আজ , ।   
Home Blog Page 404

সচিবালয়ে কর্মচারীদের সঙ্গে বৈঠকে ৩ সচিব!

বিশেষ প্রতিনিধি, সরকারি চাকরি আইন সংশোধন করে জারি করা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তিন সচিব।

আজ মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বৈঠকে সভাপতিত্ব করছেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

এদিন সকাল থেকে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সাংবাদিক ও দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে দুপুর ১টার পর থেকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার সদর উপজেলায় শুভ উদ্বোধন হয়েছে ভূমি মেলা

আবু সায়েমঃ
জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বাড়াতে কক্সবাজার জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদরে  উদ্বোধন  হয়েছে ৩ দিন ব্যাপি ভূমি মেলা। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন ও পায়রা  উড়িয়ে মেলার শুভ  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  নিজাম উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার  নিলুফা ইয়াসমিন চৌধুরী ও ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার  বিমল চাকমা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) সদর,কক্সবাজার  শারমিন সুলতানা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  নিজাম উদ্দিন বলেন, ভূমি সেবা সহজ করা হয়েছে। কোন প্রকার ভোগান্তি ছাড়া অনলাইনের মাধ্যমে সব কিছু করা যাবে। তাই অতিরিক্ত টাকা দিয়ে কেউ ভূমি সেবা নেওয়ার চেষ্টা করবেন না। জনবান্ধব ভূমি সেবা জনসাধারনের দোর গোড়ায়  পৌঁছে দিতে সারা বাংলাদেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলায়ও তিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।
তিনি আরো বলেন, ভূমি আমাদের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ তাই ভূমির বিষয়ে আমাদের সকলকে জানতে হবে।এসময় তিনি কর্মরত কর্মকর্তাগণকে জনগণকে আন্তরিক সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এদিকে  ভূমি মেলা ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে।
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে মেলায় কর পরিশোধ করা সেবা গ্রহিতাদের মাঝে সহজীকরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৭মে ২০২৫/মওম

স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রকাশ্যে গুলি করে হত্যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না: আমিনুল হক

ইমরান হোসেন : বিশেষ প্রতিনিধি, শুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল আহসান সাধন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক; পাশাপাশি অবিলম্বে দ্রুত হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি। আজ সোমবার বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আন্তঃ থানা ফুটবল টূর্নামেন্ট দারুসসালাম বনাম ভাটারা থানার ম্যাচ উদ্ভোধন ও বিকেলে মিরপুরের পল্লবীতে নিজ নির্বাচনী আসনের সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও সকালে মিরপুর উদয়ন স্কুল এন্ড কলেজের নব নির্মিত ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, ৫ আগষ্টের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই ধরনের হত্যাকান্ড আশানুরূপ নয় – আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতাকে এই ভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে -এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। দূর্বৃত্ত যেই হউক না কেনো আইনের আওতায় এনে তার বিচার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই হত্যাকান্ডের তীব্র নিন্দা করছি এবং দ্রুত সময়ের ভিতরে দূর্বৃত্তদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করার জোর দাবী করছি।

তবে আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি- তারা হত্যাকান্ডের সাথে কারা জড়িত রয়েছে? তার প্রেক্ষাপট কি? পিছনে কি ঘটনা রয়েছে? আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্নক ভাবে চেষ্টা করছে। দেশের নাগরিকদের জানমাল রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা আশা করবো, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা কার্যকর পদক্ষেপ নিবেন।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য আলী আকবর আলী, সাজ্জাদ হোসেন মোল্লা, শামীম পারভেজ, নরুল হক ভূইয়া নূরু, হাজী নাসির উদ্দীন, হাফিজুল হাসান শুভ্র, এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা,দারুসসালাম থানা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক,সাবেক ছাত্রনেতা এইচ এম ইমরান, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পল্লবী থানা ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, মোহাম্মদপুর থানা বিএনপি আহবায়ক শুক্কুর মাহমু, যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, ৩৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এ্যাড. মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু, আদাবর থানা বিএনপি যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার,গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জাসাস পল্লবী থানা সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক রিপন হাসান খন্দকার, থানা বিএনপি আহবায়ক সদস্য আব্দুল আলী প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

গাড়ির ভেতরে একই পরিবারের সাত জনের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় একই পরিবারের সাত সদস্য বিষপানে আত্মহত্যা করেছেন। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।

কর্মকর্তার মতে, হরিয়ানার পঞ্চকুলা শহরে একটি গাড়ির ভেতরে আত্মহত্যা করেছেন ওই সাত জন।

