আজ , ।   
Home Blog Page 375

আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোচনের নির্বাচন : অতিরিক্ত আইজিপি আবু নাসের

সাইফুল ইসলাম সবুজ:
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, “আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর অতীতের কলঙ্ক মোচনের একটি সুযোগ। এই নির্বাচনের মাধ্যমে সততা, কর্মনিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।”
২২ জুন রবিবার সকাল ১১টায় টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) প্যারেড মাঠে ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা আমাদের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের ঘটনার পর কিছুদিন পুলিশ কর্মবিরতিতে ছিল। আমরা দায়িত্ব নেয়ার পর পুলিশ বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার কাজ করছি।”
নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে অতিরিক্ত আইজিপি বলেন, “পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে ভালো কাজের মাধ্যমে। আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট এএইচএম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ। সমাপনী কুচকাওয়াজে ৮১৭ জন নবনিযুক্ত পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/২২ জুন ২০২৫/মওম 

মানিকগঞ্জে ১ লাখ টাকার হেরোইনসহ এক যুবক গ্রেফতার

মো: মহিদ:
মানিকগঞ্জে ১ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ২১ জুন শনিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বড় কাটিগ্রাম এলাকার মো.আব্দুল আলিম ওরফে হাবুর দক্ষিন দুয়ারী চৌচালা বসত ঘরের দরজার সামনের উঠান হইতে মো.নান্নু মিয়াকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী হলেন,সদর উপজেলার রাজীবপুর পূর্বপাড়া এলাকার মোঃ লাল মিয়ার ছেলে মোঃ নান্নু মিয়া (৩৫)। ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে ১ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ সময় সদর উপজেলার বড় কাটিগ্রাম  এলাকার মো. বদর উদ্দিনেল ছেলে মোঃ আলীম ওরফে হাবু (৪৭), ঘটনাস্থল হইতে দৌড়াইয়া পালাইয়া যায়। মো. আব্দুল আলীম ওরফে হাবু দীর্ঘদিন যাবৎ মো.নান্নু মিয়াকে হোরোইন ব্যবসায় সহায়তা করছেন।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ লাখ টাকার হেরোইনসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করা হয়ছে । আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২২ জুন ২০২৫/মওম 

সময়মত কর পরিশোধ না করায় ব্যাংক হিসাব জব্দ হলো যেসব তারকার

 বিনোদন, সময়মত কর পরিশোধ না করায় ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, এই মর্মে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

কর অঞ্চল-১২ চলতি মাসের ১৫ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকা দিয়ে ব্যাংক হিসাব জব্দের তথ্য জানিয়েছে। সেখানে শোবিজের পারভিন জামান মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, আহমেদ শরীফের নাম রয়েছে।

বর্তমানে আমেরিকায় রয়েছেন অভিনেত্রী মৌসুমী। বাকিরা দেশে থাকলেও এই বিষয়ে তাদের বক্তব্য মেলেনি।

আলোকিত প্রতিদিন/এপি

মেধাহীন করে জাতিকে শাসন করার প্রবণতা থেকেই মেধাপাচার: সালাহ উদ্দিন আহমেদ

আলোকিত প্রতিবেদক:

মেধাহীন করে জাতিকে শাসন করার প্রবণতা থেকেই দেশে মেধাপাচারের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।২২ জুন রবিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টটিউটে অর্পণ আলোক সংঘের আয়োজনে ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক তারুণ্যের রাষ্ট্র সংলাপে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা এবং গবেষণায় কোনও অবহেলা করা হবে না। দেশে উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হলেই বন্ধ হবে মেধাপাচার । দেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন করতে হবে। ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যতের পথে এগুতে হবে।

রাষ্ট্র থেকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন বিএনপির এই নেতা। তবে সে ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সংগঠনের সমন্বয়ে শিক্ষাঙ্গনের সহযোগিতা অব্যহত থাকতে হবে বলেও মনে করেন তিনি।

অর্পণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা বিথীকা বিনতে হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও ছিলেন– জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল।

 আরও উপস্থিত ছিলেন– প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।

আলোকিত প্রতিদিন/২২ জুন ২০২৫/মওম 

ইরানের হামলায় ‘৪০ হাজারেরও বেশি মার্কিন সেনা ঝুঁকিতে পড়তে পারে’!

