আজ , ।   
Home Blog Page 408

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ!

আলোকিত ডেস্ক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে রোববার (২৫ মে) এ নির্দেশ দেন আদালত।

রোববার প্রসিকিউশন জানান, ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যের জন্য শেখ হাসিনাসহ দুইজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রাজধানীর চানখাঁরপুলে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করা হবে।

গত ২১ এপ্রিল এ মামলার তদন্ত শেষ হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেই বিচারের পরবর্তী ধাপ শুরু হবে।

আটজন আসামির মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম কারাগারে রয়েছেন তারা। এ ছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আকতারুল ইসলাম ও এসি মো. ইমরুল এখনো পলাতক রয়েছেন।

আলোকিত প্রতিদিন/এপি

জাতিসংঘে ভারতকে তুলোধুনো করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা এবং উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন।

সামরিক উত্তেজনার পারদ আপাতত কমলেও ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় উভয় দেশের সম্পর্কে এখনও উত্তাপ বজায় রয়েছে এবং উভয় দেশই একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত মন্তব্য করছে। এমন অবস্থায় পানি চুক্তি স্থগিতে জাতিসংঘে ভারতকে তুলোধুনো করেছে পাকিস্তান।

দেশটি বলেছে, ভারতের পানিবিষয়ক পদক্ষেপে বিপদে পড়েছে কোটি কোটি মানুষ। এমনকি এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হিসেবেও উল্লেখ করে ইসলামাবাদ। ২৫ মে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি ২৪ কোটি মানুষের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে বলে জাতিসংঘকে সতর্ক করেছে পাকিস্তান।

গত শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘে ‘সশস্ত্র সংঘাতে পানিসম্পদ সুরক্ষা’ বিষয়ে আয়োজিত এক বৈঠকে পাকিস্তান এই উদ্বেগ জানায়। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়, যেন এমন মানবিক বিপর্যয় বা আঞ্চলিক অস্থিরতার দিকে না ঠেলে দেয়, সে বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়া হয়।

জাতিসংঘে পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন, “এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, চুক্তির আইন এবং রীতিনীতিভিত্তিক আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।”

তিনি বলেন, “আমরা ভারতের এই বেআইনি ঘোষণা — সিন্ধু চুক্তিকে কার্যত স্থগিত করার — তীব্র নিন্দা করছি। আমরা ভারতের কাছে জোর দাবি জানাই, তারা যেন আইনি বাধ্যবাধকতা মেনে চলে এবং পাকিস্তানের জন্য জীবনরেখাসম এই নদীগুলোর পানির প্রবাহ থামানো, ঘুরিয়ে দেওয়া বা বাধা দেওয়ার মতো কোনও পদক্ষেপ না নেয়। পাকিস্তান এ ধরনের পদক্ষেপ কখনোই মেনে নেবে না।”

উল্লেখ্য, ভারতের শীর্ষ নেতৃত্বের কিছু মন্তব্য উদ্বেগজনক। উদাহরণস্বরূপ, ‘পাকিস্তানিদের না খাইয়ে মারার’ মতো মন্তব্য ‘বিকৃত ও বিপজ্জনক মানসিকতা’র পরিচায়ক।

এছাড়া জাতিসংঘের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে পাকিস্তান বিশ্বজুড়ে একটি ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে, যাতে কেউ পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে।

উসমান জাদুন নিরাপত্তা পরিষদকে এই ইস্যুতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত এমন পরিস্থিতিগুলোর ওপর নজর রাখা, যেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা বিপন্ন হতে পারে বা মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে।”

মূলত পাকিস্তানের এদিনের বক্তব্যে তিনটি বিষয় বিশেষভাবে তুলে ধরা হয়। সেগুলো হচ্ছে— আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে, পানি সম্পদ বা এর পরিকাঠামোতে আক্রমণ নিষিদ্ধ এবং পানি সরবরাহ বন্ধ করা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি। সব পক্ষকে এমন সব পদক্ষেপ এড়িয়ে চলতে হবে, যা মানবিক বিপর্যয় ঘটাতে পারে। পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করাটা গ্রহণযোগ্য নয় এবং এর ফলে অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা তৈরি হয়।

