আজ , ।   
Home Blog Page 405

উপদেষ্টা রিজওয়ানার গাড়ি বহরে হামলার খবরটি সঠিক নয় : মন্ত্রণালয় !

আলোকিত ডেস্ক,  শেরপুরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহরে হামলা হয়েছে মর্মে প্রকাশিত খবরটি সঠিক নয় বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ সোমবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রকৃত বিষয় হলো, আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীর দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং পরে মধুটিলা রেঞ্জে দীর্ঘমেয়াদি বাগান এলাকা পরিদর্শনের উদ্দেশে রওনা হন তিনি।

এতে আরো বলা হয়, পরবর্তীতে তিনি মধুটিলাতে একটি জনসভা করেন। সেখানে তিনি হাতির আক্রমণে আহত- নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেন এবং হাতি-মানুষের দ্বন্দ্ব ও প্রাকৃতিক বন রক্ষার বিষয়ে মতবিনিময় করেন যা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ ছিল। এ সকল অনুষ্ঠানের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পরবর্তীতে একটি স্থানে কয়েকজন সাংবাদিক ও ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে জানা যায়, যা উপদেষ্টার সফরের সঙ্গে সম্পর্কিত নয়।

আলোকিত প্রতিদিন/এপি

সিরাজগঞ্জে বসতবাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু ও ২টি মহিষ চুরি

ওয়াসিম সেখ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডুমরাই মধ্যপাড়া গ্রামের কৃষক আব্দুল কাদের মির্জার বসতবাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু ও ২টি মহিষ চুরির ঘটনা ঘটেছে।
২৬ মে সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা গোয়ালঘরে ঢুকে গলায় রশি কেটে গরু ও মহিষগুলো চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় আব্দুল কাদের মির্জা এবং তার ভাইয়ের সর্বমোট প্রায় ১১ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গরুর মালিক আব্দুল কাদের মির্জা ব‌লেন, রাতের বেলা অজ্ঞাতনামা চোরেরা তাদের বাড়ির গোয়ালঘর থেকে গরু ও মহিষগুলো চুরি করে নিয়ে গেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়ে বলেন, গরুর মালিক আব্দুল কাদের মির্জা রাত অনুমান ১২টার দিকে বাড়িতে থাকা গোয়ালঘরের গরু ঠিকমতো দেখে শুয়ে পড়েন। রাত ১টার দিকে গ্রাম পুলিশ রাস্তা দিয়ে মাইকিং করে গরু চোরের বিষয়ে সতর্ক করে যান। এরপর রাত অনুমান ২টার দিকে মোঃ আবু তালেব মির্জা গোয়ালঘরে গিয়ে দেখেন তার গোয়ালঘরের গরু নেই। এই চুরির ঘটনায় দুই ভাইয়ের আটটি গরু ও দুইটি মহিষের আনুমানিক ১১ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। পুলিশ চোরদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে।
আলোকিত প্রতিদিন/২৬মে ২০২৫/মওম

ঈদে যান চলাচল ও গরুর হাটে চাঁদাবাজি বন্ধে মাঠে থাকবে সেনাবাহিনী

আলোকিত ডেস্ক,  ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলে ২ সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছেন লে. কর্নেল মো. শফিকুল ইসলাম।

সোমবার সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।

তিনি আরো বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু-হাটকে কেন্দ্র করে চাঁদাবাজ এবং ছিনতাইকারীদের দৌরাত্ম বৃদ্ধি পায়, মূল সড়কের পাশে পশুরহাটের অবস্থান হওয়ায় রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয় তখন। যার ফলে জনসাধারণের মাঝে জনদূর্ভোগ ও জানমালের নিরাপত্তার হুমকি সৃষ্টি হয়। সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পশু হাটে চাঁদাবাজি ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে বলে তিনি জানান।

আলোকিত প্রতিদিন/এপি

জর্ডানের উদ্দেশে দেশ ছাড়লো নারী ফুটবল দল!