আলোকিত ডেস্ক, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সংঘাতের সূচনা হতে পারে বলে সতর্ক করেছেন ডেভিড ফিলিপস। যুক্তরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন, বুশ ও ওবামা প্রশাসনে পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অতিথি গবেষক হিসেবে কর্মরত।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপস বলেন, ‘ট্রাম্প বলেছিলেন কূটনৈতিক সমাধানের জন্য দুই সপ্তাহ সময় রাখা হবে। কিন্তু মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র সেই সময় শেষ না হওয়ার আগেই হামলার সিদ্ধান্ত নিয়েছেন। এতে ৪০ হাজারেরও বেশি মার্কিন সেনা ঝুঁকির মধ্যে পড়তে পারে।’

ফিলিপসের মতে, ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা সেনাঘাঁটি, লোহিত সাগর ও অন্যান্য কৌশলগত মার্কিন স্বার্থ। তিনি আরও বলেন, ‘আমি মনে করি না, এ হামলা একবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটি কেবল শুরু। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে দীর্ঘ উত্তেজনার সূচনা করতে পারে।’

বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের আকস্মিক ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে এমন এক সংঘাতে জড়াতে পারে যার পরিণতি বিশ্বব্যবস্থাকেও গভীরভাবে নাড়িয়ে দিতে পারে।

আলোকিত প্রতিদিন/এপি

ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতের আঁধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়। আর এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করে অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান।

এসব বিমান যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং একটানা প্রায় ৩৭ ঘণ্টা উড়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।নিউইয়র্ক টাইমস বলছে, নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রবিবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানা বি-২ বিমানগুলো মিসৌরিতে তাদের ঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রায় ৩৭ ঘণ্টা ধরে অবিরাম উড়ে এসে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

ফলস্বরূপ ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে ইরান হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।অন্যান্য রিপোর্টে বলা হয়েছে, সেনাবাহিনীর সহযোগী ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্রকে টার্গেট করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে ঘোষণা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরেই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে এবং জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, এমন সতর্কবার্তার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইসরায়েল। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আলোকিত প্রতিদিন/২২ জুন ২০২৫/মওম 

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ জুন শনিবার প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং পরে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে হামলার বিষয়ে উল্লেখ করেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওভাল অফিস থেকে সম্প্রচারিত তিন মিনিটের ওই ভাষণে তিনি বলেন, হামলাটি ছিল অসাধারণ সামরিক সাফল্য। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রধান অবকাঠামো পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে।

ইরানের সামনে শান্তি অথবা ট্র্যাজেডির পথ খোলা রয়েছে বলে সতর্ক করে ট্রাম্প জানান, হামলা করার জন্য আরও লক্ষ্যবস্তু রয়েছে। শিগগিরই শান্তি না এলে আমরা ক্ষিপ্রতা, দক্ষতা এবং নৈপুণ্যের সঙ্গে সেখানে হামলা চালাবো।

ইরান ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে কিছুটা রহস্য ধরে রাখা হচ্ছিল। গত বৃহস্পতিবার তিনি নিজেই ইরানকে দু সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন। অথচ সময় শেষ হওয়ার বহু আগেই হামলা চালিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট।

ভাষণের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা নাতানজ, ইসফাহান এবং ফোর্দোতে হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ফোর্দোতে পুরো এক পে-লোড (বিমানে যে কার্গো বহন করা হয়) বোমা ফেলা হয়েছে। ফোর্দোর আর অস্তিত্ব নেই। যুদ্ধ শেষ করার জন্য ইরানের এখনই রাজি হয়ে যাওয়া উচিত।

ইরানি বার্তাসংস্থা তাসনিমকে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, শত্রুপক্ষের হামলায় ফোর্দোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেছিলেন, ফোর্দোতে ছয়টি বাংকার বাস্টার ফেলা হয়েছে আর অন্য স্থাপনাগুলোয় ৩০টি টোমাহক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলায় বি টু বোম্বার ব্যবহার করা হয়েছে।

বি টু বিমানের গতিবিধি নিয়ে শনিবার হামলার অনেক আগেই একটি প্রতিবেদন প্রকাশ করেছিল রয়টার্স।

এদিকে, মার্কিন হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইতিহাসের পাতায় এটি লেখা থাকবে।

গত ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা থেকে চলমান সংকটের সূচনা। তেল আবিবের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই অভিযান চলছে। অপরদিকে, বরাবরের মতো পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে এসেছে ইরান।

ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হামলায় অন্তত ৪৩০ জন মানুষ নিহত এবং সাড়ে তিন হাজারের বেশি আহত হয়েছে। অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের অন্তত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়।