উসমান জাদুন বলেন, “এটা দুঃখজনক যে— একটি দেশ পানিকে এখন কূটনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।”

আলোকিত প্রতিদিন/২৫মে ২০২৫/মওম

কর্মকর্তা-কর্মচারী পরিষদের বিক্ষোভে উত্তাল সচিবালয়

আলোকিত প্রতিবেদক:

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে ২৫ মে রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। এছাড়া কর্মচারীদের রেশন এবং সচিবালয় ভাতা চালুর দাবিও জানান তারা।

কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর এবং মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে ওই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১০টার পর থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের কর্মচারীরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে কর্মচারীদের অংশগ্রহণ বাড়তে থাকে এবং সমাবেশ স্থলে স্থান সংকুলানের অভাব দেখা দেয়।

২৪ মে শনিবার নেতারা সাধারণ কর্মচারীদের নিয়ে সচিবালয়ের আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেখানে অবস্থান নেন। তখন কর্মচারী নেতারা লেজিসলেটিভ সচিবের সঙ্গে আলোচনা করেন।

তিনি বলেন, এ অধ্যাদেশটি উপস্থাপিত হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। তাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা তা করবো। তবে আপনাদের যৌক্তিক বিষয়গুলো বিবেচনারও সুযোগ আছে।

পরে নেতারা সাধারণ কর্মচারীদের সঙ্গে নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দফরে তার সঙ্গে আলোচনায় বসেন। জনপ্রশাসনের সিনিয়র সচিব নেতাদের কথা শোনেন।

তিনি বলেন, নিবর্তনমূলক আইন যাতে বাস্তবায়িত না হয় সে বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মূলত এ আইন প্রস্তাব আকারে আমাদের কাছে এসেছে। তার কথা শুনে কর্মচারী নেতারা ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করে কোনও কার্যক্রম গ্রহণ করা হলে তার দায়-দায়িত্ব সাধারণ কর্মচারীরা বহন করবেন না বলেন তারা।

এ পর্যায়ে সচিব জানান, আপনাদের সঙ্গে আলোচনা না করে এ অধ্যাদেশ চূড়ান্ত হবে না। ওই নিবর্তনমূলক অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও জানান কর্মচারী নেতারা।

আলোকিত প্রতিদিন/২৫মে ২০২৫/মওম

নতুন নোটে থাকবে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর

আলোকিত ডেস্ক:

পবিত্র ঈদ-উল-আজহার আগেই নতুন তিন ধরনের টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। নতুন নকশার এই তিন ধরনের নোটের ছাপা চলছে গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড বা টাঁকশালে। তবে এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না; এর পরিবর্তে প্রাকৃতিক দৃশ্যের ছবি থাকবে।

২৪ মে শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ঋণ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আহসান এইচ মনসুর বলেন, “আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে। তিনটি নোট শিগগিরই বাজারে আসছে। এগুলো হচ্ছে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। ঈদের আগেই এসব নোট আপনারা দেখতে পাবেন। নতুন নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু ঐতিহ্যবাহী ভবন, প্রাণী প্রভৃতির ছবি থাকবে।”

টাকায় মসজিদ-মন্দির-প্যাগোডার মতো ধর্মীয় স্থাপনার ছবি থাকবে কি-না জানতে চাইলে গভর্নর বলেন, “ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যেসব স্থাপনা রয়েছে সেগুলো থাকবে। সেটা মসজিদই হোক বা মন্দিরই হোক, সেখানে আমরা কোনো পার্থক্য দেখছি না।”

