আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 48

সাভার সাব রেজিস্ট্রার জাকির হোসেন কে সাসপেন্ড করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে

শহিদুল্লাহ সরকার:

ঢাকার সাভারে দীর্ঘদিন ধরে আলোচিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে অবশেষে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক অফিস আদেশে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে তাকে তাৎক্ষণিকভাবে বর্তমান দায়িত্ব থেকে অপসারণসদৃশ অবস্থায় সংযুক্ত (অ্যাটাচ) করা হয়েছে মহাপরিদর্শক, নিবন্ধন দপ্তরে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ এবং বিধি ৩(ঘ) অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নং-০১/২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাভার সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রত্যাহার করে নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে অবিলম্বে বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (রেজিস্ট্রেশন) হাসান মাহমুদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আযিজুর রহমানের যৌথ স্বাক্ষরে জারি করা এই আদেশ কার্যত তাকে কর্মহীন অবস্থায় ফেলেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংযুক্ত অবস্থায় তার নিয়মিত বেতন-ভাতাও স্থগিত করা হয়েছে, যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এক ধরনের প্রাথমিক বরখাস্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দলিল নিবন্ধনে অনিয়ম, সাধারণ সেবা প্রার্থীদের হয়রানি, দালালচক্রের সঙ্গে যোগসাজশসহ নানা অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উচ্চ পর্যায়ে গুরুত্ব পায়। এমনকি অভিযোগ রয়েছে, এসব অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি, হামলা ও অপহরণের চেষ্টার ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে।
সংশ্লিষ্টরা জানান, ২০২৬ সালে কোনো সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সরাসরি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বিভাগীয় মামলা দায়ের এবং তাৎক্ষণিক সংযুক্তির ঘটনা নজিরবিহীন। এতে করে প্রশাসনের কঠোর অবস্থানেরই প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সূত্র আরও জানায়, আগামী রোববার তদন্ত কর্মকর্তা তার তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে। এরপর অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে স্থায়ী বরখাস্তসহ আরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বিক পরিস্থিতিতে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই ঘটনার মধ্য দিয়ে শুধু একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তার বিরুদ্ধেই নয়, বরং পুরো ব্যবস্থার মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করার একটি শক্ত বার্তা দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন /০৩ মে ২০২৬ /মওম

প্রবাস জীবনের চুক্তিভিত্তিক বিয়ের গল্পে আসছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

বিনোদন প্রতিবেদক:

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটালেও অভিনয় থেকে দূরে নেই চিত্রনায়িকা মৌসুমী। তার নতুন সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। শুরুতে এটি সিরিজ হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।

সিনেমাটির গল্পে উঠে আসবে প্রবাস জীবনের এক জটিল ও বাস্তব দিক—চুক্তিভিত্তিক বিয়ে। অনেক ক্ষেত্রে বিদেশে গিয়ে বাংলাদেশি নারীরা এমন বিয়েতে জড়িয়ে পড়েন, যা বেশিরভাগ সময় স্থায়ী হয় না। কখনো বিবাহিত নারীরাও নতুন আশায় স্বামী-সংসার ছেড়ে বিদেশে পাড়ি জমান। ফলে তাদের জীবনে যেমন ভাঙন তৈরি হয়, তেমনি প্রবাসেও নানা প্রতিকূলতা ও সংগ্রামের মুখোমুখি হতে হয়।

এই প্রসঙ্গে মৌসুমী জানান, প্রবাসে টিকে থাকা, নতুন করে সংসার গড়া এবং প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। তার বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর, যিনি চলচ্চিত্রটির পরিচালনাও করেছেন।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হয়। নির্মাতা শুরুতে এটিকে সাসপেন্স থ্রিলারধর্মী সিরিজ হিসেবে ভাবলেও পরে সেটিকে সিনেমা আকারে নিয়ে আসেন। গল্পটি মূলত মৌসুমীর চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে, যেখানে নারীর মর্যাদা ও সম্মানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

গত মার্চে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পাওয়া এই সিনেমাটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডাসহ আরও কয়েকটি দেশেও এর প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, প্রায় দুই বছর পর বড় পর্দায় মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত নতুন কোনো সিনেমা; সর্বশেষ তার অভিনীত সোনার চর মুক্তি পেয়েছিল ২০২৪ সালে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