গাড়ির ভেতর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের খবর অনুসারে, ২৭ মে মঙ্গলবার ভোরে একটি গাড়ির ভেতরে কয়েক জনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির দরজা ভেঙে সাত জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।তাদেরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সবাইকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই পরিবারের সদস্যেরা উত্তরাখণ্ডের দেহরাদূনের বাসিন্দা। সোমবার ওই পরিবারের সদস্য প্রবীণ মিত্তল একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী-পুত্রকে নিয়ে হরিয়ানার বাগেশ্বরধামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ই এই ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাতের মধ্যে ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে।গাড়িতে ছিলেন ৪২ বছর বয়সী প্রবীণ মিত্তল, তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং তিন সন্তান- দুই মেয়ে, এক ছেলে। ভারী ঋণ এবং ব্যর্থ ব্যবসা এই ঘটনার পিছনে কারণ বলে জানা গেছে। পুলিশ দুই পৃষ্ঠার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে।পরিবারের এই কঠোর পদক্ষেপের কারণ উল্লেখ করা হয়েছে নোটে। এতে লেখা হয়েছে ঋণের কারণে দেউলিয়া হয়ে যাওয়ার কারণে এই চরম পদক্ষেপ নিচ্ছেন তারা।

যা ঘটেছে তার সবকিছুই তার দোষ এবং তার শ্বশুরকে ঝামেলা না করার জন্য সকলের প্রতি অনুরোধ করেছেন প্রবীণ মিত্তল।

মরদেহগুলো একটি বেসরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আলোকিত প্রতিদিন/২৭মে ২০২৫/মওম

ইরানের ব্যাপারে নেতানিয়াহুকে একই নীতিতে দেখতে চান ট্রাম্প: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একই অবস্থানে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম একথা জানিয়েছেন।

এই বার্তাটি তিনি নেতানিয়াহুকে পৌঁছে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।  ২৭ মে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন-ইরান নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নীতিমালা যেন একই অবস্থানে থাকে।

সোমবার ইসরায়েল সফর শেষে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোম একথা বলেন। তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা ছিল “খোলামেলা এবং সরাসরি”। মার্কিন গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর কাছ থেকে এই মন্তব্য এমন সময় এলো যখন ইতালির রোমে পরমাণু আলোচনার পঞ্চম দফা শেষ করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

নোম বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বিশেষভাবে পাঠিয়েছেন যেন আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এই আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করি এবং কীভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।”

গত রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা ইরানের সঙ্গে খুবই ইতিবাচক কিছু আলোচনা করেছি। এখনই কিছু বলা না গেলেও আমার ধারণা, শিগগিরই আমি আপনাদের ভালো কিছু জানাতে পারব।”

তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে তারা জানতে পেরেছে, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে— যদিও এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে।

ইরান স্পষ্ট করে জানিয়েছে, ইসরায়েল যদি হামলা চালায়, তাহলে তারা কঠোর জবাব দেবে। ইরান বলছে, নেতানিয়াহু এসব করে যুক্তরাষ্ট্রের কূটনীতি ব্যর্থ করতে চাইছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “নেতানিয়াহু মরিয়া হয়ে চেষ্টা করছেন যেন যুক্তরাষ্ট্রকে ইচ্ছেমতো চালনা করা যায়।”

মূলত আলোচনার মূল বিরোধ এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে। যুক্তরাষ্ট্র চায়, ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক। কিন্তু তেহরান বলেছে, এটা তাদের সার্বভৌম অধিকার, এবং পরমাণু অস্ত্র নয়, বেসামরিক উদ্দেশ্যে এটি প্রয়োজন।

তেহরান আরও বলছে, এনপিটি চুক্তি অনুযায়ী তারা কোনো আইন ভঙ্গ করছে না।এদিকে, ইসরায়েল বহু বছর ধরেই দাবি করে আসছে— ইরান পরমাণু বোমা বানানোর দ্বারপ্রান্তে রয়েছে। তারা ইরানকে ইসরায়েল-বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষক বলেও বিবেচনা করে থাকে।

এই পরিস্থিতিতে নোম বলেন, “আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তি চান, কিন্তু পরমাণু অস্ত্রধারী ইরান তিনি কখনই মেনে নেবেন না। এবং তিনিও চান যে এই প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) যেন তার সঙ্গে একই অবস্থানে থাকেন।”

আলোকিত প্রতিদিন/২৭মে ২০২৫/মওম

চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা

আলোকিত প্রতিবেদক:

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা। ২৭ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সচিবালয়ে বিক্ষোভ করেন তারা।

এদিকে, সকাল থেকেই সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে সোয়াট এবং বিজিবির সদস্যরা।

dhakapost
সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের গেটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োজিত রয়েছেন। কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি।

অন্যদিকে, সচিবালয়-এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ।

২৬ মে সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা। বিক্ষোভ শেষে মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করেন তারা।

আর সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

আলোকিত প্রতিদিন/২৭মে ২০২৫/মওম

সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন!

