সময় পরিবারের অন্য সদস্যরা তাদের কক্ষে ঢুকে ডাকাত, ডাকাত বলে চিৎকার দিলে ডাকাতরা গৃহকর্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত গৃহকর্তাতে উদ্ধার করে জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছে।
আলোকিত প্রতিদিন/২৮ এপ্রিল ২০২৫/মওম

ফ্যাসিস্ট আ. লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে জামায়াত এনসিপি :মোনায়েম মুন্না

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

২৮ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিন সংগঠনের উদ্যোগে বিভাগভিত্তিক তারুণ্যের সমাবেশ এবং সেমিনারের কর্মসূচি ঘোষণা দেন যুবদলের সভাপতি।

আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘সব সংগঠন বা প্রতিষ্ঠানে ভালো-মন্দ লোক আছে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। এখানেও বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে। কেউ যদি সংগঠনের নাম করে ব্যক্তিগত অপকর্ম করে, আমরা তাদের ছাড় দিচ্ছি না। সাংগঠনিক শাস্তির পাশাপাশি অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিএনপি বা ছাত্রদল-যুবদলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি-সন্ত্রাস করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের প্রতিটি আন্দোলনেই আমাদের গৌরবজনক ভূমিকা রয়েছে। বিগত ছাত্র-জনতার আন্দোলনের সময়ও জাতীয়তাবাদী দলের প্রতিটি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করেছেন।’

দেশ নিয়ে যুবদলের নতুন ভাবনা রয়েছে জানিয়ে যুবদল সভাপতি বলেন, ‘গণহত্যাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ১৮ জুলাই সবাইকে সরাসরি রাজপথে নামার আহ্বান জানান তারেক রহমান। সে আন্দোলনে ছাত্র-জনতার যেমন ত্যাগ ছিল, ঠিক আমাদেরও বহু নেতাকর্মী শহীদ হন।’

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানপরবর্তী তরুণদের চিন্তা-চেতনা, তারণ্যের চাওয়া এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আমরা কাজ করছি। দেশের মানুষের যেকোনও বিপদে নেতাকর্মীদের মাধ্যমে এগিয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

সংবাদ সম্মেলনে ছিলেন– জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ তিন সংগঠনের শীর্ষ নেতারা।

আলোকিত প্রতিদিন/২৮ এপ্রিল ২০২৫/মওম

 দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রবিবার দুপুর দেড়টায় তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন। ২৮ এপ্রিল সোমবার রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

গত শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ড.ইউনূসও ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগে তিনি শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান।

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর শনিবার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা-কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাড। তারা পোপ ফ্রান্সিসের দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের স্মৃতিচারণ করেন। পাশাপাশি, ড. ইউনূসের কাজের জন্য তাকে কৃতজ্ঞতা জানান এবং তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দারিদ্র্যবিরোধী আন্দোলনে তার অবদানের জন্য ধন্যবাদ জানান।

ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ রে বলেন, পোপ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আপন করে নিতে পারতেন। তিনি ছিলেন একজন অসাধারণ মানবিক নেতা।

শনিবার ভ্যাটিকানে জাতিসংঘ অফিসের সাবেক স্থায়ী পর্যবেক্ষক কার্ডিনাল তোমাসিও ড. ইউনূসের সঙ্গে দেখা করেন। দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শেষে কার্ডিনাল তোমাসি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বিকেলে রোমের একটি হোটেলে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রধান কার্ডিনাল কুভাকাড।

তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ক্যাথলিক চার্চের উদ্যোগে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে, যেখানে বিভিন্ন ধর্মের নেতারা অংশ নেবেন।

শনিবার রোমে ড. ইউনূসের হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে তাদের মধ্যে বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের বর্তমান অবস্থা এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

আলোকিত প্রতিদিন/২৮ এপ্রিল ২০২৫/মওম