হামে ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃ*ত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং বাকি ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৯৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং ১ হাজার ১৬৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।

এদিকে, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৩ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯১ জনে।

স্বাস্থ্যসেবার চাপও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন, যার মধ্যে চিকিৎসা শেষে ২০ হাজার ৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

এপ্রিলে প্রবাসীদের রেমিট্যান্স ৩৮ হাজার কোটি টাকা ছাড়াল

আলোকিত প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা আগেভাগেই দেশে অর্থ পাঠাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলজুড়ে দেশে এসেছে ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার কোটি টাকারও বেশি।

রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। খাত সংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশু কেনা ও পরিবারের অতিরিক্ত ব্যয় মেটাতে প্রবাসীরা বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে এক ধরনের গতি ফিরে এসেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে, এপ্রিল মাসে মোট ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা), এর পরিমাণ দাঁড়ায় ৩৮ হাজার ৩৬৮ কোটি টাকার বেশি। এর আগে মার্চ মাসে রেমিট্যান্স আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে এই পরিমাণ ছিল ৩০২ কোটি ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ৪৫৪ কোটি ডলার।

আলোকিত প্রতিদিন / এম আর এম

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা ও র‍্যালি

নোয়াখালী প্রতিনিধি:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

৩মে রবিবার সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন এবং জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও সত্য প্রকাশের অধিকারের পক্ষে স্লোগান দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য উপাদান। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোকিত প্রতিদিন /০৩ মে ২০২৬ /মওম

আটপাড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

তানজিলা আক্তার রুবি:

অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতায় ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে আল বাশার ফাউন্ডেশন। সংগঠনটির সম্মানিত সদস্য আবু খালেদ এঁর অর্থায়নে নেত্রকোণা আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের ৫০০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় দরিদ্র ও ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চাল, ডালসহ প্রয়োজনীয় নিত্যপণ্য তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, টানা বৃষ্টিতে অনেক কৃষকের স্বপ্নের ফসল পানির নিচে তলিয়ে গেছে, ফলে তারা চরম দুর্ভোগে পড়েছেন। এই পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।আয়োজকরা আরো বলেন, উপজেলার আরও কয়েকটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে তাদের কে ও সহায়তা দেওয়ার জন্য আল বাশার ফাউন্ডেশনের কতৃপক্ষ কে বলা হয়েছে। তবে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাসও দেন।

এ সময় উপস্থিত ও সার্বিক দায়িত্বে ছিলেন আটপাড়া উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ,৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন,আল বাশার ফাউন্ডেশনের ম্যানেজার আঃ হালিম, হোসাইন আহমদ একদিলসহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

ডেমরা স্টাফ-কোয়ার্টার যাত্রাবাড়ী ও গুলশান জোনের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী ব্র্যাক নার্সারির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ডেমরাস্থ হোটেল আলমের কনভেনশন হলে। প্রশিক্ষণে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ পঞ্চাশ জনের বেশি কৃষক/কৃষানী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

৩রা মে সকাল থেকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। এসময় পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী জোনে উপসহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম জাবেদ, ব্রাক নার্সারীর ডেমরা জোনের তামান্না ইয়াসমিন, ব্রাক নার্সারী গুলশান জোনের ম্যানেজার সোহানুর রহমান, কানিজ ফাতেমা ও মাহফুজা আহমেদ।

ছাদ বাগান ও সমতল ভূমিতে স্বল্প জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ বাগান তৈরি, সঠিক পরিচর্যা, ফলন বর্ধন ও সময় উপযোগী কীটনাশক প্রয়োগের উপর গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কৃষকদের প্রশ্ন উত্তরের জবাব দেন কৃষি কর্মকর্তা।

বারিধারা এলাকার কৃষক সাইফুল ইসলাম বলেন, ব্র্যাক নার্সারি উদ্যোগে আজকের এই প্রশিক্ষণে আমরা পোকামাকড় দমনসহ নানা বিষয়ে নতুন নতুন অনেক তথ্য জানতে পেরেছি। যা আমাদের কৃষি কাজে ভালো ফলনে ব্যাপক ভূমিকা রাখবে।

উত্তরখান এলাকার কৃষক আবুল কালাম বলেন, আমরা সবসময় না জেনে গাদার মতো খেটে কৃষি কাজ করে থাকি, কিন্তু ফলনের সময় দেখা যায় কাঙ্ক্ষিত ফলন আসে না। তখন আমরা হতাশ হয়ে কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিই। ব্র্যাক নার্সারি উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালায় এসে গাছের বিষয়ে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি, যা আমাদের ভবিষ্যতে কৃষিকাজে উপকারে আসবে।