স্পোর্টস ডেস্ক, ফিফা উইমেন্স ইন্টারন্যাশনাল ম্যাচ উইন্ডোর অংশ হিসেবে ত্রিদেশীয় প্রীতি সিরিজ খেলতে জর্ডানের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন নারী দল।

জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিতব্য এই সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ, স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়া। তিন দলের এই প্রীতি সিরিজটি বাংলাদেশ দলের জন্য আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ার এর প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী ৩১ মে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে খেলবে।

কাগজে-কলমে শক্তিমত্তায় জর্ডান ও ইন্দোনেশিয়া কিছুটা এগিয়ে থাকলেও, নিজেদের সেরা খেলাটাই মাঠে তুলে ধরতে চায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

গতকাল রবিবার ত্রিদেশীয় সিরিজের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই স্কোয়াডে রাখা হয়নি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ৫ ফুটবলার- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাৎসুশিমা সুমাইকে।

বাংলাদেশ স্কোয়াড-
রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, আফঈদা খন্দকার, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, সুলতানা, মেঘলা রানী রায়, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবিরন খাতুন, ফেরদৌসি আক্তার সোনালী, উমহেলা মারমা ও শান্তি মারদি।

আলোকিত প্রতিদিন/এপি

পুতিনকে বহনকারী হেলিকপ্টারে ড্রোন হামলা!

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। তবে, ঠিক সময়ে সেই হামলা রুখে দিতে সক্ষম হয়েছে রাশিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম।

রুশ বার্তাসংস্থা আরবিসিকে এমনটিই জানিয়েছেন রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট কমান্ডার ইউরি দাশকিন।২৫ মে রবিবার আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাশকিন বলেন, গত ২০ মে ইউক্রেনের সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্ক সফরে গিয়েছিলেন পুতিন। গত কয়েক মাস ধরে ক্রুস্কে ব্যাপক সংঘাত চলছে রুশ এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে।

রুশ কমান্ডার দাবি করেন, সেদিন ক্রুস্কের আকাশে ৪৬টি ড্রোন ছুড়েছিল ইউক্রেনীয় বাহিনী। এটি ছিল পুরোপুরি অপ্রত্যাশিত একটি হামলা এবং এর মূল লক্ষ্য বা কেন্দ্র ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। প্রতিটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার বেশ আগেই আমরা ধ্বংস করেছি। হেলিকপ্টারের গায়ে একটি আঁচড়ও লাগেনি।

তিনি আরও জানান, গত ২০ মে থেকে ২২ মে পর্যন্ত রাজধানী মস্কোসহ বিভিন্ন শহরের সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে মোট ১ হাজার ১৭০টি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে প্রতিটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলায় রাশিয়ায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।আরবিসিকে কমান্ডার দাশকিন বলেন, ২০ মে সফর শেষ করে একই দিন রাজধানী মস্কোতে ফিরে আসছিলেন পুতিন, সে সময়ই তাকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে একের পর এক ড্রোন নিক্ষেপ করা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট প্রতিটি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করেছে।

ব্যাপক এই ড্রোন হামলার পর শনি এবং রবিবার ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে মস্কোও। এতে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/২৬মে ২০২৫/মওম

মানিকগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত, প্রাণবন্ত অংশগ্রহণ শিক্ষার্থীদের

মো: মহিদ:
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা। সোমবার সকাল ৯টায় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী পাঁচটি গ্রুপে ২৩টি ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন সুস্থ থাকবে, তেমনি মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। সরকারের ক্রীড়া উদ্যোগকে সফল করতে শিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংগঠকদের একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কনকা প্রভা রায় এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/২৬মে ২০২৫/মওম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

সাইফুল ইসলাম সবুজ:

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতি এবং নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৫ মে রবিবার রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২৬ মে সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) ও ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির সময় লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও ১টি ব্যাগ উদ্ধার করা হয়৷ তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন৷

এ বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে৷ গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

আলোকিত প্রতিদিন/২৬মে ২০২৫/মওম

গর্ভবতী নারীরা যে ৫ ফল খাবেন না!