আলোকিত ডেস্ক, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সচিবালয় এলাকা তোলপাড়। মঙ্গলবার সকালে সচিবালয়ে কর্মচারীদের মিছিল করতে দেখা যায়। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সামনে (নতুন বিল্ডিংয়ের নিচে) বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের শত শত কর্মচারীরা।

তবে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট মোতায়েন রয়েছে। এছাড়া সচিবালয়ের সামনে বিজিবি মোতায়েন দেখা গেছে। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারছেন না আজ।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আজ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

সচিবালয়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছেন, সাংবাদিকদের প্রবেশের বিষয়ে আজ দুপুর ১২টার দিকে সিদ্ধান্ত নেওয়া হবে।

দাবি আদায়ে গতকাল টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ আবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ।

এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সব সংগঠন মিলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে আজ।

 

পাতি নেতাদের তদবিরে অস্বস্তিতে আনোয়ারা উপজেলা প্রশাসন

এম. জসিম উদ্দিন, আনোয়ারা,  স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের পর আনোয়ারায় বিভিন্ন রাজনৈতিক দলের পাতি নেতাদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এসব ছিঁচকে নেতাদের মধ্যে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি- সন্ত্রাসী- চুরি- ডাকাতি- চিনতাইসহ নানান অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, একসময় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত সন্ত্রাসীরাও বিএনপি- জামায়াতের শেল্টারে বিভিন্ন অফিসে তদ্বিরে করছে। তাদের তদ্বিরের কারণে উপজেলা প্রশাসনের চতুর্থ- পঞ্চম শ্রেণির কর্মচারী থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তারাও বিব্রতবোধ করছেন। বিএনপি- জামায়াতের কয়েকজন শীর্ষ নেতা বলছেন, দলের ভাবমূর্তি রক্ষায় এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে। বিগত বছরের ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের পরপর বড় নেতা- মাঝারি নেতাদের পাশাপাশি ছিঁচকে নেতা- পাতি নেতাদের দাপট ছিল চোখে পড়ার মতো। এদের প্রভাব এবং শক্তি এতটাই বেশি ছিলো যে, ভয়ে প্রশাসনের কেউ প্রতিবাদ করার সাহস পাননি।

সম্প্রতি সিসি টিভিতে ধারণ করা কয়েকটি ভিডিও ফুটেজ আলোকিত প্রতিদিনের প্রতিনিধির নজরে পরে। এসব ছিঁচকে নেতাদের দাপটের কারণে পুলিশের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ারও সুযোগ হয়নি। মুক্তিযোদ্ধা আইয়ুব খান রফিক-মানিকদের মতো আরও প্রায় ডজন ডজন বিএনপি-জামায়াত-এলডিপি-এনসিপি সমর্থিত অসংখ্য নেতাকর্মী রয়েছেন, যারা চাঁদাবাজি- দখলবাজি সহ উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক অপকর্ম চালিয়ে আসছেন। এসব নেতারা বিএনপি- জামায়াতের কপালে কলঙ্কের কালিমা লেপন করে চলেছেন। এদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা দলে অনুপ্রবেশকারী বা হাইব্রিড। তাদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলনসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

সর্বশেষ যুবদল-ছাত্রদল সিনিয়র নেতার অনুসারীদের হাতে উপজেলা সদরে অনেক নিরীহ মানুষ মারধরের শিকার হন। মারধরের ঘটনাগুলো সারা আনোয়ারায় তোলপাড় সৃষ্টি করে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হোসেন বলেন, বিএনপি-যুবদল-ছাত্রদল ও দলের সহযোগী সংগঠনের মধ্যে আমাদের অনুসারী কেউ তদ্বির এবং থানার দালালী কাজে জড়িত নয়। অন্য কোন গ্রুপের নেতাকর্মীর অপকর্মের দায়ভার আমরা নিবো না এবং তাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হলে এ বিষয়েও আমরা দায়ী নই।
সূত্রমতে, আনোয়ারা- কর্নফুলি উপজেলা বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। তবে দীর্ঘদিন হাসিনা সরকার ক্ষমতায় থাকায় এ এলাকায় আওয়ামী লীগের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজনৈতিক অনভিজ্ঞতা- স্বেচ্ছাচারিতায় গ্রুপ পলিটিক্সের কারণে আনোয়ারা- কর্নফুলি আওয়ামী লীগের ত্রাসের রাজত্ব কায়েম হয়।