দাসেরকান্দি ডেমরা এলাকার কৃষানী মরিয়ম আক্তার বলেন, শুধু পেঁপে চাষ নয় সকল ফল ও ফলজসহ কৃষি কাজে বিষয়ে প্রশিক্ষণে ব্র্যাক নার্সারির এই উদ্যোগ কৃষকদের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকরা সঠিক প্রদ্ধতিতে আরো অধিক চাষাবাদে আগ্রহী হবো। ছাদ বাগান ও সমতল ভূমিতে স্বল্প জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ বাগান তৈরি সঠিক পরিচর্যা ও ফসল ফলানোর উপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন।

আয়োজকেরা জানান, চাষাবাদে রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারির মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষক/কৃষানীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আলোকিত প্রতিদিন / এম আর এম

মে মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ও তীব্র তাপপ্রবাহের শঙ্কা

আলোকিত প্রতিবেদক:

চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১–২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশে একটি তীব্র তাপপ্রবাহ (৪০–৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার (৩ মে) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। সংস্থাটির পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও কালবৈশাখি ঝড় দেখা দিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মাসজুড়ে ৫–৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ২–৩ দিন বজ্রসহ তীব্র কালবৈশাখি ঝড় হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে জানানো হয়েছে, মে মাসে ১–৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে অন্তত একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে।

নদ-নদীর পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীতে পানি সাময়িকভাবে বাড়তে পারে।

এদিকে, গত এপ্রিল মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৭৫.৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টি হলেও অন্যান্য সব বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

গাজার ধ্বংসস্তূপে চাপা ৮ হাজার মরদেহ, পুনরুদ্ধারে লাগতে পারে ৭ বছর

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের দীর্ঘমেয়াদি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-এর এক কর্মকর্তা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরব্যাপী যুদ্ধের পর গাজার ধ্বংসাবশেষের এক শতাংশেরও কম অপসারণ করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে এবং পুরো প্রক্রিয়া শেষ হতে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বহু পরিবার এখনো তাদের স্বজনদের মরদেহ উদ্ধারের অপেক্ষায় রয়েছে।

এই তথ্য ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের হিসাবের ওপর ভিত্তি করে তৈরি। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সক্ষমতার ঘাটতির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এদিকে, গাজার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল প্রায়ই তা লঙ্ঘন করছে। তাদের তথ্যমতে, যুদ্ধবিরতির পর নতুন করে ৮২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৩৪২ জন আহত হয়েছেন।

দুই বছর ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭২ হাজার আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো।

জাতিসংঘ জানিয়েছে, পুরো গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা জরুরি হয়ে উঠেছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

চেন্নাইয়ে বিমান থামার আগে দরজা খুলে যাত্রীর লাফ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে চেন্নাইয়ে চলন্ত বিমান থেকে এক যাত্রীর লাফ দেওয়ার ঘটনা ঘটেছে। আজ ৩ মে রবিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

মূল রানওয়ে থেকে এটি পাশের ট্যাক্সিওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিল থামার জন্য। কিন্তু পুরোপুরি থামার আগেই এক যাত্রী জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেন। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চেন্নাই বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, “হ্যাঁ এমন ঘটনা ঘটেছে। বিমানটি ধীরে ধীরে তখনো চলছিল। ওই সময় যাত্রী দরজা খুলে লাফ দেন। এ ঘটনায় কোনো প্রাণহানি এবং বিমানের কোনো ক্ষতি হয়নি।

যাত্রার সময় ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে আরেকটি সূত্র। তিনি বিমানের ভেতর দুইবার বমি করেন। আর অসুস্থতা থেকে তিনি এমন কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

যাত্রী চলন্ত বিমান থেকে লাফ দিলে পাইলট সঙ্গে সঙ্গে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর ভারতীয় কেন্দ্রীয় শিল্প বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরবর্তী তদন্তের জন্য তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ঘটনার পর প্রায় এক ঘণ্টার জন্য চেন্নাই বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ ছিল।

সূত্র: এনডিটিভি

আলোকিত প্রতিদিন /০৩ মে ২০২৬ /মওম