লাইফস্টাইল ডেস্ক: গর্ভবতী নারীর পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি। ফলমূল, সবজি, খনিজ, প্রোটিন – এ সবই শিশুর গঠন ও বিকাশের জন্য প্রয়োজন। তবে গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাস সরাসরি গর্ভের শিশুর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাই কিছু ফল পুষ্টিকর হলেও গর্ভাবস্থায় সেগুলো খাওয়া ঝুঁকিপূর্ণ এবং ক্ষতি হতে পারে।

আমাদের দেশে যুগ যুগ ধরে বাড়ির বয়স্ক নারীদের কাছে বিভিন্ন খাবার খাওয়া ও না খাওয়ার পরামর্শ পেয়ে এসেছেন গর্ভবতী নারীরাও। সেগুলোর কিছু কিছু কুসংষ্কার হলেও বাকিগুলো তাদের অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান। তবে বর্তমানে বিজ্ঞানের উৎকর্ষের কারণে আমরা স্পষ্ট করে জানি যে, কোন পরামর্শগুলো মেনে নেওয়া উচিত এবং কেন। চলুন জেনে নেওয়া যাক গর্ভবতী নারীরা কোন কোন ফল খাবেন না।

১. পাকা পেঁপে

পাকা পেপেতে ল্যাটেক্স নামক একটি উপাদান থাকে, যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে। এতে গর্ভপাত বা অকাল প্রসবের ঝুঁকিও বাড়ে। এছাড়া পেপেতে থাকা প্যাপাইন এনজাইম গর্ভফুল (প্লাসেন্টা) এর কোষ ধ্বংস করতে পারে, যা ভ্রূণের জন্য ক্ষতিকরও বটে।

২. আনারস

আনারসে ব্রোমেলিন নামক এনজাইম থাকে, যা জরায়ু মুখ নরম করে সংকোচন সৃষ্টি করতে পারে তখন। প্রথম তিন মাস আনারস খেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শেষের দিকে পরিমিত আনারস খাওয়া যেতে পারে।

৩. আঙুর

আঙুরে রেসভেরাট্রল নামক যৌগ থাকে, যা গর্ভাবস্থায় বিষাক্ত হতে পারে আপনার। বিশেষ করে কালো আঙুর না খাওয়াই ভালো, কারণ এটি শরীরের তাপমাত্রা বাড়িয়ে গর্ভস্থ শিশুর ক্ষতি ও করতে পারে। এছাড়া আঙুরে সাধারণত কীটনাশকের মাত্রা বেশি থাকতে পারে, যা গর্ভবতী মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ বটে।

৪. তেতুল

তেতুলে ভিটামিন-সি বেশি থাকলেও এটি অ্যাসিডিক প্রকৃতির। গর্ভাবস্থায় অতিরিক্ত তেতুল খেলে অম্লতা ও বমি বেড়ে যেতে পারে। এছাড়া তেতুলের ল্যাক্সেটিভ প্রভাব থাকায় ডায়রিয়া বা পানিশূন্যতা দেখা দিতে পারে, যা গর্ভাবস্থায় ক্ষতিকর হচ্ছে তেতুল।

৫. লিচু

লিচুতে শর্করা ও তাপ উৎপাদনকারী উপাদান বেশি থাকে, যা গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। এছাড়া লিচু গরম প্রকৃতির ফল, তাই শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে গর্ভের শিশুর জন্য ক্ষতিকরও হতে পারে। কিছু গবেষণায় লিচুর সঙ্গে গর্ভপাতের সম্পর্কও পাওয়া গেছে।

তাই গর্ভাবস্থায় যে কোনো ফল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। খওয়ার আগে ফল ভালোভাবে ধুয়ে কীটনাশকের ঝুঁকি কমাতে হবে। অতিরিক্ত কোনো ফলই খাওয়া ঠিক নয়, বিশেষ করে প্রথম তিন মাস সতর্ক থাকতে হবে।

আলোকিত প্রতিদিন/এপি

‘কৌশলগত’ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পাকিস্তান-তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান ও তুরস্ক এক যৌথ বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর এবং শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইস্তানবুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে এই আলোচনা হয়।

২৬ মে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

দুই দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছান প্রধানমন্ত্রী শেহবাজ। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। চার-দেশীয় আঞ্চলিক সফরের অংশ হিসেবে প্রথমে তুরস্কে গেছেন শেহবাজ ও তার সফরসঙ্গীরা।

সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার সময় পাকিস্তানের প্রতি নিরলস সমর্থন দেওয়ার জন্য রবিবার অনুষ্ঠিত বৈঠকে শেহবাজ তুরস্ক সরকার এবং জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “তুরস্কের নীতিগত অবস্থান এবং তাদের জনগণের অকুণ্ঠ সহানুভূতি পাকিস্তানের জন্য এক বিরাট শক্তির উৎস।”