আলোকিত প্রতিদিন/২২ জুন ২০২৫/মওম 

ক্ষতিগ্রস্তদের সুষম বণ্টনের মাধ্যমে দোকান দিতে হবে: আমিনুল হক

ইমরান হোসেন : বিশেষ প্রতিনিধি। 
প্রকাশ,২১ শে জুন রোজ শনিবার ২০২৫ ইং
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, মুসলিম বাজারে ক্ষতিগ্রস্তদের সুষম বণ্টনের মাধ্যমে দোকান বরাদ্দ দিতে হবে। যেসব আওয়ামী লীগপন্থী দোসরদের মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দোকান বাতিল করে প্রকৃত সদস্যদের মাঝে ন্যায্যভাবে দোকান বরাদ্দ দিতে হবে।
শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর পল্লবীতে মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, “যারা আওয়ামী স্বৈরাচারের দোসর তাদের কোনো দোকান থাকবে না। যারা অন্যায়ভাবে দোকান দখল করেছে, তাদের দোকান বাতিল করতে হবে। বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না।”
তিনি বলেন, “গত ১৭ বছরে দেশজুড়ে যেভাবে জুলুম-নির্যাতন হয়েছে, তার ভাগীদার আপনারাও হয়েছেন। আজ আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন, কিন্তু এই অধিকার আপনাদের আওয়ামী লীগ সরকারে সময়ে ছিল না। বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না বরং ন্যায্যতা ও নিয়মের মধ্যে থেকেই কাজ করবে।”
সভায় উপস্থিত মুসলিম বাজার সমিতির সদস্যরা একে একে তাদের বিভিন্ন অভিযোগ ও দুর্দশার কথা তুলে ধরেন।
সদস্য আবু বক্কর সিদ্দিক ও মোজাম্মেল হোসেন অভিযোগ করেন, সমিতির সদস্য হয়েও তারা কোনো দোকান পাননি।
মোর্তুজা, মুসলিম উদ্দিন, রফিকুল ইসলাম, আশিক এলাহি, বাবুল সরদারসহ একাধিক সদস্য বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তাদের দোকান ঘর আত্মসাৎ করা হয়, নানাভাবে হয়রানির শিকার হতে হয়, এমনকি মিথ্যা মামলাও দেওয়া হয়।
সভায় সমিতির সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মাস্টার।
সভায় আরও বক্তব্য রাখেন: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, তাঁতীদল ঢাকা মহানগর উত্তর সভাপতি শামসুন্নাহার বেগম, মহানগর সদস্য ইব্রাহিম খলিল
পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, পল্লবীর ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৯১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন: সমিতির কোষাধ্যক্ষ ফজলুল হক লাভলু, যুগ্ম সম্পাদক পলাশ হোসেন মোল্লা এবং সদস্য তাইজ উদ্দিন সরকার।
সভায় নেতারা সমিতির সার্বিক অব্যবস্থাপনা, দুর্নীতি ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বাজারটিকে একটি আধুনিক ও সুশৃঙ্খল শপিংমলে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোকিত প্রতিদিন/এপি

ড্র দিয়ে টেস্টের নতুন চক্র শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক:

ম্যাচে বেশিরভাগ সময় চালকের আসনে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছিল টাইগাররা। তবে গলের ব্যাটিং স্বর্গে ভালোই জবাব দিয়েছে শ্রীলঙ্কা। তারপরও ১০ রানের ছোট লিড পেয়েছিল সফরকারীরা। সেটার সঙ্গে দ্বিতীয় ইনিংসেও শান্তর দারুণ ব্যাটিংয়ে ইনিংস ঘোষণার সাহস করে বাংলাদেশ। তখনও দিনের খেলার ৩৭ ওভার বাকি ছিল। তবে এই সময়ে লঙ্কানদের ৪ উইকেটের বেশি তুলতে পারেনি টাইগাররা। ফলে ড্র দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল বাংলাদেশ।

গলে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শ্রীলঙ্কা ৪ উইকেট ৭২ রান করলে দুই দল ড্র মেনে নেয়।

২৯৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আক্রমণাত্মক শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে হিতে বিপরীত হয়েছে। দ্রুত রান তুলতে গিয়ে উল্টো দ্রুত সাজঘরে ফিরেছেন দুই ওপেনার। ষষ্ঠ ওভারের শেষ বলে তাইজুলকে এগিয়ে এসে খেলতে গিয়ে শট চেক করেন লাহিরু উদারা। তবে টার্ন করে বেরিয়ে যাওয়া বলের লাইনে যেতে পারেননি তিনি। বল ধরে দ্রুতই উইকেট ভেঙেছেন লিটন দাস। ১৩ বলে ৯ রান করে লাহিরু বিদায় নিলে ভাঙে ৩২ রানের উদ্বোধনী জুটি।