সেসময়ে পশ্চিম আনোয়ারার উপকূলীয় এলাকা দিয়ে আসা ইয়াবা ট্যাবলেটের ভাগ নিয়ে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও আনিসুজ্জামান রনির মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়। শেখ হাসিনার সরকার পতনের পর জাবেদ-রনিসহ তাদের অনুসারী আওয়ামী লীগ নেতারা পালিয়ে যান এবং অপরাধ রাজ্যের হাল ধরেন বিএনপির কিছু নেতাকর্মী। এদের মধ্যে বেশ কয়েকজন হাইব্রিড নেতাও রয়েছেন। যারা একসময় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে থেকে নানা অপরাধ করতেন। ক্ষমতার পটপরিবর্তনের পর আওয়ামী লীগের ঐসব নেতা-কর্মীরা এখন বিএনপির হয়ে ডাকাতি, চাঁদাবাজি এবং অবৈধ বালু বাণিজ্যসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি মাস্টার বলেন, চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে প্রশাসনকে আমরা সবসময় অভিযোগ করে আসছি। তিনি বলেন, প্রশাসন আমাদের কোন কথার কর্ণপাত করছেন না।

মাস্টার আব্দুল গণি আরও বলেন, জামায়াত ইসলামী- ইসলামী ছাত্র শিবির একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। তদ্বীরবাজদের বিষয়ে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর সভাপতি ও আনোয়ারা-কর্নফুলি আসনের দলীয় প্রার্থী এমরান চৌধুরী বলেন, আমাদের দলের মাননীয় চেয়ারম্যান জনাব, ববি হাজ্জাজের সরাসরি নির্দেশ, সন্ত্রাসী চাঁদাবাজ- তদ্বিরবাজদের স্থান বাংলার মাটিতে হবেনা। এমরান চৌধুরী আরো বলেন, এনডিএন নেতাকর্মীদের সাথে নিয়ে তদ্বিরবাজ- চাঁদাবাজদের প্রতিহত করা হবে। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, সম্প্রতি সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানের ফলে থানা কম্পাউন্ডে দালাল তদ্বিরবাজদের আনোগোনা কমে এসেছে। তিনি বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশ পেলে প্রশাসনিক এলাকায় তদ্বিরবাজ শূন্যের কোটায় নিয়ে আসা হবে।

তদ্বিরকারীদের বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, তদ্বিরবাজদের রীতিমতো আনাগোনা ও বিরক্তির কারণে আমার অফিসের কর্মকর্তা কর্মচারীরা চরম অস্বস্তিতে আছে। ইউএনও বলেন, আগামীতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই।

আলোকিত প্রতিদিন/এপি

ভবিষ্যতে মব ও জনদুর্ভোগ করলে সেনাবাহিনী কঠোর হবে: সেনাসদর!

আলোকিত ডেস্ক, দেশের বিরাজমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। ভবিষ্যতে জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স ও জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে সেনাসদর।

সোমবার (২৬ মে) ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিলিটারি অপারেশন্সের পরিচালক (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা দেওয়াসহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চলসহ ৬২টি জেলায় সেনাসদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এখন।

ভবিষ্যতে জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স ও জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর।

চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযান
কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, গত ৪০ দিনে সেনাবাহিনী ২৪১টি অবৈধ অস্ত্র ও ৭০৯ রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৬১১টি অবৈধ অস্ত্র ও ২ লাখ ৮৫ হাজার ৭৬১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও গত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট ১ হাজার ৯৬৯ জনকে এবং এ পর্যন্ত মোট ১৪ হাজার ২৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, অপহরণকারী, চোরাচালানকারী, প্রতারক ও দালাল চক্র, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী, ইত্যাদি উল্লেখযোগ্য। গত ২০ মে রাজধানীর ভাষানটেক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি বিদেশি পিস্তল, ২৮ রাউন্ড গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী হিটলু বাবুসহ তার গ্যাং এর ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যার ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে।

ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় অভিযান
গত এক মাসে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল শিশু খাদ্য উৎপাদন, বাজারজাতকরণ এবং বিপণনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও যশোর ও সাতক্ষীরা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জেলি মিশ্রিত চিংড়িসহ সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়েছে। সেনাবাহিনীর ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে এরূপ অভিযান স্থানীয় জনগণের মধ্যে স্বস্তির আস্থা সৃষ্টি করেছে।

জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী এখন পর্যন্ত ৪ হাজার ৫৯৬ জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে ৩৬ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