শেহবাজ আরও বলেন, পাকিস্তান সেনাবাহিনীর সাহসিকতা, ত্যাগের মানসিকতা এবং জনগণের দেশপ্রেম, “মারকাহ-ই-হক” ও “অপারেশন বুনইয়ানুম মারসুস”-এ পাকিস্তানের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক পর্যালোচনা করেন এবং একে আরও এগিয়ে নেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেন। বিশেষভাবে কাশ্মির ইস্যুতে পারস্পরিক নীতিগত সমর্থনের কথাও উঠে আসে। তারা আঞ্চলিক শান্তি এবং দুই দেশের জনগণের সম্মিলিত উন্নয়নের জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, প্রতিরক্ষা, অবকাঠামো এবং কৃষি খাত—এই পাঁচটি খাতে তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগ এবং বিনিয়োগ বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে।

এছাড়া বৈঠকে শুধু দ্বিপাক্ষিক বিষয় নয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হয়। গাজায় চলমান মানবিক সংকট নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর দাবি জানান।

পাকিস্তানের প্রতিনিধি দলে আরও ছিলেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ তারিক ফতেমি এবং তুরস্কে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ড. ইউসুফ জুনেইদ।

পরে প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী শেহবাজ এবং তার প্রতিনিধি দলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী শেহবাজের দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “এই উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের ঐতিহাসিক, গভীর ও ভাইয়ের মতো সম্পর্ককে পুনরায় দৃঢ়ভাবে প্রতিফলিত করছে। এই সম্পর্ক গড়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং সম্মিলিত উন্নয়নের স্বপ্ন থেকে।”

আলোকিত প্রতিদিন/২৬মে ২০২৫/মওম

‘ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব’

আলোকিত ডেস্ক:

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।গতকাল রবিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর ‘জাতীয় সরকার’ এর রূপরেখার ওপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয়।

জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করে সংগঠনের আহ্বায়ক নাজিমুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি, ড. বদিউল আলম মজুমদারকে উপ-রাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে উপ-প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করা হয়।

এ ছাড়া উপদেষ্টাদের দায়িত্ব পুনঃবণ্টন ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা, তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির ২৫ শতাংশ, জামায়াত ২০ শতাংশ, এনসিপি ১৫ শতাংশ, ইসলামী আন্দোলন ৫ শতাংশ, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ১০ শতাংশ, বাকি রাজনৈতিক দল থেকে ২৫ শতাংশ প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে।

তিনি বলেন, এই কাঠামোর ওপর ভিত্তি করে বর্তমান সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনা নীতি প্রণয়ন করতে পারেন। আর একে রাষ্ট্র পরিচালনার ‘জাতীয় সনদ’ বলা যেতে পারে।

জাতীয় সনদে বর্তমান সংবিধানে অপরিসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীদের বণ্টনের মাধ্যমে সুষ্ঠু সমতা আনয়ন করা হবে এবং স্বেচ্ছাচারী এবং স্বেচ্ছাচারী মনোভাবমুক্ত ক্ষমতার বিকেন্দ্রীয়করণ/সমতা আনা হবে। এজন্য রাষ্ট্র বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী, সুশীল সমাজ প্রতিনিধি, বিশিষ্টজনসহ সমাজের সর্বস্তরের জনগণের মতামত গ্রহণ করার কথা জানান নাজিমুল হক।

সংগঠনের আহ্বায়কের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. জয়নুল আবেদীন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের সমন্বয়ক মো. সালাহ উদ্দিন কবির।

বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএফ ফরমানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলমগীর অপূর্ব, কাজী আমিনুল করিম।

বক্তারা বলেন, জাতীয় সরকারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণকর রাষ্ট্রীয় রাজনৈতিক, প্রশাসনিক, শাসনতান্ত্রিক ব্যবস্থার ঐক্যবদ্ধ এবং সমবেত সরকার গঠন ও সুশাসনের নিশ্চিত প্রতিফলন।

তারা বলেন, এখানে শাসক কখনো শোষক হবে না। শাসক সবসময় জনগণের দ্বারা মনোনীত এবং জনগণের সদিচ্ছার প্রতিফলনকারী হবেন। এখানে সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ ও পরিচালন নিশ্চিত হবে তথা জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

আলোকিত প্রতিদিন/২৬মে ২০২৫/মওম