এক বল পরই ফিরেছেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। নাঈমের বলে শান্তর হাতে সহজ ক্যাচ দিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২৪ রান। পঞ্চম দিনের চা বিরতির আগে পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করে শ্রীলঙ্কা। বিরতি থেকে ফিরে আর দুই উইকেট নিতে পেরেছে বাংলাদেশ।

Nayeem Hasan took his fourth five-wicket haul in Tests, Sri Lanka vs Bangladesh, 1st Test, Galle, day 4, June 20, 2025

এই একটা সেঞ্চুরিই শান্তর নাম তুলতে পারতো বৈশ্বিক কিংবদন্তিদের রেকর্ডে। শান্ত তাই সাবধানী হয়েই খেললেন। ১১ রান করতে খরচ করেছেন ২২ বল। তবে অপরপাশে স্পিনের দুর্দান্ত সুইংয়ে বোকা হয়ে ফিরতে হয়েছে লিটন কুমার দাস এবং জাকের আলী অনিককে। এরপর নাইম সঙ্গ দিয়েছেন দারুণভাবে। সেঞ্চুরির পর শান্তও ছিলেন আগ্রাসী।

শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে লঙ্কানদের জন্য লক্ষ্য দাড়ায় ২৯৬ রানের।

আলোকিত প্রতিদিন/২১ জুন ২০২৫/মওম 

আম বিক্রেতা ওমর সানী,দেশ থেকে বিদায় নিলেন মাহি!

বিনোদন ডেস্ক:

বিস্তারিত না বলেও এটুকুতে স্পষ্ট ঢালিউডের বর্তমান অবস্থা। সাম্প্রতিক সময়ে অনলাইনে আম বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন নায়ক ওমর সানী। অন্যদিকে তার স্ত্রী নায়িকা মৌসুমী লম্বা সময় ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে এমন সব শুটিংয়ের খবর মিলছে, যা তার পুরো ক্যারিয়ারে করতে দেখা যায়নি।

গত ক’বছর ধরে ওমর সানী রেস্তোরাঁ ব্যবসায়ে মন বসান। তবে এবার জানা গেলো অভিনেতা আম ব্যবসাও করছেন। ‘মাটির কোলে’ নামের একটি ফেসবুক পেইজের মাধ্যমে তিনি সরাসরি মানুষের ঘরে ঘরে আম পৌঁছে দিচ্ছেন। এ নিয়ে  ভিডিও শেয়ার করেছেন এই নায়ক।

ভিডিওতে তিনি বলেন, ‘কাঁচা আম, পাকা আম- সারা পৃথিবীর একটা আশ্চর্যের বিষয়। আমরা গর্ব করে বলতে পারি  আমার জেলা চাঁপাই নবাবগঞ্জ, আমাদের জেলা রাজশাহী। যারা এই সুস্বাদু আমগুলো পেতে চান, তারা আমাদের অনলাইন পেইজে অর্ডার করুন, এই জেলার বাগান থেকে ফরমালিন মুক্ত আম সরাসরি আপনার বাসায় পৌঁছে যাবে।’

এদিকে দেশের আরেক সুপারহিট নায়িকা মাহিয়া মাহি আভাস দিলেন দেশ ছাড়ার। ১৯ জুন সন্ধ্যায় নিউ ইয়র্ক পৌঁছেই একগুচ্ছ ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানান এই নায়িকা। লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

ক্যাপশনে স্পষ্ট, দেশের সীমানা অতিক্রম করতে পেরে স্বস্তিতে ফিরেছেন এই নায়িকা। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিদায়।

নায়িকা পরিচয়ের বাইরেও রাজনীতিতে বেশ সরব ছিলেন মাহি। আওয়ামী লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু দলের সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েও খুব একটা সুবিধা করতে পারেননি এই চিত্রনায়িকা। মাহিয়া মাহিমাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন। একই বছর রকিব সরকার নামে গাজীপুরের এক স্থানীয় রাজনীতিককে বিয়ে করেন মাহি। এ সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ। মাহি তখন গাজীপুরে গড়ে তোলেন রেস্তোরাঁ ব্যবসা। কিন্তু আড়াই বছরের মাথায় ভেঙে যায় সেই সংসারও। মাহিকে সর্বশেষ দেখা গেছে ‘রাজকুমার’ সিনেমায়, শাকিব খানের মায়ের চরিত্রে! 

আলোকিত প্রতিদিন/২১ জুন ২০২৫/মওম