২০ টাকার নোটে থাকবে কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দিরের ছবি। ৫০ টাকার নোটে যুক্ত হবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র ও আতিয়া মসজিদের ছবি। বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত থাকবে ১০০০ টাকার নোট।

প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং অন্যান্য শাখা ও পরে ব্যাংকগুলোকে এই টাকা দেওয়া হবে। ঈদের ছুটি শুরুর আগে সীমিতসংখ্যক নোট ছাড়া হতে পারে। নতুন টাকার চাহিদার তুলনায় ছাপা হচ্ছে কম।

আলোকিত প্রতিদিন/২৪মে ২০২৫/মওম

অন্তর্বর্তী সরকার ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সফল হবে: জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব সফল হবে। মানুষ তাদের পেছনে আছে। কিন্তু তাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করে, এখনও সময় আছে লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না।
২৪ মে শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশন আয়োজিত ‘বর্তমান রাজনীতি এবং জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টাদের উদ্দেশ করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনারা যা ইচ্ছে করছেন। মনে হচ্ছে, এটা আপনাদের পৈতৃক সম্পত্তি। বাংলাদেশের ভেতর দিয়ে কে যাবে আসবে আপনারা সিদ্ধান্ত নেবেন, মনে হচ্ছে জনগণের কোনও দায় নেই। যেমনটা পতিত স্বৈরাচার করতো। কিন্তু আপনারা এসব দায় ইউনূস স্যারের ঘাড়ে চাপাচ্ছেন। ড. ইউনূসকে বিতর্কিত করার জন্য উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত।
উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি বলেন, অতীতকে ভুলে যাবেন না। প্রথমে বয়ান দেওয়ার চেষ্টা করলেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট এটি নাকি দ্বিতীয় জন্ম। এসব কথা বলার চেষ্টা করলেন– কিন্তু ৪৭ যদি না হতো ৭১ পেতেন না, ৭১ না হলে ২৪ হতো কিনা বিরাট প্রশ্ন। কাজেই মনে রাখতে হবে, ইতিহাসের ধারাবাহিকতাকে অস্বীকার করার চেষ্টা করবেন না। যার যতটুকু অবদান, সেটাকে স্বীকার করার মধ্যেই সত্যিকারের বীরত্ব আছে। আপনারা যে দেশের ভালো চান, সেটি প্রমাণ করেন। আর  পতিত স্বৈরাচার সরকারের মতো অবস্থা আপনাদেরও হতে পারে।

জাতীয় নাগরিক পার্টিরি (এনসিপি) উদ্দেশে জাহিদ হোসেন বলেন, আপনারা আইন-আদালতকে বিশ্বাস করেন না। আইন-আদালত যখন আপনাদের পক্ষে থাকে তখন আপানার খুশি। আর যখন বিপক্ষে যায়, তখন ফেইসবুকে স্ট্যাটাস দেন। এগুলো তো শেখ হাসিনার মানসিকতা। সবসময় আন্দোলন সংগ্রামে ছাত্র-জনতা মাঠে থাকে। তার পরে দেশের জনগণ সিদ্ধান্ত নেয়, কাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবেন।  আপনারা নিজেদের ট্যাগ ধরে ফেলেছেন। আপনারা সব কৃতিত্ব নিজেদের দাবি করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। জুলাই-আগস্টে তারা সেটি প্রমাণ করেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করতে গেলে নিজেরাই বিতর্কিত হয়ে যাবেন।

অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন– বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২৪মে ২০২৫/মওম

দায়িত্ব পালনে বাধা পেলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার!