ঈদুল আজহায় ট্রাফিক ব্যবস্থাপনা
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলে ২ সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকাসহ দেশের গুরত্বপূর্ণ বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিন-রাত টহল পরিচালনা, গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্পর্শকাতর স্থানে চেকপোস্ট স্থাপনসহ টিকিট কালোবাজারি অথবা অধিক মূল্যে টিকিট বিক্রি রোধ এবং জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে যা ঈদুল ফিতরের মতই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করবে।

একইসঙ্গে জনসাধারণকে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছানোসহ পরিবার-পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা পালন করবে।

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও নিরাপত্তা বিধান

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট কেন্দ্র করে চাঁদাবাজ এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। মূল সড়কের পাশে পশুর হাটের অবস্থান হওয়ায় রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয়। যার ফলে জনসাধারণের মধ্যে দুর্ভোগ ও জানমালের নিরাপত্তার হুমকি সৃষ্টি হয়। সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পশু হাটে চাঁদাবাজি ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে।

আলোকিত প্রতিদিন/এপি

গাছের চরিত্রে অভিনয় করতেও প্রস্তুত জাহ্নবী কাপুর!

বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো নিজের সিনেমার স্ক্রিনিং হয়েছে কান চলচ্চিত্র উৎসবে, পেয়েছেন নয় মিনিটের করতালি। স্বভাবতই এখন উড়ছেন জাহ্নবী কাপুর।

নিজের সিনেমার এমন দারুণ স্ক্রিনিংয়ে জাহ্নবী ‘হোমবাউন্ড’ সিনেমার নির্মাতার প্রতি এতটাই কৃতজ্ঞ যে, তার পরবর্তী সিনেমায় একটা গাছের চরিত্রে অভিনয় করতেও তিনি দ্বিধা করবেন না বলে জানিয়েছেন।

এই সিনেমার নির্মাতা নীরজ ঘায়ওয়ানের সঙ্গে এটাই প্রথম কাজ জাহ্নবীর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীদেবী-তনয়া। এমনকি উল্লেখ করেছেন যে, নীরজের পরবর্তী ছবিতে ‘একটি গাছ’-এর চরিত্রে অভিনয় করতেও তার আপত্তি নেই!

কান সৈকতে জাহ্নবী কাপুরডেডলাইন হলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, ‘হোমবাউন্ড’-এর স্ক্রিপ্ট দ্বারা তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। স্ক্রিপ্ট পড়েই তিনি সিদ্ধান্ত নেন, এই সিনেমাটি তাকে যেকোনও উপায়ে হোক করতেই হবে। তিনি এটাও জানিয়েছেন যে, নীরজের সঙ্গে কাজ করা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। কারণ, তিনি বিশ্বাস করেন, নীরজ ভারতের অন্যতম একজন সেরা পরিচালক।

‘হোমবাউন্ড’ ছবির শুটিং শেষ করার পর পরিচালককে তিনি যে বার্তা পাঠিয়েছিলেন, সেটিও প্রকাশ করেন এই অভিনেত্রী।

জাহ্নবী বলেন, “এই ছবির শুটিং শেষ করার পরে আমি তাকে মেসেজ করে বলেছিলাম যে ‘তোমার পরবর্তী  ছবিতে যদি আমাকে একটি গাছের চরিত্রে অভিনয় করতে হয়, তাহলেও আমার আপত্তি নেই! আমাকে কেবল তোমার সিনেমায় রেখো।” ‘ধড়ক’ অভিনেত্রী মনে করেন যে, নীরজের সেটে থাকা এবং তার দ্বারা পরিচালিত সিনেমার অংশ হওয়াই বিরাট এক সম্মানের বিষয়। বলা প্রয়োজন, ‘হোমবাউন্ড’ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ‘আঁ সার্তে রিগা’ বিভাগে প্রদর্শিত হয়েছিল। প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে এটি ৯ মিনিটের করতালি পেয়েছে। আন্তর্জাতিক সিনেমা বিশ্লেষকদের কাছ থেকে সিনেমার গল্প এবং অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, জাহ্নবী কাপুর ছাড়াও এতে অভিনয় করেছেন ঈশান খট্টর, বিশাল জেঠওয়া প্রমুখ।করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র যৌথভাবে এই সিনেমাটি প্রযোজনা করেছেন। এটি সহ-প্রযোজনা করেছেন মারিজকে ডিসুজা এবং মেলিতা তোস্কান ডু প্লান্টিয়ার। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন মার্টিন স্করসেস।

সূত্র: পিঙ্কভিলা

আলোকিত প্রতিদিন/২৬মে ২০২৫/মওম