বিশেষ প্রতিনিধি, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শের-ই-বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিবৃতিতে আরো বলা হয়, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ারবহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভায়।

দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কারকাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে।

আরও বলা হয়, শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার ওপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানান।

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচারপ্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

 অভিনেতা মুকুল দেবের মৃত্যুর খবরে মুখ খুললেন রাহুল দেব

বিনোদন ডেস্ক:
মুকুল দেবের অকাল প্রয়াণে শোকের ছায়া বলিউডে। অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতা মনোজ বাজপেয়ী। কিন্তু মুকুলের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলেননি তিনি।

এবার ভাইয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা রাহুল দেব। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। তবে গত ৮-১০ দিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে রাহুল জানিয়েছেন মুকুলের শেষকৃত্যের কথা। তিনি লিখেছেন, ‘গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন।’

রাহুল আরও লিখেছেন, ‘মুকুলকে আমাদের দুই ভাই বোন রাশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও তাকে মনে করবে। দয়া করে বিকেল পাঁচটায় ভাইয়ের শেষকৃত্যে যোগ দিন।’

দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা জানাননি রাহুলও। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউডের তারকারা।

মনোজ বাজপেয়ী ছাড়াও বিন্দু দারা সিংহ, দীপশিখা নাগপালও শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বড় পর্দার সঙ্গে ছোট পর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের।

হিন্দি সিনেমা তাঁর ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য।

আলোকিত প্রতিদিন/২৪মে ২০২৫/মওম

ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের প্রস্তুতির আহ্বান বিএনপি নেতা জিন্নাহর

মো: মহিদ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ২৩ মে শুক্রবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামে এই প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। এসময় আরো বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিকসহ, ঘিওর দৌলতপুর ও শিবালয় উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/২৪মে ২০২৫/মওম

কক্সবাজারে মেধা,যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পেলেন ৩২ জন কনস্টেবল 

আবু সায়েম: 
মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে কক্সবাজার জেলায় নিয়োগ পেলেন  ৩২ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)।
জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন।
পুলিশ জানায়,বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলমের সার্বিক দিকনির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশের নিবিড় তত্ত্বাবধানে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
২২ মে বৃহস্পতিবার কক্সবাজার জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মোঃ সাইফউদ্দীন শাহীন এবং বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে প্রাথমিকভাবে নির্বাচিত ৩২জন প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট জসিম উদ্দিন চৌধুরী জানান,, চলতি নিয়োগ প্রক্রিয়ায় মোট ৬৮০ জন প্রার্থী প্রিলিমিনারি স্ক্রিনিং পেরিয়ে শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। তিনদিনের এই পরীক্ষার শেষে ৩২৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৫৯ জন উত্তীর্ণ হন এবং পরবর্তীতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে যাচাই শেষে ৩২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
এদিকে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে অশ্রু সংবরণ করতে পারেননি।  জীবনের প্রথম সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন । সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কক্সবাজার জেলা পুলিশের প্রতি । প্রাথমিকভাবে নির্বাচিত সদস্যদের সাফল্যের কান্না এতটাই হৃদয়স্পর্শী ছিল যে, উপস্থিত অনেকের চোখেও জমে উঠেছিল অশ্রুজল।
কক্সবাজার জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মোঃ সাইফউদ্দীন শাহীন তাঁর সমাপনী বক্তব্যে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মহান ব্রত নিয়ে জনসেবায় নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/২৪মে ২০২৫/মওম

নবীনগরে লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু 

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর  উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে শনিবার সকালে  লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে আবুবক্কর (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বিদ্যাকুট গ্রামের তারেক জিয়ার ছেলে। ঘটনার সময় সে তার নানার বাড়িতে ভৈরবনগর বেড়াতে গিয়েছিল।
নিহতের পিতা তারেক জিয়া এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, নিহত শিশু আবু বক্কর গত বৃহস্পতিবার ভৈরবনগর মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যান। আজ সকালে নানা বাজার থেকে সকালে লিচু নিয়ে আসে, খেলাধুলার ফাঁকে এক পর্যায়ে আবুবক্কর লিচু খাচ্ছিল। অসাবধানতাবশত একটি লিচুর বিচি গলায় আটকে গেলে সে শ্বাস নিতে না পেরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর দেখে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/২৪মে ২০২৫/মওম